দেশে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে রেকর্ড দামে স্বর্ণের বাজার

দেশে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে রেকর্ড দামে স্বর্ণের বাজার টানা ৬ দফা দাম বাড়ানোর পর এক দফা কমেছিল দেশের বাজারে সোনার দাম। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আবারও বাড়ানো হলো সোনার দাম। এবার ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। নতুন এই দামের মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাল সোনার দাম। আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়ে বাজুস বলেছে, দুপুর সোয়া ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের পরিবর্তনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  

সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আজ

সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আজ   বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন অগণিত ভক্ত। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর এই আরাধনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি (প্রণাম) জানাচ্ছেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী পূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েয়েছেন তিনি।

 মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

 মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হবে, যা চলবে ৭ মে পর্যন্ত। গতকাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষ পর্বের পরীক্ষাগুলো নির্ধারিত এই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রে তুষার ও শীতকালীন ঝড়, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে তুষার ও শীতকালীন ঝড়, জরুরি অবস্থা ঘোষণা যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঞ্চল জুড়ে বহু বছরের মধ্যে সবচেয়ে বিস্তৃত ও ভয়ংকর শীতকালীন ঝড় আঘাত হানতে যাচ্ছে। এই ঝড় থেকে রেকর্ড পরিমাণ তুষারপাত ও মারাত্মক বরফ জমার আশঙ্কা করা হচ্ছে। আজ শুরু হওয়া এই ঝড় আগামী সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে। টেক্সাস থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ মাইল এলাকায় এক ফুট বা তার বেশি তুষারপাত এবং ভয়াবহ বরফ জমতে পারে। ঝড়ের আশঙ্কায় ইতোমধ্যে অন্তত ১০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শনিবারের জন্য নির্ধারিত ১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার মতো উত্তর-পূর্বাঞ্চলের বড় শহরগুলোতে গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে মারাত্মক বরফঝড়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। বর্তমানে দক্ষিণ রকি পর্বতমালা ও সমভূমি অঞ্চল থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত দুই ডজনেরও বেশি অঙ্গরাজ্যের প্রায় ১৬ কোটির বেশি মানুষ শীতকালীন ঝড় বা বরফঝড়ের সতর্কতার আওতায় রয়েছে।

সংসদ বিলুপ্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন

সংসদ বিলুপ্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগাম নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। জাপানের সংসদের স্পিকার আজ একটি চিঠি পড়ে আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় সংসদের আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী ‘বাঞ্জাই’ স্লোগান দিয়ে সাড়া দেন। ৪৬৫ সদস্যের নিম্নকক্ষের এই বিলুপ্তি এখন ১২ দিনের নির্বাচনী প্রচারণার পথ প্রশস্ত করেছে যা আনুষ্ঠানিকভাবে আগামী ২৭ জানুয়ারি শুরু হবে। গত বছরের অক্টোবরে নির্বাচিত হয়ে জাপানের প্রথম নারী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করা তাকাইচি কেবল মাত্র ৩ মাস দায়িত্বে আছেন। তবে তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ বলে জরিপে দেখা গেছে।

বিপিএলের শিরোপা জয়ের লড়াইয়ে ব্যাটিংয়ে রাজশাহী

বিপিএলের শিরোপা জয়ের লড়াইয়ে ব্যাটিংয়ে রাজশাহী আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিপিএলের দ্বাদশ আসরের। আজ শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নেমেছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওওয়ারিয়র্স। এমন হাইভোল্টেজ ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান। এর আগে, বিকেল সাড়ে ৪টার পর হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন ও অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আকবর আলি। পরে মাঠের মাঝে নির্ধারিত জায়গায় নিয়ে রাখেন তারা।

