চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে মাদকসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে মাদকসহ আটক ৪ সদর উপজেলায় দুই পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবা ও ৬৭০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গতকাল রাতে অভিযান দুটি চালানো হয়। আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদরের গাইনপাড়া ভাগ্যবানপুর গ্রামের এনামুলের ছেলে শাহীন, কদুরতলা লক্ষীপুর গ্রামের মৃত এনামুলের ছেলে কবির, চক আলমুপর গ্রামের মৃত মোস্তফার ছেলে মোমিন আলী ও একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আবু হায়াত। আজ সকালে র্যাব-৫ রাজশহাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গতকাল রাতে গাইনপাড়া ভাগ্যবানপুর গ্রামের ঈদগাহ এলাকার একটি আমবাগান থেকে ২৯০ গ্রাম গাঁজাসহ আটক হন আবু হায়াত ও মমিন। এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে সদরের মহারাজপুর ইউনিয়নের বালুবাগান এলাকার একটি জমি থেকে ৫৬ পিস ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজাসহ আটক হন শাহিন ও কবির। র্যাব আরও জানায় মাদকদ্রব্য কেনাবেচার গোপন খবরে চালানো অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশী অস্ত্র, ভারতীয় গরু ও মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশী অস্ত্র, ভারতীয় গরু ও মদ জব্দ শিবগঞ্জ ও সদর উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ২টি ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। গতকাল রাত ৯টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। বিজিবি জানায়, গতকাল রাতে শিবগঞ্জের চকপাড়া বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ এলাকায় অভিযান চালায়। এসময় পাগলা নদীর তীরে চালানো ওই অভিযানে মালিকবিহীন ওইসব আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। এসব অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হবে। এদিকে, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ন সদরে এক প্রেস ব্রিফিং এ বলেন, আসন্ন্ সংসদ নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য চোরাচালান করতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এরই প্রেক্ষিতে অস্ত্রের চালান আসার গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। অধিনায়ক কিবরিয়া আরও বলেন, গত ৩ বছরে মহানন্দা ব্যাটালিয়ন আওতাধীন ৭৫ কিলোমিটার সীমান্তে অভিযান চালিয়েং ১৫ জন আসামী সহ ৩০টি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগজিন জব্দ করেছে। বিজিবি আরও জানায়, গতকাল দিবাগত রাত ১টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদরের সূর্যনারায়নপুর এলাকা থেকে ২টি ভারতীয় গরু ও শিবগঞ্জের মনাকষা ইউনিযনের গোপালপুর চর হতে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। আজ দুপুরে ৫৩ বিজিবি অথিনায়ক লেফটেন্যান্টকর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে চোরাচালানে গরু ও মাদকদ্রব্য এনে বিভিন্ন চরে লুকিয়ে রাখার গোপন খবরে অভিযানগুলো চালানো হয়। অভিযানে জহুরপুর বিওপি টহল দল গরু ও মনাকষা বিওপি টহল দল মদ জব্দ করে। এসব মালামালের মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান অধিনায়ক।
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০ দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত একদিনে সারা দেশে ৪৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।
ভোট দিতে নিবন্ধন করেছেন ৭০ হাজার ৬৬০ প্রবাসী

ভোট দিতে নিবন্ধন করেছেন ৭০ হাজার ৬৬০ প্রবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী। দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ১৪ হাজার ২৩৬ জন। এরপর দক্ষিণ কোরিয়া ৯ হাজার ৭৫, কানাডা ৭ হাজার ৮৭, জাপান ৬ হাজার ৪৫২, অস্ট্রেলিয়া ৬ হাজার ২৭ এবং দক্ষিণ আফ্রিকা ৪ হাজার ৪৮০ জন। ঠিকানা ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে সৌদি আরবসহ ৭টি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল।
কামাল দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে বলেছেন শফিকুল আলম

কামাল দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে বলেছেন শফিকুল আলম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তাকে শিগগিরই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় হওয়া বিচারের রায় কার্যকর করা যাবে বলে আশা করছেন তিনি। আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন। শফিকুল আলম লিখেছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্তদের বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। ভারত ইতিমধ্যেই জানিয়েছে, জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে।
জোড় ইজতেমা শুরু, প্রথম দিনে ৪৩৬ বিদেশি মেহমান

