এখন ‘খামোশ’ বলতেও অনুমতি লাগবে!

এখন ‘খামোশ’ বলতেও অনুমতি লাগবে! বলিউডের বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সিনেমায় তার কিছু সংলাপ কাল পরিক্রমায় এখনো টিকে আছে। গুরুগম্ভীর গলায় তার বলা ‘খামোশ’ সংলাপটি এখনো কানে বাজে। ১৯৭৮ সালে ‘বিশ্বনাথ’ সিনেমায় এই সংলাপ বলেছিলেন শত্রুঘ্ন। গল্প-আড্ডায় তো বটেই, এই সংলাপ আজও ব্যবহার করা হয় নানা সিনেমা-সিরিজে। ঠিক এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন শত্রুঘ্ন। বিনা অনুমতিতে এই সংলাপ ব্যবহার বন্ধ করতে আদালতে গেলেন এই অভিনেতা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ নিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। শত্রুঘ্নর পক্ষ থেকে মামলাটি দায়ের করেছেন তার ছেলে লাভ সিনহা। অভিনেতার অভিযোগে, তার সংলাপ তো বটেই, সেই সঙ্গে ছবি-কণ্ঠস্বরও হরহামেশাই নানা প্ল্যাটফর্মে ব্যবহার করা হচ্ছে। আর এসব কনটেন্ট বাণিজ্যিকভাবেও দারুণ ব্যবসা করছে। শত্রুঘ্ন আদালতকে জানিয়েছেন, কোথাও তার অনুমতি নেওয়া হয়নি। মেটা, এক্স, গুগলসহ আন্তর্জাতিক টেক সংস্থা, ই-কমার্স সংস্থা, ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিকম বিভাগের নামও মামলায় উল্লেখ করা হয়েছে। কোনো সংস্থা কিংবা ব্যক্তি যাতে তার অনুমতি ছাড়া ‘খামোশ’ শব্দটি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আদালতের সাহায্য চেয়েছেন অভিনেতা। পাশাপাশি ২০ কোটি রুপি ক্ষতিপূরণও চেয়েছেন এই তারকা।

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। আজ বিকেল ৪টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। তাকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর তারেক রহমান শপথ গ্রহণের দুই নথিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করার পর শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদেরও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে জয়লাভ করা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এছাড়া ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়। যাদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ থাকছেন যারা

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ থাকছেন যারা সংসদে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হিসেবে কারা দায়িত্ব পালন করবেন সে বিষয়টি পরিষ্কার করেছেন জামায়াত জোট। আজ গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে জানানো হয়। তথ্যমতে, সংসদে বিরোধী দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এরআগে, দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের এমপিরা।

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। জানা গেছে, ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্যও আবেদন করা হয়েছে। উল্লেখ্য, গণভোটের ফলাফল অনুযায়ী, ‎মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ আর না ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সকল মুসলিম নাগরিকদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় রবিবার দেশটির সুপ্রিম কোর্ট আজ সন্ধ্যায় নাগরিকদের চাঁদ দেখার এ আহ্বান জানানো হয়। মুসলিম বিশ্ব চন্দ্রবর্ষ অনুসরণ করায় সাধারণত মাস ২৯ বা ৩০ দিনের হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ শাবান মাসের ২৯ তারিখ। এদিন সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে দেশটিতে রমজান মাস গণনা শুরু হবে। চাঁদ দেখার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে সৌদি কর্তৃপক্ষ।

বিশ্ব ক্রিকেটে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

বিশ্ব ক্রিকেটে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন কানাডার তরুণ ব্যাটার যুবরাজ সামরা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে নাম লেখালেন ১৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ৬৫ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলেন সামরা। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। মাত্র ৫৮ বলেই পূর্ণ করেন শতক। টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেও, পূর্ণ সদস্য দেশের বিপক্ষে শতক হাঁকানো প্রথম কনিষ্ঠ ব্যাটার হিসেবে গড়েছেন অনন্য নজির। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো সহযোগী দেশের ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি।

রমজানে ইংলিশ ফুটবলের ২ প্রতিযোগিতায় থাকছে ইফতার বিরতি

রমজানে ইংলিশ ফুটবলের ২ প্রতিযোগিতায় থাকছে ইফতার বিরতি পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের শীর্ষ দুই ফুটবল প্রতিযোগিতা ‘প্রিমিয়ার লিগ’ ও ইংলিশ ফুটবল লিগে’ আগের মতোই ম্যাচ চলাকালে সংক্ষিপ্ত বিরতির সুযোগ পাবেন খেলোয়াড়রা। এই বিরতিতে মুসলিম খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা ইফতার করতে পারবেন। আসছে রমজান মাসজুড়ে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে এ সময় সূর্যাস্ত সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হয়। ফলে শনিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের কিক-অফ ও রোববার বিকেল ৪টা ৩০ মিনিটের ম্যাচগুলোতেই মূলত বিরতির প্রয়োজন হতে পারে। ম্যাচের মাঝখানে খেলা থামিয়ে দেওয়া হবে না। এই বিরতি কোনোভাবেই দলীয় ড্রিঙ্কস ব্রেক বা কৌশলগত টাইম-আউট হিসেবে ব্যবহার করা যাবে না।

ভোক্তা অধিকারের বাজার তদারকি : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকারের বাজার তদারকি : তিন প্রতিষ্ঠানকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় পণ্যের মূল্য তালিকা টাঙানো না থাকাসহ বিভিন্ন কারণে তিনটি দোকানকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গরু ও খাসির মাংসের বাজার, মুরগি ও মাছের বাজার তদরকি করা হয়। বাজার তদারকি করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহী। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। বাজার তদারকির সময় দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে টাঙানোর পরামর্শ দেয়া হয় এবং মানহীন ও দেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য বিক্রেতাদের বলা হয়। দোকানদারদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়। আইন অমান্য করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও সতর্ক করা হয়। এসময় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আরিফ হোসেন নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর উপস্থিতিতে আদেশ ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল হক নামে অপর আসামীকে বেকসুর খালাস দেয় আদালত। দন্ডিত আরিফ শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউন্যিযনের নামোজগন্নাথপুর দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১১ মার্চ র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হন আরিফ। এঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় একমাত্র তাঁকে আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) লূৎফর রহমান। ২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) এসলাম আলী দু’জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও যূক্তিতর্ক শেষে আাদালত আজ একমাত্র আরিফকে দোষী সাব্যস্ত করে মামলার সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.আখতারুজ্জামান জুয়েল।

রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ। সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) ফজলে এলাহী। এছাড়া দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি খাইরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভোজ্য তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার, মাংস, ডাল, চিনি, ছোলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়, সে বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়। ব্যবসায়ীদের প্রতি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া বাজার মনিটরিং জোরদার করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্যসেবা, কৃষি ও মৎস্য খাতের সরবরাহ স্বাভাবিক রাখা এবং খাদ্যপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যবস্থা সচল রাখার ওপর জোর দেওয়া হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ বলেন, রমজান মাসে কোনোভাবেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হতে দেওয়া হবে না। প্রশাসন, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের জন্য সহনীয় বাজার পরিস্থিতি নিশ্চিত করা হবে। সভায় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও নিয়মিত বাজার তদারকির নির্দেশনা প্রদান করা হয়।