শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের লংকানদের বিপক্ষে অল্প পুঁজি নিয়েও শ্বাসরুদ্ধকর লড়ােইয়ে দুর্দান্ত বোলিংয়ে ৪ রানে জয় পেয়েছে টাইগ্রেসরা। শনিবার থাইল্যান্ডের ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে। উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারে ৪৮ রান করেন দুই ওপেনার ইসমা তানজিম ও শামিমা সুলতানা। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ। একটা পর্যায়ে ৪ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১০৪ রান। কিন্তু এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ৬ উইকেট পতনের কারণে শেষ বলের আগেই ইনিংস গুটায় টাইগ্রেসরা। মামুলি স্কোর তাড়া করতে নেমে সানজিদা আক্তার মেঘলা ও ফাতেমা খাতুনের স্পিন আর লতা মন্ডলের গতিতে বিপর্যস্ত হয় শ্রীলংকা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২০ ওভারে ১১১/৯ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন হানসিমা করুনারত্নে, ২৩ রান করেন এমা কাঞ্চনা। বাংলাদেশ নারী দলের হয়ে সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট শিকার করেন। ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নেন অভিজ্ঞ লতা মন্ডল। ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন লেগ স্পিনার ফাতেমা খাতুন।
রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করতে যাচ্ছে

রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করতে যাচ্ছে আসন্ন পবিত্র রমজানে মুসলিমদের আল-আকসা মসজিদে নামাজ আদায়ে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট ইসলামি আলেম শেখ একরিমা সাবরি আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। শেখ একরিমা সাবরি রমজান মাসে মুসলমানদের আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ আরোপের ইসরায়েলি পরিকল্পনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন পুলিশ কমান্ডার হিসেবে মেজর জেনারেল আভশালোম পেলেদকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়েই ইসরায়েলের বাজে উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। এই নিয়োগকে অনেকেই আল-আকসা মসজিদকে ঘিরে কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের পরিকল্পনা এগিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে দেখছেন। ইসরায়েলি পত্রিকা হারেৎজ লিখেছে, ‘মনে হচ্ছে বেন-গভির আগুনে ঘি ঢালতে যা যা করা সম্ভব, সবই করছেন। শেখ সাবরি বলেন, ‘মুসলমানরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত অনুসরণ করে শাবান মাসের শেষে আশাবাদ নিয়ে রমজানকে স্বাগত জানান। কিন্তু জেরুজালেমের ক্ষেত্রে আমরা দুঃখিত। কারণ, দখলদার কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে আসা মুসল্লিদের ওপর কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যে কয়েক ডজন তরুণকে মসজিদে প্রবেশে বাধা দিয়েছে। তারা ঘোষণা করেছে, অধিকৃত পশ্চিম তীর থেকে রমজানে নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য কোনো শিথিলতা দেওয়া হবে না’, বলেন তিনি। সাবরি বলেন, ‘এর মানে হলো আরও কঠোর বিধিনিষেধ থাকবে। আল-আকসায় মুসল্লির সংখ্যা আগের বছরের তুলনায় কম হবে। এটি ইবাদতের স্বাধীনতার পরিপন্থী।
ভিয়েতনামে বাড়ির ফ্রিজে মিললো বাঘের মরদেহ, গ্রেফতার ২

ভিয়েতনামে বাড়ির ফ্রিজে মিললো বাঘের মরদেহ, গ্রেফতার ২ ভিয়েতনামে এক ব্যক্তির বাড়িতে ব্যবহুত ফ্রিজ থেকে দুটি বাঘের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিপন্ন প্রজাতির এই প্রাণীর অবৈধ বাণিজ্যের অভিযোগে ওই ব্যক্তি ও আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। একসময় ভিয়েতনামের বনে বাঘ বিচরণ করতো। কিন্তু এখন দেশটির বনগুলোতে বাঘ প্রায় পুরোপুরি বিলুপ্তপ্রায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি অবৈধ বন্যপ্রাণী পণ্যের একটি বড় ভোক্তা কেন্দ্র ও জনপ্রিয় পাচার-রুট হিসেবে পরিচিত। বিশেষ করে, ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহারের কারণে বাঘের হাড়ের ব্যাপক চাহিদা রয়েছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে দক্ষিণে থান হোয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, ৫২ বছর বয়সী হোয়াং দিন দাতের বাড়ির বেজমেন্টে রাখা ফ্রিজ থেকে দুটি পূর্ণবয়স্ক বাঘের মরদেহ পাওয়া গেছে। বাঘ দুটির ওজন প্রায় ৪০০ কেজি (৮৮২ পাউন্ড)। অনলাইনে প্রকাশিত পুলিশের এক বিবৃতিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে দাত স্বীকার করেছেন যে তিনি বাঘ দুটি কিনেছিলেন দুই বিলিয়ন ডংয়ে (৭৭ হাজার মার্কিন ডলার)। তিনি বিক্রেতা হিসেবে ৩১ বছর বয়সী নগুয়েন ডোয়ান সনের নাম জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ সপ্তাহের শুরুর দিকেই ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্রেতার বাড়িতে তথাকথিত ‘টাইগার বোন গ্লু’ বা বাঘের হাড় থেকে তৈরি আঠা বানানোর যন্ত্রপাতিও পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটি হাড়ের জোড়ায় ব্যথা বা কঙ্কাল সংক্রান্ত নানা রোগ নিরাময়ে কার্যকর বলে বিশ্বাস করা হয়।
কাশ্মীরের প্রকৃতির সৌন্দর্যের খোঁজে প্রসেনজিৎ

কাশ্মীরের প্রকৃতির সৌন্দর্যের খোঁজে প্রসেনজিৎ ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা মুক্তি পেয়েছে জানুয়ারি মাসে। তারপর একাধিক প্রেক্ষাগৃহে পৌঁছে দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখেছেন এ সিনেমার কলাকুশলীরা। সেখানেই বারবার তারা একটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন পরের ‘কাকাবাবু’ কবে আসবে? আগামী বছর ‘কাকাবাবু’ ফিরছেন বড়পর্দায়। জনপ্রিয় এ সিনেমার ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব। প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’ ও ‘এনআইডিয়াজ’-এর তরফে এমন ঘোষণাই দেওয়া হলো। ‘বিজয়নগরের হীরার পর শক্তিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরছেন ‘ভয়ংকর সুন্দর’ নিয়ে। ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমী দর্শকদের বিপুল ভালোবাসার পর তাদের উপহার হিসাবে এ সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থাটি। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার পরিচালনার দায়িত্বও সামলাবেন চন্দ্রাশিস রায়। সংগীত পরিচালনায় থাকছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পরিচালক চন্দ্রাশিসের আসনে তার প্রত্যাবর্তন এ ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা নির্মাতাদের। সম্প্রতি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘কাকাবাবু’ শুধু একটা চরিত্র নয়; কাকাবাবু একটি অনুভূতি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে। চতুর্থ সিনেমার পর যে ভালোবাসা আমরা পেয়েছি, তা হৃদয় স্পর্শ করেছে। তিনি বলেন, দর্শকদের মাঝে দাঁড়িয়ে পরের সিনেমার ঘোষণা গোটা মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে। সবার সঙ্গে মিলে উদযাপনের অনুভূতি পেয়েছি। তাও দর্শকদের মাঝে দাঁড়িয়ে। একের পর এক সিনেমার সাফল্য এ চরিত্রের চিরকালীন গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করেছে বলে মত নির্মাতাদের। প্রত্যেক সিনেমার সঙ্গে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর পাশাপাশি কাকাবাবুকে আরও প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করি। প্রযোজনা সংস্থা সিনেমার নাম ঘোষণা করলেও কোন কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনো খোলাসা করা হয়নি। তবে এবারের কাকাবাবু সিনেমা তৈরি হবে কাশ্মীরের প্রেক্ষাপট নিয়ে ‘ভয়ংকর সুন্দর’।
সত্যিকারের রোমান্টিকদের জন্য ৬টি আন্ডাররেটেড প্রেমের সিনেমা

সত্যিকারের রোমান্টিকদের জন্য ৬টি আন্ডাররেটেড প্রেমের সিনেমা ভ্যালেন্টাইনস ডে মানেই শুধু লাল গোলাপ, চকলেট কিংবা সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার পোস্ট নয়। অনেকের কাছে এই দিনটি নিঃশব্দে নিজের অনুভূতির কাছে ফিরে যাওয়ার উপলক্ষ। কেউ প্রিয় মানুষটির হাত ধরে সিনেমা দেখতে চান, কেউ আবার একাই ডুবে যেতে চান ভালোবাসার আবহে। কিন্তু প্রতিবছর একই ধরনের রোমান্টিক ছবি দেখতে দেখতে একঘেয়েমি চলে আসে। তাই ভ্যালেন্টাইনস ডে ২০২৬ ওয়াচলিস্টে রাখতে পারেন এমন কিছু আন্ডাররেটেড প্রেমের সিনেমা। তেমন ছয়টি সিনেমার খোঁজ দেওয়া হলো এই প্রতিবেদনে ইন দ্য মুড ফর লাভ প্রেম সবসময় উচ্চস্বরে প্রকাশ পায় না কখনও তা লুকিয়ে থাকে চোখের চাহনিতে, নীরবতায়, অসমাপ্ত বাক্যে। এই ধীরগতির প্রেমের গল্পে দুই প্রতিবেশীর সম্পর্ক ধীরে ধীরে আবেগে রূপ নেয়। ছবিটির ভিজ্যুয়াল ভাষা, সুর আর সংযত অভিনয় প্রেমকে এক অনন্য সৌন্দর্যে তুলে ধরে। দেখা শেষে দীর্ঘ সময় ধরে এর আবহ মনে গেঁথে থাকে। লাইক ক্রেজি দূরত্ব কীভাবে একটি সম্পর্ককে বদলে দেয় তার বাস্তব ও কাঁচা চিত্র ফুটে উঠেছে এই ছবিতে। লং ডিস্ট্যান্স সম্পর্কের অপেক্ষা, ভুল বোঝাবুঝি আর মানসিক টানাপোড়েন আধুনিক প্রেমের এক নির্মম সত্যকে সামনে আনে। যারা বাস্তবধর্মী প্রেমের গল্প পছন্দ করেন, তাদের জন্য এটি গভীরভাবে প্রাসঙ্গিক। মিডনাইট ইন প্যারিস যদি আপনি ভাগ্যে বিশ্বাস করেন, শিল্প আর নস্টালজিয়ায় হারিয়ে যেতে ভালোবাসেন, তবে এই সিনেমা হতে পারে নিখুঁত পছন্দ। প্যারিসের স্বপ্নময় পটভূমিতে গড়ে ওঠা গল্প প্রেমকে দেখায় এক জাদুকরী আলোয়। অতীতের শিল্পী আর বর্তমানের আবেগের মেলবন্ধন ছবিটিকে করে তোলে অন্যরকম রোমান্টিক অভিজ্ঞতা। পোর্ট্রেট অফ আ লেডি অন ফায়ার ১৮ শতকের ফ্রান্সের প্রেক্ষাপটে এক শিল্পী ও তাঁর মডেলের মধ্যকার সম্পর্ক ধীরে ধীরে গভীর আবেগে রূপ নেয়। চোখের ভাষা, দীর্ঘ নীরবতা আর সংযত প্রকাশ সব মিলিয়ে এটি প্রেমের এক শিল্পিত উপস্থাপন। ধীর, কিন্তু তীব্র অনুভূতির সিনেমা খুঁজলে এটি অবশ্যই তালিকায় রাখুন। দ্য লাঞ্চবক্স মুম্বাইয়ের ব্যস্ত শহরে ভুল করে পৌঁছে যাওয়া একটি লাঞ্চবক্স দুই অচেনা মানুষের জীবনে তৈরি করে এক অদ্ভুত সংযোগ। চিঠির মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক, একাকীত্বের মাঝে সঙ্গ খোঁজা এই ছবিটি প্রমাণ করে প্রেমের জন্য বড় কোনো নাটকীয় মুহূর্ত প্রয়োজন হয় না। ছোট ছোট সংযোগও গভীর হয়ে উঠতে পারে। ব্লু জয় সাদাকালো এই ইন্ডি ছবিতে বহু বছর পর দেখা হওয়া দুই পুরনো প্রেমিক-প্রেমিকার কথোপকথনই মূল উপজীব্য। পুরো সিনেমাটি সংলাপনির্ভর, তবু আবেগের গভীরতা এতটাই তীব্র যে সহজেই মন ছুঁয়ে যায়। পুনর্মিলনের নস্টালজিয়া অনুভব করতে চাইলে এটি হতে পারে উপযুক্ত নির্বাচন।
নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন

নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন শোবিজের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীব। দীর্ঘ ১৩ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। আজ (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন মেহজাবীন। বিশ্ব ভালোবাসা দিবস ও নিজেদের বিশেষ এই দিনটি উপলক্ষে মেহজাবীন সামাজিক মাধ্যমে আদনানের সঙ্গে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেন। ক্যাপশনে তাদের সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে লেখেন, আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়াই করেছি। ১৪ বছরের এই পথচলায় ১ বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।মেহজাবীনের শেয়ার করা পোস্টটিতে তার সহকর্মী এবং ভক্তরা শুভকামনা জানাচ্ছেন। আদনান আল রাজীবও সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থিরচিত্রগুলোতে তাদের আনন্দঘন মুহূর্তে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে আলোচনায়। মেহজাবীন ও আদনানের সম্পর্কের শুরুটা দীর্ঘ সময়ের। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে মেহজাবীনের পদযাত্রা শুরু হয়। সেই সময়েই নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে তার পরিচয়। কয়েক মুহূর্তের সেই প্রথম দেখা থেকেই তাদের বন্ধুত্বের ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। দীর্ঘ ১৩ বছর পর গত বছরের ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।
কোন বয়সে কতটা সময় ঘুম প্রয়োজন?

কোন বয়সে কতটা সময় ঘুম প্রয়োজন? পৃথিবী যত কোলাহলপূর্ণ হয়ে উঠছে এবং আমাদের স্ক্রিন যত উজ্জ্বল হচ্ছে, ততই পরিপূর্ণ আরামের ঘুম কঠিন হয়ে উঠছে। ঘুম কোনোবিলাসিতা নয়। এটি একটি জৈবিক প্রয়োজনীয়তা। শৈশবে মস্তিষ্কের বিকাশ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক অবস্থায় স্মৃতিশক্তি সুসংহতকরণ এবং পরবর্তীতে রোগ প্রতিরোধ পর্যন্ত, জীবনের প্রতিটি পর্যায়ে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত কম বয়সী হন, তত বেশি ঘুমের প্রয়োজন। বেশিরভাগ সুস্থ প্রাপ্তবয়স্কদের সর্বোত্তমভাবে কাজ করার জন্য সাত থেকে নয় ঘণ্টা ঘুম প্রয়োজন। এই সময়ের মধ্যে আমাদের শরীর ৯০ মিনিটের চক্রের মধ্য দিয়ে যায়। সতেজ বোধ করার জন্য আপনার প্রতি ২৪ ঘণ্টা অন্তর এই চক্রগুলোর মধ্যে চার থেকে ছয়টি প্রয়োজন। প্রতিটি চক্রের চারটি স্বতন্ত্র ধাপ থাকে। তা হলো- এনআরইএম পর্যায় ১ (হালকা ঘুম): এই ‘ঘুমিয়ে পড়া’ পর্যায় ৫-১০ মিনিট স্থায়ী হয়। আপনার মস্তিষ্কের কার্যকলাপ ধীর হতে শুরু করে, কিন্তু আপনি সহজেই জাগ্রত হন। এনআরইএম পর্যায় ২ (হালকা ঘুম): এটি আপনার ঘুমের প্রায় ৫০% তৈরি করে। আপনার হৃদস্পন্দন ধীর হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা কমে যায়। এটি মস্তিষ্কের প্রক্রিয়াকরণ এবং স্মৃতিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআরইএম পর্যায় ৩ (গভীর ঘুম): এটি