হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে হজযাত্রীদের। এসব পরীক্ষার ভিত্তিতে তারা টিকা নিতে পারবেন। সম্প্রতি এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণায়ল। গত ৬ জানুয়ারি জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইল কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে দাখিল করে টিকা গ্রহণ করে স্বাস্থ্য সনদ নিতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
ভোলাহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহি নিহত

ভোলাহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহি নিহত ভোলাহাট উপজেলায় মাটি ভর্তি ট্রলি চাকায় পিষ্ট হয়ে মিলন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমিনগর গ্রামের বিকল ওরফে মিন্টুর ছেলে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন। ঘটনার পর পুলিশ ট্রলি ও এর চালককে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের ফতেপুর খাসপাড়া মোড়ে মোটরসাইকেল নিয়ে সড়কে পিছলে পড়েন মিলন। এসময় পেছন থেকে আসা একটি ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ।
চাঁপাইনবাবগঞ্জ শহরে নিখোঁজ চা বিক্রেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরে নিখোঁজ চা বিক্রেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৫ দিন ধরে নিখোঁজ চা বিক্রেতা আনারুল ইসলামের পুকুরে ভাসমান প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শহরের বটতলা হাট সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আনারুল বটতলাহাট বিশ্বাসপাড়া মহল্লার মৃত মিনারুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারী তিনি নিখোঁজ হলে ওইদিন রাতে তাঁর ছেলে থানায় নিখোঁজ জিডি করে। এরপর আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মরদেহ পুকুরে ভাসতে দেখে ‘৯৯৯’ জরুরী সেবা নম্বরে ফোন করে পুলিশে খবর দেয়। এর মধ্যে তাঁর বড় মেয়ে বৃষ্টি খাতুন ঘটনাস্থলে পৌঁছে বাবার মরদেহ শনাক্ত করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, বাহ্যিকভাবে দেহে তেমন কোন আঘাতের চিহ্ন বোঝা যায় নি। তবে এখনই মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি। সংশ্লিস্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক বলেন, আনরুলের মৃত্যুর কারণ নিশ্চিত নয়। এ ব্যাপারে স্থানীয়ভাবেও খোঁজ নেয়া হচ্ছে।
সীমান্তে ২টি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

সীমান্তে ২টি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ২টি বিদেশী ওয়ানশুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতরাত পৌনে ১০টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইন ও গাঁজাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইন ও গাঁজাসহ আটক ২ সদর ও শিবগঞ্জ উপজেলায় র্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পৃথক ৩টি অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের ৫’শ ৪ গ্রাম হেরোইন, বাড়ির আঙ্গিনায় রোপনকৃত ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১টি ইজিবাইক সহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুর মহল্লার মৃত গোলাম মোস্তফার ছেলে তসিকুল ইসলাম ও গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামের কাওসার আলীর ছেলে জসিম উদ্দিন। গতকাল রাতে র্যাব-৫ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুরে গোপন খবরের ভিত্তিতে সদরের ইসলামপুর ইউনিয়নের চরইসলামপুর গ্রামে চেকপোস্ট বসিয়ে ইজিবাইকে বহনকালে ২৯৫ গ্রাম হেরোইনসহ প্রথমে গ্রেপ্তার হন তসিকুল। জিজ্ঞসাবাদে তিনি জসিমের নিকট থেকে হেরোইন ক্রয়ের কথা জানালে জসিমের বাড়ি থেকে ২০৯ গ্রাম হেরাইনসহ গ্রেপ্তার হন জসিম। গ্রেপ্তারদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুর ১টার দিকে শিবগঞ্জের শাহাবাজপুর ধোবড়া গ্রামে আজম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তিনি পালিয়ে গেলেও বাড়ি থেকে গাঁজার গাছ ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ হয়। পলাতক আজম ওই গ্রামের মৃত ফারাজ আলীর ছেলে। গতকাল রাত সোয়া ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন ইসির

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন ইসির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১২১টি দেশে ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইসি সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। প্রায় তিন সপ্তাহের ব্যবধানে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে সব ব্যালট পাঠানোর কাজ শেষ হয়েছে। ডাক বিভাগের এয়ারপোর্ট সর্টিং অফিসের সহকারী পোস্টমাস্টার জেনারেল শামীম সোহানী বাসস’কে জানান, বাংলাদেশ ডাক বিভাগ ইসি থেকে পাওয়া সব পোস্টাল ব্যালট বহির্বিশ্বে পাঠানোর কাজ গতকাল শেষ করেছে। বিমান বাংলাদেশ, এমিরেটস, মালয়েশিয়ান, সিঙ্গাপুর এবং সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততম সময়ে এসব ব্যালট পাঠানো হয়েছে।
নির্বাচনি পোলিং এজেন্ট সংক্রান্ত পরিপত্র জারি

নির্বাচনি পোলিং এজেন্ট সংক্রান্ত পরিপত্র জারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ, তাদের দায়িত্ব-কর্তব্য এবং নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে উপসচিব মনির হোসেনের সই করা এ পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বৈঠক আয়োজন করতে হবে। এসব বৈঠকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্টদের জন্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী করণীয় ও দায়িত্বকর্তব্য স্পষ্টভাবে তুলে ধরতে হবে। এছাড়া নির্বাচনি ব্যয়ের সম্ভাব্য অর্থের উৎস, ব্যয়ের হিসাব যথাসময়ে দাখিল, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, বলপ্রয়োগ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের ব্যবহার রোধে সর্বাত্মক সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। এদিকে, গতকালের অপর এক পরিপত্রে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স নষ্ট, হারিয়ে যাওয়া বা জোরপূর্বক অপসারণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হবে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না এবং নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করে পুনঃভোটগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে।
ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানের বৈঠক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন। রাষ্ট্রদূত গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে ড. খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন।
থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ৪৫ মিলিয়ন ডলার

থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ৪৫ মিলিয়ন ডলার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি জোরদার করতে প্রায় ৪৫ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতি জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া বিষয়ক শীর্ষ কর্মকর্তা মাইকেল ডেসোম ব্রে থাইল্যান্ড ও কম্বোডিয়া সফর করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিকে একটি সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছেন। ডেসোমব্রে জানান, যুক্তরাষ্ট্র উভয় দেশকে মাদক পাচার ও সাইবার প্রতারণা দমনে সহায়তার জন্য ২০ মিলিয়ন ডলার দেবে। সাম্প্রতিক সংঘর্ষে বাস্তুচ্যুত মানুষদের সহায়তায় যুক্তরাষ্ট্র ১৫ মিলিয়ন ডলার দেবে। এছাড়া মাইন অপসারণ কার্যক্রমে দেওয়া হবে আরও ১০ মিলিয়ন ডলার।
নাটকীয়তার শেষে মুখ থুবড়ে পড়ল রাজশাহী

নাটকীয়তার শেষে মুখ থুবড়ে পড়ল রাজশাহী বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ১৯তম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বোলিং তোপে মুখ থুবড়ে পড়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ব্যাট হাতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২৮ রান। পুরো ইনিংসে রাজশাহীর কোনো ব্যাটারই ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মোহাম্মদ ওয়াসিম ও এস এম মেহরব। মুশফিকুর রহিম ও রায়ান বার্ল দুই অঙ্কে পৌঁছালেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। প্রথমবার একাদশে সুযোগ পাওয়া আকবর আলী ১৬ বলে করেন ১৭ রান। শেষদিকে তানজিম হাসান সাকিব ১৪ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।