ঠিকানা জটিলতায় পোস্টাল ব্যালট ফেরত এলো ১১ হাজারের বেশি

ঠিকানা জটিলতায় পোস্টাল ব্যালট ফেরত এলো ১১ হাজারের বেশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে ঠিকানা জটিলতার কারণে ১১ হাজার ২২৬টি পোস্টাল ব্যালট সরবরাহ করা সম্ভব না হওয়ায় সেগুলো দেশে ফেরত এসেছে। আজ সকাল ১০টায় পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে এসব তথ্য জানা যায়। এর আগে নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, প্রবাস থেকে ফেরত আসা পোস্টাল ব্যালটগুলোর বেশিরভাগই ঠিকানা জটিলতার কারণে বিতরণ করা যায়নি।
১৬ দেশের প্রতিনিধি আসছেন নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে

১৬ দেশের প্রতিনিধি আসছেন নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে ১২ জন সংসদ সদস্য নিয়ে তুরস্ক; ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১ জন করে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশে কমল সোনার দাম- কার্যকর আজ থেকেই

দেশে কমল সোনার দাম- কার্যকর আজ থেকেই দেশের বাজারে এবার কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। সোনার নতুন দাম— ২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা ২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা ১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
বাংলাদেশে নির্বাচন ঘিরে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

বাংলাদেশে নির্বাচন ঘিরে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে। যার লক্ষ্যবস্তুতে সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থান থাকতে পারে। মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত, বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যেকোনো বৃহৎ সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল পরিবহন এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি থেকে সকল পরিবহনের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সেই অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস সীমিত পরিসরে অনসাইট পরিষেবা প্রদান করবে বলে জানানো হয়েছে ওয়েবসাইটে।
সৌদিপ্রবাসী বাংলাদেশিরা যাতায়াত করতে পারবেন ২০ হাজার টাকায়

সৌদিপ্রবাসী বাংলাদেশিরা যাতায়াত করতে পারবেন ২০ হাজার টাকায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা, যা প্রবাসী কর্মীদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাতকে আরো সহজ ও সাশ্রয়ী করবে। এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটিরও বেশি টাকা অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই ব্যবস্থায় মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০,৫০০ টাকা। মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২,০০০ টাকা।
সামরিক ঘাঁটিতে হামলায় নাইজারে ২০ জন নিহত গ্রেপ্তার ১১

সামরিক ঘাঁটিতে হামলায় নাইজারে ২০ জন নিহত গ্রেপ্তার ১১ নাইজারের রাজধানী নিয়ামের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ২০ হামলাকারী নিহত হওয়ার দাবি করেছে দেশটির সরকার। একইসঙ্গে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ফ্রান্স, বেনিন এবং আইভরি কোস্টকে দায়ী করা হয়েছে। পাশাপাশি হামলা প্রতিরোধের জন্য রুশ সেনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছে দেশটি। গতকাল পরিদর্শন করার পর রাষ্ট্রীয় টেলিভিশনে এই দাবি করেন জেনারেল আবদুরাহমানে তিয়ানি। এছাড়া হামলার জন্য কোন সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। নাইজারের প্রেসিডেন্টের মহল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। গত বুধবার রাত থেকে গতাল পর্যন্ত বিস্ফোরণ এবং গুলির ঘটনা ঘটেছিল।
স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশের মেয়েদের

স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান তুলে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের পর আগেই মূল পর্ব নিশ্চিত করা নিগার সুলতানা জ্যোতির দল আজ সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা।
৩ ফেব্রুয়ারির মধ্যে দেশি পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন

৩ ফেব্রুয়ারির মধ্যে দেশি পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশি পর্যবেক্ষকদের কার্ড পেতে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে আবেদন করতে হবে। আজ ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট সবাইকে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রবেশে বিধি-নিষেধ রয়েছে এবং সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোটার ও নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীরাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন। স্থানীয় পর্যবেক্ষকদের জন্য কমিশন কর্তৃক অনুমোদিত ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ রয়েছে; যা মেনে পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে।
নাচোলে শেষ হলো ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

নাচোলে শেষ হলো ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে নাচোল উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। আজ নাচোল সরকারি কলেজের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন— জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ। তিনি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রাব্বানী সরদারের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সেনাবাহিনীর নাচোল ক্যাম্প কমান্ডার মেজর আসিক, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪৬০ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৫টি পৃথক হলরুমে ৫ জন দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। এতে প্রিজাইডিং অফিসার ৬০ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৭০ জন এবং পোলিং অফিসার হিসেবে ১৩০ জন অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং ভোটারদের আস্থার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর আইনানুগ ব্যবস্থা ও নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ক্লিন এনার্জি দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

ক্লিন এনার্জি দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ‘ক্লিন এনার্জি : টেকসই ভবিষ্যৎ’— এই স্লোগানে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুততর রূপান্তরসহ দুর্নীতিমুক্ত ও টেকসইজ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ আজ এই কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন— সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সহসভাপতি আসরাফুল আম্বিয়া সাগর, সদস্য মজিবুর রহমান ও এনামুল হক, ইয়েস সদস্য আব্দুল্লাহ মজুমদার, ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুনসহ অন্যরা। দিবসটি উপলক্ষে টিআইবি’র বিভিন্ন দাবি সংবলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সহসভাপতি উম্মে সালমা হ্যাপি। মানববন্ধন সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম। মানববন্ধন থেকে রাজনৈতিক দলসমূহকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করা এবং জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি ও অঙ্গীকার, জ্বালানি এবং বিদ্যুৎ প্রকল্পের জন্য পরিবেশ ছাড়পত্র প্রদান এবং দূষণ ও পরিবেশ-বিষয়ক তদারকিতে স্বচ্ছ ও যথাযথ-প্রক্রিয়া অনুসরণ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।