পদ্মার ভাঙন কবলিত এলাকায় কম্বল বিতরণ

পদ্মার ভাঙন কবলিত এলাকায় কম্বল বিতরণ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী, মহারাজ নগর গ্রামে পদ্মা নদী ভাঙন কবলিত এলাকায় দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘আলিগড় ওল্ড বয়েজ অ্যাসোসিয়শন অব বাংলাদেশ’র পক্ষ থেকে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলন— আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শফিউল আজম, রফিকুল ইসলাম বাবু ও জুলফিকার আলম সুমনসহ অন্যরা।

শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা আদায়, হর্ন জব্দ

শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা আদায়, হর্ন জব্দ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার হরিপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে শব্দদূষণ (নিয়ন্ত্রণL) বিধিমালা ২০২৫ অনুয়ায়ী ৩টি ট্রাকচালকের বিরুদ্ধে ৩টি মামলা করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল। প্রসিকিউশন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ সীমান্তে ২৮৪০ পিস ট্যাবলেট ও ৩০ বোতল সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্তে ২৮৪০ পিস ট্যাবলেট ও ৩০ বোতল সিরাপ জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ভারতীয় ২ হাজার ৮৪০ পিস টেনসিউইন ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ ডিএস্ক সিরাপ জব্দ হয়েছে। তবে অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল রাতে চকপাড়া বিওপির একটি টহল দল অভিযানটি চালায়। এসময় চোরকারবারিরা বিজিবির ধাওয়ায় ওইসব মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ। তিনি আরও বলেন, মহানন্দা ব্যাটালিয়ন আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তে বিগত ২ মাসের অভিযানে ২ হাজার বোতল ভারতীয় নেশার সিরাপ ও ২১ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ করেছে। তিনি আরও বলেন, সীমান্তে যে কোন চোরচালান ঠেকাতে বিজিবি তীব্র শীত সত্বেও টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে যা অব্যহত থাকবে।

চরবাগডাঙ্গায় ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক ১

চরবাগডাঙ্গায় ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকায় এবরান আলীর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়েছে। আটক এবরান আলী একই এলাকার মাহতাব উদ্দীনের ছেলে। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে বিক্রির উদ্যেশ্যে হেরোইন মজুত করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি টহল দল অভিযান চালায়। অভিযানে বাজার করা কাপড়ের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এঘটনায় আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো প্রেসবিজ্ঞপ্তিতে।

পরিবর্তন আসছে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে

পরিবর্তন আসছে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আজ বিষয়টি জানিয়ে তিনি বলেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে। প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পাঠানোর প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় সেখানে কোনো পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ফলে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট অপরিবর্তিতই থাকছে।

ডিসি-ইউএনও-নির্বাচন কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান

ডিসি-ইউএনও-নির্বাচন কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ সকালে রাজধানীর ইস্কাটনের বিয়াম ভবনে এক মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান। গত ১৬ বছরে বাংলাদেশ থেকে যত টাকা লুট হয়েছে তা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে স্বনির্ভর করা সম্ভব বলে মন্তব্য করেন ড. আলী রীয়াজ। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও কার্যকর থাকতে হবে। তাই গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করা প্রয়োজন।

আজ থেকে ইইউর ৫৬ দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন

আজ থেকে ইইউর ৫৬ দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন আজ থেকে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে ইইউ ইওএমের উপপ্রধান পর্যবেক্ষক ইনতা লাসে এই তথ্য নিশ্চিত করেন। আজ থেকেই এই পর্যবেক্ষকেরা দেশের ৬৪টি জেলায় তাদের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করছেন। ইইউ ইওএমের উপপ্রধান পর্যবেক্ষক ইনতা লাসে অনুষ্ঠানে জানান, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা কেবল বড় শহরগুলোতেই সীমাবদ্ধ থাকবেন না, বরং দেশের প্রত্যন্ত গ্রাম পর্যায়েও তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।

মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মেক্সিকো, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু দেশের ওপর দিয়ে বিমান পরিচালনার ক্ষেত্রে ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি’ নিয়ে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। আজ আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এফএএ জানায়, তারা বিমান সংস্থাগুলোকে মেক্সিকো, মধ্য আমেরিকার দেশগুলোর পাশাপাশি ইকুয়েডর, কলম্বিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরের আকাশসীমার কিছু অংশে ‘সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানিয়ে নোটিশ জারি করেছে। সংস্থাটি বলেছে, গতকাল জারি করা এই সতর্কতা আগামী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে। লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।  

‘জাগো নারী বহ্নিশিখা’র ফারুকা সভাপতি মনোয়ারা সম্পাদক 

‘জাগো নারী বহ্নিশিখা’র ফারুকা সভাপতি মনোয়ারা সম্পাদক  চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি রেস্তোরাঁয় আজ দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফারুকা বেগমকে সভাপতি ও মনোয়ারা খাতুনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। ফারুকা বেগমের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় সংগঠনটির প্রয়াত সদস্য গৌরী চন্দ সিতুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বার্ষিক কার্যক্রম ও আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা বিলকিস চৌধুরী, শফিকুল আলম ভোতা, আনোয়ার হোসেন, সহসভাপতি মনসুরা বেগম, সহসাধারণ সম্পাদক ছবি রানী সাহা, সদস্য তানজিমা মনিম ইলোরা, লিপি রানী সাহা, কুমকুম খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদসহ পথিকৃৎ নারীদের স্মরণ, ঈদে ও পূজায় দুস্থ নারীদের সহায়তা করে অঅসছে। এই সংগঠন এমন কাজের ধারাবাহিকতা বজায় রাখবে, এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা 

গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা  গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনকেন্দ্রে। পারিবারিক এই মিলনমেলার আহবায়ক ও সংগঠনের সহসম্পাদক আল-মামুন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন আহবায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমন। এসময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য ইয়াহিয়া খান রুবেলসহ অন্যরা। এই মিলন মেলার আয়োজনে ছিল পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, আনন্দঘন আড্ডা ও নানাবিধ বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের উচ্ছ্বাস, পরিবারগুলোর হাসি-আনন্দ এবং সহকর্মীদের আন্তরিক উপস্থিতিতে সারাদিনজুড়ে প্রাণচাঞ্চল্য বজায় থাকে। প্রতিবছর এই পারিবারিক মিলনমেলা করা হবে বলে ক্লাবের সভাপতি ও সম্পাদক জানিয়েছেন।