ভারতের পর পাকিস্তানকে হারিয়ে শিরোপার কাছে বাংলার সাবিনারা

ভারতের পর পাকিস্তানকে হারিয়ে শিরোপার কাছে বাংলার সাবিনারা এক দিন আগেই ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে বড় লজ্জা উপহার দিয়েছিল পাকিস্তান। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে গতকাল তারা ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। তার একদিন পর আজ পাকিস্তানের মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। সুযোগ পেয়ে সেই পরাজয়ের হারটা যেন সুদে-আসলে নিয়ে নিল বাংলার বাঘিনীরা। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে। এই ম্যাচে একাই ৪ গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি গোলটি আসে নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে। পাঁচ ম্যাচে ৪ জয় আর ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথেও দারুণ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। যেখানে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত।

শেষ বলে ছক্কা- কোয়ালিফায়ারে সিলেট বিদায় রংপুরের

শেষ বলে ছক্কা- কোয়ালিফায়ারে সিলেট বিদায় রংপুরের শেষ বলে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ৬ রান। ব্যাটিংয়ে ছিলেন ক্রিস ওকস, বোলিংয়ে রংপুরের ফাহিম আশরাফ। অফ স্টাম্পের বাইরের বল কভার অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন ওকস। সঙ্গে সঙ্গে উল্লাসে মাতে সিলেট শিবির, আর এবারের বিপিএল শেষ হয়ে যায় রংপুরের। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে সিলেটের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ২৯ রানের মধ্যেই তাওহীদ হৃদয়, ডেভিড মালান, লিটন দাস ও কাইল মেয়ার্সকে হারিয়ে বিপর্যয়ে পড়ে রংপুর। চার ব্যাটারের সম্মিলিত অবদান ছিল মাত্র ১৭ রান। এরপর খুশদিল শাহ আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১৯ বলে ৩০ রান করেন তিনি, হাঁকান তিনটি ছক্কা। তাকে সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে খুশদিল ফিরতেই আবার চাপে পড়ে রংপুর। রিয়াদ ২৬ বলে ৩৩ রান করলেও অপরপ্রান্তে নুরুল হাসান সোহান বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রানেই থামে রংপুরের ইনিংস। সিলেটের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন খালেদ আহমেদ। তিনি ১৫ রানে ৪ উইকেট শিকার করেন। ক্রিস ওকস নেন ২ উইকেট, খরচ করেন ১৫ রান। নাসুম আহমেদও ১২ রানে নেন ২ উইকেট। সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও সিলেটের শুরুটা ছিল নড়বড়ে। দলীয় ২ রানে তৌফিক খান আউট হলে চাপ তৈরি হয়। পারভেজ হোসেন ইমন ১২ বলে ১৮ রান করে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। আরিফুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুব দ্রুত ফিরে গেলে ম্যাচে ফেরার সুযোগ পায় রংপুর। এরপর অধিনায়ক মিরাজ ও স্যাম বিলিংস ধৈর্যের সঙ্গে ইনিংস সাজান। আঁটসাঁট বোলিংয়ে সহজে রান তুলতে পারেননি তারা। মিরাজ ২৩ বলে ১৮ রান করে ফিরলে সমীকরণ আরও কঠিন হয়ে পড়ে। শেষদিকে বিলিংস ৪০ বলে ২৯ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। শেষ ওভারে সমীকরণ নেমে আসে ৯ রানে। মঈন আলী আউট হলে চাপ চরমে ওঠে। তবে শেষ বলের নাটকীয় ছক্কায় সব চাপ উড়িয়ে দিয়ে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্রিস ওকস।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা দেশে চারটি নতুন থানা স্থাপনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়। সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় গতি আনতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দু’টি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিভাগ— ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’-কে একীভূত করে পুনরায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠন করা হয়েছে। একই সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বিমানবন্দরে দুই টন সোনা ও ইমরান হাশমির ‘তাসকারি’ 

