ভোট দিতে নিবন্ধন করেছেন ৭০ হাজার ৬৬০ প্রবাসী

ভোট দিতে নিবন্ধন করেছেন ৭০ হাজার ৬৬০ প্রবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী। দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ১৪ হাজার ২৩৬ জন। এরপর দক্ষিণ কোরিয়া ৯ হাজার ৭৫, কানাডা ৭ হাজার ৮৭, জাপান ৬ হাজার ৪৫২, অস্ট্রেলিয়া ৬ হাজার ২৭ এবং দক্ষিণ আফ্রিকা ৪ হাজার ৪৮০ জন। ঠিকানা ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে সৌদি আরবসহ ৭টি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল।
কামাল দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে বলেছেন শফিকুল আলম

কামাল দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে বলেছেন শফিকুল আলম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তাকে শিগগিরই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় হওয়া বিচারের রায় কার্যকর করা যাবে বলে আশা করছেন তিনি। আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন। শফিকুল আলম লিখেছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্তদের বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। ভারত ইতিমধ্যেই জানিয়েছে, জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে।
জোড় ইজতেমা শুরু, প্রথম দিনে ৪৩৬ বিদেশি মেহমান

জোড় ইজতেমা শুরু, প্রথম দিনে ৪৩৬ বিদেশি মেহমান টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে এই জোড় ইজতেমা শেষ হবে। জোড় ইজতেমার প্রথম দিনে ১৭ দেশের ৪৩৬ বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। আজ বিশ্ব ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হয়। জুমার জামাতে ইমামতি করেন ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের। শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, জোড় ইজতেমার প্রথম দিন আজ বাদ ফজর সম্মিলিত মুসল্লিদের উদ্দেশে আম (সাবির্ক) বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। কারগুজারি করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান। এদিকে, গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমায় আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে।
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১২৮, নিখোঁজ দুই শতাধিক

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১২৮, নিখোঁজ দুই শতাধিক হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এখনও দুই শতাধিক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়েতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন। বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় আজ এক সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা মন্ত্রী ক্রিস বলেন, হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। দুই শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের তাইপো নগরীর ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে।
চীনে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

চীনে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের চীনে জয়রথ ছুটছে বাংলাদেশের যুবাদের। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে আজ টানা চতুর্থ জয় পেয়েছে। বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা আরো জোরালো করেছে বাংলাদেশের যুবারা। দলের হয়ে গোল দুটি করেছেন বায়েজিদ বোস্তামি ও মোহাম্মদ মানিক। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারের আজকের জয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ১২। এখন পর্যন্ত গ্রুপ পর্বের শীর্ষে থাকলেও আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে চীনের পয়েন্টও হবে সমান ১২। এতে করে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হবে বাঁচা-মরার লড়াই। সেদিন যে-ই জিতবে তারাই ২০২৬ সালের মে মাসে সৌদি আরবে হতে যাওয়া এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে। শ্রীলঙ্কা যদি চীনকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য সহজ হবে। শেষ ম্যাচে চীনের সঙ্গে ড্র করলেই চলবে।
পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত এ খেলায় ২-০ গোলে নবাবগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড় মো. আইয়ুব ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলীনগর স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড় মো. রাকিবুল হাসান। খেলা শেষে উভয়দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ ক্রীড়াসংগঠকগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি ফুটবল দল অংশগ্রহণ করে।
নাচোল উপজেলা স্কুলকে বিয়ামের অন্তর্ভুক্তির আশ্বাস -মহাপরিচালক

নাচোল উপজেলা স্কুলকে বিয়ামের অন্তর্ভুক্তির আশ্বাস -মহাপরিচালক বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সরকারের অতিরিক্ত সচিব আব্দুল মালেক আজ বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা স্কুল পরিদর্শন করেছেন। স্কুলে পৌঁছালে মহাপরিচালক আব্দুল মালেককে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ফুলেল অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন, বিয়াম ফাউন্ডেশনের প্রটোকল ও জনসংযোগ কর্মকর্তা আলী আকবর, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, শিক্ষক মোজাম্মেল হক মন্টু, প্রভাষক নুর কামাল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, ডা রফিকুল ইসলাম। উপজেলা স্কুলের অধ্যক্ষ আব্দুল খালেক তার সূচনা বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি ২০০৮ সালে স্থাপিত হয়। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মুহাম্মদ জাবের স্যারের উদ্যোগে নাচোলের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানের পথচলা শুরু হয় এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠানটিকে বিয়াম ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। মহাপরিচালক আব্দুল মালেক স্কুলের শিক্ষণ পরিবেশ, অবকাঠামো এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে বিয়াম ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। এই অন্তর্ভুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে, মহাপরিচালক স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিয়ামের সকল নিয়ম-কানুন, পরিচালনার কাঠামো এবং আর্থিক বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি স্পষ্ট করে দেন যে বিয়ামের আওতাভুক্ত হলে প্রতিষ্ঠানকে অবশ্যই উচ্চমানের শিক্ষা নিশ্চিতকরণে ফাউন্ডেশনের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। মহাপরিচালকের এই আশ্বাসের ফলে নাচোল উপজেলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, বিয়াম ফাউন্ডেশনের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির মাধ্যমে স্কুলটির শিক্ষা ও প্রশাসনিক কাঠামো আরো শক্তিশালী ও উন্নত হবে। স্থানীয় শিক্ষা কর্মকর্তারা এই পদক্ষেপকে শিক্ষার গুণগত পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। মহাপরিচালক আব্দুল মালেক বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিয়মানুবর্তিতা দেখে আমি সন্তুষ্ট। আমরা চাই, এই অঞ্চলের শিক্ষার্থীরাও যেন উন্নতমানের শিক্ষার সুযোগ পায়। বিয়ামের অন্তর্ভুক্তির মাধ্যমে সেই লক্ষ্য অর্জিত হবে বলে আমার বিশ্বাস।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে জেলা হাসপাতালে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালন

অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ। আজ দিবসটি উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই ঈদগাহ ময়দানে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরে জাতীয় সংগিত ও পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব মো. সায়েদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সবুর,সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হাই, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সার্জেন্ট তোসলিম উদ্দীন ও অন্যান্য পদবীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এইসব সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৪০ জন গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অভিযানে সদর থেকে ১২, গোমস্তাপুর থেকে ১২ এবং নাচোল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, গ্রেপ্তারদের মধ্যে সাজাপ্রাপ্ত, সাজা ও মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী, মাদক সংশ্লিষ্ট, সন্ত্রাসী কর্মকান্ড, ডাকাতি, ছিনতাই, চুরিসহ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তি রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আজ বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। বিভিন্ন প্রকার অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।