দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরো ৫৭২ জন

দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরো ৫৭২ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৫৭২ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে মৃত্যু ৩৭৭ জনে স্থির রয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৯১ হাজার ২২২ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯৩ হাজার ৭৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।
চলতি কর বছরে ২০ লাখেরও বেশি করদাতার ই-রিটার্ন দাখিল

চলতি কর বছরে ২০ লাখেরও বেশি করদাতার ই-রিটার্ন দাখিল চলতি ২০২৫-২৬ কর বছরের করদাতারা অনলাইনে রিটার্ন দাখিলে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। করদাতারা ওয়েবসাইটের মাধ্যমে সহজে অনলাইনে রিটার্ন পূরণ করে নিমিষেই অনলাইনে দাখিল করতে পারছেন। জাতীয় রাজস্ব বোর্ড জানায়, এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি মরক্কোতে ইন্টারপোলের সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ দেশে তার ফেরার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। মরক্কোর মারাকেশে গত ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তর বলেছে, সম্মেলনে বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন আইজিপি বাহারুল। সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী আজ সকাল ৮টায় ঢাকার স্কোর ছিল ২৪৭, যা বায়ুমানের দিক থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ৩০০ স্কোর রয়েছে মিসরের কায়রো। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি ২৫৯ স্কোর। চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্ত ২৪২, ভারতের কলকাতা ২২২ ও পাকিস্তানের লাহোর ২১৪।
লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরছেন আগামীকাল

লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরছেন আগামীকাল লিবিয়া থেকে আগামীকাল ১৭৫ বাংলাদেশি দেশে ফিরছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে তাদের ফিরিয়ে আনছেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ২৬ নভেম্বর ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আটক বাংলাদেশিদের উদ্দেশে বলেন, অনেক অভিবাসী অনিয়মিত পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়ে এবং মানবপাচারকারীদের কারণে দুঃসহ অভিজ্ঞতার শিকার হন। ইতোমধ্যে সবার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ৩০ নভেম্বর আইওএম-এর সহায়তায় ১৭৫ জনকে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত

যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার পর দেশটিতে আশ্রয় সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে কোনো আশ্রয় আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান বা বন্ধ; কোনোটিই এখন থেকে কার্যকর করা যাচ্ছে না। গতকাল মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো এক্সে দেয়া পোস্টে জানান, যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। প্রতিটি বিদেশির সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা যাচাই নিশ্চিত করতেই এই বিরতি। এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি যুক্তরাষ্ট্রে সব ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে স্থগিত’ করবেন। এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প জানান, বুধবার ওয়াশিংটন ডিসিতে গুলিতে আহত ন্যাশনাল গার্ড সদস্যদের একজন মারা গেছেন।
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩ ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় ভারি বর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ১২৩ জন মারা গেছেন এবং ১৩০ জন এখনও নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) আজ এই খবর জানিয়েছে। ডিএমসির মহাপরিচালক সাম্পাথ কোটুভেগোডা বলেছেন, সপ্তাহব্যাপী ভারি বর্ষণের কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ৪৩ হাজার ৯৯৫ জনকে রাষ্ট্রায়ত্ত কল্যাণ কেন্দ্রে সরানো হয়েছে এবং ত্রাণ কার্যক্রম চলছে। কোটুভেগোডা কলম্বোতে সাংবাদিকদের বলেন, সশস্ত্র বাহিনীর সহযোগিতায় ত্রাণ কার্যক্রম চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাব গত সোমবার থেকে অনুভূত হতে শুরু করে, যদিও ঝড়টি গত বুধবার শ্রীলঙ্কার ভূমি স্পর্শ করে। এর ফলে পুরো দ্বীপে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। আজ নিম্নভূমির বন্যা পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেয়।
চোট নিয়ে নেমে জয়ের নায়ক নেইমার

চোট নিয়ে নেমে জয়ের নায়ক নেইমার গুরুতর চোট সত্ত্বেও দলকে বাঁচাতে আবারও মাঠে নেমে দায়িত্ব কাঁধে তুলে নিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বছরের বাকি সময় মাঠের বাইরে থাকার কথা থাকলেও সান্তোসের অবনমন শঙ্কা বাড়তেই নিজের ঝুঁকি নিয়েই নামেন তিনি। আর মাঠে নামা মানেই যেন ম্যাজিক, ঠিক তেমনটাই দেখালেন তিনি স্পোর্ট রেসিফের বিপক্ষে। গতকালকের গুরুত্বপূর্ণ ম্যাচে সান্তোস ৩-০ গোলে জিতেছে, আর নেইমার সরাসরি জড়িয়ে ছিলেন দুইটি গোলের সঙ্গে। ম্যাচের ২৫ মিনিটে দারুণ এক ডানপায়ের শটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে জোয়াও শ্মিড্টের তৃতীয় গোলটিতে তার নিখুঁত অ্যাসিস্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই জয়ে অস্থায়ীভাবে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে সান্তোস, অবনমন অঞ্চলের থেকে দুই পয়েন্টের দূরত্বে।
শিবগঞ্জে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ

শিবগঞ্জে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ শিবগঞ্জে সন্তানকে শাসন করতে গিয়ে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আসিক গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলেয়া বেগম তার শিশুপুত্র আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুসি ও লাথি মারেন। এতে স্পর্শকাতর স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় আসিক। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
১০ম গ্রেডের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের লিফলেট বিতরণ

১০ম গ্রেডের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের (দ্বিতীয় শ্রেণী) দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। গতকাল ও আজ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ ক্লিনিক ও ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সেবায় নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমে তারা সম্পৃক্ত। তারা স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যায় জর্জরিত। এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বরং অবহেলিত রয়েছে বছরের পর বছর। ডিপ্লোমা কোর্সধারীরা এরইমধ্যে ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। স্মারকলিপিতে অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক বলেন, আগামী ৩০ নভেম্বর ২ ঘণ্টা ও ৩ ডিসেম্বর অর্ধ দিবস কর্মবিরতির কর্মসূচি রয়েছে। এরপরও দাবি আদায় না হলে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি রেজাউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আল মামুন, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, রণভেরী টিমের উপদেষ্টা জাহাঙ্গীর আলম।