ঢাকার সংস্কৃতি ও স্বাদের খোঁজে হানিয়া আমির

ঢাকার সংস্কৃতি ও স্বাদের খোঁজে হানিয়া আমির পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। সানসিল্কের আমন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকায় আসেন। ঢাকায় পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। এরপর থেকেই ভক্তদের কৌতূহল ছিল— কোথায় দেখা যাবে তাকে? ঢাকায় প্রথমবারের মতো পাকিস্তানি অভিনেত্রীর এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন তুঙ্গে। গতকাল পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলের সামনে দেখা যায় হানিয়াকে, সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত। আর তা নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন হানিয়া। জানা গেছে, সানসিল্কের একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি। তবে শুধু ক্যাম্পেইন নয়, ঢাকার সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও নিজের পরিচয় করালেন এই তারকা। হানিয়া আমিরের এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন বাংলাদেশি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুডভ্লগার ইফতেখার রাফসান, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘রাফসান দ্য ছোটভাই’ নামে পরিচিত। ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায়, রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া, তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা। শুধু তাই নয়, ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটিকে ঘিরে জমে ওঠে আলাপ-আলোচনা। শুধু তাই নয়, একসঙ্গে রিকশায়ও ঘোরেন তারা। এ সময় রাফসানের সঙ্গে হানিয়াকে গল্প করতেও দেখা যায়। আবার, আহসান মঞ্জিলের সিড়িতে দাঁড়িয়ে কয়েকটি পোজ দিয়েও ছবি তোলেন হানিয়া আমির। এ সময় তার সঙ্গে আসা টিম, আয়োজক পক্ষ, অন্যান্য ইনফ্লুয়েনসার ও অতিথিদেরও দেখা যায়। তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া। নিজের ইনস্টাগ্রামে একসঙ্গে বেশকিছু ছবি পোস্ট করেন হানিয়া। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- ‘ব্রেকাপ ঝালমুড়ি’। ছবিগুলোর বেশ কয়েকটিতে দেখা গেছে রাফসানকেও। অন্যদিকে রাফসান নিজের ফেসবুকে হানিয়ার সঙ্গে তিনটি ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকাপ ঝালমুড়ি খেলো?’ সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, এটি সানসিল্কের একটি সৃজনশীল ক্যাম্পেইনের অংশ! আবার অনেকে বলছেন, এটা রাফসান দ্য ছোট ভাইয়ের নতুন কোনো ভ্লগ আইডিয়া! হানিয়া আমিরের ঢাকা সফর ঘিরে তার লুক নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি তার ঘোরাঘুরিও মন কেড়েছে ভক্তদের। এদিন হানিয়া আমির পরেছিলেন হালকা বেগুনির ওপর নানা ডিজাইনের কাজ করা সালোয়ার। এছাড়াও এ সময় তার ঘন-কালো চুলও নজর কাড়ে ভক্তদের। যদিও তার বর্তমান এই হেয়ারস্টাইল নিয়ে নানাজন প্রশ্নও তুলেছেন। সব মিলিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনায় আছেন এই পাকিস্তানি সুন্দরী। জানা গেছে, আজ শনিবার ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এ সফর তার জন্য স্মরণীয় হয়ে উঠবে। এছাড়াও আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন হানিয়া। ২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এরপর ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। রোমান্টিক, কমেডি থেকে চরিত্রভিত্তিক সব ধরনের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন হানিয়া। এতে নূর চরিত্রে তার অভিনয় পাকিস্তান ও ভারতে ব্যাপক প্রশংসিত হয়েছে। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হানিয়া, তার ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যা প্রায় ২ কোটি!
মারা গেছেন সংগীতশিল্পী জুবিন গার্গ

মারা গেছেন সংগীতশিল্পী জুবিন গার্গ ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ মারা গেছেন। আজ সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদন জানানো হয়েছে, সিঙ্গাপুর পুলিশ জুবিন গার্গকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যায়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও, চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। জুবিন গার্গ নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। শনিবার ২০ সেপ্টেম্বর সেখানে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার হঠাৎ মৃত্যু ভক্ত ও সমগ্র আসামবাসীকে স্তব্ধ করে দিয়েছে এবং ভারতের সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। জুবিনের মৃত্যুতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা ও সমবেদনা জানানো হচ্ছে। সবাই প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রাক্তন রাজ্যসভা সংসদ সদস্য রিপুন বোরা মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লেখেন, “আমাদের সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের অকাল প্রয়াণে অত্যন্ত শোকাহত ও মর্মাহত। তার কণ্ঠ, সংগীত এবং অদম্য মনোভাব আসাম এবং এর বাইরেও বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তার পরিবার, ভক্ত ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। শান্তিতে ঘুমান, কিংবদন্তি। ১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন জুবিন গার্গ। তিনি একাধারে ছিলেন গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবন বদলে যায়। ১৯৯২ সালে অসমিয়া অ্যালবাম ‘অনামিকা’ মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সংগীতজগতে প্রবেশ করেন। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ইয়া আলি’ গান গেয়ে তাক লাগিয়ে দেন জুবিন। তারপর বেশ কয়েকটি সুপারহিট গান উপহার দেন তিনি। পরে বলিউডে খুব একটা কাজ করতে দেখা যায়নি তাকে। তবে আসামের আঞ্চলিক সংগীত নিয়েই বেশি ব্যস্ত ছিলেন এই শিল্পী।
বিব্রত মিশা সওদাগর মৃত্যুর গুজব

বিব্রত মিশা সওদাগর মৃত্যুর গুজব ঢালিউডের খলঅভিনেতা মিশা সওদাগরের আবারও মৃত্যুর গুজব ছড়িয়েছে। গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দাবি করা হচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর আর নেই। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা অভিনেতার কানে যায়। এতে ঢালিউডের আলোচিত খলঅভিনেতা বিব্রতকর অবস্থায় পড়েন। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। মিশা বলেন, এ মুহূর্তে কী বলা উচিত তা ঠিক বুঝে উঠতে পারছি না। এমন গুজবে আমি খুবই ব্রিবত। কারণ এর আগেও আমার বিরুদ্ধে এমন গুজব ছড়ানো হয়েছিল। এ খলঅভিনেতা বলেন, গত দুদিন আগে আমি আমেরিকা থেকে দেশে ফিরেছি। আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে এমন একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিশা সওদাগর বলেন, সবার উদ্দেশে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন। উল্লেখ্য, মিশা সওদাগরের ভুয়া এ মৃত্যুসংবাদ এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এ গুজব ছড়িয়েছিল ।
আজ মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’

আজ মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’ আজ দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র। একটি লীসা গাজী নির্মিত ‘বাড়ির নাম শাহানা’, অন্যটি মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’। দুটি সিনেমাই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ সমাদৃত হয়েছে। এবার উৎসব ঘুরে মুক্তি পেল দেশের মাটিতে। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে কেন্দ্র করে ফেরেশতে পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আরও রয়েছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। এতে পিয়াস মজিদের লেখা ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ গানটি গেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি। গানটির সুরও করেছেন বেলাল খান। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ হেজাজি (ফ্রান্স)। ছবিটি ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার। এ ছাড়া ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। ছবিটি স্টার সিনেপেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনোমাস ও লায়নে। অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় উঠে এসেছে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। অন্যান্য চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী ও আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম। প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশন্স সূত্রে জানা যায়, বাড়ির নাম শাহানা মুক্তি পেয়েছে ৯টি সিনেমা হলে। সেগুলো হলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সেন্টার পয়েন্ট (উত্তরা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড রিভার ভিউ হোটেল (রাজশাহী) ও মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট (বগুড়া)।
সালমান শাহ স্মরণে শাকিব

সালমান শাহ স্মরণে শাকিব অমর নায়ক সালমান শাহর আজ জন্মদিন। নব্বই দশকের তুমুল জনপ্রিয় ঢাকাই সিনেমার এ তারকাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। অল্প সময়ের মধ্যেই তিনি এদেশের সিনেমাপ্রেমীদের মন জয় করেছিলেন। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে অনন্তের পথে পাড়ি জমান। তার মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তিনি সবার হৃদয়ে আছেন। সালমান শাহর এবারের জন্মদিনেও অনুরাগীরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। অনুরাগীদের পাশাপাশি দেশের শোবিজ তারকারাও এ নায়ককে স্মরণ করছেন। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সালমানের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গে একিট ফটোকার্ডও পোস্ট করেছেন। আজ দুপুরে শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এর পক্ষ থেকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন সালমান শাহ।’ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষ অমরত্ব পায় তার দ্যুতিময় কর্মের মাধ্যমে। সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম। শাকিব খান এরপর নিজেই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে লেখেন, ‘আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য! আপনি অমর এখনো বেঁচে আছেন। শাকিবের এ পোস্টটি দেখে তার অনুরাগীরা বেশ আপ্লুত হয়েছেন। সালমানকে নিয়ে পোস্টটি দেওয়ার জন্য সবাই শাকিব খানের প্রশংসাও করছেন।
মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মিথিলা

মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ বিজয়ী হলেন তানজিয়া জামান মিথিলা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিনহাউজে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তাকে সেরার মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। এবারই প্রথম নয়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ বিজয়ী হন তানজিয়া জামান মিথিলা। তবে প্রথমবার বিজয়ী হওয়ার পর মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে যাননি এই অভিনেত্রী। তবে আগামী নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। অনুভূতি ব্যক্ত করে তানজিয়া জামান মিথিলা বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তানজিয়া জামান মিথিলা বলেন, “আমি আজ যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করেন ভারতের হায়দার খান। তিনি বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ২০২১ সালের ১৫ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন।
রাঘব ফাঁস করলেন কেন আরিয়ানের মুখে হাসি নেই

