ঘূর্ণিঝড়-পরবর্তী ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা শ্রীলঙ্কায়

ঘূর্ণিঝড়-পরবর্তী ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কা ক্ষতিগ্রস্তদের বাসস্থান পুনঃনির্মাণে বড় ধরনের ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে। যদিও দেশটি শনিবারও নতুন ভূমিধস ও বন্যার আশঙ্কার মধ্যে রয়েছে। সরকার নিশ্চিত করেছে যে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৬০৭ জনের মৃত্যু হয়েছে। আর ২১৪ জন নিখোঁজ রয়েছে এবং এই নিখোঁজ ব্যক্তিরা মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে একে দেশটির ‘সবচেয়ে কঠিন প্রাকৃতিক দুর্যোগ’ বলে আখ্যায়িত করেছেন। সমগ্র দেশে ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এই মানুষরা, দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। গতকাল রাতে এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বেঁচে যাওয়া পরিবারগুলোকে নিরাপদ এলাকায় জমি কিনে এবং সেখানে নতুন ঘর নির্মাণের জন্য সর্বোচ্চ ১ কোটি রুপি (৩৩ হাজার ডলার) পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও, এই দুর্যোগে যারা মারা গেছে অথবা স্থায়ীভাবে বিকলাঙ্গ বা শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়া প্রত্যেক ব্যক্তির পরিবারকে সরকার ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে।
ভোট দিতে নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর

ভোট দিতে নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ ও ১৮ হাজার ৯৬৫ জন নারী রয়েছেন।
আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা

আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা দেশব্যাপী চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক শিক্ষকরা। অগামীকাল থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবেন বলেও জানান তারা। আজ শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য ৩ দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ এর চলমান কর্মসূচি পালিত হয়। নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামীকাল থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কমসূচি দেওয়া হবে বলেও বিজ্ঞিপ্তিতে উল্লেখ করা হয়।
নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সব কিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। এটি ভালো না থাকলে কোন কিছুই অর্জন করা যাবে না। আশার কথা হলো, পুলিশ শেষ পর্যন্ত তাদের অবস্থানটা সংহত করতে পেরেছে। আজ রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। বক্তব্যে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে প্রার্থীর হারার সম্ভাবনা আছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে হবে।
আরএসএফের ড্রোন হামলায় সুদানে শিশুসহ নিহত ৭৯

আরএসএফের ড্রোন হামলায় সুদানে শিশুসহ নিহত ৭৯ সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩ জনই শিশু। এ ছাড়া আরো ৩৮ জন আহত হয়েছে বলে গতকাল সুদানি কর্তৃপক্ষ জানিয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে দক্ষিণ কুর্দোফান রাজ্য সরকার জানায়, নিহতদের মধ্যে ৪ জন নারী রয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিম সুদানের কলোজি শহরে চালানো ওই হামলায় একটি ড্রোন চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রগুলো একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।
বিশ্বকাপের ড্র চূড়ান্ত, প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল

বিশ্বকাপের ড্র চূড়ান্ত, প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র আয়োজন করেছে ফিফা। আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবলের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের ঠিক ১৮৮ দিন আগে ওয়াশিংটনে গতকাল বসছিল দলগুলোর ভাগ্য নির্ধারণী মিলনমেলা বিশ্বকাপের ড্র। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। স্বাগতিক হিসেবে বিশ্বকাপের ২৩তম আসরে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বাছাই পর্ব পেরিয়ে এসেছে ৩৯টি দেশ। অপেক্ষায় আছে ৬ দল। এখন পর্যন্ত প্রথমবার বিশ্বকাপের বড় মঞ্চে খেলবে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও ও কেপ ভের্দে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। মোট ১৬টি ভেন্যুর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩ টি মেক্সিকোতে ও ২টি কানাডায় অবস্থিত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে এবং ফাইনাল গড়াবে নিউইয়র্ক সিটি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।
আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির কবলে ফখর জামান

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির কবলে ফখর জামান গত মাসের শেষ দিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে পড়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামান। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত ওই ফাইনাল ম্যাচে ‘আইসিসি কোড অব কনডাক্টের ২ দশমিক ৮ ধারা’ লঙ্ঘন করেছেন জামান। তারই শাস্তি হিসেবে জামানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ফাইনালে পাকিস্তান ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার পর মাঠে আম্পায়ারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন জামান। জামানের শাস্তি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকা রিয়ন কিং। ফখর জামান অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত ‘সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস। সোমবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে র্যালিটি বের হয়ে কোর্ট চত্বর ঘুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সাধারণত একটা মানুষের শরীরে সহজে এইডস ধরা পড়ে না। যখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, সর্দি জ্বর, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন অসুখের মাধ্যমে এইডস ধরা পড়ে। অনেকদিন পরে একটা পর্যায়ে গিয়ে কোনো রকম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। তখন বিভিন্ন ধরনের অসুখ হয়। এই অবস্থাটাকে বলা হচ্ছে এইডস। তিনি আরো বলেন, এই ভাইরাস হাঁচি-কাশি, বেড শেয়ার, হাত মেলানো এগুলোর মাধ্যমে ছড়ায় না। এই ভাইরাস ছড়ায় অনিরাপদ যৌনতা, রক্তের মাধ্যমে। এছাড়া একটা মায়ের থেকে বাচ্চার সংক্রমণ হতে পারে। সিভিল সার্জন বলেন, ২০০৭ সালের দিকে বাংলাদেশে মাত্র ৭-৮ হাজার এইডস রোগী ছিল। আস্তে আস্তে এটা অনেক বেড়ে যাচ্ছে। বর্তমানে এইডস রোগী প্রায় ১৬ হাজার। গতবছর ১ হাজার ৪শ’র উপর রোগী পাওয়া গেছে। ২০২৪ সালে মারা গেছে প্রায় ১৯৫ জন। এই বছরের অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৮শ’র অধিক ডায়াগনোসিস হয়েছে। সিরাজগঞ্জে ২৫৫ জনের ডায়াগনোসিস হয়েছে, এর মধ্যে ৭০ শতাংশের উপরে আক্রান্ত হয়েছে; যারা ড্রাগ ইউজার। রাজশাহী জেলাতে এই বছর ২৮ জনের ডায়াগনোসিস হয়েছে। তিনি বলেন, এই রোগটি নির্দিষ্ট একটি কমিউনিটির মাধ্যমে ছড়াচ্ছ। এগুলো মূলত যারা ড্রাগ ইউজার, ট্রান্সজেন্ডার, সমকামী এদের মধ্যেমে এইডস ছড়াচ্ছে। সচেতন না হলে এই রোগ আগামীতে মহামারী আকার ধারণ করবে। তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে যারা আছে তারা যদি সঠিক চিকিৎসা নেয় তাহলে অনেকদিন পর্যন্ত সমাজে সুস্থভাবে থাকতে পারবে। সিভিল সার্জন বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল এটাও ভয়াবহ। বর্তমানে দেখা যাচ্ছে যারা আইসিইউতে ভর্তি আছে তাদের কোনো ওষুধেই কাজ করছে না। আমরা যে কোনো ফার্মেসি থেকে নরমাল সর্দি কাশি হলেই অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিচ্ছি। যেটার কমপ্লিট ডোজ পূরণ হচ্ছে না, যার ফলে পরবর্তীতে তা আর কাজ করছে না। এটা একটা বৈশ্বিক সমস্যা। তিনি আরো বলেন, আমরা রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না এবং কোনো ফার্মেসি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় করতে পারবে না। ডাক্তার যেই পরিমাণ বা যেভাবে সেবন করতে বলবেন, সেভাবেই আমরা সেটা ব্যবহার করব। সিভিল সার্জন আরো বলেন, আমরা টাইফয়েড ক্যাম্পেইন সম্পন্ন করলাম। আমরা ৯৯ শতাংশ ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার-কো-অর্ডিনেটর ডা. মো. ইনজামাম উল হক, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দিন, চেম্বার অব কমার্সের পরিচালক শহিদুল ইসলাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আব্দুর রহিম, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর সাহিদা খাতুন ও সায়েমা খাতুন, সূর্যের হাসি ক্লিনিকের সিনিয়র ক্লিনিক ম্যানেজার শামীমা খাতুন। র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ব্র্যাক, আপস, ফুড ফর দ্য হ্যাংরি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সূর্যের হাসি, সিসিডিবি, সমতা নারী উন্নয়ন সংস্থা। উল্লেখ্য, বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে সিভিল সার্জন অফিস। এতে সহযোগিতা করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও বাংলাদেশ হেলথ ওয়াচ।
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলাপ্লাজায় শিবগঞ্জ উপজেলা থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী কওে বিদেশী আস্ত্র ও গুলিসহ ১ যুবককে আটক করেছে পুলিশ। আজ বিকেলে আটক যুবকের কাছ থেকে ১টি আমেরিকান ৭.৬৫ মি.মি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়। আটক যুবক শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী মাদ্রাসা বাজার পারচৌকা গ্রামের মৃত আল-মামুনের ছেলে রয়েল হাসান অরন্য। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে অরন্যের কোমরে গোঁজা বিদেশী পিস্তলসহ গুলি পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
জেলা পর্যায়ে অভিবাসন বিষয়ে জোরদারকরণ কর্মশালা

জেলা পর্যায়ে অভিবাসন বিষয়ে জোরদারকরণ কর্মশালা জেলাপর্যায়ে পুনঃএকত্রীকরণ নীতি ও কাঠামো বাস্তবায়ন, পুনঃএকত্রীকরণের সমন্বিত পদ্ধতি (আইএআর) এবং রেফারেল প্রক্রিয়া সম্পর্কিত সক্ষমতা জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলাশহরের বড় ইন্দারা মোড়ে একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন— জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী র্কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ’র প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইওএম ও ওকাপসহ অভিবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশে জাতিসংঘ অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট শুভ্র প্রকাশ দে। কর্মশালা সঞ্চালনা করেন আইওএম’র প্রকল্প অ্যাসোসিয়েট সাবরিনা সোহানী। দিনব্যাপী কর্মশালায় নিরাপদ অভিবাসনের সুফল, অনিরাপদ অভিবাসনের কুফল, সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য প্রদান করা, সম্ভাব্য বিদেশগামীদের প্রশিক্ষণ প্রদান, বিদেশে অবস্থানরত অভিবাসীর পরিবারের সদস্যদের রেমিটেন্সের সঠিক ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা, মানবপাচারের শিকার বা বিদেশে ক্ষতিগ্রস্ত, মানবপাচার, মানব চোরাচালান, অভিবাস আইন ২০১৩, অভিবাসনের ধরন, জেলা মাইগ্রেশন সমন্বয় কমিটিকে শক্তিশালীকরণ, প্রতারিত হয়ে বিদেশ ফেরতদের কিভাবে পাশে দাঁড়ানো যায়, তাদের জন্য করণীয়সহ অভিবাসন সংক্রান্ত সকল বিষয় উঠে আসে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সভার আয়োজন করে।