টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় থাকবে সাপ্তাহিক ছুটি। আগামী ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উপলক্ষে আর একটি ধর্মীয় ছুটিও থাকবে। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।

ভোটের ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না : ইসি সচিব

ভোটের ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কোনো অবস্থাতেই দীর্ঘায়িত করা হবে না বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এখন ইলেকশন রেজাল্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। সব ধরনের সুযোগ নিশ্চিত করতে চাই। কে কত ভোট পেলেন দ্রুত জানিয়ে দেব। পোস্টাল ব্যালটের জন্য ভোট গণনায় একটু বেশি সময় লাগতে পারে। কোনো অবস্থাতেই ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না। আজ রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯ আসনে ব্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা জানিয়েছেন আইজিপি

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা জানিয়েছেন আইজিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স—এই নিয়ে নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে। সারা দেশে ২৪ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার মাধ্যমে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। কোনো কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটলে প্রয়োজনে সেই কেন্দ্র এমনকি সংশ্লিষ্ট আসনের ভোটও স্থগিত করা হবে। এদিকে, যানবাহন চলাচল বিধিনিষেধের বিষয়ে গত ১ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটগ্রহণের দিন ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামীকাল দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা।

দেশে এসেছে ৪ লাখ ৭২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ ৭২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

জনসভা, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত

জনসভা, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় শেষ হয়েছে। তাই ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল পর্যন্ত সকল ধরণের মিছিল, জনসভা বা শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।  

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। ১২ হাজার ৩৮৫ জনকে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ- এ ৮টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। বর্তমান কমিশনের লক্ষ্য ছিল পরীক্ষা গ্রহণের পর দ্রুততম সময়ে ফলাফল প্রস্তুত করা, যাতে চাকরিপ্রার্থীদের দীর্ঘসূত্রতার কবলে পড়তে না হয়।

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩-টিআইবি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩-টিআইবি বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। আজ বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকায় ২০২৪ সালে দেশের অবস্থান ছিল ১৪তম, যা ২০২৫ সালে এসে দাঁড়িয়েছে ১৩তম। টিআইবির তথ্যমতে, সূচকটি ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগ সেতু বন্ধে ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগ সেতু বন্ধে ট্রাম্পের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও কানাডার সংযোগকারী একটি নবনির্মিত সেতুর উদ্বোধন আটকে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন তার উত্তরের প্রতিবেশী রাষ্ট্রটিকে যা কিছু দিয়েছে, তার জন্য ‘পূর্ণ ক্ষতিপূরণ’ না পাওয়া পর্যন্ত এই পদক্ষেপ বহাল থাকবে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডার অন্টারিও প্রদেশ এবং যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সংযোগকারী গর্ডি হাউ আন্তর্জাতিক সেতুটি ততক্ষণ পর্যন্ত খুলবে না, যতক্ষণ না অটোয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই ন্যায্য ও সম্মানজনক আচরণ করছে যার দাবিদার আমরা।

অনড় সিদ্ধান্তে শাস্তি নয় পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

অনড় সিদ্ধান্তে শাস্তি নয় পুরস্কার পাচ্ছে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। উল্টো পুরস্কার হিসেবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশকে করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সংস্থাটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানোর পর গতকাল আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা হয়। আজ রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন তিনি।

সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ধর্মীয় সংখালঘুদের নিরাপত্তা, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ সহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটি। আজ সকাল সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. প্রভাত টুডু। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখালঘুরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য বিশেষ নিরাপত্তা দিতে হবে। নির্বাচন পূর্ব ও পরে এ জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। নির্বাচন কমিশনকে এজন্য আরও সক্রিয় হতে হবে। কোন ভয়ভীতি,হুমকির ঘটনা ঘটলে তাৎক্ষনিক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে উত্তরবঙ্গ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী একজন টেকনোক্র্যাট মন্ত্রী এবং সংরক্ষিত আসনে একজন সংসদ সদস্য করার ঘোষনা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভোটের প্রতি সচেতনতা ও আস্থা বাড়াতে সংশ্লিস্টদের আরও কাজ করতে হবে। প্রভাত টুুডু আরও বলেন, আমরা আর প্রতিশোধমূলক রাজনীতি চাই না। বরং শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক রাজনীতি চাই। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, রাজশাহী মহানগর কমিটির সভাপতি সুমি মুরমু, চাঁপাইনবাবগঞ্জের কোল সম্প্রদায়ের নেত্রী রুমালী হাসদা, রাজোয়াড় সম্প্রদায়ের নেত্রী কুটিলা রাজোয়াড়, আদিবাসী নেত্রী মনিকা সরেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।