শিশুপরিবারে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত 

শিশুপরিবারে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেক হোল্ডার ও অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের শিশু পরিবার জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসবিসি প্রকল্পের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত, জেলা সমাজসেবা অফিসার ফিরোজ কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, নাচোল উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো: কিবরিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানাজার জেমস বিশ্বাস, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ অন্যরা। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিয়ে প্রতিরোধে বিয়ে নিবন্ধনের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে বাল্যবিয়ের হবার পরেও এর সাথে সম্পৃক্ত সকলেই শাস্তির আওতায় পড়তে পারেন বলেও জানান তিনি। পরে দুপুরে শিশু পরিবারের সদস্যদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

এবছর আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবছর আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এবার শারদীয় দুর্গোৎসবে সারাদেশে ৩৩ হাজার পূজা মন্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। পূজা মন্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া মন্ডপ কমিটির সদস্যদের মধ্যে থেকে দিনে ৩ জন ও রাতে ৪ জন করে পুলিশ পাহারায় থাকবে। উপদেষ্টা বলেন, এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সকালে সেনাবাহিনীর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই-বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছিল। তবে এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করে সেনাবাহিনী।  

গঙ্গার পানিচুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারত আলোচনা আগামীকাল

গঙ্গার পানিচুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারত আলোচনা আগামীকাল গঙ্গা পানিচুক্তি নিয়ে আগামীকাল বৈঠকে বসতে চলেছে ভারত-বাংলাদেশ। এই বিশেষ বৈঠকে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা যোগ দেবেন। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ৩০ বছরের সেই চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হচ্ছে। ফলে তার আগে এই বৈঠকে নানা পর্যালোচনা এবং সংশোধন নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, ঢাকার পক্ষ থেকে যৌথ নদী কমিশনের সদস্য মহম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল নয়াদিল্লির বৈঠকে যোগ দেবেন। প্রতি বছর দুইবার করে ভারত-বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা হয়।  

যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি নিয়ে বিশেষ বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি নিয়ে বিশেষ বার্তা ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে ভিসা। এর অর্থ হলো, সংশ্লিষ্ট ব্যক্তি আর কখনো যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য পুনর্ব্যক্ত করেছে মার্কিন দূতাবাস। এর আগেও যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের জন্য কঠোর বার্তা দেয় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সেই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, ভিসা জালিয়াতিতে জড়িতদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হবে আজীবনের জন্য।

নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪,  কারফিউ জারি

নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪,  কারফিউ জারি সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে আজ শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। এ অবস্থায় কাঠমান্ডু জেলা প্রশাসন অস্থিরতা রোধ এবং শহরের সংবেদনশীল বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে। এক প্রতিবেদনে কাঠমান্ডু পোস্ট এসব তথ্য জানিয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদন অনুসারে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান, কাঁদানে গ্যাস এবং তাজা গুলি ব্যবহার করেছে। কাঠমান্ডু এবং অন্যান্য প্রধান শহরগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

নেপালে বিক্ষোভ, বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন বন্ধ

নেপালে বিক্ষোভ, বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন বন্ধ নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের ওপর থেকে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজারও তরুণ বিক্ষোভ করেছে। জেন-জি বিক্ষোভকারীরা দেশটির নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। আজ শান্তিপূর্ণ কর্মসূচির কথা থাকলেও জেন-জিদের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত বানেশ্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে কাঠমান্ডুর জেলা প্রশাসন কার্যালয়। এদিকে বাংলাদেশ ফুটবল দল নেপালে অবস্থানে করছে। আজ স্থানীয় সময় বিকালে জাতীয় দলের অনুশীলন করার পূর্বনির্ধারিত সূচি ছিলো। আন্দোলনের কারণে সেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন বন্ধ রয়েছে। কারণ সেখানে চলমান সরকারবিরোধী আন্দোলনের কারণে দলের হোটেল থেকে বের হওয়ার অনুমতি নেই।

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে ২৯২ রান করে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল দ্বিতীয় ম্যাচেও কাছাকাছি সংগ্রহ ছিল আজিজুল হাকিম তামিমের দলের। ৯ উইকেটে ২৭৩ রান তুলেছিল তারা। ডিএল মেথডে ৪৭ ওভারে ইংল্যান্ড পেয়েছিল ২৭১ রানের লক্ষ্য, ম্যাচটি ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে নিল তারা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জেতায় পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসল। দুদল ১০ সেপ্টেম্বর তৃতীয়, ১২ সেপ্টেম্বর চতুর্থ ও ১৪ সেপ্টেম্বর পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে।  

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তারা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৩ জন শিশু রোগী রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১ জন পুরুষ রোগীকে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৮০০ জন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৪৯ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত দুই প্রবাসীর দাফন সম্পন্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত দুই প্রবাসীর দাফন সম্পন্ন   মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী রেমিটেন্সযোদ্ধার মরদেহ দেশে এসে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। আজ তাদের দাফন সম্পন্ন হয়। এরআগে তাদের দুজনের মরদেহ গোমস্তাপুর ইউনিয়নের নিজ গ্রামে এসে পৌছালে পরিবারসহ এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত তুহিন আলি গোপালনগর গ্রামের বাসিন্দা শুকুরুদ্দিন কালুর ছেলে। অপরজন একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের কাবিলের ছেলে শামিম রেজা। তারা দুজনই মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন। গত ৩১ আগষ্ট তারা সড়ক দুর্ঘনায় নিহত হন। এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন মালেশিয়ায় সরকারি ছুটি ছিল। ওইদিন তুহিন ও শামীমসহ ৫জন ওভারটাইম কাজ করছিলেন। কাজ শেষে তারা একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন। পথে পাহাড়ি এলাকার সুঙ্গাই কোয়ানে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সে সময় তাদের সঙ্গে থাকা ৩জন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা প্রায় ৩ বছর আগে জীবন ও জীবিকার তাগিদে এবং পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় গিয়েছিলেন। নিহত তুহিনের স্ত্রীসহ এক ছেলে, এক মেয়ে এবং মা-বাবা রয়েছে। এছাড়া শামিমের ভ্যানচালক বাবা রয়েছে। তিনি ধারদেনাসহ এনজিওতে ঋণ করে ভাগ্য পরিবর্তেনর আসায় প্রবাসে যান। হুজরাপুর মডেল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শামিম গত কয়েকবছর আগে তার প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেন। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, তুহিন ও শামিমের মরদেহ আজ সকালে গ্রামে ফেরার পর দাফন সম্পন্ন হয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। কোন সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।