ভোলাহাটে অসহায় মানুষের দরজায় খাদ্য পৌঁছে দিলেন ইউএনও

ভোলাহাটে অসহায় মানুষের দরজায় খাদ্য পৌঁছে দিলেন ইউএনও ভোলাহাট উপজেলার অসহায় দুটি পরিবারের বাড়ির দরজায় গিয়ে খাবার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার। আজ দুপুরে উপজেলার হলিদাগাছী স্লূইচ গেট সংলগ্ন অসহায় দু’পরিবারের বাড়ির দরজায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ। তিনি তাদের চাল, ডাল, তেল, চিনি, লবণসহ বিভিন্ন প্রকার মসলার গুঁড়া তাদের বাড়িতে পৌঁছে দেন। এসময় স্থানীয় দরিদ্র পরিবারে লোক জন বিশুদ্ধ পানির জন্য মটারসহ বিভিন্ন প্রকার নাগরিক সুবিধার দাবী জানালে সুবিধা মত সময় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম কবির, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া খাতুন, প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী সাইদুর রহমান। পরে গত ১২ মার্চ রাত ১২ টার দিকে জমসেদ আলীর ছেলে জসিমউদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন। উল্লেখ্য, এ গ্রামের দিনমজুর বেলাল শেখ গত ৯ মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কাজ করতে না পেরে ভিক্ষা করছেন। অপর একজন বৃদ্ধা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এ খবর পেয়ে ইউএনও নিজেই তাদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন।

ঈদুল ফিতর উপলক্ষে নাচোলে ভিজিএফের চাল বিতরণ শুরু

ঈদুল ফিতর উপলক্ষে নাচোলে ভিজিএফের চাল বিতরণ শুরু নাচোলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ হাজারের অধিক দুস্থ অসহায় অতিদরিদ্র্য পরিবারের মধ্যে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের ২০৫.৭৭ মে. টন চাল বিতরণ শুরু হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ ও নাচোল পৌরসভা। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের অফিসার দুলাল হোসেন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার আওতার এ বছর ২০৫.৭৭ মে. টন চাল ২০ হাজার ৫৭৭টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। কার্যক্রমটি নাচোলে গত ১২ মার্চ থেকে শুরু হয়েছে। তিনি আরো জানান বিতরণ কার্যক্রমটির স্বচ্ছতার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তিনি জানান, এবছর কসবা ইউনিয়নে ৪,২৩৭ ফতেপুর ইউনিয়নে ৪,৬৩৮, নাচোল ইউনিয়নে ৪,২৭০ ও নেজামপর ইউনিয়নে ৪,৩৪৭টি এবং নাচোল পৌরসভায় ৩,০৮৫টি পরিবারের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ প্রদান করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তালিকা প্রস্তুতের বিষয়ে ৩ নং নাচোল ইউনিয়ন পরিদের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, উপকারভোগীদের জন্য বাছায় ও মাষ্টার রোল প্রস্তুত ও বিতরণ কাজটি খুবই জটিল। তবুও জনসাধারণের কল্যাণে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। শুক্রবার সকাল ৯ টা থেকে নাচোল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণকালে চেয়ারম্যান সফিকুল ইসলাম, সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আতাউর রহমান, শাহজাহানসহ গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।

ঈদুল ফিতরে টানা ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

ঈদুল ফিতরে টানা ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম আগামী ১৮ মার্চ বুধবার হতে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে। আগামী ২৮ মার্চ শনিবার হতে বন্দরের আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি পূণরায় চালু হবে। ১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি অন্তর্ভূক্ত। এছাড়া এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমগ্রেশন দিয়ে ভারত গমানাগমন স্বাভাবিক থাকবে। সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক পত্রের বরাতে এ সব তথ্য নিশ্চিত করেছেন বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি বলেন, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বাংলাদেশ ও ভারতের সকল সরকারি বেসরকারি সংশ্লিস্টদের তা পত্র দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। তবে এই সময়ে সোনামসজিদ ইমিগ্রশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়ত অব্যহত থাকবে। পানামার আপারেশন ম্যানেজার বলেন, তবে ওই বন্ধের সময় বন্দরের কিছু আভ্যন্তরণীণ পণ্য লোড-আনলোড,পরিবহন সহ অনান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ভারতগামী যুবক আটক

বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ভারতগামী যুবক আটক শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে ভারত যাবার সময় অবৈধভাবে পাচারকালে ২টি স্বর্ণের বারসহ এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। আটক যুবক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ধরখালি বড়বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সনি। অভিযানে সনির পায়ুপথে পাওয়া গেছে প্রায় ৫৪ লক্ষ টাকা মূল্যের ২৩১.৮১ গ্রাম খাঁটি স্বর্নের দুটি বার। বিজিবি জানায়, গতকাল বিকেলে আইসিপিতে কবর্তব্যরত বিজিবি সদস্যরা আর্চওয়ে মেটাল ডিকেটর দিয়ে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে সনির দেহের অভ্যন্তরে ধাতব বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। এ সময় তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তিনি নিজের নিকট স্বর্ন থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করানো হলে পায়ু পথে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। বিজিবি আরও জানায়, বার দুটি জেলার দুটি পৃথক জুয়েলারী সমিতিকে দিয়ে পরীক্ষা করিয়ে খাঁটি স্বর্ণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় গতকাল রাতেই শিবগঞ্জ থানায় মামলা করে আসামীকে পুলিশে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (১৩মার্চ) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯) বিজিবি অ্িযধনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি নিশ্চিত করেন। তিনি বলেন,রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারিরা অভিনব পন্থা ও অপকৌশল গ্রহণ করলেও বিজিবি তা নস্যাৎ করেছে। বিজিবি যে কোন চোরাচালান রোধে সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।

১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন-সড়কমন্ত্রী

১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন-সড়কমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেন তিনি। আজ ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে আসেন মন্ত্রী। রেল স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জ্বালানি সংকটে পরিবহন সংকট হওয়ারও কোনো সুযোগ নেই বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। এদিকে, ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন আজ। আজ পাওয়া যাচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট।

সংসদে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করব বলেছেন স্পিকার

সংসদে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করব বলেছেন স্পিকার ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। স্পিকার বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো।

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন আগামীকাল

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন আগামীকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল সকাল ১০টায় ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহযোগিতা প্রদানের লক্ষে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো ওই বার্তায় জানানো হয় যে, এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ধর্মীয় সেবকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে মোস্তাফিজ

১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে মোস্তাফিজ ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড-এ দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৬ মৌসুমের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। লন্ডনে অনুষ্ঠিত নিলামে ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে দলে ভেড়ায় বার্মিংহাম ফিনিক্স। টি-টোয়েন্টি স্বীকৃত ১০০ বলের এই ফরম্যাটের টুর্নামেন্টে এবারই প্রথম খেলতে যাচ্ছেন ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার। দ্য হানড্রেডের এবারের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই ক্রিকেটার ছিলেন—মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়।

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুস্তাফিজুর রহমান ও রাকিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, চৌডালা দাখিল মাদ্রাসা সুপার একরামুল হক, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুল হুদাসহ অন্যরা। আলোচনা শেষে কলেজ পর্যায়ে শেষ্ঠ শিক্ষক রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক ড.আতিকুর রহমান, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুল হুদা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আলিনগর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল করিম,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন সুলতানা মালিকা, মাদ্রাসা পর্যায়ে চৌডালা দাখিল মাদ্রাসা শিক্ষার্থী ফারহানা, উপস্থিত বক্তৃতায় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রুমানা আক্তার, কেরাত প্রতিযোগিতায় চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদা আকতারসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নাসিমা বেগম খুনের ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ভেজুর মিজানুর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষে স্বামীর হাতে খুন হন নাসিমা। পরে তার মরদেহ বাড়ির পায়খানার সেফটি ট্যাংকে ফেলে দেয়া হয়। আজ সকাল ৮টার দিকে প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মাথাসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নযুক্ত রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এর মধ্যে গ্রামবাসী মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এছাড়া পুলিশ মিজানুররের শোবার ঘর থেকে একটি কোদাল উদ্ধার করেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবীর বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে বলেও জানান ওসি।