বিমানবন্দরে দুই টন সোনা ও ইমরান হাশমির ‘তাসকারি’  নীরজ পাণ্ডে নির্মিত নেটফ্লিক্স সিরিজ ‘Taskaree : The Smugglers Web’ তাসকারি, মুম্বাই বিমানবন্দরের কাস্টমস বিভাগের ভেতরের জটিল ও রহস্যময় জগৎকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রায় দুই হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত এই ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন লাখো যাত্রী আসা-যাওয়া করেন। সেই বিশাল ব্যবস্থার আড়ালেই সক্রিয় একটি শক্তিশালী চোরাচালান চক্র এবং তাদের মোকাবেলায় নিয়োজিত সৎ ও সাহসী কিছু কর্মকর্তার টানটান লড়াই তুলে ধরা হয়েছে সিরিজটিতে। এ বছরে মুক্তি পাওয়া সিরিজগুলোর মধ্যে আলোচনায় রয়েছে এটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র সুপারিনটেনডেন্ট অর্জুন মীনা (ইমরান হাশমি), যিনি একসময় বরখাস্ত হওয়া কয়েকজন দক্ষ কর্মকর্তাকে নিয়ে গড়ে তোলেন একটি বিশেষ দল। তাদের লক্ষ্য—চোরাচালান সম্রাট বড়া চৌধুরী (শরদ কেলকর) পরিচালিত সুসংগঠিত অপরাধচক্রকে ভেঙে দেওয়া। এই পুরো অভিযানের তদারকিতে থাকেন অর্থমন্ত্রীর নিযুক্ত প্রতিনিধি প্রকাশ কুমার (অনুরাগ সিনহা), যাকে সবাই একজন সৎ ও নির্ভীক কর্মকর্তা হিসেবেই জানে। দায়িত্ব নেওয়ার পরই কুমার দ্রুত বিমানবন্দরের ভেতরে সক্রিয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শনাক্ত করে বদলি করেন। এরপর তিনি পুনরায় কাজে ফেরান তিনজন বরখাস্ত হওয়া কিন্তু বিশ্বস্ত অফিসারকে—অর্জুন মীনা, রবি গুজ্জর (নন্দীশ সান্ধু) এবং মিতালী শর্মা (অমৃতা খানভিলকর)। মীনা দলের কৌশলবিদ, রবি সাহসী ও নীতিবান ফিল্ড অফিসার, আর মিতালী দক্ষতা দেখান উচ্চমূল্যের পণ্য শনাক্ত ও দ্রুত কাস্টমস তল্লাশিতে। দলটি শুরুতে ছোট আকারে অবৈধ চালান আটকাতে থাকে। যাত্রী, লাগেজ ও অভ্যন্তরীণ যোগাযোগ পর্যবেক্ষণের মাধ্যমে তারা চোরাচালান চক্রের কাজের ধরন বোঝার চেষ্টা করে। ভেতরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও অচেনা শক্তির কারণে প্রতিটি অভিযানই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। রবির গুরুত্বপূর্ণ শক্তি ছিল তার তথ্যসূত্র প্রিয়া (জোয়া আফরোজ)। প্রিয়া নিয়মিতভাবে চালানের সময়, রাহুলসহ গুরুত্বপূর্ণ সদস্যদের গতিবিধি এবং শেঠের ডানহাত সুরেশের ভূমিকা সম্পর্কে তথ্য সরবরাহ করত। এই তথ্যের ওপর ভিত্তি করেই দলটি সফলভাবে চোরাচালানকারীদের চাল আগেভাগে বুঝে নিতে পারত। দলটি যখন একের পর এক সাফল্য পেতে শুরু করে, তখন বড়া চৌধুরী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘুষের প্রস্তাব দেয় এবং কর্মকর্তাদের পরিবারকে হুমকি দিতে শুরু করে। উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত আসে, যখন চৌধুরীর নির্দেশে রবি গুজ্জরকে হত্যা করা হয়। ঠিক তখনই প্রকাশ পায় ভয়ংকর সত্য—যাকে সবাই সৎ কর্মকর্তা মনে করেছিল, সেই প্রকাশ কুমার আসলে ব্যাংককে বড়া চৌধুরীর সঙ্গে গোপন চুক্তি করেছিল। অথচ পুরো সিরিজে প্রকাশকেই প্রধান হিরো মনে হবে।  দ্বিতীয় এপিসোড থেকে এই সিরিজের সামনে থেকে সরতে মন চাইবে না।