পুনরুদ্ধারের পর্যায়। শরীর পেশী তৈরি করে, হাড় মেরামত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা এই পর্যায়ে কম সময় ব্যয় করি, যার ফলে হালকা ঘুম হয়। আরইএম ঘুম (স্বপ্নের ঘুম): প্রায় ৯০ মিনিটের মধ্যে, এই পর্যায়টি আবেগ নিয়ন্ত্রণ এবং শেখার জন্য অপরিহার্য। আপনার মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকাকালীন, আপনার পেশীগুলো অস্থায়ী পক্ষাঘাতে প্রবেশ করে যাতে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে না পারেন। বয়স অনুসারে প্রস্তাবিত ঘুমের সময়- ০-৩ মাস বয়সে ১৪-১৭ ঘণ্টা। ৪-১২ মাস বয়সে ১২-১৬ ঘণ্টা ১-৫ বছর বয়সে ১০-১৪ ঘণ্টা ৬-১২ বছর বয়সে ৯-১২ ঘণ্টা ১৩-১৮ বছর বয়সে ৮-১০ ঘণ্টা ১৯-৬৪ বছর বয়সে ৭-৯ ঘণ্টা ৬৫+ বছর বয়সে ৭-৯ ঘণ্টা। শিশুদের জন্য পর্যাপ্ত ঘুম ভালো মনোযোগ, মানসিক নিয়ন্ত্রণ এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। প্রাপ্তবয়স্কদের জন্য ঝুঁকিও সমানভাবে বেশি। প্রাপ্তবয়স্করা নিয়মিত সাত ঘণ্টার কম ঘুমালে ওজন বৃদ্ধি পারে, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি হতে পারে, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের মতো সমস্যা হতে পারে, দীর্ঘস্থায়ী বিষণ্ণতা এবং উদ্বেগ দেখা দিতে পারে। তাই বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম জরুরি।
বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন?

বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন? আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি ঘিরে বিশ্বজুড়ে নানা আয়োজন দেখা যায়। প্রিয়জনকে ফুল, কার্ড, উপহার দেওয়া, ঘুরতে বের হওয়া এসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন অনেকে। বাংলাদেশেও তরুণ-তরুণীদের অংশগ্রহণে দিনটি এখন উৎসবের রূপ নিয়েছে।বাংলাদেশে দিবসটি প্রবর্তন করেন সাংবাদিক শফিক রেহমান। ১৯৯৩ সালে তার সম্পাদিত মাসিক পত্রিকা ‘যায়যায়দিন’-এ ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ‘ভালোবাসা সংখ্যা’ প্রকাশের পর দিনটি জনপ্রিয়তা পেতে শুরু করে। ধীরে ধীরে তা সামাজিক আয়োজনে পরিণত হয়। ভালোবাসা দিবসের ইতিহাস নিয়ে একাধিক মত রয়েছে। প্রাচীন রোমে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ‘ফেব্রুয়ালিয়া’ বা ‘লুপারকালিয়া’ নামে একটি উৎসব পালিত হতো। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আয়োজনে উর্বরতা ও সমৃদ্ধির কামনায় দেবতার উদ্দেশে পূজা দেওয়া হতো। ১৪ ফেব্রুয়ারি ছিল দেবী জুনোর সম্মানের দিন। তখনকার কিছু আচার-অনুষ্ঠান ছিল বিতর্কিত ও সহিংস প্রকৃতির। একই সময়ে লটারির মাধ্যমে তরুণ-তরুণীর সঙ্গী নির্বাচন করার প্রথাও চালু ছিল বলে ইতিহাসবিদদের কেউ কেউ উল্লেখ করেন। যেভাবে এলো বিশ্ব ভালোবাসা দিবস আরেকটি প্রচলিত মতে, রোমান সম্রাট ক্লডিয়াসের আমলে খ্রিস্টান ধর্মযাজক ভ্যালেন্টাইন যুবকদের গোপনে বিয়ে দিতেন। সম্রাটের নির্দেশ অমান্য করায় তাকে গ্রেপ্তার করা হয় এবং ২৬৯ বা ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুর আগে এক তরুণীকে লেখা চিঠিতে তিনি ‘তোমার ভ্যালেন্টাইন’ বলে স্বাক্ষর করেছিলেন এ কাহিনি থেকেই দিবসটির নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। আরেকটি বর্ণনায় ভ্যালেন্টাইনকে একজন চিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়, যিনি অসুস্থদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। খ্রিস্টধর্ম গ্রহণের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার স্মরণেই ৪৯৬ খ্রিস্টাব্দে পোপ জেলাসিয়ুস ১৪ ফেব্রুয়ারিকে ‘ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে ঘোষণা করেন। মধ্যযুগে ইউরোপে দিবসটি দীর্ঘ সময় নিষিদ্ধ ছিল। পরে সাহিত্যিক জিওফ্রে চসার তার রচনায় এ দিনের উল্লেখ করেন। পরবর্তী সময়ে উইলিয়াম শেকসপিয়রসহ অন্যান্য লেখকের লেখায়ও ভালোবাসা দিবস স্থান পায়। ধীরে ধীরে এটি ইউরোপ ও আমেরিকায় জনপ্রিয় হয় এবং বাণিজ্যিক রূপ পায়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এ দিনে বিপুল পরিমাণ শুভেচ্ছা কার্ড, ফুল ও উপহার বিক্রি হয়। তবে বিভিন্ন সময় ফ্রান্স, ইংল্যান্ড, সৌদি আরব, ইরান, পাকিস্তান ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশে দিবসটি নিষিদ্ধ বা সীমিত করার নজির রয়েছে। ইতিহাস ও মতভেদের ভেতর দিয়ে ১৪ ফেব্রুয়ারি এখন বিশ্বব্যাপী ভালোবাসা প্রকাশের দিন হিসেবে পরিচিত। ব্যক্তিগত সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে অনেকেই দিনটিকে মানুষে মানুষে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা হিসেবে দেখেন।
গণভোটের হার কত শতাংশ, জানালেন ইসি সচিব

গণভোটের হার কত শতাংশ, জানালেন ইসি সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে গড়ে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে শতকরা ভোট পড়েছে ৬০ দশমিক ২৬। হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন। আর ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। ফলে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। তিনি বলেন, এখন অনেকের প্রশ্ন হতে পারে জাতীয় নির্বাচনের চেয়ে গণভোট বেশি কেন। এর কারণ যে দুটো আসনে আদালতের নির্দেশনায় ফলাফল প্রকাশ করা হয়নি। সেখানে গণভোটের ওপরে কোনো কিছু বলা নেই। সেজন্য এ শতাংশ বেড়েছে। এ সময় ২৯৭ আসনে কোন দল কত আসন পেয়েছে, সেই হিসাবও তুলে ধরেন তিনি। আখতার আহমেদ বলেন, আমাদের কাছে প্রাপ্ত বার্তা অনুযায়ী তথা ২৯৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ২০৯, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, গণঅধিকার পরিষদ ১, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১, গণসংহতি আন্দোলন ১, খেলাফত মজলিস ১ ও স্বতন্ত্র পেয়েছে ৭ আসন।
বেশি বয়সে এমপি হচ্ছেন মোশাররফ, কম বয়সি হান্নান মাসউদ

বেশি বয়সে এমপি হচ্ছেন মোশাররফ, কম বয়সি হান্নান মাসউদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আর সবচেয়ে বেশি বয়সী বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। হলফনামা অনুযায়ী, খন্দকার মোশাররফের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। তার বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি কুমিল্লা–১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খন্দকার মোশাররফ। সে সময় তিনি ৯৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। এদিকে নোয়াখালী ৬ (হাতিয়া) আসন থেকে জয়ী হয়েছেন হান্নান মাসউদ। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। নির্বাচনি হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান। পরে তিনি এনসিপিতে যোগ দেন এবং ১১–দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।