ইউক্রেন যুদ্ধে সবদিক দিয়েই ব্যর্থ রাশিয়া বলেছেন ম্যাক্রোঁ

ইউক্রেন যুদ্ধে সবদিক দিয়েই ব্যর্থ রাশিয়া বলেছেন ম্যাক্রোঁ ইউক্রেন যুদ্ধের চতৃর্থ বার্ষিকীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ রাশিয়ার জন্য সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আজ এক এক্স বার্তায় ম্যাক্রোঁ লিখেছেন, একদিন রাশিয়ানরা তাদের নামে সংঘটিত অপরাধের মাত্রা, যে অজুহাতগুলো দেয়া হয়েছে তার অকার্যকারিতা এবং দেশের ওপর দীর্ঘমেয়াদী বিধ্বংসী প্রভাব উপলব্ধি করবে। এদিকে ইউক্রেন যুদ্ধের চতৃর্থ বার্ষিকীতে দেশটির সমর্থনে কিয়েভ সফর করছেন ইউরোপীয় নেতারা। আজ ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কস্টা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন কিয়েভে পৌঁছেছেন।
সেমিফাইনাল খেলতে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের করণীয়

সেমিফাইনাল খেলতে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের করণীয় ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেকায়দায় ভারত। গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবের দল সুপার এইটে এক হারেই সেমিফাইনাল খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে। ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও বড় ধাক্কা খেয়েছে গতকাল ২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১০৭ রানের বিশাল জয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার আর ওয়েস্ট ইন্ডিজের এই বড় জয়ের ফলে ভারতের নেট রান রেট (এনআরআর) ভালো রাখতে বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততেই হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে শিমরন হেটমেয়ারের ৩৪ বলে ৮৫ রান এবং রোভম্যান পাওয়েলের দ্রুতগতির অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। জবাবে জিম্বাবুয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং লক্ষ্য থেকে অনেক দূরে থাকতেই থেমে যায়। গুদাকেশ মোতি ৪টি উইকেট নেন। ভারত আগামীকাল চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। একই দিনে গ্রুপ ১-এর অন্য ম্যাচে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের সেমিফাইনাল ভাগ্য অনেকটাই নির্ভর করবে এই ম্যাচের ফলের ওপর। দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতের পথ কিছুটা সহজ হবে।
জয়ের লক্ষ্যে আজ ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

জয়ের লক্ষ্যে আজ ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সেমিফাইনাল দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করতে আজ শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সুপার এইট পর্বের হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে দুই দলের ৩১ বারের লড়াইয়ে ইংলিশরা জয় পেয়েছে ২০টিতে। বিপরীতে পাকিস্তানের জয় মাত্র ৯টি ম্যাচে। বাকি দুই ম্যাচের একটি টাই এবং অন্যটি পরিত্যক্ত হয়েছে।
নারী বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান-ভারত

নারী বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান-ভারত জুন-জুলাইয়ে বাংলাদেশ অংশ নেবে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাছাইপর্বে সাত ম্যাচের সাতটি জিতে অপরাজিত দল হিসেবে বাংলাদেশ পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট। প্রথমবারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ দল অংশ নেবে। সব মিলিয়ে ম্যাচ গড়াবে ৩৩টি। ১২ জুন টুর্নামেন্ট শুরু হবে। ২৪ দিনের রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষ কবে ৫ জুলাই। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল ম্যাচ। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি আজ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানকে। বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে – লর্ডস, ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল এবং ব্রিস্টল।
অবশেষে বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা

অবশেষে বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের পিঁড়িতে বসছেন। এমন খবরে এতোদিন নিশ্চুপ ছিলেন এ জুটি। অবশেষে নিরবতা ভেঙে বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন এ দুই তারকা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিজয়-রাশমিকার বিয়ের খবরে ভক্তরা যে উচ্ছ্বাস আর ভালোবাসা প্রকাশ করেছেন তাতে আবেগে আপ্লুত এ তারকা জুটি। স্যোশাল মিডিয়ায় তাই ভক্তদের উদ্দেশে এ তারকাযুগল দিয়েছেন আবেগী বার্তা। ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রাম স্টোরিতে এ জুটি লেখেন, আমাদের প্রিয় প্রেমী, আমরা কিছু পরিকল্পনা করার ও সিদ্ধান্ত নেওয়ার আগে থেকেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালোবাসার সঙ্গে আমাদের নাম দিয়েছিলে ‘বিরোশ’। এ জুটি আরও লেখেন, তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের সম্মানে আমাদের নাম একসঙ্গে হচ্ছে। তাই নাম হিসেবে আমরা বেছে নিয়েছি ‘বিরোশের বিয়ে’। শেষে এ তারকাযুগল লেখেন, ভালোবাসা নিয়ে আমাদের পাশে থাকায় তোমাদের ধন্যবাদ। এদিকে এমন পোস্টের পরই ভালোবাসা আর শুভেচ্ছার বন্যায় ভাসছেন বিজয়-রাশমিকা। বিয়ের খবরে সম্মতি জানালেও অবশ্য বিয়ের তারিখ বা ভেন্যু নিয়ে কোনো মন্তব্য করেনি এ জুটি। এদিকে দুই তারকার কাছের মানুষদের কাছ থেকে জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করছেন বিজয়-রাশমিকা। তবে বিয়ে ২৬ ফেব্রুয়ারি হলেও বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। পুরো আয়োজনের গোপনীয়তা রাখতে দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধব ছাড়া বাইরের কারও প্রবেশের অনুমতি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। বিয়ের মুহূর্ত একান্তই ব্যক্তিগত করে তুলতে এবং পুরো সময়টা নিজেদের মতো করে উদ্যাপন করতেই জীবনের বিশেষ দিন নিয়ে এমন সিদ্ধান্ত দুই তারকার। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকা।
কলকাতার রাস্তায় অ্যাকশন মুডে শাকিব খান

কলকাতার রাস্তায় অ্যাকশন মুডে শাকিব খান মুখে ঘন দাড়ি-গোঁফ। মাথায় লালচে রঙের এলোমেলো চুল। দুপুরের রোদ পড়েছে চোখে-মুখে। বুক খোলা জিনসের জ্যাকেটের ভিতর থেকে শার্টের উঁকিঝুঁকি। বাইকে চেপে কলকাতার বৌবাজারের মাধো ভবনের বাইরে গিয়ে দাঁড়ান ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে কলকাতায় অবস্থান করছেন শাকিব খান। কলকাতার রাস্তায় সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শট দেওয়ার সময়ে এই চিত্র পাওয়া যায়। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রীলঙ্কায় শুটিংয়ের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতায় নিঃশব্দে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। হাওড়া, বৌবাজার, আলিপুর জেল হয়ে ভারতলক্ষ্মী স্টুডিও—সর্বত্র শাকিব খানের গতিবিধি। কলকাতার পর ‘প্রিন্স’ টিম হায়দরাবাদে উড়ে যাবে। হাওড়ার একটি বন্ধ কারখানায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি সারা রাত সেখানে দৃশ্যধারণের কাজ হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি, বৌবাজারের মাধো ভবন ও মধ্য কলকাতার ক্রসিংয়ের বিশাল এলাকায় শুটিং হয়েছে। শাকিবের সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুন্ডু, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের মতো একঝাঁক তারকা। এ সিনেমায় ক্যামেরার কাজ সামলাচ্ছেন বলিউডের অমিত রায়, শৈলেশ অবস্থী। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন অমিত। ‘প্রিন্স’ দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে আবু হায়াত মাহমুদের। এর আগে অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। তাছাড়া ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছে ক্রিয়েটিভ ল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
ভয়াবহ তুষারঝড়ে নিউ ইয়র্ক সিটিতে ঝুঁকিতে ৫ কোটি মানুষ

