পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা কেরছে পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ—রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ আওতায় ৫ টি ট্রাক চালককে মোট ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১০ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল। প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালন আবু সাঈদ। জেলা পুলিশের একটি দল মোবাই কোর্ট পরিচলনায় সহযোগিতা করে।
শিবগঞ্জে গান পাওডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ

শিবগঞ্জে গান পাওডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ শিবগঞ্জে উপজেলায় র্যাবের অভিযানে ৩ কেজি ৩শ ৬ গ্রাম সাদা, কালো ও হলুদ বর্ণের গান পাওডার ও বোমা তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করেছে র্যাব। বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে ৮৫৫ গ্রাম কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ৬টি গ্যাস লাইটার ও ২টি লাল রং এর স্কচটেপ। র্যাব জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের বেড়ি বাঁধ সংলগ্ন একটি লিচু বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব সামগ্রী জব্দ করা হয়। আজ সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে দুটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভেতরে গান পাওডার এবং বোমা তৈরির সরজ্ঞাম জব্দ হয়। জব্দ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বর্ণের দাম দুই দিনে কমল ৩০ হাজার টাকা

স্বর্ণের দাম দুই দিনে কমল ৩০ হাজার টাকা বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড উচ্চতার পর হঠাৎ পতন হয়েছে। দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। দুই দিনের ব্যবধানে দেশে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার টাকার বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। বাজার সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে বড় ধরনের সামন্বয় করা হয়েছে। আজ বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে মূল কারণ হচ্ছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৯০ ডলারে নেমে এসেছে, যা গতকাল ৫ হাজার ২০০ ডলারে ছিল। এর আগের দিন বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।
নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা-সহ ৬টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
অস্ট্রেলিয়ান টেনিস ওপেনের নতুন রানি রিবাকিনা

অস্ট্রেলিয়ান টেনিস ওপেনের নতুন রানি রিবাকিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন এলেনা রিবাকিনা। এতেই বাজিমাত। বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তানের এই টেনিস তারকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন রিবাকিনা। ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন বিশ্বের পাঁচ নম্বর র্যাংকিংধারী। তিন বছর পর আবারও ট্রফি জয়ের স্বাদ পেলেন তিনি। অন্যদিকে ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর টানা দুটি ফাইনালে হারলেন বেলারুশের সুন্দরী সাবালেঙ্কা। শনিবার (৩১ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালে ফেবারিট তকমাটা ছিল সাবালেঙ্কার নামের পাশেই। তবে ম্যাচের শুরুতে দাপট দেখান রিবাকিনা। ৬-৪ এ প্রথম সেট জেতেন। হাল ছাড়েননি সাবালেঙ্কাও। ঘুরে দাঁড়িয়ে ৬-৪ এ দ্বিতীয় সেট জেতেন। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও ৩-০ তে লিড নিয়ে এগিয়ে যান তিনি। এরপর টানা দুটি ব্রেক করে ম্যাচ ঘুরিয়ে দেন রিবাকিনা এবং তৃতীয় সেট জেতেন ৬-৪ এ।
যুক্তরাষ্ট্রে আবারও সাময়িক সরকারি কার্যক্রম শাটডাউন শুরু

যুক্তরাষ্ট্রে আবারও সাময়িক সরকারি কার্যক্রম শাটডাউন শুরু তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে মাত্র ৩ মাসের ব্যবধানে আজ থেকে সাময়িকভাবে সরকারি কার্যক্রম বন্ধ বা শাটডাউন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে, গত অক্টোবরে একবার শাটডাউনে পড়েছিল দেশটি। গতকাল মধ্যরাতের সময়সীমার আগে সিনেটে একটি অর্থায়ন প্যাকেজ পাস হয়। তবে সেটি কার্যকর হতে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অনুমোদন প্রয়োজন যা আগামী সোমবারের আগে পাওয়া যাচ্ছে না। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময়মতো পাস না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, যে কোনো বিল দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্ন ও উচ্চ- উভয়পক্ষে পাস হওয়ার পর তা প্রেসিডেন্টের দপ্তরে যায়। সেখানে প্রেসিডেন্ট স্বাক্ষর করার পর তা আইন হিসেবে কার্যকর হয়।
সাফে ভুটানকে ১২ গোলে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের

সাফে ভুটানকে ১২ গোলে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের চ্যাম্পিয়নের মতোই সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। আজ নেপালের পোখারায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল। এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৭ মিনিট। তারপর ভুটানের মেয়েরা শুধু জাল থেকে বলই কুড়িয়েছেন। প্রথমার্ধে ৪ ও দ্বিতীয়ার্ধে ৮ গোল দিয়ে বাংলাদেশ রীতিমতো ভুটানকে বিধ্বস্ত করে ফেলে। ৪ গোল করেছেন মুনকি আক্তার। ৩টি করেছেন তৃষ্ণা রানী ও আলপি আক্তার। অধিনায়ক অর্পিতা বিশ্বাস, মামুনি চাকমা একটি করে গোল করেছেন। ৪ দেশের টুর্নামেন্টে লিগ ভিত্তিতে খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল। বাংলাদেশের পরের ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।
কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড বৃষ্টির বাগড়ায় ম্যাচের উত্তেজনা অনেকটাই কমে গিয়েছিল। তা-ও যে টুকু ছিল স্যাম কারান হ্যাটট্রিক করে সবটাই নিজের করে নিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় এনে দিয়েছেন কারান। পাল্লেকেল্লেতে ডাকওয়ার্থ লুইস স্টার্ন আইনে শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং নেমে ১৭ ওভারে শ্রীলঙ্কা ১৩৩ রানে গুটিয়ে যায়। বৃষ্টির কারণে ম্যাচ ৩ ওভার কমে আসে। জবাবে ইংল্যান্ড ১৫ ওভারে ১২৫ রান তুলে নেয়। এরপর বৃষ্টির দাপটে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ১১ রানে এগিয়ে থাকায় ম্যাচ ইংল্যান্ড জিতে নেয়।
প্রার্থীদের প্রচারণায় মুখর চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসন

প্রার্থীদের প্রচারণায় মুখর চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে। দিন যতই গড়াচ্ছে প্রার্থীরা ততই ভোটারদের দ্বারেদ্বারে ছুটছেন। দিচ্ছেন প্রতিশ্রুতি, চায়ছেন ভোট, চায়ছেন দোয়া। ভোটাররাও প্রস্তুত হচ্ছেন পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য। শুক্রবার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করেন। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নতুন হাট এলাকায় হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হারুনুর রশীদ ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ অন্যরা। সন্ধ্যায় আলীনগরে পথ সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে একই আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী নূরুল ইসলাম বুলবুল শুক্রবার সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর পাড়ে এক অনুষ্ঠানে ১০৫টি উন্নয়ন পরিকল্পনার ইশতেহার ঘোষণা করেন। এসময় জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, সেক্রটারি আবু বকরসহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নূরুল ইসলাম বুলবুল দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এছাড়াও এই আসনে গণঅধিকার পরিষদ-জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ট্রাক প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান তারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট দিয়ে শিবগঞ্জের উন্নয়নের সুযোগ চান ভোটারদের কাছে। এসময় দলীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করে ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দিতে উদ্বুদ্ধ করেন। এসময় দলীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। এছাড়াও এই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম ছড়ি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা ও জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম। তিনি শুক্রবার সারাদিন বিভিন্ন এলাকায় গণসংযোগ আর পথসভা করে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে। তিনি শুক্রবার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভার মাধ্যমে দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করেন। এসময় দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। এছাড়া এই আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম কাস্তে, ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল হাতপাখা ও জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫টি দেশের ওপর আরোপিত অভিবাসী ভিসা প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েম–কে চিঠি দিয়েছেন ৭৫ জন মার্কিন কংগ্রেসম্যান। গতকাল পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষ ভুক্তভোগী হচ্ছেন। এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার কংগ্রেসওম্যান গ্রেস মেং–সহ স্বাক্ষরকারীরা অবিলম্বে ভিসা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান। চিঠিতে উল্লেখ করা হয়, স্থগিতাদেশের কারণে ১ লাখ ৩৫ হাজারের বেশি এশিয়ান–আমেরিকান বৈধ ভিসাধারী যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না। একই সঙ্গে বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, যা একটি বড় জনগোষ্ঠীকে কার্যত উপেক্ষা করার শামিল। কংগ্রেসম্যানরা বলেন, পারিবারিক, ব্যবসায়িক, বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে যারা প্রচলিত নিয়ম মেনে ভিসার জন্য আবেদন করেছেন, তাদের ‘সঠিক উপায়ে আসতে’ বলা হলেও বাস্তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই তাদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। চিঠিতে একে ‘নির্দয় আচরণ’ হিসেবে উল্লেখ করে বলা হয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করেও অভিবাসনে আগ্রহীদের বাধার মুখে পড়তে হচ্ছে।