মাছ ধরা নৌকার ধাক্কা সাবমেরিনের সঙ্গে

মাছ ধরা নৌকার ধাক্কা সাবমেরিনের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে দেশটির একটি মাছ ধরা নৌকার সংঘর্ষ হয়েছে। এ সময় সাবমেরিনে ১৩ জন ক্রু ছিল। দেশটির গোয়া উপকূলে শুক্রবার ২২ নভেম্বর এ ঘটনা ঘটে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দুর্ঘটনার পরই ভারতীয় নৌবাহিনী ব্যাপক আকারে উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে ছয়টি জাহাজ এবং বিমান মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মাছ ধরা নৌকার দুই জেলে নিখোঁজ রয়েছে। অন্যদিকে সাবমেরিন থেকে ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোয়া উপকূল থেকে ৭০ নটিক্যার মাইল দূরে মাছ ধরা নৌকা মারথমার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিখোঁজ দুই জেলের সন্ধানে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এছাড়া ওই এলাকায় কোস্টাগার্ডও মোতায়েন করা হয়েছে। কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্তের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

রবিবার দুপুরে নতুন ইসির শপথ

রবিবার দুপুরে নতুন ইসির শপথ নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও চার নির্বাচন কমিশনার শপথ নেবেন রবিবার। এদিন বেলা দেড়টায় নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম-সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের একমাস পর ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা, প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষে ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। শুক্রবার ২২ নভেম্বর সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এদিন দুপুরে বৈঠক করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সঙ্গে। এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। জানা গেছে, প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে দেখা করবে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে। এই সফর অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, সেইসঙ্গে টেকসই প্রবৃদ্ধি এবং ব্যাপকভাবে ভাগ করা সমৃদ্ধির উন্নতি ও অগ্রগতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর জোর দেয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে শীতের আভাস প্রকৃতিতে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে। এরই মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বাংলাদেশের উপকূলে এর বড় ধরনের প্রভাব পড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। লঘুচাপের কিছুটা প্রভাবে তাপমাত্রা কমলেও এই মাসে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। শুক্রবার তিনি বলেন, সাধারণত নভেম্বর মাসে শৈত্যপ্রবাহের নজির নেই। তবে তাপমাত্রা ইতিমধ্যে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এটা আরেকটু কমতে পারে। কিন্তু এ মাসের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বললেই চলে।সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর যদি তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র শৈত্যপ্রবাহ হয় তখনই, যখন তাপমাত্রা থাকে ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ। আবুল কালাম মল্লিক বলেন, এবার শীতের তীব্রতা খানিকটা বেশি হতে পারে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল শনিবারের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, এই লঘুচাপের প্রভাব সাধারণত শ্রীলঙ্কার উপকূলে পড়ে। বাংলাদেশের উপকূলে এর প্রভাব তেমনটা অনুভূত হয় না। তবে দূরবর্তী প্রভাব পড়তে পারে। তবে সেই প্রভাব এখনো বোঝা যাবে না।

ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ডিসেম্বরে

ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ডিসেম্বরে পদ্মা সেতু হয়ে বহুল প্রতীক্ষিত ঢাকা-বেনাপোল সেকশনে ট্রেন সেবা আগামী ২ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। ওইদিন সকাল ৬টায় খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। পদ্মা রেল লিঙ্কের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার ব্যাপারে আমরা আশাবাদী। এক্ষেত্রে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ২ ডিসেম্বর সকাল ৬টায় কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস একই দিন বেলা ১১টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রকল্প পরিচালক জানান, ঢাকা থেকে বেনাপোল মোট যাত্রার সময় হবে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা। নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। আফজাল হোসেন বলেন, ‘সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক (জিআইবিআর) ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত লাইন সফলভাবে দুই দিনের পরিদর্শন শেষ করার পর এ অগ্রগতির কথা জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৯ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩১ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২০ জন রোগী। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। এইসব রোগীর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

টিটিসিতে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

টিটিসিতে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে ১৮ ধরনের পেশার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরি করা হচ্ছে। এসব পেশার তরুণ যুবকরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশে এবং বিদেশে কর্মক্ষেত্রে যাচ্ছেন। এছাড়া দেশের উত্তরাঞ্চলের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বগুড়া প্রথম, পাবনা দ্বিতীয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। আজ দুপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি এই সেমিনারের আয়োজন করে। টিটিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক আব্দুস সামাদ। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। বিদেশ গমনেচ্ছুদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন নূরে আলমসহ অন্যরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই সেমিারের আয়োজন করা হয়। এতে বিদেশ গমনেচ্ছু শতাধিক কর্মীসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বিদেশ যেতে দালালের ফাঁদে পা দেবেন না। বিদেশে যাবার আগে পরিকল্পনা করুন কোন দেশে যাবেন, সেই দেশের ভাষা ভালোভাবে রপ্ত করে নিন, যে কাজের জন্য যাবেন, সেই কাজে দক্ষতা অর্জন করে বৈধপথে যাবেন তাহলে প্রতারণার শিকার হতে হবে না। সেমিনার সঞ্চালনা করেন টিটিসির সিনিয়র শিক্ষক সাঈদী হোসেন। এর আগে টিটিসিতে কোরিয়ান ভাষা ল্যাব উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’-স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ সকালে কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এরপর ইনিষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে গণপূর্ত আবাসিক এলাকা চত্বরে আলোচনা সভা হয়। এসময় বক্তব্য দেন, আইডিইবি’র জেলা সভাপতি মেহেদী খান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সত্যজিৎ রায়, সাধারণ সম্পাদক নুরুল আওলিয়া বাবুল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রক্টর মোখলেসুর রহমানসহ অন্যরা। তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতার সাথে বিভিন্ন সেক্টরে কাজ করছে। দেশের অগ্রগতিতে তাঁরা প্রসংসনীয় ভূমিকা রাখছে। কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে প্রকৌশলীদের এক হয়ে কাজ করার পরামর্শ দেন বক্তারা।

ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন

ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করা হয়। আজ সকালে ভোলাহাট কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান। জেলা নির্বাচন অফিসার জানান, যারা ২০০৮ হতে ২০১৭ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ১৮ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ১ হতে ৬নং ওয়ার্ডের ভোটারা আগামী ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর ভোলাহাট কলেজে হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। এছাড়াও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ভোটারা তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। বাঁকী গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। উলে¬খিত সময়সূচী অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটারের নিকট সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু সদর উপজেলার আতাহার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল মেকানিক আব্দুল আলিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোঁয়াপুকুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। বালিয়াডাঙ্গা মোড়ে তাঁর মোটরসাইকেল ওয়ার্কশপ রয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহি ও চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকার মফিজের ছেলে আব্দুল আজিম। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ ভোররাত পৌনে ৩টার দিকে হতাহত দু’জন একই মোটরসাইকেলযোগে প্রায় ফাঁকা সড়কে সদর উপজেলার আমনুরা এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসছিল। মোটরসাইকেলের দ্রুতগতির কারণে তারা আতাহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মেকানিক আলিম নিহত হন। আহত আজিমকে পাঠানো হয় হাসপাতালে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষে আবদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, খবর পাবার পর এ্যাম্বুলেন্সসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে।