অনীত পাড্ডা মধুবালা হয়ে পর্দায় আসছেন

অনীত পাড্ডা মধুবালা হয়ে পর্দায় আসছেন কিংবদন্তি অভিনেত্রী মধুবালার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের গল্প এবার পর্দায় তুলে ধরতে যাচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। খ্যাতিমান এই পরিচালক ও প্রযোজক তাঁর সিনেমায় মধুবালার চরিত্রের জন্য বেছে নিয়েছেন তরুণ তারকা অনীত পাড্ডাকে। খবর হিন্দুস্তান টাইমসের। এর আগে মাত্র একটি সিনেমায় দেখা গিয়েছে অনীতকে। ‘সাইয়ারা’ নামে সেই সিনেমা দিয়েই কোটি দর্শকের মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, অনবদ্য অভিনয় দিয়ে দর্শকমনে ঝড় তুলতেও সময় লাগেনি। যার সুবাদে বড় ও আলোচিত নির্মাতাদের দৃষ্টি ঘুরে গেছে অনীতের দিকে। সে কারণেই সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতা মধুবালার বায়োপিকের জন্য অনীতকে নির্বাচন করেছেন। আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এবার মধুবালার অবয়ব ধরে পর্দায় আসছেন অনীত পাড্ডা। কিংবদন্তি এ অভিনেত্রীর ব্যক্তিজীবন, অভিনয় ক্যারিয়ার সবটাই তুলে ধরা হবে বায়োপিকে। যেটি প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বানসালি। পরিচালনার দায়িত্বে আছেন জস্মিত কে রিন। এটুকু তথ্য দিয়ে নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই অন্যান্য শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এদিকে মধুবালার বায়োপিকের আগেই শুরু হবে অনীতের ‘শক্তিশালিনী’ সিনেমার শুটিং। হরর-কমেডি গল্পের সিনেমাটি পরিচালনা করবেন আদিত্য সরপোতদার।
সংগীতশিল্পী তানজীবের আত্মহত্যার চেষ্টার গুঞ্জন

সংগীতশিল্পী তানজীবের আত্মহত্যার চেষ্টার গুঞ্জন গতকাল মধ্যরাত থেকে গুঞ্জন উড়ছে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। সোশ্যাল মিডিয়ায় এমন খবর ভেসে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন চর্চা চলছে, তেমনই উদ্বিগ্ন শিল্পীর ভক্ত-অনুরাগীরা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান। স্বামীর একটি ছবি ফেসবুকে পোস্ট করে সাবা সানজিদা রহমান লেখেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ্য। হাই ব্লাড প্রেসারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল। বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে সাবা সানজিদা রহমান বলেন, “যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আগে থেকেই তানজীবের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। গতকাল মধ্যরাতে তা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইমার্জেন্সি থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। এসব তথ্য জানিয়ে সাবা গণমাধ্যমে বলেন, “ওকে ইমার্জেন্সিতে নিলে আইসিইউতে ভর্তি করা হয়। এখনো তানজীব আইসিইউতে চিকিৎসাধীন। সবাই ওর জন্য দোয়া করবেন। সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার খবর ছড়ানোর বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সাবা বলেন, “এমন সংবাদ কেন ছড়াচ্ছে, তা জানি না। আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন বা তথ্য না নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে। এসব চলতে থাকলে আমরা আইনি ব্যবস্থা নেব। ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে পা রাখেন তানজীব সারোয়ার। একই বছর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। ২০১৪ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’। ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’। চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তানজীব সারোয়ার। ২০২৩ সালে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এ চলচ্চিত্রের শ্রোতাপ্রিয় ‘গা ছুঁয়ে বলো’ গানটি তাকে দারুণ খ্যাতি এনে দেয়।
ঈদে আসছে আসিফ আকবর নতুন গান‘ভুল’

ঈদে আসছে আসিফ আকবর নতুন গান‘ভুল’ বছরজুড়েই বিভিন্ন আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। ‘ভুল’ শিরোনামের এ গানটির রেকর্ডিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ‘ভুল’ শিরোনামের গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। এই গানটির মাধ্যমে বেশ কিছুদিন পর আবারও রেকর্ডিং স্টুডিওতে ফিরেছেন আসিফ। আসিফ আকবর বলেন, ‘ভুল’ শিরোনামের গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর নতুন গানের ফিরলাম। গানটির কথা-সুর-সংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, “দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। ইচ্ছে ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান করার, সেটা করতে পেরেছি। আসিফ ভাইও গানটি নিয়ে খুব খুশি। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।” জানা গেছে, আসন্ন ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের নতুন গান ‘ভুল’।
দ্রুত খাওয়ার অভ্যাস কমাবেন যেভাবে

দ্রুত খাওয়ার অভ্যাস কমাবেন যেভাবে অনেকেরই খুব দ্রুত খাবার খাওয়ার অভ্যাস রয়েছে। অফিসের তাড়া, কাজের চাপ, সময়ের অভাব আবার কেউ বা এমনিতেই তাড়াহুড়া করে খাবার খান। চিকিৎসকদের মতে, তাড়াহুড়ো করে খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য মোটেও ভালো নয়। এতে নিজের অজান্তেই বেশি খাওয়া হয়ে যায়। এর ফলে ধীরে ধীরে ওজন বাড়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, আমরা যখন খাবার খাই তখন শরীরের ভেতরে কিছু হরমোন কাজ করতে শুরু করে। এই হরমোনগুলো মস্তিষ্ককে জানায় পেট ভরেছে কিনা। এই বার্তার মস্তিষ্কে পৌঁছতে প্রায় ২০ মিনিট সময় লাগে। কিন্তু কেউ যদি খুব দ্রুত খাবার খেয়ে ফেলেন, তাহলে শরীরের ‘পেট ভরে গিয়েছে’ সংকেত পাওয়ার আগেই প্রয়োজনের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন। এর ফলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমে এবং সময়ের সঙ্গে ওজন বাড়তে শুরু করে। চিকিৎসকদের মতে, দ্রুত খাওয়ার কারণে শুধু ওজনই বাড়ে না, হজমের সমস্যাও হতে পারে। কারণ খাবার ভালো করে চিবিয়ে না খেলে তা পেটের জন্য হজম করা কঠিন হয়ে পড়ে। এতে গ্যাস,পেট ফাঁপা বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসক আরও বলেছেন, আজকাল অনেকেই প্রক্রিয়াজাত খাবার বা ফাস্ট ফুড বেশি খেয়ে থাকেন। এই ধরনের খাবার সাধারণত খুব দ্রুত খাওয়া যায় এবং এতে ক্যালরিও বেশি থাকে। এর ফলে মানুষ বুঝতে না পেরে অনেক বেশি খেয়ে ফেলেন। দ্রুত খাওয়ার অভ্যাস কমাতে কিছু উপায় বেছে নিতে পারেন। যেমন- খাওয়ার আগে কয়েক সেকেন্ড সময় নিয়ে খাবারের গন্ধ নিন বা ভাল করে দেখে নিন। এতে শরীর ধীরে ধীরে খাবারের জন্য প্রস্তুত হবে এবং খাওয়ার গতি কিছুটা কমবে। প্রতিটি খাবার ধীরে ধীরে ও ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি গ্রাস অন্তত ২০ থেকে ৩০ বার চিবিয়ে খাওয়া ভালো। এতে খাবার সহজে হজম হয় এবং অতিরিক্ত খাওয়ার সম্ভাবনাও কমে। এছাড়া এক একটি গ্রাস নেওয়ার মাঝে কয়েক সেকেন্ড বিরতি নেওয়াও উপকারী। এতে শরীর বুঝতে পারে পেট কতটা ভরেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময় নিয়ে খাবার খেলে যেমন ওজন নিয়ন্ত্রণে রাখা যায়, তেমনি হজম ভালো হয়।
ইরানের নতুন শীর্ষনেতা নির্বাচিত

ইরানের নতুন শীর্ষনেতা নির্বাচিত ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী বিশেষজ্ঞ পরিষদ জানিয়েছে, নতুন নেতা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে, তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরিষদের সদস্য আহমেদ আল আমলহোদা বলেন, নেতা নিয়োগের ভোট হয়েছে এবং নেতা নির্বাচিত হয়েছে। শিগগিরই নাম ঘোষণা করা হবে।কিছু সদস্য ইঙ্গিত দিয়েছেন যে নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতাবা খামেনি এই পদে আসতে পারেন। মোজতবা খামেনিকে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনা করা হচ্ছিল। তার বাবা ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন।ইরানে সর্বোচ্চ নেতা পদটি দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শেষ কথা বলেন তিনি। আরেক সদস্য মোহসেন হায়দেরি বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্ধারিত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, বড় শয়তানও (যুক্তরাষ্ট্র) নির্বাচিত ব্যক্তির নাম উল্লেখ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ভূমিকা থাকা উচিত এবং তিনি মোজতবা খামেনিকে দুর্বল প্রার্থী বলে মন্তব্য করেছেন। তবে ইরানের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং থাকবে না। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী পার্সিয়ান ভাষায় এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছে যে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদেরও তারা লক্ষ্যবস্তু করতে পারে। সূত্র: এএফপি
জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী

জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানের তেলের ডিপো ও পরিশোধনাগারে হামলা চালিয়েছে। এতে রাজধানী তেহরানজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেহরানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কিছু অংশে মিশে গেছে। এর ফলে ইরানের রাজধানীর সব রাস্তা যেন ‘‘আগুনের নদীতে’’ পরিণত হয়েছে। পুরো রাজধানী শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য ব্যবহৃত রাস্তার পাশের সব ড্রেন বর্তমানে দাউ দাউ করে জ্বলছে। ইরানের সংস্কৃতি ও শিল্পবিষয়ক সামাজিক যোগাযোগামাধ্যম এক্স অ্যাকাউন্ট ‘লিভিং ইন তেহরানের’ পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, তেহরানের একটি রাস্তার পাশে আগুন জ্বলছে। পুরো রাস্তার পাশ ঘেঁষে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছে। এর আগে, ইরানের তেল মন্ত্রণালয় তেহরানের পশ্চিমের আলবোর্জ প্রদেশের কারাজ শহরসহ তিনটি এলাকায় জ্বালানি ডিপোতে ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলার তথ্য নিশ্চিত করেছে। • সংঘাত আরও তীব্র হবে, ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলা যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে এবং আমরা আগামী দিনগুলোতে আরও উত্তেজনার মুখোমুখি হবো। ইসরায়েলের রেডিও ১০৩ ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহেন বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর ক্ষতি করতে সাহায্য করবে; এমন সব লক্ষ্যবস্তুই আমাদের বিবেচনায় রয়েছে। যুদ্ধের পরিকল্পিত সময়সীমা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা জানি, যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি তা অর্জনের জন্য আমাদের কতটুকু সময় প্রয়োজন। যুদ্ধের একটি পরিকল্পনা রয়েছে, মাঠ পর্যায়ে পরিস্থিতির উন্নয়ন ঘটছে। আমরা এমন পরিস্থিতিতে পড়তে চাই না যে, আরও এক বা দুই বছর পর আমাদের নতুন কোনও ধাপে যেতে হয়। • ইসরায়েলে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, ৪২ জনের অবস্থা মাঝারি এবং ৭০ জন সামান্য আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া ইসরায়েলিদের বড় অংশ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা, এএফপি।
ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করলো চীন

ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করলো চীন চীন বলেছে, চলমান মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা জনগণের সমর্থন পাবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার পরিবর্তনের পরিকল্পনা কোনো সমর্থন পাবে না। এই বক্তব্য আসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের প্রেক্ষাপটে। ওয়াং ই বলেন, চীনের প্রধান অবস্থান হলো ইরানসহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে, মধ্যপ্রাচ্যে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা উচিত, সংঘাত বাড়লে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ওয়াং বলেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না, এবং এটি কারও জন্যই ভালো নয়। শক্তি কোনো সমাধান দেয় না; সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের মানুষেরাই অঞ্চলের প্রকৃত মালিক, তাই বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক দেশগুলোরই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বড় ধরনের মার্কিন সামরিক অভিযান হলেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো সহজে ভেঙে পড়ার সম্ভাবনা কম। এই তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের সেই দাবি প্রশ্নবিদ্ধ হয়েছে যে তিনি ইরানের নেতৃত্ব সরিয়ে নতুন নেতৃত্ব বসাতে পারবেন। চীন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনাও নিন্দা করেছে। একইসঙ্গে ওয়াং বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা সমালোচনা থাকা সত্ত্বেও চীন-রাশিয়ার সম্পর্ক দৃঢ় ও অটুট থাকবে।
শ্বাসরুদ্ধকর টিজার আতঙ্ক-নির্যাতন-সংগ্রামের চিত্রে ‘দম’

শ্বাসরুদ্ধকর টিজার আতঙ্ক-নির্যাতন-সংগ্রামের চিত্রে ‘দম’ আসন্ন ঈদুল ফিতরে বড়পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’। অবশ্য তার আগেই ভক্তদের চমকে দিলেন অভিনেতা! আজ প্রকাশ পেল সিনেমাটির টিজার। যেখানে দর্শকের কাছে একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন নিশো। ৫৪ সেকেন্ড দৈর্ঘ্যের সেই টিজারে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামের এক চিত্র ফুটে উঠেছে। যেখানে দেখা যায়, কোনো এক দুর্ঘটনার পর পাহাড় আর মরুর বুকে দিগভ্রান্ত হেঁটে চলেছেন নিশো! পর্দার তার নাম শাহজাহান ইসলাম নূর। চরিত্রটির চোখেমুখে আতঙ্ক। বিপদ যেন চারপাশেই! একদল অস্ত্রধারী তাকে আটক করে। নির্মম নির্যাতনের শিকার হয় সে। টিজারের পুরোটা সময় তাকে ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন ও ভীত লুকে দেখা গেছে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক! অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে বন্দি রূপে! লোকেশনের নান্দনিকতাও আলাদাভাবে নজর কাড়ে। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষপর্যন্ত কার হাতে থাকছে বেঁচে থাকার শেষ সুযোগ! অন্যদিকে, ফার্স্টলুক টিজারে স্পষ্ট হয়েছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর লুক। বিভিন্ন মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে তৈরি করেছে বিশেষ কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক যোগোযোগমাধ্যমে অভিনয়শিল্পী ও নির্মাতাকে প্রশংসায় ভাসাচ্ছেন তাঁরা। পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো?’ ছোট্ট এই সংলাপ ফার্স্টলুক টিজার তো বটেই, একইভাবে পুরো সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলবে বলে মনে করছেন দর্শকরা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। বেশিরভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে, বাকিটা বাংলাদেশে। নির্মাতা বলেন, ‘দম এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্টলুক টিজার সিনেমাটির একটি সারাংশ মাত্র। আমি আগেই বলেছিলাম এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শকরা টিজারে পেয়েছেন। অর এই ভিজ্যুয়াল আরও দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী-কলাকুশলীদের প্রচেষ্টায়। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আফরান নিশো বলেন, ‘দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্টলুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে। পর্দায় অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম ‘রানি’। তার মতে চরিত্রটি খুব দৃঢ় ব্যক্তিত্বের। অভিনেত্রী বলেন, ‘টিজারে রানি চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে, যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানি চরিত্রটি রানির মতোই বিরাজ করে সিনেমায়।
নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি

নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি আজ বিশ্ব নারী দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দারুণ প্রেরণা জাগানিয়া স্ট্যাটাস দিয়েছেন চিরকুট ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমি। সেখানে তিনি নিজেই নিজের পিঠ চাপড়েছে। নিজেকে জানিয়েছেন বাহবা। নারী দিবসে নিজেকে তিনি আবিষ্কার করেছেন একজন সফল মানুষ হিসেবেও। সুমির স্ট্যাটাস থেকে জানা গেল, খালিশপুর, খুলনার এই শিল্পী ঝিনাইদহ শৈলকূপার প্রয়াত মকবুল হোসেন ও শেলী মকবুলের চতুর্থ কন্যা। ২৪ বছর ধরে অবিরাম সৃজনশীলতার পথে এগিয়ে চলা সুমি ১৯ বছর ধরে অসংখ্য ব্র্যান্ডের ক্রিয়েটিভ ও স্ট্র্যাটেজি কাজে নিঃস্বার্থভাবে অবদান রেখে আসছেন। স্ট্যাটাসে সুমি লেখেন, ‘শুধু নারী না, মানুষ হয়ে কাজ করে গেছি। নিজের দর্শনে, কথায়, সুরে দেশের অসংখ্য গান প্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে, বিরতিহীন সৃষ্টি করে গেছি। সুখ-দুঃখে জীবনের অনুপ্রেরণার গল্প বলেছি। তিনি আরও উল্লেখ করেন, সব প্রতিকূলতার মধ্যে ভালোবাসা ও হাসি কখনো ভুলেননি। যাদের প্রিয় মনে করেছেন, বছরের পর বছর তাদের পাশে থেকেছেন, কোনো কর্পণ্য দেখাননি। কখনো একা বড় হতে চাওনি, বরং সবার মুখে হাসি ফুটিয়ে একসাথে এগিয়ে চলার চেষ্টা করেছেন। সুমি তার স্ট্যাটাসে সবাইকে উৎসাহ দেন নিজের প্রতি সদয় হওয়া ও নিজের কাজকে ভালোবাসার জন্য। তিনি লিখেছেন, ‘এবার সময় করে একটু নিজের জন্যও বাঁইচো। নিজের প্রতি একটু সদয় হইও। নারী দিবস আর সব দিবসে সকল অসহযোগিতা, অকারণ অবহেলা সহ্য করে, মুখে হাসি নিয়ে নিজের কাজ এগিয়ে নেওয়া ছেলে-মেয়ে নির্বিশেষে সব ‘নিজেকে’ একটা বড় হাগ। চিরকুট ব্যান্ডের সুমি তার কাজ ও জীবনধারার মাধ্যমে প্রমাণ করেছেন, সৃজনশীলতা, অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসই প্রকৃত শক্তি। বিশ্ব নারী দিবসে এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন শ্রীনন্দা

বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন শ্রীনন্দা ভেঙে গেছে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করের সংসার। গত বছরের শেষে ১৬ বছরের সংসার ভাঙার ঘোষণা দেন এই অভিনেত্রী। ফের বিয়ের পিঁড়িতে বসবেন কি না, তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহলের শেষ নেই। অবশেষে বিয়ে নিয়ে কথা বললেন শ্রীনন্দা। শ্রাবন্তী ব্যানার্জিকে সাক্ষাৎকার দিয়েছেন শ্রীনন্দা। এ আলাপচারিতায় বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, ‘তুই কী আবার বিয়ে করবি?’ আমি বলেছি, ‘ন্যাড়া বেলতলায় কবার যায়?’ তবে কখনো ওভাবে ‘না’ বলতে পারি না। কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত নই। ভবিষ্যতে কী আছে জানি না। খানিকটা ব্যাখ্যা করে শ্রীনন্দা বলেন, “যদি হাতের কোথাও কেটে যায়, তাহলে সেটা সারবে, তাতে ওষুধ লাগানো হবে, সেটা শুকাবে, তারপর তো সেই হাতটাকে ব্যবহার করতে পারব। ওভাবেই এই বিষয়টাকে দেখতে হবে। ২০০৯ সালের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়েন শ্রীনন্দা শঙ্কর এবং গেভ সাতারাওয়ালা। বাঙালি এবং পার্সি দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তারপর কেটে গেছে ১৬ বছর। কী কারণে তাদের সংসার ভেঙেছে সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী। সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’, সুমন ঘোষের ‘বসুপরিবার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন শ্রীনন্দা। বলা যায়, টলিউডের প্রথম সারির সব নির্মাতার সঙ্গেই কাজ করেছেন এই নৃত্যশিল্পী। তবে গত কয়েক বছর ধরে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে বসবাস করছেন। সেখানে সংসার, কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। গত বছর হঠাৎই দুঃসংবাদ দেন এই অভিনেত্রী।