আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। ফলে চোরাই ও অবৈধ ফোন শনাক্ত করা সহজ হবে। এসব বিষয়ে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ দুপুরে নিজের ফেসবুকে ফয়েজ তৈয়্যব জানান, আগামী ৯০ দিনে কারো কোনো অবৈধ ফোন বন্ধ হবে না। এছাড়া একটি এনআইডির বিপরীতে অনেকগুলো মোবাইল ফোনের রেজিস্ট্রেশন দেখা গেলেও সেটি ঠিক হয়ে যাবে।

ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু আগামীকাল

ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু আগামীকাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারা দেশের কামিল মাদ্রাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর-২০২৪ সালের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। আজ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবছর কামিল স্নাতকোত্তর পরীক্ষায় সারা দেশের ১৫৭টি কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে প্রায় ৩৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ এবং কামিল আদব বিষয়ে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে।  

তুষারপাত ও আকস্মিক বন্যায় আফগানিস্তানে ১৭ জনের মৃত্যু

তুষারপাত ও আকস্মিক বন্যায় আফগানিস্তানে ১৭ জনের মৃত্যু ভারি বৃষ্টিপাত এবং তুষারপাতের ফলে আফগানিস্তানে দীর্ঘ শুষ্ক আবহাওয়ার অবসান ঘটলেও কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বন্যায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১ জন। হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী জানিয়েছেন, গতকাল হেরাত প্রদেশের কাবকান জেলায় ছাদ ধসে একই পরিবারের ৫জন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএনডিএমএ) মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানিয়েছেন, গত সোমবার থেকে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বন্যা কবলিত জেলাগুলোতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়েছে মধ্য, উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের দৈনন্দিন জীবনযাত্রাও।

২০২৫ সালে পাকিস্তানে ৩৪ শতাংশ বেড়েছে সন্ত্রাসী তৎপরতা 

২০২৫ সালে পাকিস্তানে ৩৪ শতাংশ বেড়েছে সন্ত্রাসী তৎপরতা  পাকিস্তানে ২০২৫ সালে রেকর্ডসংখ্যক ‘জঙ্গি’ নিহতের দাবি সত্ত্বেও দেশটিতে সহিংসতা ও সন্ত্রাসী হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ (পিআইপিএস) প্রকাশিত ‘পাকিস্তান নিরাপত্তা প্রতিবেদন ২০২৫’ অনুযায়ী, গত এক বছরে দেশটিতে সন্ত্রাসী হামলা পূর্ববর্তী বছরের তুলনায় ৩৪ শতাংশ এবং এসব হামলায় প্রাণহানির ঘটনা ২১ শতাংশ বেড়েছে। বছরজুড়ে দেশটিতে অন্তত ৬৯৯টি সন্ত্রাসী হামলা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা গেছে। পিআইপিএস-এর এই বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সালে বিভিন্ন সহিংস ঘটনায় কমপক্ষে ১ হাজার ৩৪ জন নিহত এবং ১ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন। সহিংসতার এই বিস্তৃতি মূলত খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে, যেখানে মোট সহিংসতার ৯৫ শতাংশেরও বেশি ঘটনা ঘটেছে। সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী, গত বছরে সন্ত্রাসবাদ-সম্পর্কিত মোট মৃত্যুর ৪২ শতাংশেরও বেশি শিকার হয়েছেন নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। দায়িত্বরত অবস্থায় ৪৩৭ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন, যা এই লড়াইয়ের ভয়াবহতা নির্দেশ করে। একই সঙ্গে বেসামরিক নাগরিকরাও এই সহিংসতার চরম মূল্য দিচ্ছে, বছরজুড়ে নিহত হয়েছেন ৩৫৪ জন সাধারণ মানুষ। অন্যদিকে, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অভিযান এবং আত্মঘাতী হামলার ঘটনায় ২৪৩ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি একটি মার্কিন থিঙ্কট্যাংকের প্রতিবেদনেও ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় সম্ভাব্য সংঘাতের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছিল, যা এই অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। পিআইপিএস-এর তথ্যমতে, খাইবার পাখতুনখোয়া থেকে বেলুচিস্তান পর্যন্ত বিস্তৃত জঙ্গি নেটওয়ার্কগুলো তাদের কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে, যা মোকাবিলা করতে রাষ্ট্রকে আরও গভীর নিরাপত্তা পরিকল্পনার দিকে নজর দিতে হবে।

ঘন কুয়াশায় ঢাকায় নামলো না আন্তর্জাতিক ৯ ফ্লাইট

ঘন কুয়াশায় ঢাকায় নামলো না আন্তর্জাতিক ৯ ফ্লাইট ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এসএম রাগীব সামাদ জানান, কুয়াশার কারণে ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে, ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হলে ৯টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে বলেও জানান তিনি। রাজধানীসহ দেশের সর্বত্র বর্তমানে শীত ও ঘন কুয়াশার ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিন।  

২০২৬ সালে ঘরের মাঠে পাঁচ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

২০২৬ সালে ঘরের মাঠে পাঁচ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ মৌসুমের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর বাংলাদেশে এসে খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তিন সংস্করণ-টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-মিলিয়ে পুরো বছরই ব্যস্ত সময় পার করবে টাইগাররা। বিসিবি জানায়, এই সূচির ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা ঘরের মাঠে বিশ্বমানের ক্রিকেট উপভোগ করার সুযোগ পাবেন। ম্যাচগুলোর ভেন্যু পরবর্তীতে ঘোষণা করা হবে। ২০২৬ সালের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। ১২, ১৪ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।এই সিরিজে সীমিত ওভারের দুই সংস্করণেই নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাবে স্বাগতিকরা। মে মাসেই আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, তবে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহের সুযোগ এনে দেবে। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে এই সিরিজ ঘরের মাঠে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। প্রতিবেশী দুই দেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, তাই এই সিরিজ নিয়ে ইতোমধ্যেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। এ ছাড়া মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দল বাংলাদেশে এসে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। সব মিলিয়ে ২০২৬ সালে ঘরের মাঠে টানা আন্তর্জাতিক ক্রিকেটে ভরপুর সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বিসিবির এই ঘোষিত সূচি দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ইরান উপসাগরে তেলবাহী বিদেশী ট্যাংকার জব্দ করেছে ইরান

ইরান উপসাগরে তেলবাহী বিদেশী ট্যাংকার জব্দ করেছে ইরান ইরান উপসাগরের কৌশলগত এলাকায় ১৬ জন নাবিকসহ একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। কেশম দ্বীপের কাছে ওই ট্যাংকারটি আটক করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, ট্যাংকারটিতে প্রায় ৪০ লাখ লিটার বা ২৫ হাজার চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল। ইরানি কর্তৃপক্ষ জব্দকৃত ট্যাংকারটির নাম কিংবা সেটি কোন দেশের মালিকানাধীন— সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে বলে জানানো হয়। দেশটির বিচার বিভাগের প্রাদেশিক প্রধান মোজতবা ঘরামানি বলেছেন, জব্দ হওয়া ট্যাংকারটি চোরাকারবারীদের জন্য একটি বড় ধরনের প্রদক্ষেপ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ট্যাংকারটি গত বুধবার জব্দ করা হয়। এর আগেও গত সপ্তাহে ওমান উপসাগরে ৬০ লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী আরেকটি বিদেশি ট্যাংকার আটক করার দাবি করেছিল তেহরান। সেক্ষেত্রেও ট্যাংকারের পরিচয় বা দেশের নাম প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ রানে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড সোনামের

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ রানে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড সোনামের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একজনের সাত উইকেট নেওয়ার কীর্তি হয়েছে দুইবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস ও এই বছর ভুটানের বিপক্ষে বাহরাইনের আলী দাউদ সাত ব্যাটারকে ফেরান, তারা যথাক্রমে ৮ ও ১৯ রান দেন। এবার তাদের ছাপিয়ে গেলেন ভুটানের সোনাম ইয়েশে। ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার ৮ উইকেট নিয়েছেন, মাত্র ৭ রান দিয়ে। আজ  গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতেক ফিল্ডিং নেয় মায়ানমার। ভুটান নামগাং চেজায়ের ৫০ রানে ৯ উইকেটে ১২৭ রান করে। ১২৮ রানের লক্ষ্য দিয়ে ভুটান ৪৫ রানে অলআউট করে মায়ানমারকে। তৃতীয় ওভারে প্রথম চার বলে তিন উইকেট নেন সোনাম। বাঁহাতি স্পিনার তার দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট নেন। শেষ দুই ওভারে তার জোড়া আঘাত। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান দেন সোনাম। মায়ানমারের পক্ষে দুই ওপেনার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। ৮২ রানের জয়ে ৩-০ তে এগিয়ে থেকে পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে ভুটান।

শান্তর ঝড়ো সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে রাজশাহী জয়

শান্তর ঝড়ো সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে রাজশাহী জয় নাজমুল হোসেন শান্তর শুরুটা ছিল ধীরগতির। প্রথম আট বলে করেন মাত্র দুই রান। তবে ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবকে টানা তিনটি চার মেরে নিজের ইনিংসে গতি আনেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। শেষ ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ মিসে ডাবলস নিয়ে পূর্ণ করেন ঝোড়ো সেঞ্চুরি। অন্য প্রান্তে মুশফিকুর রহিম ছিলেন চেনা ছন্দে। শান্ত ও মুশফিকের শতরানের জুটিতে দুই বল হাতে রেখেই ৮ উইকেটে সিলেট টাইটান্সকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শান্ত ৬০ বলে ১০১ রান এবং মুশফিক ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুজনে মিলে ৭১ বলে করেন ১৩০ রান। রাজশাহী ১৯ দশমিক ৪ ওভারে ২ উইকেটে তুলে নেয় ১৯২ রান। এর আগে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ১৯০ রান তোলে সিলেট টাইটান্স। পাওয়ার প্লেতে সাইম আইয়ুব আউট হওয়ার আগে দারুণ শুরু করেন। পঞ্চম ওভারে ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করে থামেন এই পাকিস্তানি ওপেনার। ৩৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর হজরতউল্লাহ জাজাই ২০ রান করে আউট হন। ওপেনার রনি তালুকদার এই আফগান ব্যাটারের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন। পরে ক্রিজে নামেন পারভেজ হোসেন ইমন। ওই জুটিতে আসে ২৫ বলে ৩৬ রান। আফিফ হোসেনকে নিয়ে এরপর স্বরূপে ফেরেন ইমন। ইনিংসের এক বল বাকি থাকতে ৪১ বলে ৮৬ রানের জুটি ভাঙে। ইমন ২৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় করেন ফিফটি। আফিফ ১৯ বলে ৩৩ রান করে আউট হলেও ৩৩ বলের ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রানে অপরাজিত ছিলেন। রাজশাহীর বোলারদের মধ্যে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদককে না বলুন, সুস্থ সুন্দুর জীবন গড়ুন, মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে- স্লোগানে মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা গান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগর শহরের রেহাইচর দিপালী সংঘের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের  উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলে, রেহাইচর বালিকা, উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামাদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ আলম জেম, রেহাইচর দিপালী সংঘ সাধারন সম্পাদক শরীফুল ইসলামসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেলাপ্রেমী জনতা। অনুষ্ঠান শেষে চ্যম্পিয়ন ও রানার্সঅ্যাপ দলের মধ্যে মাদকবিরোধী ট্রফি ও মেডেল দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শপথ বাক্য ও মাদককে না বলুন স্লোগানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শেষে মাদকবিরোধী গম্ভীরা পরিবেশনা করেন প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউট। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা গান অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দ্যেশে বক্তব্যে বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে একটি পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত রাখতে পারলেই মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে রাখা সম্ভব। তিনি আরও বলেন মাদক অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি।