শিবগঞ্জে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

শিবগঞ্জে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ শিবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ গভীর রাতে অভিযান দুটি পরিচালনা করে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন। বিজিবি’র সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে সোনামসজিদ বিওপি’র টহল দল অভিযান চালালে, এসময় আলীম নামে এক ব্যক্তিকে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক করা হয়। আটক আলীম শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে একই রাতে পৃথক আরেক অভিযানে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৫০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ এবং ৩ হাজার ১৭০ পিস নেশাজাতীয় টেনসিওইন ট্যাবলেট জব্দ করে চকপাড়া বিওপি টহল দল। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  

ভোলাহাটে খাবারের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

ভোলাহাটে খাবারের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে বাসি খাদ্য রাখার দায়ে একটি খাবারের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। আজ বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে থেকে শামীম হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সোহেল হোটেল এন্ড রেস্টুরেন্টে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির করলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।    

পাকিস্তানকে ৮ উইকেটে হেসেখেলে হারাল বাংলাদেশ

পাকিস্তানকে ৮ উইকেটে হেসেখেলে হারাল বাংলাদেশ   তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ১১৪ রানের জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ২০৯ বল হাতে রেখেই জয় পেছেছে টাইগাররা। আজ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। মাত্র ৩০ ওভার ৪ বলে ১১৪ রানেই গুটিয়ে যায় দলটি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে পেসার নাহিদ রানা সাত ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। এ ছাড়া মিরাজ পেয়েছেন তিন উইকেট। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান পেয়েছেন একটি করে উইকেট।

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে  ওরিয়েন্টেশন

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে  ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় অংশীজনদের নিয়ে এক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউনিসেফের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সামার কলেজের অধ্যক্ষ তোহুরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই রক্সি খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের সুপারভাইজার আবু সউদ মো. আব্দুল অদুদসহ অন্যরা। ওরিয়েন্টেশনে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় আরো বলা হয়, চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং সামাজিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়নে পৌর কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়নে পৌর কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য সহায়তা বিতরণের লক্ষ্যে পৌর মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলামসহ পৌর মানবিক সহায়তা কমিটির সদস্যবৃন্দ। সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভিজিএফ কর্মসূচির আওতায় এবার ৪৬ দশমিক ২৫০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এই চাল কার্ডপ্রতি ১০ কেজি করে মোট ৪ হাজার ৬২৫টি কার্ডধারী উপকারভোগীর মাঝে বিতরণ করা হবে। আগামী ১৪ মার্চ থেকে শুরু করে ৩ দিনের মধ্যে পৌরসভার সকল উপকারভোগী সদস্যের মাঝে চাল বিতরণ সম্পন্ন করা হবে বলেও সভায় জানানো হয়। সভায় আরও বলা হয়, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে প্রকৃত উপকারভোগী যাচাই- বাছাই করে তাদের মাঝে খাদ্যশস্য বিতরণ নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হতে নির্ধারিত কয়েকটি শর্তের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে—যেসব পরিবারের মালিকানায় ভিটাবাড়ি ছাড়া অন্য কোনো জমি নেই, দিনমজুরের আয়ের উপর নির্ভরশীল পরিবার, মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল পরিবার, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক কোনো পুরুষ সদস্য নেই এমন অসচ্ছল পরিবার, যেসব পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়, যেসব পরিবারে উপার্জনশীল কোনো ব্যক্তি নেই, স্বামী পরিত্যক্তা বা তালাকপ্রাপ্তা নারীর নেতৃত্বাধীন অসচ্ছল পরিবার, অসচ্ছল মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী পরিবারের প্রধান, ক্ষুদ্রঋণ সুবিধা না পাওয়া পরিবার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে খাদ্য বা অর্থসংকটে পড়া পরিবার এবং যেসব পরিবার বছরের অধিকাংশ সময় দুই বেলা খাবার জোগাড় করতে পারে না।

গোমস্তাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গোমস্তাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মাহাতাব আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে এমপির মতবিনিময় 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে এমপির মতবিনিময়  গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ। এসময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা: রুস্তম আলী, আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, নার্স ইনচার্জ লাইলি বেগম। সভায় সংসদ সদস্য মিজানুর রহমান হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রদানে আশ্বাস প্রদান করেন। এছাড়া, সভায় উপস্থিত চিকিৎসক ও নার্সদের এলাকার রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

শিবগঞ্জ ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

শিবগঞ্জ ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শিবগঞ্জ ডিগ্রি কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সমন্বিত দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. কেরামত আলী বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিবগঞ্জ পৌরসভার মধ্যে শিবগঞ্জ ডিগ্রি কলেজ একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। ভবিষ্যতে এই কলেজে অনার্সসহ নতুন নতুন বিষয় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি জাফর আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউসুফ আলীসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয়দের আশা, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে কলেজে শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।  

মঞ্চ পরিবেশনায় ক্ষমা চাইলেন সুনিধি চৌহান

মঞ্চ পরিবেশনায় ক্ষমা চাইলেন সুনিধি চৌহান শুধু গায়িকা হিসেবেই নয়, দুর্দান্ত মঞ্চ পরিবেশনার জন্যও পরিচিত সুনিধি চৌহান। তবে সম্প্রতি লাখনৌ-এ একটি কনসার্টে গান গাইতে গিয়ে হঠাৎই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। গলা বসে যাওয়ায় মাঝপথে গান থামাতে হয় গায়িকাকে, এমনকি দর্শকদের সামনেই কাঁদতেও দেখা যায় তাকে। গত ৭ মার্চ লাখনৌয়ের কুল ব্রিজ রিসোর্ট-এ একটি কনসার্টে পারফর্ম করছিলেন সুনিধি। গান গাওয়ার সময় হঠাৎই তার গলা বসে যায়। এতে বেশ অস্বস্তিতে পড়ে যান গায়িকা এবং কিছুক্ষণ পর আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন। গান থামিয়ে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, তার গলার অবস্থা খুব খারাপ। তারপরও তিনি চেষ্টা করছেন গান চালিয়ে যেতে। তিনি জানান, দর্শকদের সমর্থন তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অশ্রুসিক্ত চোখে সুনিধি বলেন, এর আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হননি তিনি। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে গায়িকা বলেন, ‘আমি যখনই গান গাই, সবটুকু দিয়ে গাওয়ার চেষ্টা করি। আজও চেষ্টা করব, যদিও জানি হয়তো আগের মতো ভালো হবে না। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।’ শারীরিক অস্বস্তি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত গান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে দর্শকরাও করতালি দিয়ে গায়িকাকে উৎসাহ দেন। ফলে কনসার্টে কিছু সময়ের জন্য তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত। সাম্প্রতিক বছরগুলোতে সুনিধি চৌহান ভারতের অন্যতম জনপ্রিয় লাইভ পারফর্মার হিসেবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করেছেন।২০০০ সালের শুরুর দিকে তিনি বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকাদের একজন হিসেবে খ্যাতি পেলেও, গত এক দশকে বড় কনসার্ট, সঙ্গীত উৎসব ও বিশ্বভ্রমণধর্মী শোগুলোর দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। তাঁর কনসার্টগুলো সাধারণত প্রাণবন্ত পরিবেশনা, দীর্ঘ গানের তালিকা এবং বলিউডের জনপ্রিয় গান ও স্বাধীন সংগীতের মিশ্রণে সাজানো থাকে। বড় দর্শকসমাগম টানার ক্ষেত্রেও তাঁর সুনাম রয়েছে।‡

আজ বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

আজ বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে। সিরিজ শুরুর আগে আজ আনুষ্ঠানিক এই আয়োজনের মাধ্যমে দুই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর শাহিন আফ্রিদির উপস্থিতিতে ট্রফি সবার সামনে তুলে ধরা হয়। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, এ বছর আমাদের অনেক ওয়ানডে ম্যাচ আছে। সুতরাং আমরা পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারব। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগামীকাল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরবর্তী ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে।