ছুটির দিনেও খোলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

ছুটির দিনেও খোলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। আজ ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি অনুসারে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের অফিস ও উপজেলা/থানা নির্বাচন অফিসারের অফিস সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত খোলা রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

ভোট দিতে ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ প্রবাসীর নিবন্ধন

ভোট দিতে ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ প্রবাসীর নিবন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ বেলা ১০টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ১৬ হাজার ৩৩৯ জন পুরুষ ও ২৪ হাজার ৩০৪ জন নারী রয়েছেন।

ভোট পর্যবেক্ষকদের দিতে হবে এইচএসসি সনদ

ভোট পর্যবেক্ষকদের দিতে হবে এইচএসসি সনদ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে চাইলে এইচএসসি সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা ও রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করা যাবে। আজ এমন তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক। তিনি জানান, ৩০০ আসনে পর্যবেক্ষক মোতায়েন পরিকল্পনা সংসদীয় আসনভিত্তিক (আসন নম্বরের ধারাবাহিকতা অনুযায়ী অর্থাৎ ১, ২, ৩ … ৩০০) উল্লেখ করতে হবে। ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা ৮১টি। তারা পর্যবেক্ষক নিয়োগে আবেদন করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে।  

কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা থাইল্যান্ডের

কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা থাইল্যান্ডের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার ঘোষণার কয়েক ঘণ্টা পরেই কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। আজ তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ফেসবুকে এক পোস্টে বলেছেন, আমাদের ভূমি এবং জনগণের জন্য আর কোনো ক্ষতি বন্ধ ও হুমকি শেষ না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। অক্টোবরে দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী ট্রাম্প গতকাল আনুতিন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের সাথে কথা বলেছেন। ট্রাম্পের সাথে ফোনালাপের পর দুই প্রতিবেশী দেশের কোনো নেতাই বিবৃতিতে কোনো চুক্তির কথা উল্লেখ করেননি। থাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনো যুদ্ধবিরতি হয়নি।

বিশ্বকাপে ৬ কোচের ৫ জনই আর্জেন্টাইন, একই প্রদেশের আধিপত্য

বিশ্বকাপে ৬ কোচের ৫ জনই আর্জেন্টাইন, একই প্রদেশের আধিপত্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ৪৮ দেশের মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ৪২ দেশ। বাকি ৬টি দেশ আসবে আগামী মার্চের প্লে-অফ থেকে। আসন্ন এই ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের ডাগআউটে থাকবেন ৪৮ জন কোচ। অবশ্য এখন পর্যন্ত ৪২ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আর অবাক করা ব্যাপার হলো, এই ৪২ জন কোচের মধ্যে ৬ জনই আর্জেন্টিনার। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশেরই রোজারিও শহরে জন্ম বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। আর ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার ৬ কোচের ৫ জনের জন্মই এই একই প্রদেশে।

শিবগঞ্জ সীমান্ত এলাকায় আবারো চকো প্লাস সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্ত এলাকায় আবারো চকো প্লাস সিরাপ জব্দ মৌসুমী মাদক ঠেকাতে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছেন। তারই ধারাবাহিকতায় আবারো ফেনসিডিলের বিকল্প ৯৪ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করা হয়েছে। গতকাল দিবাগত মধ্যরাতে সীমান্তে বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর উপচাকপাড়া গ্রাম থেকে এগুলো জব্দ করা হয়। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির টহল দল উপচকপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে টহলদল মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করতে সক্ষম হয়। চকো প্লাস সিরাপের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি একটি নতুন সংযোজন, আমরা সীমান্তে সক্রিয় আছি, সকল প্রকার মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ভোট দিতে ৩ লাখ ২৯ হাজার ৭১৯ প্রবাসীর নিবন্ধন

ভোট দিতে ৩ লাখ ২৯ হাজার ৭১৯ প্রবাসীর নিবন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ২৯ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ বেলা ১১টা ২৭ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ৩ লাখ ২৯ হাজার ৭১৯ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ৫ হাজার ৭১৩ জন পুরুষ ও ২৪ হাজার ৬ জন নারী রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ৯১ হাজার ৪৬৮ জন, এরপর রয়েছে কাতার। এই দেশ থেকে ২৮ হাজার ৭৫৫ জন, যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২১ হাজার ১৩৯ প্রবাসী ভোটার। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা বাধ্যতামূলক

ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা বাধ্যতামূলক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি সচিবালয়ের উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে প্রণীত ছবিসহ ভোটার তালিকাই ব্যবহার করতে হবে। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তারা ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করবেন। তবে প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্টরা ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করে মুদ্রণপূর্বক ব্যবহার করবেন। সিডি সংগ্রহের জন্য মনোনয়নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট জেলা বা উপজেলা পর্যায় থেকে কিংবা রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আবেদন করতে হবে। ইউনিয়ন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য ৫০০ টাকা এবং সিটি করপোরেশন ও পৌরসভার প্রতি ওয়ার্ডের জন্য ৫০০ টাকা হারে ট্রেজারি চালান বা পে-অর্ডারের মাধ্যমে মূল্য জমা দিতে হবে।  

নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের

নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি সচিবালয়ের উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থী, প্রস্তাবকরী ও সমর্থনকারী সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে। পরিপত্রে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর নির্বাচনী এলাকায় বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহানগরীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য নির্বাচনী এলাকায় জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার করা হয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত আরও ২০০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত আরও ২০০ জন হাসপাতালে ভর্তি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২শ’ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৬৯৩ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছর এ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন ৪০৪ জন। গত ২৪ ঘন্টায় ২১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।