তিন দশকের মধ্যে জাপানে সুদের হার বেড়ে সর্বোচ্চ

তিন দশকের মধ্যে জাপানে সুদের হার বেড়ে সর্বোচ্চ জাপানের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব জাপান’ (বিওজে) নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যা প্রায় ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ব্যাংকটি জানিয়েছে, সর্বসম্মত সিদ্ধান্তে প্রধান নীতিগত সুদের হার ০ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ০ দশমিক ৭৫ শতাংশ।  এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সুদ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বিওজে জানায়, সুদের হার বাড়ানো হলেও বাস্তব সুদের হার এখনও উল্লেখযোগ্যভাবে ঋণাত্মক থাকবে। ফলে সহনশীল বা অ্যাকোমোডেটিভ আর্থিক নীতি অব্যাহত থাকবে। যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন জোগাবে। শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। দেশটির প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ বেড়েছে ১ দশমিক ২৮ শতাংশ। তবে একই সময়ে ইয়েনের মান কমে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ১৫৫ দশমিক ৯২ ইয়েনে দাঁড়িয়েছে। বিওজের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে মূল মূল্যস্ফীতি ২ শতাংশের নিচে নেমে আসতে পারে। সেজন্য খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গতি কম রাখা এবং বাজার নিয়ন্ত্রণে সরকার উদ্যোগ হাতে নিয়েছে। তবে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত জাপানের অর্থনীতির জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংশোধিত জিডিপি তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জাপানের অর্থনীতি আগের প্রান্তিকের তুলনায় ০ দশমিক ৬ শতাংশ হয়েছে। অন্যদিকে বার্ষিক হিসাবে সংকুচিত হয়েছে ২ দশমিক ৩ শতাংশ

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকারের আহ্বান

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকারের আহ্বান সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আজ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে সরকার বলেছে, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহ্বান জানানো হচ্ছে—কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না। অন্তর্বর্তী সরকার আরো জানিয়েছে, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার।

ভোট দিতে অ্যাপে প্রবাসী নিবন্ধন ৫ লাখ ৬ হাজার

ভোট দিতে অ্যাপে প্রবাসী নিবন্ধন ৫ লাখ ৬ হাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ৫ লাখ ৬ হাজার ৬৭ জন প্রবাসী। এর মধ্যে ৪ লাখ ৭৫ হাজার ২৭১ জন পুরুষ এবং ৩০ হাজার ৭৯৪ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ভুয়া তথ্য ও গুজব ঠেকাতে এনসিএসএর বিশেষ সেল

ভুয়া তথ্য ও গুজব ঠেকাতে এনসিএসএর বিশেষ সেল ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল সক্রিয় করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এনসিএসএ। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য শনাক্ত, যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার কাজ করবে এই সেল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এনসিএসএ জানিয়েছে, বিশেষ সেলটি সার্বক্ষণিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ভুয়া খবর, উসকানিমূলক তথ্য ও বিভ্রান্তি সৃষ্টিকারী কনটেন্ট দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের ইউজিসির দুই পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

আজকের ইউজিসির দুই পদে নিয়োগ পরীক্ষা স্থগিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক/সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ টাইপের এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, পরিচালক ড. শামসুল আরেফিন শুক্রবার সকালে এ তথ্য জানান। ইউজিসি জানায়, ১৫ পদে ৭ হাজার ৩৫১ জন প্রার্থী ছিল। নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

পাকিস্তানে থাকা ৫৩৫ আফগান নাগরিককে আশ্রয় দেবে জার্মানি

পাকিস্তানে থাকা ৫৩৫ আফগান নাগরিককে আশ্রয় দেবে জার্মানি পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ জন আফগান নাগরিককে জার্মানিতে বসবাসের অনুমতি দেওয়া হবে বলে জার্মান সরকার গতকাল জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট আরএনডি মিডিয়া নেটওয়ার্ককে বলেছেন, বার্লিন চায় ‘ডিসেম্বরে যতটা সম্ভব’ এসব মামলার প্রক্রিয়া শেষ করতে, যাতে সংশ্লিষ্ট আফগানরা জার্মানিতে প্রবেশ করতে পারেন। এই আফগান নাগরিকদের আগের জার্মান সরকারের একটি শরণার্থী কর্মসূচির আওতায় নেওয়া হয়েছিল। তবে মে মাসে রক্ষণশীল চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস দায়িত্ব নেওয়ার পর কর্মসূচিটি স্থগিত হলে তারা পাকিস্তানে আটকা পড়েন। পাকিস্তান বছরের শেষ নাগাদ এসব মামলার নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করেছিল।

চরবাগডাঙ্গা ইউনিয়নে ঘাস কাটতে গিয়ে ককটেল বিস্ফোরণে এক শিশু গুরুতর আহত 

চরবাগডাঙ্গা ইউনিয়নে ঘাস কাটতে গিয়ে ককটেল বিস্ফোরণে এক শিশু গুরুতর আহত  সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ঘাস কাটতে গিয়ে ককটেল বিস্ফোরণে মিজানুর রহমান নামে ৯ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। সে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুপারপাড়া গোঠাপাড়া গ্রামের নয়ন আলী বাবুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পাটক্ষেতের আইলে ঘাস কাটছিল মিজান। এ সময় আইলের ঘাসের মধ্যে থাকা একটি অবিস্ফোরিত ককটেল বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই শিশুটি আহত হয়। বিকট শব্দে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে পাঠায়। জেলা হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আইপিএলের মক নিলামে দল পেলেন মোস্তাফিজ

আইপিএলের মক নিলামে দল পেলেন মোস্তাফিজ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। তার আগে একটি মক নিলামের আয়োজন করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সাবেক এই স্পিনারের মক অকশানে চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই মক নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই বাঁহাতি পেসারকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করে চেন্নাই ও বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় বেঙ্গালুরু। আইপিএলের মূল নিলামেও মোস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। এবারের নিলামে মোস্তাফিজ ছাড়াও আছেন আরও ৬ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার শাজাহানপুরে দুর্লভপুর গ্রামের খেলার মাঠে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের। এসময় সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পল্লী চিকিৎসক আল-আমীন সুমন, সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, স্থানীয় অভিভাবক নুরমহল খাতুনসহ স্থানীয় প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনবৃন্দ। সংলাপ সঞ্চালনা করেন, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জের এসএসবিসি প্রকল্পের ফ্যাসিলিটেটর আয়াতুল্লাহ। সংলাপটি এসএসবিসি প্রকল্পের আওতায় আয়োজনে সহায়তা করেছে ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাগঞ্জ। সংলাপে বক্তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার উপায় ও আইনগত দিকগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে আহ্বান জানান।

জুলাই যোদ্ধাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, প্রার্থীরা চাইলে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের অনুমতি 

জুলাই যোদ্ধাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, প্রার্থীরা চাইলে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের অনুমতি  জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান। উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এদিকে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেয়া হবে। আজ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ওসমান হাদিকে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তাতারের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িতদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। এ ধরনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। এ সময় হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।