হয়ে গেলো মেহজাবীনের বিয়ে

হয়ে গেলো মেহজাবীনের বিয়ে ঢাকার অদূরে একটি রিসোর্টে গতকাল রবিবার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। আজ বসবেন বিয়ের পিঁড়িতে। স্বামী আদনান আল রাজীব পেশায় প্রযোজক ও পরিচালক। তাদের দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি হতে চলেছে আনুষ্ঠানিকতার মাধ্যমে। গতকাল সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে গায়ে হলুদের অনুষ্ঠান। এ তারকা জুটির গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের লোকজন। একই ভেন্যুতে আজ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে বিয়েতে ছবি তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া এ তারকা জুটির ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানান, গায়ে হলুদের ছবি তোলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। যাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা তাদেরকে ছবি না তোলার জন্য বারবার বলা হয়েছে। তাদের ভাষ্য, আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজে বিয়ের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করবেন। এরপর অন্যরা ছবি-ভিডিও শেয়ার করতে পারবেন। গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা। প্রসঙ্গত, ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।
অ্যাকশন দৃশ্যের স্টান্ট করতে গিয়ে আহত গুরু

অ্যাকশন দৃশ্যের স্টান্ট করতে গিয়ে আহত গুরু সেটে অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে আহত হয়েছেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা গুরু রানধাওয়া। ‘শাওনকি সর্দার’ সিনেমার শুটিংয়ের সময় ঘটে এ দুর্ঘটনা। হাসপাতালের বিছানা থেকেই একটি ছবি শেয়ার করে দুর্ঘটনার কথা জানান গুরু রানধাওয়া। ওই ছবিতে দেখা যায়, গলায় সার্ভিক্যাল কলার। চেহারা আংশিক রক্তাক্ত। মাথায় ব্যান্ডেজ। চোখে-মুখে চোটের ছাপ স্পষ্ট। হাসপাতাল থেকে ছবি শেয়ার করে গায়ক-অভিনেতা বলেন, আমার প্রথম স্টান্ট। আমার প্রথম চোট। তবে মনোবল এখনও অটুট, সেটি ভাঙেনি। শাওনকি সর্দার ছবির সেটের স্মৃতি। এই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করা খুব কঠিন। হাসপাতালে গুরু রানধাওয়াকে এভাবে দেখে উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। এমনকি ম্রুণাল ঠাকুর, অনুপম খের, মিকা সিংয়ের মতো অনেক তারকারাও উদ্বেগ প্রকাশ করেন। গুরু রানধাওয়ারের ‘শাওনকি সর্দার’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা। সিনেমায় অভিনয় করলেও মূলত তিনি গায়ক। তাই তো তাকে অ্যাকশন হিরোর ভূমিকায় দেখতে মরিয়া দর্শক। আর সেরকম দৃশ্যের শুটিং করতে গিয়েই বিপদে পড়লেন তিনি।
গোমস্তাপুরের রাধানগরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

গোমস্তাপুরের রাধানগরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাধানগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আব্দুল রাকিব ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এসময় গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ উপস্থিত ছিলেন। সভায় ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। সভায় বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়ায়, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের উপর একটি নাটক প্রদর্শনী করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ে অংশ গ্রহণকারীর মতামত ও সুপারিশ নেয়া হয়।
সদর উপজেলার বালুগ্রামে বাজার সংযোগ সভা

সদর উপজেলার বালুগ্রামে বাজার সংযোগ সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার বালুগ্রামে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় বাজার সংযোগ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন দেন- প্রয়াসের স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাজেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা। এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ক্ষুদ্র উদ্যোক্তা পিকেএসএফ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় কোল্ড ওয়েল প্রেস মেশিনের মাধ্যমে সরিষার তেল উৎপাদন করে বিক্রি করছেন। তাদের ব্র্যান্ডিং তেলগুলো হচ্ছে- ‘মোস্তাফিজুর সরিষার তেল’, ‘গৌড় সরিষার তেল’ ও ‘কৃষক সরিষার তেল’। এসময় স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় বাজার সংযোগ সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
রাধাকান্ত পুর ফাজিল মাদ্রাসায় বিদায়বরণ অনুষ্ঠিত

রাধাকান্ত পুর ফাজিল মাদ্রাসায় বিদায়বরণ অনুষ্ঠিত শিবগঞ্জে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসায় দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার্থীদের বিদায় এবং আলিম প্রথম বর্ষ ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ হাসান আলীর সভাপতিত্বে এবং বাংলা প্রভাষক নুরতাজ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইকতেখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার উপাধ্যক্ষ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক সামশুল ইসলাম, সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, আনারূল ইসলাম, স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য একরামুল হক, অভিভাবক এবং ছাত্র ছাত্রীবৃন্দ।
আসন্ন রমজান মাসে নতুন অফিস সময় নির্ধারণ

আসন্ন রমজান মাসে নতুন অফিস সময় নির্ধারণ পবিত্র রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পুনর্বিন্যাস করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই সময়সূচি কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন-বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় বিশেষ আহ্বান সেনাপ্রধানের

দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় বিশেষ আহ্বান সেনাপ্রধানের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি পেশাদারির সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, আমরা ভেবেছিলাম, দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব। কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারির সঙ্গে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যত দিন না পর্যন্ত একটা নির্বাচিত সরকার পেয়ে যাই।
সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে চলবে যৌথ বাহিনীর প্যাট্রলিং

সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে চলবে যৌথ বাহিনীর প্যাট্রলিং রাজধানী ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আজ সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড প্যাট্রলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রেসসচিব শফিকুল আলম বলেন, রাজধানী ঢাকাসহ দেশের যেসব জায়গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে, বাড়বে চেকপোস্টও। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।
বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার ১০৩ পুলিশ কর্মকর্তার

বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার ১০৩ পুলিশ কর্মকর্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে ছিলেন এই ১০৩ পুলিশ কর্মকর্তা। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।
১৭ লাখ মৃত ভোটার ভোট দিয়েছে জানিয়েছে সিইসি

১৭ লাখ মৃত ভোটার ভোট দিয়েছে জানিয়েছে সিইসি ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার ছিল বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ওরাই কবর থেকে ভোট দিয়েছে। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল। আজ রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি-আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি নাসির উদ্দিন বলেন, সাংবাদিকদের সংগঠনগুলোতে সঠিক ভোট হয়। যদি সাংবাদিক সংগঠনগুলোর মতো নির্বাচন করা যেতো তাহলে ভালে হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নাই, কোনো কারচুপি নাই, অভিযোগও নাই।