রাঘব ফাঁস করলেন কেন আরিয়ানের মুখে হাসি নেই বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাবার মতো হাঁটাচলা ও কণ্ঠস্বরেও মিল আছে। অমিল শুধু মুখের হাসিতে। ক্যামেরার সামনে সবসময় গম্ভীর তিনি। সম্প্রতি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আরিয়ানকে দেখে এমনটিই মনে হয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের। কেন এমন আরিয়ান? সে বিষয়ে কথা বলেছেন অভিনেতা রাঘব জুয়াল। বাদশাহ ছেলে আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সবসময়েই থাকে আতশ কাচের তলায়। খুব শিগগির বলিউডে আত্মপ্রকাশ করছেন আরিয়ান খান। তবে অভিনেতা নয়, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর ঝলক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। আরিয়ান খান কোনো ফটোসাংবাদকি দেখলেই মুখ ঘুরিয়ে নেন। কখনও একদম মুখোমুখি হলে পোজ দেন ঠিকই কিন্তু মুখে হাসি থাকে না। সারাক্ষণই আরিয়ানের মুখ ভার থাকে। তবে হাতেগোনা কয়েকবারই তাকে হাসতে দেখা গেছে। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে এসে বোন সুহানাকে নিয়ে হাসাহাসি করতে দেখা যায় আরিয়ানকে। এরপর নিজের ওয়েব সিরিজের প্রচার ভিডিওতেও তাকে হাসতে দেখা গেছে। বাইরে থেকে যতটা কঠিন মনে হয়, আসলে আরিয়ান তেমন নয় বলে জানালেন এ সিরিজের অভিনেতা রাঘব জুয়াল। তিনি বলেন, এক ধরনের ভয় আছে আরিয়ানের, তাই এমন করেন তিনি। যদিও রাঘবও আরিয়ানকে ক্যামেরার সামনে হাসাবেন বলে কথা দিয়েছেন। রাঘব বলেন, হাসতে ভয় পায়। এছাড়া ও ক্যামেরার সামনে হাবভাব দেখাতে ভালোবাসে। তবে ওর মধ্যে শিশুসুলভ একটা ব্যাপার আছে। তবু ক্যামেরার সামনে হাসবে না। যেটা আমার বেশ ভালো লাগে। এছাড়া মেয়েদেরও এটা বেশ ভালো লাগে।
গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা কোনাল

গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা কোনাল প্রথমবারের মতো জ্যাজ ঘরানার গানে কণ্ঠ দিলেন আলোচিত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। শিরোনাম চূড়ান্ত না হওয়া গানটির কথা লিখেছেন স্থপতি, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, সুরকার ও এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। এখন চলছে ভিডিওর নির্মাণের কাজ। শিগগিরই গানশালা ইকেএনসির ইউটিউব চ্যানেলে কোনালের জ্যাজ ঘরানার গানটি প্রকাশ পাবে। এ নিয়ে কোনাল বলেন, ‘এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে আগেও বেশ কিছু গান গেয়েছি। আমার শিল্পীজীবনে গাওয়া গানগুলো থেকে সেগুলো একেবারেই ভিন্ন ধাঁচের। তাঁর প্রতিটি সৃষ্টি গতানুগতিক ধারা থেকে একেবারেই আলাদা। তাঁর গীতিকবিতা ও সুরে যে বৈচিত্র্য, তা দারুণভাবে মনকে নাড়া দেয়। তারপরও নির্ঝর ভাই যখন জ্যাজ ঘরানার গান গাওয়ার প্রস্তাব দেন, তখন ঠিক গাইতে পারব কিনা, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। তখন নির্ঝর ভাই সাহস জুগিয়েছিলেন এই বলে যে, গায়কিতে কোনো পরিবর্তন আনতে হবে না, সুর ঠিক রেখে গাইলেই হবে। শেষমেশ তাঁর নির্দেশনা মেনে গানটি নিজের মতো করেই গেয়েছি। রেকর্ডিং শেষে অনেকে যখন কাজটি পরিকল্পনামাফিক হয়েছে বলে জানিয়েছেন, তখনই কেবল স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পেরেছি। এখন শুধু গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা। এদিকে নতুন এই একক গান ছাড়াও আরও বেশ কিছু ভিন্ন ধাঁচের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোনাল। সর্বশেষ তাঁর গাওয়া ‘ময়না’ গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। গানটিতে কোনালের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ডি’রকস্টার তারকা নিলয়। অন্যদিকে এনামুল করিম নির্ঝর ধারাবাহিকভাবে প্রকাশ করে যাচ্ছেন তাঁর কথা ও সুরে বিভিন্ন শিল্পীর গাওয়া ভিন্ন ধাঁচের সব গান। গত বছর নন্দিত এই গীতিকবি ও সুরকার ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের আরেকটি নতুন আয়োজন শুরু করেছিলেন। শিরোনাম ‘যেটা আমাদের নিজের মতোন’। এ আয়োজনে ৫৪ জন শিল্পী গেয়েছেন মোট ৬৩টি গান; যেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
‘ভেতরটা কত কুৎসিত’ কাদের বিষয়ে বললেন প্রভা?