জোড় ইজতেমা শুরু, প্রথম দিনে ৪৩৬ বিদেশি মেহমান টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে এই জোড় ইজতেমা শেষ হবে। জোড় ইজতেমার প্রথম দিনে ১৭ দেশের ৪৩৬ বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। আজ বিশ্ব ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হয়। জুমার জামাতে ইমামতি করেন ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের। শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, জোড় ইজতেমার প্রথম দিন আজ বাদ ফজর সম্মিলিত মুসল্লিদের উদ্দেশে আম (সাবির্ক) বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। কারগুজারি করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান। এদিকে, গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমায় আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে।
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১২৮, নিখোঁজ দুই শতাধিক

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১২৮, নিখোঁজ দুই শতাধিক হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এখনও দুই শতাধিক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়েতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন। বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় আজ এক সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা মন্ত্রী ক্রিস বলেন, হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। দুই শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের তাইপো নগরীর ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে।
চীনে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

চীনে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের চীনে জয়রথ ছুটছে বাংলাদেশের যুবাদের। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে আজ টানা চতুর্থ জয় পেয়েছে। বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা আরো জোরালো করেছে বাংলাদেশের যুবারা। দলের হয়ে গোল দুটি করেছেন বায়েজিদ বোস্তামি ও মোহাম্মদ মানিক। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারের আজকের জয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ১২। এখন পর্যন্ত গ্রুপ পর্বের শীর্ষে থাকলেও আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে চীনের পয়েন্টও হবে সমান ১২। এতে করে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হবে বাঁচা-মরার লড়াই। সেদিন যে-ই জিতবে তারাই ২০২৬ সালের মে মাসে সৌদি আরবে হতে যাওয়া এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে। শ্রীলঙ্কা যদি চীনকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য সহজ হবে। শেষ ম্যাচে চীনের সঙ্গে ড্র করলেই চলবে।
পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত এ খেলায় ২-০ গোলে নবাবগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড় মো. আইয়ুব ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলীনগর স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড় মো. রাকিবুল হাসান। খেলা শেষে উভয়দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ ক্রীড়াসংগঠকগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি ফুটবল দল অংশগ্রহণ করে।
নাচোল উপজেলা স্কুলকে বিয়ামের অন্তর্ভুক্তির আশ্বাস -মহাপরিচালক

নাচোল উপজেলা স্কুলকে বিয়ামের অন্তর্ভুক্তির আশ্বাস -মহাপরিচালক বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সরকারের অতিরিক্ত সচিব আব্দুল মালেক আজ বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা স্কুল পরিদর্শন করেছেন। স্কুলে পৌঁছালে মহাপরিচালক আব্দুল মালেককে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ফুলেল অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন, বিয়াম ফাউন্ডেশনের প্রটোকল ও জনসংযোগ কর্মকর্তা আলী আকবর, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, শিক্ষক মোজাম্মেল হক মন্টু, প্রভাষক নুর কামাল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, ডা রফিকুল ইসলাম। উপজেলা স্কুলের অধ্যক্ষ আব্দুল খালেক তার সূচনা বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি ২০০৮ সালে স্থাপিত হয়। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মুহাম্মদ জাবের স্যারের উদ্যোগে নাচোলের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানের পথচলা শুরু হয় এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠানটিকে বিয়াম ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। মহাপরিচালক আব্দুল মালেক স্কুলের শিক্ষণ পরিবেশ, অবকাঠামো এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে বিয়াম ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। এই অন্তর্ভুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে, মহাপরিচালক স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিয়ামের সকল নিয়ম-কানুন, পরিচালনার কাঠামো এবং আর্থিক বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি স্পষ্ট করে দেন যে বিয়ামের আওতাভুক্ত হলে প্রতিষ্ঠানকে অবশ্যই উচ্চমানের শিক্ষা নিশ্চিতকরণে ফাউন্ডেশনের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। মহাপরিচালকের এই আশ্বাসের ফলে নাচোল উপজেলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, বিয়াম ফাউন্ডেশনের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির মাধ্যমে স্কুলটির শিক্ষা ও প্রশাসনিক কাঠামো আরো শক্তিশালী ও উন্নত হবে। স্থানীয় শিক্ষা কর্মকর্তারা এই পদক্ষেপকে শিক্ষার গুণগত পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। মহাপরিচালক আব্দুল মালেক বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিয়মানুবর্তিতা দেখে আমি সন্তুষ্ট। আমরা চাই, এই অঞ্চলের শিক্ষার্থীরাও যেন উন্নতমানের শিক্ষার সুযোগ পায়। বিয়ামের অন্তর্ভুক্তির মাধ্যমে সেই লক্ষ্য অর্জিত হবে বলে আমার বিশ্বাস।