ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৫ জন আক্রান্ত

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৫ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে আবারো বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৬ জন ও বহির্বিভাগে ৫ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ৭ জন মহিলাসহ ১৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৬ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৪ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬১৮ জন।

জেলায় ডায়রিয়াতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৬০ 

জেলায় ডায়রিয়াতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৬০  চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৩ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ২ জন ও ভোলাহাটে ৪ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৩ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৪৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন রোগী বাড়ি ফিরেছেন।

 লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাউল ভক্তকুল’ নামের একটি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে। লালনের অমর বাণী পরিনবশেনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাধু শাহজাহান চিশতির সভাপতিত্বে এবং আবৃত্তিকার আ্শরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাউল ভক্তকুল সংগঠনের সাধারণ সম্পাদক বাউল কাউসার রিপন। লালনের জীবন দর্শণ নিয়ে আলোচনা করেন সুফী তানভির আহমেদ সজিব, লেখক আনিফ রুবেদ, সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্ব বাউল কুঞ্জ’ এর প্রতিষ্ঠাতা বাউল আলাল শাহসহ অন্যরা।অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধু ও লালন ভক্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যা পর্যন্ত লালন সঙ্গীত পরিবেশিত হয়।

সমবায়ভিত্তিক আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব-প্রধান উপদেষ্টা

সমবায়ভিত্তিক আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব-প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামীকাল ৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

১৫ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন- বলেছেন শফিকুল আলম

১৫ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন- বলেছেন শফিকুল আলম   প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জোর দিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং‘এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। এছাড়া গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছেন। আজ সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, যেকোনো সিদ্ধান্ত নেয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই হবে।

আরও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া

আরও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় বসবাস করা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়ার সরকার আজ দেশে ফেরত পাঠিয়েছে। এই ফেরত আসা অভিবাসীদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তীতে দেশে ফিরেছেন। সকাল ৮টয় তাঁদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই নিয়ে একই প্রক্রিয়ায় চলতি অক্টোবর মাসে ৩টি ফ্লাইটে মোট ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এই ফিরে আসা অভিবাসীদের বেশিরভাগই অবৈধভাবে সেখানে বসবাস করতেন। দূতাবাস জানিয়েছে, আজকের চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহরের ২১১ জন এবং ত্রিপলির ৯৯ জন অভিবাসী দেশে ফিরেছেন। বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন, তাদেরও দ্রুত দেশে পাঠাতে দূতাবাস কাজ করছে।

মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ নভেম্বর

মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ নভেম্বর আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফরম পূরণ করতে পারবে। তবে নির্ধারিত সময় শেষে কোনোভাবেই ফরম গ্রহণ করা হবে না। গতকাল বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি বাবদ ৪০০ টাকা অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে এবং কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে।

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদী একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ এক ‘এক্স’ পোস্টে তিনি এই খবর জানিয়েছেন। পিট হেগসেথ বলেছেন, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই চুক্তি স্বাক্ষরের খবর দেন।

প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করলেন রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধিদল

প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করলেন রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধিদল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন খামার ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রূপালী ব্যাংকের আট সদস্যের সিনিয়র প্রতিনিধিদল। আজ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও গোবতলা ইউনিয়নে বাস্তবায়িত প্রয়াসের বিভিন্ন কার্যত্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকেলে শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তেন প্রয়াসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এতে প্রয়াসের পক্ষে উপস্থিত ছিলেন, মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক পঙ্কজ কুমার সরকার, যুগ্ম-পরিচালক নাসের উদ্দিন, নিরীক্ষা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, ফারুক আহমেদ, আব্দুস সালাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর আগে গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর যৌবনে অবস্থিত প্রয়াসের ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার, শীপ ফার্মের শেড, ডেইরি ফার্ম, ফ্যাটেনিং ফার্ম ও বায়োগ্যাস প্ল্যান্ট ঘুরে দেখেন। তাঁরা খামারের উৎপাদন ব্যবস্থা, প্রাণিসম্পদের স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।  

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নজরুল ইসলাম ওরফে সুজনকে আটক করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার মো. ইব্রাহীমের ছেলে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত ভবন সংলগ্ন এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারী সুজনের অনুপস্থিতিতে দায়রা জজ আদালতে তাঁর যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস  সাজা হয়। এরপর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। আজ বিকালেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক সুকোমল।