‘ভেতরটা কত কুৎসিত’ কাদের বিষয়ে বললেন প্রভা? আবারও অভিনয় ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের বাইরে সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত ও নানা বিষয় নিয়ে প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। তারই ধারাবাহিকতায় প্রভা লেখন, ‘কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সঙ্গে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে। সেসব যন্ত্রণাদায়ক উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, ‘কেনো জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়। খোঁচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানেই না তাদের ভিতরটা কত কুৎসিত। এদিকে, ছোট পর্দা পেরিয়ে প্রথমবারের মতো সিনেমায় কাজ করছেন প্রভা। তাও আবার একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায়। এগুলো হলো- রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একটি ও ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। জানা গেছে, এর মধ্যে ‘দেনা পাওনা’ সিনেমাটিতে প্রভার বিপরীতে রয়েছে চিত্রনায়ক ইমন ও ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটিতে রয়েছে এ বি এম সুমন। ইতোমধ্যে দুটি সিনেমারই শুটিং শুরু করেছেন তিনি। ‘দেনা পাওনা’ সিনেমাটিতে নিরুপমা চরিত্রে দেখা যাবে প্রভাকে। আর ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে মফস্বলে বেড়ে ওঠা একটি মেয়েকে ঘিরে। যে আইন নিয়ে পড়াশোনা করেছে। যার পরিবার শিক্ষিত ও প্রভাবশালী। যাকে একসময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেই মেয়ে হয়েই পর্দায় আসছেন প্রভা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নতুন সব গান নিয়ে আসছেন জেনস সুমন

নতুন সব গান নিয়ে আসছেন জেনস সুমন একটা চাদর হবে’ গান দিয়ে নব্বইয়ের দশকে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন সংগীতশিল্পী জেনস সুমন। দীর্ঘ ১৬ বছরের বিরতির পর গেল বছর নতুন গান নিয়ে ফেরেন তিনি। প্রকাশিত হয় তার কণ্ঠে ‘আসমান জমিন’। এরপর থেকে নিয়মিত গান প্রকাশ করছেন এ শিল্পী। সম্প্রতি সুমনের গাওয়া নতুন ও পুরোনো সাতটি গান নিয়ে জি সিরিজ প্রকাশ করেছে একটি অডিও জুকবক্স। এতে রয়েছে ‘আসমান জমিন’, ‘যদি ভাবো তুমি’, ‘সুস্মিতা’সহ পাঁচটি নতুন গান ও দুটি পুরোনো গান। জেনস সুমন বলেন, ‘আগে একসঙ্গে অ্যালবাম প্রকাশ হতো। এখন একেকটা গান আলাদা আলাদা বের হয়, যা অনেকের কাছে খুঁজে পাওয়া কঠিন। তাই এক জায়গায় গানগুলো শোনার সুবিধার জন্যই জুকবক্স প্রকাশ করা হলো। অডিওর পর এবার ভিডিও জুকবক্সের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। আগামী মাসে গান জানালা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে এই জুকবক্স। সেখানে ইতিমধ্যে তিনটি গান প্রকাশিত হয়েছে। আরও একটি নতুন গান যোগ করে সেটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। ফেরার অনুভূতি নিয়ে সুমন বলেন, ‘এটা আমার কাছে যেন পুনর্জন্ম। আবার নতুন করে গান শুরু করতে পেরে মনে হচ্ছে আমি একেবারে নতুন শিল্পী। সংগীতচর্চায় যা যা দরকার চেষ্টা করছি সবকিছু করার। বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চান এ শিল্পী। তিনি জানান, ‘আমরা নব্বইয়ের দশকের শিল্পী। তাই আমাদের গানে সে সময়ের ছাপ থাকে। এরপরও তরুণদের চাহিদা মাথায় রেখে চেষ্টা করছি টেকনো, আরএনবি, হিপহপ ঘরানায় কাজ করার। এরই মধ্যে চারটি গান তৈরি হয়েছে। তিনি জানান, তার গান দুটি প্রকাশ করবে জি সিরিজ। অন্য দুটি আসবে গান জানালা থেকে।