ভয়াবহ তুষারঝড়ে নিউ ইয়র্ক সিটিতে ঝুঁকিতে ৫ কোটি মানুষ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড় আঘাত হানতে শুরু করেছে। এর ফলে প্রায় ৫ কোটি ৯০ লাখ মানুষ আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে। ঝড়ের কারণে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি এবং রোড আইল্যান্ডসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তুষারঝড়ের কারণে বেশ কিছু রাজ্য যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল এবং কানাডার মেরিটাইম অঞ্চলের একটি বড় অংশ এই ঝড়ের কবলে থাকবে। ধারণা করা হচ্ছে, এটি গত এক দশকের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ‘নর’ইস্টার’ ঝড় হতে যাচ্ছে, যা প্রচুর তুষারপাত, তীব্র বাতাস এবং উপকূলীয় বন্যার কারণ হবে। পাওয়ারআউটলেজ ডট ইউএস-এর তথ্যমতে, নিউ জার্সিতে ইতোমধ্যেই ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভার্জিনিয়া, ডেলাওয়্যার এবং ম্যারিল্যান্ডেও হাজার হাজার মানুষ অন্ধকারে রয়েছে। এছাড়া প্রায় ৩ হাজার ৯০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
লেভান্তেকে ৩-০ ব্যবধানে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লেভান্তেকে ৩-০ ব্যবধানে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা লা লিগার শিরোপা লড়াইয়ে আবারও পাল্টে গেল দৃশ্যপট। লেভান্তের বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে কাতালানরা। এখন তাদের হাতে এক পয়েন্টের লিড। মৌসুমের শুরুতে একই প্রতিপক্ষকে হারাতে শেষ মুহূর্তের গোলের প্রয়োজন হয়েছিল। কিন্তু পরপর দুটি হার আত্মবিশ্বাসে চিড় ধরালেও ন্যু ক্যাম্পে দলটি খেলেছে দৃঢ়তা আর ছন্দে ভর করে। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। শুরুতেই এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। এরপর সুযোগ আসে একের পর এক। রাফিনিয়া ও রবার্ট লেভানদোভস্কি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেননি। তবে আধাঘণ্টা পেরোতেই দ্বিতীয় গোল। লামিন ইয়ামাল, বের্নাল ও ক্যানসেলোর দারুণ সমন্বয়ে তৈরি সুযোগ থেকে ফ্রেঙ্কি ডি ইয়ং ছয় গজ বক্সে ভেসে আসা বল ঠেলে জালে পাঠান। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর লিগে গোল পেলেন নেদারল্যান্ডসের এই মিডফিল্ডার। শেষবার গোল করেছিলেন গত বছরের জানুয়ারিতে। বিরতির পরও দাপট ছিল বার্সার। কর্নার থেকে ক্যানসেলো ও গার্সিয়ার হাফ চান্স, লেভানদোভস্কি ও দানি অলমোর প্রচেষ্টা; সব মিলিয়ে চাপ ধরে রাখে তারা। গোলরক্ষক ম্যাট রায়ান কয়েকটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি। শেষ ২৫ মিনিটে কোচ হানসি ফ্লিক একসঙ্গে তিন পরিবর্তন এনে নতুন গতি যোগ করেন। মাঠে নামেন ফার্মিন লোপেজ, ফেরান তোরেস ও চোট কাটিয়ে ফেরা পেদ্রি। ম্যাচের শেষ দশ মিনিটে লোপেজ যেন ঝড় তুলে দেন। প্রায় পঁচিশ গজ দূর থেকে বাঁ পায়ের প্রচণ্ড শটে বল জড়িয়ে যায় জালের কোণে। গোলরক্ষক রায়ান শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি। সেই গোলেই নিশ্চিত হয় বড় জয়। এই জয়ে এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। টানা দুটি হারের পর এমন পারফরম্যান্স দলটির আত্মবিশ্বাসে নতুন প্রাণ সঞ্চার করেছে। এখন চাপটা রিয়াল মাদ্রিদের কাঁধে।
ভারতরত্নপ্রাপ্ত কিংবদন্তি কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী

ভারতরত্নপ্রাপ্ত কিংবদন্তি কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী ভারতরত্নপ্রাপ্ত কিংবদন্তি সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে অভিনয় করত যাচ্ছেন সাই পল্লবী। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে এম এস সুব্বুলক্ষ্মী এক উজ্জ্বল নক্ষত্র। এমন এক ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করে তোলা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ— আর সেই চ্যালেঞ্জই গ্রহণ করেছেন সাই পল্লবী। নাম চূড়ান্ত না হওয়া এই বায়োপিক পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি। দীর্ঘদিন ধরেই প্রকল্পটি নিয়ে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছিল। নির্মাতাদের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। ঘোষণার আগেই সুব্বুলক্ষ্মীর চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন সাই পল্লবী। কিংবদন্তি এই শিল্পীর জীবন, পরিবেশনা ভঙ্গি এবং শাস্ত্রীয় সংগীতের ধারা নিয়ে গভীর গবেষণা করছেন তিনি। অভিনয়জীবনে চরিত্রের গভীরে প্রবেশের জন্য পরিচিত সাই পল্লবী বরাবরই বাণিজ্যিক সাফল্যের চেয়ে গল্প ও চরিত্রকে বেশি গুরুত্ব দেন। অন্যদিকে, বড় বাজেটের সায়েন্স ফিকশন চলচ্চিত্র কল্কি ২৮৯৮ এডি-এর সিকুয়েল নিয়েও নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবে সত্যি হলে একদিকে যেমন থাকবে শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ, অন্যদিকে প্যান-ইন্ডিয়া প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হওয়ার সুযোগ।
শাস্তি পাচ্ছেন না লিওনেল মেসি করেননি নিয়মভঙ্গ

শাস্তি পাচ্ছেন না লিওনেল মেসি করেননি নিয়মভঙ্গ লস অ্যাঞ্জেলেসে ৩–০ গোলে হারের পর ক্ষুব্ধ দেখা যায় ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসিকে। ম্যাচ চলাকালীন তাকে রেফারির সঙ্গে কথা-কাটাকাটি করতে দেখা যায়। খেলা শেষের পরও তাকে প্রতিবাদ জানাতে দেখা যায়, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে দেখা যায়, রেফারি দল স্টেডিয়ামের ভেতরে তাদের কক্ষে প্রবেশ করছে। ওই সময় মেসিও তাদের দিকে এগিয়ে যান। ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। তবে সতীর্থ লুইস সুয়ারেজ তাকে ধরে ফিরিয়ে আনেন এবং দুজন একসঙ্গে নিজেদের দলের কক্ষে ফিরে যান। অনেকের ধারণা ছিল, মেসি রেফারিদের কক্ষে প্রবেশ করেছেন, যা করলে তাকে ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারত। তবে বিষয়টি নিয়ে তদন্ত চালায় মেজর লিগ সকার কর্তৃপক্ষ। প্রথমদিকে স্পষ্ট ছিল না, মেসি আসলে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন কি না। তবে তদন্ত শেষে সংশ্লিষ্ট সংস্থা জানায়, তিনি কর্মকর্তাদের বিশ্রামকক্ষে প্রবেশ করেননি এবং নিয়মভঙ্গের মতো কোনো কাজও করেননি। ম্যাচ শেষে কোনো কর্মকর্তাও তার বিরুদ্ধে অভিযোগ করেননি। এদিকে ‘মায়ামি হেরাল্ড’-এর সাংবাদিক মিচেল কুপম্যান জানান, মেসি যে দরজা দিয়ে গিয়েছিলেন সেটি রেফারিদের কক্ষ ছিল না এবং সেটি নিষিদ্ধ এলাকাও নয়। রেফারিদের কক্ষ ছিল সিঁড়ি বেয়ে ওপরে, আলাদা দরজা ও সতর্কতামূলক চিহ্নসহ। ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে মেসিকে রেফারির ওপর ক্ষুব্ধ হতে দেখেননি বলে জানান। তার ভাষায়, ‘না, আমি কিছু দেখিনি। ম্যাচ শেষ হতেই আমি কক্ষে চলে যাই। বর্তমানে শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে কোনো শাস্তির ঘোষণা আসেনি। সাধারণত পরবর্তী ম্যাচ সপ্তাহের আগেই এ ধরনের সিদ্ধান্ত জানানো হয়। তদন্তে নিয়মভঙ্গের প্রমাণ না পাওয়ায় মেসি নিষেধাজ্ঞা এড়াতে যাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে। ফলে তিনি পরবর্তী ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারবেন।