ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ

ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৩৫ দিন বয়সের বোরো ধানগাছে বিষ প্রয়োগ করে ৩০ শতাংশ জমির ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. তরিকুল ইসলাম ভোলাহাট থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, একই গ্রামের ইসরাইলের ছেলে তোফাজ্জুল হক বাবু (৪৫) গত ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে সোলগাড়ী জিয়া ক্যানেলের পশ্চিম পাশে তার জমিতে বিষ প্রয়োগ করেন। পরে ধান গাছগুলো ধীরে ধীরে পুড়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ভোলাহাট থানায় এজহার দায়ের করেছেন বলে জানান। অন্যদিকে তোফাজ্জুল হক বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি আমাদের। আমরা জমিতে ধান লাগিয়েছি। ধান পুড়িয়ে মেরেছে তরিকুলেরা। আমরা ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এদিকে পুলিশের এসআই বশির আহমেদ গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় কৃষকদের ভাষ্য, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই ধান নষ্ট করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
চীনের বিপক্ষে হার দিয়েই অভিষেক হলো বাংলার বাঘিনীদের

চীনের বিপক্ষে হার দিয়েই অভিষেক হলো বাংলার বাঘিনীদের এএফসি নারী এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন। অন্যদিকে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে গেছে বাংলাদেশ। প্রস্তুতি, শারীরিক সক্ষমতায় চীনের চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপে হার দিয়েই অভিষেক হলো বাংলার বাঘিনীদের, কিন্তু হারলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করে প্রশংসা কুড়াচ্ছেন ঋতুপর্ণা-মারিয়ারা। মঙ্গলবার ওয়েস্টার্ন সিডনিতে এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধের শেষের দিকে। ৮৬ মিনিটে হালিমাকে তুলে মিডফিল্ডার আনিকা রানিয়াকে মাঠে নামান কোচ পিটার বাটলার। এর মধ্য দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটল বাংলাদেশি বংশোদ্ভুত সুইডেন প্রবাসী আনিকার। চীনের র্যাংকিং ১৭, বাংলাদেশের ১১২ কাগজে-কলমে এটি ছিল স্পষ্ট অসম লড়াই। তবে মাঠে সেই ব্যবধান পুরোপুরি প্রতিফলিত হতে দেয়নি বাংলাদেশ নারী দল। নির্ধারিত ৯০ মিনিট জুড়ে তারা খেলেছে ইতিবাচক ফুটবল। এশিয়ান চ্যাম্পিয়ন চীন নারী জাতীয় ফুটবল দল ফিজিক্যাল ও টেকনিক্যাল দিক থেকে এগিয়ে থাকলেও লড়াইয়ে পিছিয়ে ছিল না বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। চীনকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল করে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বলের দখলে আগের চেয়ে উন্নতি করে এবং রক্ষণাত্মক খোলস ভেঙে আক্রমণের ধারাও বাড়ায়। বিরতির পর বাংলাদেশ তিন পরিবর্তন আনে উমহেলা, শিউলি ও নবীরনের জায়গায় নামেন তহুরা, হালিমা ও স্বপ্না। ৮৫ মিনিটে জাতীয় দলে অভিষেক হয় সুইডিশ প্রবাসী আনিকা রহমানের। চীনও দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তন করলেও আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি। অস্ট্রেলিয়ায় চলমান এএফসি নারী এশিয়ান কাপে রয়েছে ভিএআর প্রযুক্তি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের একটি আক্রমণে পেনাল্টির সম্ভাবনা ভিএআরে পরীক্ষা করা হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত যায়নি বাংলাদেশের পক্ষে। ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি আসে ১৪তম মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। ডিফেন্ডারকে পেছনে ফেলে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার বাঁ পায়ের শট প্রায় জালেই জড়িয়ে যাচ্ছিল। চীনের গোলরক্ষক চেন চেন পেছনে লাফিয়ে অসাধারণ সেভ না করলে সেটি হতে পারত টুর্নামেন্টের অন্যতম সেরা গোল। ২২ মিনিটে চীন প্রথমবার বল জালে পাঠালেও ভিএআরে সেটি বাতিল হয়। অবশেষে ৪৪ মিনিটে ওয়াং শুয়াং দূরপাল্লার শটে গোল করে এগিয়ে নেন দলকে। এক মিনিট পর ঝাং রুইয়ের শট বাংলাদেশের ডিফেন্ডারদের পায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ২-০।
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। আগামী কোরবানি ঈদের আগে এই সুযোগ চালু করা হবে বলেও জানান তিনি। রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচই করেছে উল্লেখ করে শেখ রবিউল আলম আরও বলেন, বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে-কলমে। উল্টো রেলের ইঞ্জিন কম, রেল চলে না, ভেঙে যায়।
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে কড়া বার্তা চীনের

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে কড়া বার্তা চীনের মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। এ ছাড়া তারা নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালির মধ্য দিয়ে যায়, পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ পণ্যও এ পথে পরিবাহিত হয়। ইরানের বিপ্লবী গার্ড শনিবার প্রণালিটি বন্ধ ঘোষণা করে, যার ফলে কয়েকটি আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা এ নৌপথে চলাচল স্থগিত করে। নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, উত্তেজনা আরো বৃদ্ধি এড়াতে, হরমুজ প্রণালির নৌপথের নিরাপত্তা বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনীতিতে আরো বড় প্রভাব পড়া প্রতিরোধ করতে আহ্বান জানাচ্ছে।’ তিনি বলেন, ‘জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ… চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ চীন ইরানি তেলের প্রধান ক্রেতা, যার বেশির ভাগই এই প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়।
রাজশাহীর বেলপুকুরে অভিযান চালিয়ে অপহৃত ২ কিশোর উদ্ধার

রাজশাহীর বেলপুকুরে অভিযান চালিয়ে অপহৃত ২ কিশোর উদ্ধার রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ দিন ধরে নিখোঁজ থাকা ২ কিশোরকে উদ্ধার করেছে রাজশাহী র্যাব-৫। অপহৃত কিশোররা হলো- রিফাত ইসলাম ও আকাশ আহমেদ। র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে গত ২৮ ফেব্রুয়ারী মতিহার থানার ভাল্লুকপুকুর এলাকা থেকে নিখোঁজ হয় রিফাত ও আকাশ। পরে ভিকটিমের পরিবার মতিহার থানায় ২ টি সাধারণ ডায়েরী করেন। পরে নিখোঁজ ভিকটিমদ্বয়’কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গতকাল রাতে উদ্ধারের পর ঐ ২ কিশোরকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।
জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জের রিটের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দু’টি রিট করা হয়।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও আকাশে আজ এক মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালে চাঁদ অদ্ভুত লালচে রং ধারণ করবে আজ। ২০২৬ সালে এটিই হবে একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পরবর্তী সময় এমন দৃশ্য দেখার জন্য ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ণ গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে।
চারদিনে বাংলাদেশ থেকে ১৩১ ফ্লাইট বাতিল

চারদিনে বাংলাদেশ থেকে ১৩১ ফ্লাইট বাতিল ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশ থেকে গতকাল পর্যন্ত ১০৯টি এবং আজকের তালিকায় থাকা ২২টি সহ ৪ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্সের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের চারটি, গালফ এয়ারের জারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজির এয়ারলাইন্সের চারটি। বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার এক মাসের জন্য সব এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। আজ এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা পরিস্থিতির উপর নির্ভর করে আরও বাড়ানো হতে পারে। গত ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিসার মেয়াদ বাড়ানো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে, কোনো ফি লাগবে না এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে যাওয়ার বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ার প্রয়োজন হবে না।
মার্কিনিদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার নির্দেশ

মার্কিনিদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার নির্দেশ ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়ার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। আজ মার্কিন পররাষ্ট্র দফতরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এই তাগিদ দেওয়া হয়। দেশগুলো হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান।