ভারতীয় ওপেনারকে ‘স্লগার’ বলায় ব্যাখ্যা দিলেন আমির

ভারতীয় ওপেনারকে ‘স্লগার’ বলায় ব্যাখ্যা দিলেন আমির পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলায় তৈরি হওয়া বিতর্ক নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। স্বীকার করেছেন, অনেকেই তার এই মন্তব্য পছন্দ করেননি। তবে তিনি বলেন, কাউকে ছোট করা তার উদ্দেশ্য ছিল না। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৭৬ রানের বড় ব্যবধানে হারের পর একটি পাকিস্তানি টিভি চ্যানেলে কথা বলেন আমির। আমির আগে মন্তব্য করেছিলেন, বিশ্ব ক্রিকেটে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মার ডিফেন্সিভ টেকনিক যথেষ্ট নয় এবং কঠিন কন্ডিশনে মানসম্মত বোলারদের বিপক্ষে তিনি সমস্যায় পড়তে পারেন। সেই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। এবার আমির বলেন, “আমি একজন বোলারের দৃষ্টিকোণ থেকে তার টেকনিক নিয়ে কথা বলেছি। ‘স্লগার’ শব্দটি ব্যবহার করায় মানুষ কষ্ট পেয়েছে। কিন্তু আমার উদ্দেশ্য তাকে অপমান করা ছিল না। তার টেকনিক এমন যে ভালো বোলারা তাকে ফাঁদে ফেলতে পারে। সে যে ১৪ রান করেছে, সবই এক পাশে খেলেছে। যেসব বল মেরেছে, সেগুলো ছিল খারাপ ডেলিভারি। কিন্তু যখন কাগিসো রাবাদা ভালো লাইন-লেংথে বল করা শুরু করল, তখন সে মানিয়ে নিতে পারেনি।’ তবে অভিষেকের প্রশংসাও করেন আমির। ‘সে ভালো খেলোয়াড়। টানা তিনটি শূন্য করার পরও তার ইতিবাচক মানসিকতা একই আছে। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে অভিষেকের উদ্দেশে প্রকাশ্য বার্তাও দেন আমির। তিনি বলেন, ‘আমার বার্তা যদি তার কাছে পৌঁছায়, আমি বলব—আন্তর্জাতিক ক্রিকেটে তোমার টেকনিক ধরা পড়ে যায়। একটু ধৈর্য ধরো, বলের মেরিট অনুযায়ী খেলো, তাহলে আরো ভালো করবে। তার দক্ষতা আছে, এখন সে কিভাবে তা ব্যবহার করবে সেটাই আসল বিষয়।’ গ্রুপ পর্বে পেটের সংক্রমণে ভোগার পর সুপার এইট ম্যাচে ১২ বলে ১৫ রান করেন অভিষেক। একটি ছক্কা ও একটি চার মারলেও দক্ষিণ আফ্রিকার পেসারদের গতি ও ভ্যারিয়েশনে অস্বস্তিতে ছিলেন তিনি। শেষ পর্যন্ত মার্কো ইয়ানসেনের স্লোয়ার বলে আউট হন। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায়। তবে টিম ম্যানেজমেন্ট এখনো অভিষেকের পাশে রয়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদব স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালে ২১ ম্যাচে ৮৫৯ রান করে দলকে অনেক ম্যাচ জিতিয়েছিলেন অভিষেক। সহকারী কোচ রায়ান টেন ডুশাট বলেন, কোচিং স্টাফের কাজ হবে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। ভারত তাদের পরবর্তী সুপার এইট ম্যাচে ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ সেই ম্যাচে অভিষেক শর্মাকে একাদশে রাখা হয় কিনা।

ঈদুল ফিতরে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ, তবে-

ঈদুল ফিতরে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ, তবে- ঈদুল ফিতরে টানা ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এক দিনের ছুটি নিতে পারলেই টানা ৭ দিনের ছুটি ভোগ করবেন তারা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট ৫ দিন নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি। ১৮ মার্চ বুধবার ছুটি নিতে পারলে টানা ৭ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এদিকে ঈদুল ফিতরের পর পরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস। ২৭-২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। যদি কেউ ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম-প্রজ্ঞাপন জারি

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম-প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সকালে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে তিনটির। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা।

পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না। পুলিশের কার্যক্রমও দেখা হবে যেন জনভোগান্তি না হয়। সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যাতে ন্যায্য পাওনা ও সরকারি ভর্তুকি সহজে পান, তা নিশ্চিত করতেই এই স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। সভায় দেশের প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে কৃষক কার্ড চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কৃষক কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি এবং ডাটাবেজ তৈরির অগ্রগতি অবহিত করা হলে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের দিক-নির্দেশনা দেন।

নেপালের নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

নেপালের নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত নেপালে একটি যাত্রীবাহী বাস ছিটকে নদীতে পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। গতকাল গভীর রাতে নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় ত্রিশুলি নদীতে ঘটেছে এ দুর্ঘটনা। খবর এএফপির। জানা গেছে, মোট ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডু’র উদ্দেশে রওনা হয়েছিল। পিৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় দুর্ঘটনা বশত বাসটি পার্শ্ববর্তী ত্রিশুলি নদীতে উল্টে পড়ে। স্থানীয় সময় রাত ১ টা ৩০ মিনিটের দিকে ঘটে এ দুর্ঘটনা। দুর্ঘটনা কবলিত বাস এবং নদী থেকে মোট ১৮ জন যাত্রীর মরদেহ এবং ২৮ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন নাগরিক আছেন এবং তিনি পুরুষ। আর আহতদের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের দু’জন নারী আছেন। পর্যটক হিসেবে নেপালে এসেছিলেন তারা। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, দুর্ঘটনার জন্য বাসটির উচ্চগতি দায়ী।

শিবগঞ্জ ও গোমস্তাপুরে  রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট

শিবগঞ্জ ও গোমস্তাপুরে  রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে শিবগঞ্জে ৩টি ফলের দোকান ও একটি হোটেল মালিককে ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে শিবগঞ্জ বাজারে চালানো অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। তিনি বলেন, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিকেলে শিবগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে ৩টি ফলের দোকানকে দেড় হাজার টাকা এবং হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি আরও বলেন, রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক আশিক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোপালসহ অন্যরা। শিবগঞ্জ থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করে। এদিকে, গোমস্তাপুরে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শণ না করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে রহনপুর পৌর এলাকার স্টেশন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী ৩ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া তারাসহ অন্য ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে পণ্য তালিকা প্রদর্শণ করতে বলেন। অন্যথায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সর্তক করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে ভোক্তা কাছে সঠিক দামে পণ্য বিক্রির লক্ষে উপজেলা প্রশাসন বাজার তদারকি করা হয়। আজ বিকেলে রহনপুর স্টেশন বাজারে বাজার তদারকি করার সময় ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পণ্য তালিকা প্রদর্শণ না করায় অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারিক উপস্থিত ছিলেন।

জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচি

জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচি আগামীকাল ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে— আজ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়/গ্রীনভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয়/বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ এ শিশুদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একুশের প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচি পালিত হবে। বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ে যুব সমাজকে সম্পৃক্ত করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমে কর্মসূচির প্রচার এবং রেডিও মহান্দায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। গত ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।  

রমজানে বাড়ল সিএনজি স্টেশন বন্ধের সময়

রমজানে বাড়ল সিএনজি স্টেশন বন্ধের সময় পবিত্র রমজান মাসে ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন বলা হয়, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। অর্থাৎ, আগের তুলনায় আরও ৩ ঘণ্টা বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। মূলত গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি দূর করা এবং রমজানে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী 

প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।