আজ ইসির আপিল শুনানিতে বৈধ ১৮ প্রার্থী

আজ ইসির আপিল শুনানিতে বৈধ ১৮ প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন ইসি। আজ বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই শুনানিতে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ২১টি আবেদন নামঞ্জুর এবং ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। আজ নির্ধারিত সময়ে মোট ৪৩টি আবেদনের শুনানি হয়। এছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। শুনানিতে জটিলতা থাকায় ৪টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
শরিফুলের ফাইফার ও মাহেদীর নৈপূণ্যে শীর্ষে চট্টগ্রাম

শরিফুলের ফাইফার ও মাহেদীর নৈপূণ্যে শীর্ষে চট্টগ্রাম বিপিএলে নিজেদের অষ্টম ম্যাচে দারুণ এক জয় পেল চট্টগ্রাম রয়্যালস। আজ বিকেলে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তারা ১৮ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। চট্টগ্রামের এই জয়ে দারুণ অলরাউন্ড নৈপূণ্য দেখান অধিনায়ক শেখ মাহেদী হাসান। প্রথমে বোলিংয়ে ৩ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে দল যখন বিপর্যয়ের মুখে, তখন হাল ধরে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার দিনে বল হাতে দারুণ ছিলেন শরিফুল ইসলামও। তিনি ২৩ বলে মাত্র ৯ রান দিয়ে ৫টি উইকেট নেন। শরিফুল ও মাহেদীর বোলিং তোপে নোয়াখালী ১৮ ওভার ৫ বলে অলআউট হয় ১২৬ রানে। ফাইফার নিয়ে ম্যাচসেরা হন চট্টগ্রামের শরিফুল। এই জয়ে ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে চট্টগ্রাম। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রাজশাহী আছে দ্বিতীয় স্থানে। আর ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে সিলেট আছে তৃতীয় স্থানে।
বিপিএলে ৯ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন শরীফুল

বিপিএলে ৯ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন শরীফুল অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএলের ঢাকা পর্বের খেলা। আর ঢাকা পর্বের প্রথম ম্যাচেই বিধ্বংসী বোলিং করেছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। তার বোলিং তোপে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ওভার ৫ বলে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন শরীফুল। এতে বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। এই রেকর্ডটি আগে আবু হায়দার রনির দখলে ছিল। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। আর বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের দখলে। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার।
ইরান ইস্যুতে পেজেশকিয়ান-নেতানিয়াহুর সঙ্গে পুতিনের ফোনালাপ

ইরান ইস্যুতে পেজেশকিয়ান-নেতানিয়াহুর সঙ্গে পুতিনের ফোনালাপ ইরানে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ‘ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন’, এবং এতে ‘মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখতে রাশিয়ার প্রস্তুতির’ কথা পুনর্ব্যক্ত করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের ‘ফলাফল খুব শিগগিরই’ জানানো হবে। তিনি আরো বলেন, পুতিন ‘উত্তেজনা প্রশমনে সহায়তা করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন’।
আজ পবিত্র লাইলাতুল মেরাজ

আজ পবিত্র লাইলাতুল মেরাজ আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন। মুসলমানদের জন্য পবিত্র শবে মেরাজ অত্যন্ত মহিমান্বিত। পবিত্র কোরআনে এই অলৌকিক ঘটনাকে ইসরা (রাতে ভ্রমণ) ও মিরাজ (ঊর্ধ্বগমন) হিসেবে বর্ণনা করা হয়েছে।
সরকার সংস্কারের পক্ষে তাই ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে- প্রেস সচিব

সরকার সংস্কারের পক্ষে তাই ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে- প্রেস সচিব নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন। পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতিসহ পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে। এখন বলা যেতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষামাত্র। তিনি বলেন, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেখানে সরকার গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ এর পক্ষ নিয়ে থাকে।
অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা

অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ সেশনে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশ্নের মান ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভর্তিচ্ছু ও অভিভাবকরা। এ বছর ১ ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রতিযোগিতাদের মূল্যায়ণ করা হয়। সি ইউনিটে সিট আছে ১ হাজার ৫৩৬টি। মোট আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন। ফলে প্রতি আসনে লড়বেন ৮২ জন ভর্তিচ্ছু।
শিক্ষা ক্যাডারের উচ্চতর ডিগ্রিধারীদের মাউশির নির্দেশনা

শিক্ষা ক্যাডারের উচ্চতর ডিগ্রিধারীদের মাউশির নির্দেশনা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা গত এক বছরের মধ্যে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি সম্পন্ন করেছেন, তাদের গবেষণার সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছে। মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক-৩ সামিনা সুলতানা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, উচ্চতর ডিগ্রিধারী কর্মকর্তাদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য, মূল ফলাফল এবং এর ব্যবহারিক গুরুত্ব সর্বোচ্চ ১০টি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে উপস্থাপন করতে হবে। গবেষণালব্ধ এই জ্ঞান দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঠিক কিভাবে ভূমিকা রাখতে পারে, তা যাচাই করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বাংলাদেশ থেকে আমদানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত

বাংলাদেশ থেকে আমদানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। গতকাল কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আগের যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে।
ইরানে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল নিউজিল্যান্ড

ইরানে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল নিউজিল্যান্ড ইরানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে নিউজিল্যান্ড। আজ দেশটির জানায়, দূতাবাসের কূটনীতিকদের নিরাপদে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বাণিজ্যিক বিমানে করে কূটনৈতিক কর্মীরা ইরান ত্যাগ করেছেন। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরান দূতাবাসের কার্যক্রম এখন তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে পরিচালিত হচ্ছে। ইরান ভ্রমণের বিষয়ে নিউজিল্যান্ড সরকার আগের মতোই সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। বর্তমানে যেসব নিউজিল্যান্ডের নাগরিক ইরানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।