দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ ২০২৫ সালে দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত ও ১৪ হাজার ৮১২ জন আহত হয়েছেন। আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদায়ী বছরে সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে ৭ হাজার ৩৬৯টি দুর্ঘটনায় ৯ হাজার ৭৫৪ জন নিহত ও ১৫ হাজার ৯৬ জন আহত হয়েছেন। মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০২৫ সালে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন।

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ আইসিসিকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেন্যুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে শঙ্কা রয়েছে। সেই কারণে সেখানে বাংলাদেশ দল পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে বোর্ড। চিঠিতে বিসিবি আরও উল্লেখ করে, টুর্নামেন্টে অংশগ্রহণে বাংলাদেশ আগ্রহী থাকলেও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ অবস্থায় বিকল্প কোনো দেশে ম্যাচগুলো আয়োজনের সুযোগ থাকলে সে বিষয়ে বিবেচনা করার জন্য আইসিসির প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার জেরে বিষয়টি নিয়ে গভীর আলোচনায় বসেন বিসিবির পরিচালকেরা। গতকাল রাতেও অনলাইনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অধিকাংশ পরিচালক তখনই কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবস্থান বদলায় বোর্ড।

শান্ত ও জাকেরকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

শান্ত ও জাকেরকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশের স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী। আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলীর। তার পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। এদিকে টপ অর্ডারে লিটন-সাইফের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারের ভরসা হিসেবে থাকছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। পেস আক্রমণে রয়েছে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও জায়গা ধরে রেখেছেন। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই দলে পরিবর্তন আনা যাবে কারণ দেখানো ছাড়াই। পরের সমময়টায় পরিবর্তন আনা যাবে শুধু চোটের কারণে ও টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে একজন ও বহির্বিভাগে ২ জন শনাক্ত হন। পূর্বে ভর্তি ছিলেন দুই জন। এই নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩ জনে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। সিভিল সাজর্ন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।

বিজিবি’র পৃথক অভিযানে ১১টি ভারতীয় গরু ও ৬৬ বোতল মদ জব্দ

বিজিবি’র পৃথক অভিযানে ১১টি ভারতীয় গরু ও ৬৬ বোতল মদ জব্দ সদর এবং শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৫টি অভিযানে ভারতীয় ১১টি গরু ও ৬৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এ সব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা থেকে পর্যন্ত এসব অভিযান চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বাখের আলী বিওপি সদরের নারয়ানপুর ইউনিয়নের সোনাদিয়ার চর গ্রাম থেকে ৭টি গরু, ফতেপুর বিওপি শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল মদ, রঘুনাথপুর বিওপি শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল মদ, মাসুদুপুর বিওপি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৩টি গরু এবং মনাকষা বিওপি একই ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু জব্দ করে। অধিনায়ক মুস্তাফিজ আরও বলেন, জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে এবং মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

বিশ্বকাপে ৭ ‘নতুন মুখ’ নিয়ে  দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপে ৭ ‘নতুন মুখ’ নিয়ে  দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২ জানুয়ারি) এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। বেশ চমক রেখে এবারের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই দলে সাতজন ক্রিকেটার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছে। এরা হলেন কুয়েনা মাফাকা, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জেসন স্মিথ, জর্জ লিন্ডা ও ডনোভান ফেরেইরা। এছাড়া বিশ্বকাপ দলের জায়গা পেয়েছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। সেইসঙ্গে ডেভিড মিলার, টনি ডি জর্জি ও কেশব মহারাজের মতো পরীক্ষিত ক্রিকেটাররা আছেন বিশ্বকাপ দলে। সবশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের খুব কাছে গিয়ে হৃদয় ভাঙে প্রোটিয়াদের। ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে যায় তারা। তবে এবার শিরোপা জয়েই চোখ রাখছে এইডেন মার্করামের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিদি, জেসন স্মিথ, জর্জ লিন্ডা, করবিন বশ, এনরিখ নরকিয়া।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৬৩

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৬৩ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ৬৪ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৬৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

কোনো উইকেট না হারিয়ে জয় পেল চট্টগ্রাম

কোনো উইকেট না হারিয়ে জয় পেল চট্টগ্রাম বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস। ১০ উইকেটের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার ১২২ রানের জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২.৪ ওভারে জয় তুলে নেয় মাহেদী হাসান-মিঠুনরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে ক্যাপিটালসের ব্যাটাররা চট্টগ্রাম রয়্যালসের বোলারদের সামনে নাকানি-চুবানি খায়। একের পর উইকেট পতনের কারণে দলীয় স্কোরটা বড় হয়নি। শেষদিকে নাসির (১৭)-সাইফুউদ্দিনের (৩৩) জুটিতে কোনোমতে একশো পার করে ঢাকা। ১৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ঢাকা তুলতে পারে মাত্র ১২২ রান। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি চট্টগ্রাম রয়্যালসকে। ওপেনিং জুটিতেই ম্যাচ শেষ করে দেন নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। নাঈম ৪০ বলে ৫৪ এবং রসিংটন ৩৬ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। মাত্র ১২.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস।

২০২৫ সালে সৌদিতে কর্মী পাঠানোয় বাংলাদেশের রেকর্ড

২০২৫ সালে সৌদিতে কর্মী পাঠানোয় বাংলাদেশের রেকর্ড ২০২৫ সালে জনশক্তি রপ্তানিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। গত এক বছরে রেকর্ড সংখ্যক ৭ লাখ ৫০ হাজার কর্মী সৌদি আরবে পাঠিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। একক কোনো দেশে এক বছরে সর্বোচ্চ সংখ্যক কর্মী পাঠানোর নতুন রেকর্ড এটি। আজ সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। ২০২৪ সালের তুলনায় গত বছর সৌদি আরবে বাংলাদেশি কর্মী যাওয়ার হার প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সৌদিতে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। যারা প্রতি বছর প্রায় ৫০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। জনশক্তি ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন আরব নিউজকে জানান, গত বছর মোট ১১ লাখের বেশি কর্মী বিদেশে গিয়েছেন, যার মধ্যে দুই-তৃতীয়াংশই বেছে নিয়েছেন সৌদি আরবকে। বিশেষ করে সৌদি আরবের ভিশন ২০৩০ প্রকল্পের আওতায় নির্মাণ ও উন্নয়ন খাতে বিপুল চাহিদার কারণে বাংলাদেশি কর্মীদের এই অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে সরকার অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ জনশক্তি রপ্তানিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ২০২৩ সালে চালু হওয়া সৌদি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের অধীনে গত বছরের মোট শ্রমিকের এক-তৃতীয়াংশই দক্ষ হিসেবে দেশটিতে গিয়েছেন।

নতুন বছরের শুরুটা সুখকর হলো না ম্যানসিটির

নতুন বছরের শুরুটা সুখকর হলো না ম্যানসিটির নতুন বছরের শুরুটা মোটেও সুখকর হলো না ম্যানচেস্টার সিটির জন্য। টানা ছয় ম্যাচ জয়ের পর বছরের প্রথম ম্যাচেই হোঁচট খেল পেপ গার্দিওলার শিষ্যরা। সান্ডারল্যান্ডের ঘরের মাঠ ‘স্টেডিয়াম অফ লাইট’-এ গোলশূন্য ড্র করে মূল্যবান দুই পয়েন্ট হারিয়েছে সিটিজেনরা। এই হোঁচটের ফলে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টেবিল টপার আর্সেনালের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে পড়ল তারা। পুরো ম্যাচজুড়ে বলের দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য দেখালেও সান্ডারল্যান্ডের রক্ষণভাগ এবং বিশেষ করে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার দুর্ভেদ্য প্রাচীর ভাঙতে ব্যর্থ হয়েছে ম্যানসিটি। ইতালিয়ান এই গোলরক্ষক একের পর এক অবিশ্বাস্য সেভ করে আর্লিং হালান্ড ও ফিল ফোডেনদের হতাশ করেছেন। সিটির মুহুর্মুহু আক্রমণগুলো দোন্নারুম্মার গ্লাভসে বন্দি হওয়ায় ক্লিন শিট নিয়ে মাঠ ছাড়ে সান্ডারল্যান্ড। এই ড্রয়ের ফলে ১৯ ম্যাচ শেষে সিটির পয়েন্ট এখন আর্সেনালের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। শিরোপা প্রত্যাশী আর্সেনাল বর্তমানে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে, যেখানে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩৯ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, সিটির এই পয়েন্ট হারানো আর্সেনালকে মানসিকভাবে অনেক বেশি এগিয়ে দিল। ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা কিছুটা হতাশ কণ্ঠে বলেন, ‘‘আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সুযোগ তৈরি করেছি, কিন্তু ফিনিশিংটা ছিল হতাশাজনক। সান্ডারল্যান্ড রক্ষণে দারুণ শৃঙ্খলা দেখিয়েছে। শিরোপা জিততে হলে এমন ম্যাচগুলো থেকে পূর্ণ পয়েন্ট আদায় করা জরুরি।’’