নাচোলে দু’ভাই নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাচোলে দু’ভাই নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ্র ফুলবাড়ি, মারকইল, পাহাড়পুর গ্রামে গত ১৪ অক্টোবর স্থানীয় বিবাদমান দু’পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন ও আলম নামে দুই সহোদরসহ অন্তত: ১৪ জন গুরুতর আহত হন। ওই সময় ভাংচুর ও হামলা করা হয় ১০/১২ বাড়িঘর। পরেরদিন ১৫ অক্টোবর দু’ভাই মিলন ও আলম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সকালে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ভূক্তভোগি পরিবারের ব্যানারে ফুলবাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহত মিলনের স্ত্রী সুমেরা খাতুন, আলমের স্ত্রী রেখা খাতুন, আলমের ছেলে সাদেক আলী, ইউপি সদস্য শাহজাহানসগহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ব্যাপারে নাচোল থানার পরিদর্শক(তদন্ত) নুরুল কাদির সৈকত বলেন, ওই ঘটনায় থানায় একটি হত্যা এবং বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় আরও ২টি সহ মোট ৩টি মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই ৩টি মামলায় এ পর্যন্ত এক সন্দেহভাজন ও ৪ এজাহারনামীয় আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
দেশে চিকিৎসাধীন ২ হাজার ৯০১ ডেঙ্গু রোগী

দেশে চিকিৎসাধীন ২ হাজার ৯০১ ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তাই চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ২৫৯ জনই আছে। এদিকে মৃত্যু না থাকলেও গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৬০ হাজার ৭৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৯০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
লিবিয়া থেকে ফিরলেন আরো ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ৩০৯ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরো ৩০৯ বাংলাদেশি। আজ সকাল সাড়ে ৯টার দিকে তাদের বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহায়তা ও দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করা এসব প্রবাসীকে গতকাল দেশে পাঠানো হয়। এর আগে গত ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফিরেন। প্রত্যাবাসিত বাংলাদেশিরা এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। পরবর্তীকালে দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।
ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখল বিল পাসে তীব্র নিন্দা

ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখল বিল পাসে তীব্র নিন্দা ইসরায়েলি পার্লামেন্ট দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের প্রস্তাবিত একটি বিলকে প্রাথমিক অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপ কার্যত ফিলিস্তিনি ভূখ- সংযুক্তির সমতুল্য, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিতর্কিত এ বিল পাস হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। বিভিন্ন দেশের মতো এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের ওপর ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।
ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের তালিকায় শীর্ষ ৯ নম্বরে উঠে এসেছে ঢাকা। ছুটির দিনে আজ সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। আজ আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ৩৬২। পাশাপাশি তালিকার শীর্ষ ২ ও ৩ নম্বরে অবস্থান করছে যথাক্রমে প্রতিবেশী ভারতের দিল্লি ও কলকাতা। এরমধ্যে দিল্লির স্কোর ২০৩ ও ১৭১ স্কোর কলকাতার। এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৯ নম্বরে ১৫৫ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা।
অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেল-বাস সংঘর্ষে পুড়ে ছাই ২০ যাত্রী

অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেল-বাস সংঘর্ষে পুড়ে ছাই ২০ যাত্রী ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটে আজ ভোরে। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এ ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের পর বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। বাসটিতে দুইজন চালকসহ মোট ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও প্রাণ হারান। পুলিশ জানায়, ‘কাবেরি ট্রাভেলস’-এর একটি প্রাইভেট ভলভো বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত প্যাটেল এনডিটিভিকে জানান, এটি একটি এসি বাস ছিল। ফলে আগুন লাগার পর যাত্রীরা দরজা খুলে বের হতে পারেননি। যারা জানালার কাচ ভেঙে বের হতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন।
দুর্দান্ত বোলিংয়ে রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

দুর্দান্ত বোলিংয়ে রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এই ম্যাচে ৩ উইকেট নিয়ে রিশাদ গড়েছেন এক নয়, দুইটি বড় রেকর্ড। তিন ম্যাচের সিরিজে ১২ উইকেট শিকার করে রিশাদ ভেঙে দিয়েছেন আফগানিস্তানের রশিদ খানের বিশ্বরেকর্ড। এতদিন পর্যন্ত ওয়ানডের ৩ ম্যাচের কোনো সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছিলেন রশিদ খান ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। রিশাদ এবার সেটি টপকে গড়লেন নতুন ইতিহাস। শুধু তাই নয়, বাংলাদেশের হয়েও নতুন রেকর্ডের মালিক হয়েছেন তিনি। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ ছিলেন আরাফাত সানি। রিশাদ সেই রেকর্ডও নিজের করে নিয়েছেন।
সদরের নবাগত ইউএনও মারুফ আফজাল রাজন

সদরের নবাগত ইউএনও মারুফ আফজাল রাজন চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনকে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। আজ এই প্রজ্ঞাপন জারি করা হয়। মারুফ আফজাল রাজন ৩৬তম বিসিএস ব্যাচের একজন সদস্য। তিনি ঢাকা জেলার বাসিন্দা।
গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা

গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা গোমস্তাপুরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে সচেতনামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ ১৬ বিজিবি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বক্তব্য দেন, নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রোকনপুর বিওপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আউয়াল, বিভিষণ ক্যাম্প কমান্ডার আতিকুর রহমান, জেলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান। এসময় ইউপি সদস্য,এলাকার বাসিন্দা ও জেলেরা উপস্থিত ছিলেন। সচেতনামূলক সভায় বক্তারা বলেন, বিলে জেলেরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃস্টি করছে। বিশৃঙ্খলা না করে মিলেমিশে সবাইকে বিলে এসে মাছ ধরতে আহ্বান জানান তারা। এদিকে ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, বিজিবি মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, বিলে মিলেমিশে মাছ ধরেন, বিশৃঙ্খল করলে সীমান্তের শুণ্যরেখায় কাউকে যেতে দেওয়া হবে না।
চরঅনুপনগরে প্রয়াসের খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চরঅনুপনগরে প্রয়াসের খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চরঅনুপনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামচন্দ্রপুর হর্টিকালচারের নার্সারী তত্ত্বাবধায়ক খন্দকার মাহাতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক, প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক ইতিআরা খাতুন ও সিএমও সিভিল রোকনুজ্জামানসহ ২০ জন সিসিএজি সদস্য। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)- এর সহযোগিতায় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।