ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে বাংলাদেশ

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে বাংলাদেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সেনাদের আটক এবং ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ভেনেজুয়েলার এই সাম্প্রতিক ও নজিরবিহীন ঘটনাবলী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ যে-কোনও দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক বিরোধ নিরসনে কূটনৈতিক তৎপরতা এবং সংলাপের ওপর গুরুত্বারোপ করে। বাংলাদেশ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ বিশ্বাস করে, শান্তি ও আলোচনার মাধ্যমেই সব ধরনের বিরোধ সমাধান করা সম্ভব।
২০২৬ সালের এইচএসসি নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে। একই সঙ্গে পরবর্তী ১০ মার্চের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। গতকাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পরীক্ষা শুরুর সময় ফেব্রুয়ারি মাস বললেও কোনো তারিখ নির্দিষ্ট করে দেয়নি বোর্ড। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) সকাল ৯টা থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সাঁতার ফেডারেশনের কাউন্সিলর খালেকুজ্জামান, সাবেক ক্রিকেট কাউন্সিলর সায়েম উদ্দিন, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুদু ও সালাহ উদ্দিন রিজন, ফানসুর রহমানসহ অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ। খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে উঠে আইডিয়াল ক্রিকেট গার্ডেন ও পাইওনিয়র ক্রিকেট অ্যাকাডেমি। জয়ী হয় আইডিয়াল ক্রিকেট গার্ডেন। প্রথমে ব্যাট করতে নেমে আইডিয়াল ক্রিকেট গার্ডেন ৯৮ রান করে। জবাবে পাইওনিয়র ক্রিকেট অ্যাকাডেমি ৪৬ রানে গুটিয়ে যায়। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে আবারো ডেঙ্গু শনাক্ত একজন

চাঁপাইনবাবগঞ্জে আবারো ডেঙ্গু শনাক্ত একজন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তিনি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হন। জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন কন্যাশিশু রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৯ জন

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৯ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের ডায়রিয়া বিষয়ক প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। এদিকে জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পূর্বে রোগী ভর্তি ছিলেন ৬১ জন, নতুন করে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৬১ জনকে। ফলে বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন রোগী।
শিবগঞ্জে মাদকসহ একজনকে গ্রেপ্তার

শিবগঞ্জে মাদকসহ একজনকে গ্রেপ্তার শিবগঞ্জে ফেয়ারডিল সিরাপসহ আব্দুল মান্নান নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়ন্দা পুলিশ-ডিবি গ্রেপ্তার আব্দুল মান্নান সাহাপাড়া বৈরাগীপাড়ার মৃত আলীম হোসেনের ছেলে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল আরো জানানো হয়েছে, গতকাল রাত সাড়ে ৮টায় ডিবি’র একটি দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়া এলাকায় মৃত আলীম হোসেন ও কালুর বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৬০ বোতল ফেয়ারডিল (মাদকদ্রব্য)সহ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
সিলেটকে উড়িয়ে শীর্ষস্থান দখল করে চট্টগ্রামের জয়

সিলেটকে উড়িয়ে শীর্ষস্থান দখল করে চট্টগ্রামের জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারানোর পর এবার সিলেট টাইটানসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাগরপাড়ের দলটি। এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট টাইটানসকে ব্যাট করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেটের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করতে পারে দলটি। সিলেটের হয়ে একমাত্র লড়াই করেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি ৪১ বলে করেন ৪৪ রান। তবে বাকি ব্যাটারদের কেউই ২০ রান ছুঁতে পারেননি। চট্টগ্রামের বোলিংয়ে শেখ মেহেদী হাসান ও মির্জা বেগ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামাল।
র্যাব-ডিবি পুলিশ ছদ্মবেশে প্রতারণা ও ডাকাতি: ৫ জন গ্রেফতার

র্যাব-ডিবি পুলিশ ছদ্মবেশে প্রতারণা ও ডাকাতি: ৫ জন গ্রেফতার র্যাব ও ডিবি পুলিশের ছদ্মবেশে সংঘটিত সাইবার প্রতারণা এবং অপহরণ-ডাকাতির দুটি চাঞ্চল্যকর ঘটনায় পৃথক অভিযানে মূলহোতাসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ এর পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ ও র্যাব-১১ যৌথ অভিযানে গতকাল রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে প্রতারণা চক্রের মূলহোতা মারুফ হোসেন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি প্রতারণা মামলার আসামী। অন্যদিকে, গতবছরের ৫ অক্টোবর নওগাঁ জেলার আত্রাই থানায় ডিবি পুলিশ পরিচয়ে সিম কোম্পানির দুই এজেন্টকে অপহরণ করে নগদ অর্থ, মোবাইল ফোন, সিম কার্ড এবং মিনিট ও এমবি কার্ডসহ মোট ৪ লাখ ৩৪ হাজার ৫০০ টাকার মালামাল লুট করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর র্যাব-৫ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গতকাল আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে।
১২ কেজি সিলিন্ডারে এলপি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা

১২ কেজি সিলিন্ডারে এলপি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে জানুয়ারি মাসের জন্য। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এ ছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে, ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বাড়াবে পিকেএসএফ

থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বাড়াবে পিকেএসএফ দেশে থ্যালাসেমিয়া রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। পিকেএসএফ-এর প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় সারাদেশে সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। পিকেএসএফ এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের নির্বাহী পরিচালক ড. এ. কে. এম. একরামুল হোসেন বক্তব্য রাখেন। জাকির আহমেদ খান বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। রোগটির ভয়াবহতা ও চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে প্রতিরোধমূলক উদ্যোগ অত্যন্ত জরুরি। ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের জানান, পিকেএসএফ-এর সহযোগী সংস্থাগুলো দেশের প্রায় সোয়া দুই কোটি মানুষকে স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা দিচ্ছে। এই বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে বিয়ের আগে বর-কনের থ্যালাসেমিয়া পরীক্ষা ও বাহক শনাক্তকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ড. এ. কে. এম. একরামুল হোসেন বলেন, দেশে প্রতিবছর প্রায় ১৫ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে এবং প্রায় ১১.৪ শতাংশ মানুষ এ রোগের বাহক। বক্তারা জানান, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রোগ; বিয়ের আগে পরীক্ষা নিশ্চিত করা গেলে এ রোগ প্রতিরোধ সম্ভব। কর্মসূচির শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। পিকেএসএফ-এর কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।