বাংলাদেশসহ চার দেশের বিরুদ্ধে মার্কিন ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ চার দেশের বিরুদ্ধে মার্কিন ভ্রমণ সতর্কতা বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এসব দেশে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই। আজ ঘোষণায় বলা হয়-কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ সিডিসি কিছু উষ্ণমণ্ডলীয় দেশে যাত্রার পরিকল্পনা করা আমেরিকানদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। এ সব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আমেরিকানদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

নতুন সংঘর্ষের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

নতুন সংঘর্ষের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা নতুন সংঘর্ষের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। একইসঙ্গে তিনি ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আজ প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ৩ মাস আগে ক্ষমতা গ্রহণের পর থেকে তার সংখ্যালঘু সরকার যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে লড়াই করছে তার মধ্যে মারাত্মক সীমান্ত বিরোধের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সঠিক সমাধান হল পার্লামেন্ট ভেঙে দেওয়া… যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে আনার একটি উপায়। ব্যবসায়ী আনুতিন ২০২৩ সালের আগস্টের পর থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। সেপ্টেম্বরে ক্ষমতা গ্রহণের সময় জানিয়েছিলেন, তিনি জানুয়ারির শেষের দিকে পার্লামেন্ট ভেঙে দেবেন। তবে, এখন অনাস্থা ভোটের মুখোমুখি হয়ে আগাম নির্বাচন ঘোষণা করেছেন।

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আজ ভোর সাড়ে ৫টার দিকে তুলাসিপাকালু গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, জেলা কালেক্টর জানান, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী, ২ জন চালক এবং ১ জন সহকারী ছিলেন। ৭ জনকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে সিএইচসি চিন্তুরে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে। আহতদের অবস্থা স্থিতিশীল হলে ভদ্রাচলমে স্থানান্তর করা হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের   আতিকুর রহমানের আকাশের তোপে ৪৫ ওভার ১ বলে লঙ্কানদের ১৭৯ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। মিডিয়াস পেসে মাত্র ২১ রান খরচায় আকাশ নেন ৪ উইকেট। রান তাড়ায় বাংলাদেশ পায় ৫ উইকেটের সহজ জয়। এই জয়ে বাংলাদেশ ৩ ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭৮ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জিতে। আজ জারিফ সিয়াম ও অদৃত ঘোষের ফিফটিতে ৬৭ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। জারিফ ৫১ বলে ঠিক ৫১ রান করেন, অদৃত ৫৪ রান করতে খেলেন ৭৭ বল। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন গিমহান মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাতে। তার ৯১ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়ের মার।

সর্বোচ্চ ছক্কার রেকর্ডে বৈভবের ১৭১, ভারতের ৪৩৩

সর্বোচ্চ ছক্কার রেকর্ডে বৈভবের ১৭১, ভারতের ৪৩৩ রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। নতুন রেকর্ড গড়ে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন ১৪ বছর বয়সী এই ক্রিকেটার। দুর্দান্ত রেকর্ড গড়ে এবারও খবরের শিরোনাম বৈভব। আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বৈভব। ৯ চারে সঙ্গে হাঁকিয়েছেন ১৪ ছক্কা। তার এমন ঝড়ো ইনিংসের দিনে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। শুরু থেকে আগ্রাসী ব্যাট করতে থাকা বৈভব ৩০ বলে ফিফটির দেখা পান। এই পঞ্চাশের ৪০ রানই ছিল চার-ছক্কা থেকে। সেঞ্চুরিতে পৌঁছানোর পথে পরের ৫০ রান করেন ২৬ বলে। সব মিলিয়ে ৫৬ বলে সেঞ্চুরি করেন ৫ চার ও ৯ ছক্কায়।

ফিফা আরব কাপে সেমিফাইনালে মরক্কো ও সৌদি আরব

ফিফা আরব কাপে সেমিফাইনালে মরক্কো ও সৌদি আরব আল রাইয়ানে অনুষ্ঠিত ফিফা আরব কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে মরক্কো। ম্যাচের ৭৯তম মিনিটে ফরোয়ার্ড ওয়ালিদ আজারোর নিখুঁত শটে এগিয়ে যায় উত্তর আফ্রিকার দলটি। শেষ মুহূর্তে নাটকীয়তা যোগ হয় যখন ৮৭তম মিনিটে বদলি হিসেবে নামা মরক্কোর মিডফিল্ডার মোহাম্মদ মুফিদ ইনজুরি টাইমের প্রথম মিনিটেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এক খেলোয়াড় কম নিয়ে আট মিনিট যোগ করা সময়ে চাপ সামলে মরক্কো নিশ্চিত করে সেমিফাইনাল। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরে ফিলিস্তিনকে হারিয়ে সেমিতে উঠেছে সৌদি আরবও। ব্রিকান ও কানোর গোলে ২-১ গোলের জয় পায় সৌদি আরব। আজ অনুষ্ঠিত হবে বাকি দুই কোয়ার্টার ফাইনাল, জর্ডান বনাম ইরাক এবং আলজেরিয়া বনাম সংযুক্ত আরব আমিরাত।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ৫১৬

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ৫১৬ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৫১৬ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৫৪০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৯৫ হাজার ৭৪৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৮২৯ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মোট ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।

২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ

২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলকে নিয়ে বসছে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে রঙিন আয়োজনে সম্পন্ন হয়েছে অপেক্ষাকৃত বহুল প্রতীক্ষিত ড্র অনুষ্ঠান। ঠিক পরদিন একই ভেন্যু থেকে প্রকাশ করা হলো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় ১১ জুন রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো এবং আফ্রিকার প্রতিনিধি দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ এক মাসব্যাপী লড়াই শেষে ১৯ জুলাই রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ফিফা এবার ৩ আয়োজক- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে বিস্তৃত করেছে টুর্নামেন্টের ব্যপ্তি। ম্যাচ সংখ্যা, দলসংখ্যা ও শহর- সব ক্ষেত্রেই আগের যেকোনো সংস্করণকে ছাড়িয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ।

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ল

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ল দেশের বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে। একইসঙ্গে পাম অয়েলের দামও বাড়ানো হয়েছে। আগামীকাল থেকে নতুন দাম কার্যকর হবে। আজ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১৭৬ টাকা এবং প্রতি লিটার পাম তেলের দাম ১৬৬ টাকা করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা।

সোনামসজিদ বন্দর পথে প্রবেশ করল ২ ট্রাকে ৬০ টন ভারতীয় পেঁয়াজ

সোনামসজিদ বন্দর পথে প্রবেশ করল ২ ট্রাকে ৬০ টন ভারতীয় পেঁয়াজ সরকার দেশে ক্রমবর্ধমান পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সীমিত আকারে পেঁয়াজ আমদানীর অনুমতি দেয়ার পর চাঁপাইনবাবগঞ্জর সোনামসজিদ  স্থলবন্দর দিয়ে ২টি ভারতীয় ট্রাকে ৩০ টন করে ৬০ টন পেঁয়াজ আমদানী হয়েছে। আজ  সন্ধ্যায়  দু’জন আমদানীকারেকর ওই দুই গাড়ী পেঁয়াজ বন্দরে এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। আমদানীকারক দুই প্রতিষ্ঠান হল চাঁপাইনবাবগঞ্জের ওয়েলকাম এন্টারপ্রাইজ ও  গৌড় ট্রেডার্স। অপরদিকে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উপ-পরিচালক কৃষিবিদ সমীর চন্দ্র ঘোষ বলেন, গতকাল সরকার আমদানীর অনুমতি বা আইপি ইস্যূর ঘোষণা দেয়ার পর আজ কৃষি মন্ত্রণালয় দেশের ৫০ জন আমদানীকারেকর প্রত্যেককেই ৩০ টন করে ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানীর অনুমতি দিয়েছে। এরমধ্যে সোনামসজিদের আমদানীকারক রয়েছেন ৩০ জন। তাঁদের ৯০০ টন আমদানীর অনুমতি  দেয়া হয়েছে। প্রতিদিন এভাবে  সারা দেশের সকল বন্দরের জন্য দেড় হাজার টন আমদানীর অনুমতি দেয়া হবে। প্রতিটি আইপি’র মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ পরবর্তী কোন নির্দেশনা না  আসলে আগামী ৩১ মার্চ পর্যন্ত  এভাবে আমদানী অব্যহত থাকবে। গত ৯ সেপ্টেম্বর এই বন্দর দিয়ে শেষবারের মত পেঁয়াজ  আমদানী হয় বলেও জানান ডিডি সমীর চন্দ্র ঘোষ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের স্থানীয় বাজারে পেঁয়াজ রোববার সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পাড়া-মহল্লার মুদি দোকান ও গ্রামের বাজারে দাম আরও বেশী।  জেলার বৃহত্তম পাইকারী ও খুচরা বাজার জেলা শহরের পুরাতন বাজার (তহা বাজার) সূত্র জানিয়েছে, মান ভেদে পেঁয়াজ বিভিন্ন দরে বিক্রি হচ্ছে। বাজারে ঢুকতে শুরু করা নতুন মুড়িকাটা পেঁয়াজ ১০০ ও ভাল ছাঁচি পেয়াজ ১৩০ টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে। তবে আমদানী শুরু হওয়ায় দাম কমে আসবে বলে ধারণা করছেন সংশ্লিস্টরা। চাঁপাইনবাবগঞ্জের অন্যতম পেঁয়াজ আমদানীকারক মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ স্বতাধিকারী মাসুদ রানা বলেন, পেঁয়াজ আমদানী অবাধ হলে বাজার নিয়ন্ত্রণ আরও দ্রুত ও সহজ হত। ভোক্তারা আরও কমদামে পেঁয়াজ কিনতে পারত। তিনি বলেন, জানুয়ারীর আগ পর্যন্ত মুড়িকাটা পেঁয়াজ পুরোদমে বাজারে আসবে না।