মার্কিন কৃষি বিভাগে ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত 

মার্কিন কৃষি বিভাগে ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চুক্তিবদ্ধ ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত করেছে মার্কিন কৃষি বিভাগ। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সরকারি সংস্থাটি বলেছে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানসহ প্রতিপক্ষের কাছ থেকে ‘মার্কিন খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে’ জাতীয় নিরাপত্তা পর্যালোচনার পর তারা চুক্তিবদ্ধ এসব গবেষককে বরখাস্ত করেছে। একজন মুখপাত্র বলেছেন, মার্কিন কৃষি বিভাগের চুক্তিতে কাজ করার জন্য অনুমোদিত ব্যক্তিদের মধ্যে একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা সম্পন্ন হয়েছে এবং উদ্বেগজনক দেশ থেকে প্রায় ৭০ জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, উদ্বেগজনক দেশগুলোর এই চুক্তিতে কর্মরত ব্যক্তিরা আর মার্কিন কৃষি বিভাগের প্রকল্পগুলোতে কাজ করতে পারবেন না। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স ৮ জুলাই একটি ‘কৃষি সুরক্ষা পরিকল্পনা’ ঘোষণা করেছিলেন। এতে চারটি দেশের নাগরিকদের মার্কিন কৃষিজমি ক্রয় নিষিদ্ধ করার প্রচেষ্টা এবং তাদের সঙ্গে বিদ্যমান যে কোনো গবেষণা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোলিন্স বলেন, মার্কিন খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপগুলো প্রয়োজনীয়।

কারিনা কাপুরের প্রেমিক জেন-জি অভিনেতা 

কারিনা কাপুরের প্রেমিক জেন-জি অভিনেতা বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করে চলেছেন কারিনা কাপুর খান। দুই সন্তানের জননী ও নবাব পরিবারের ‘শেষ বেগম’ হিসেবে ঘর-সংসার ও ক্যারিয়ার—দুইই দারুণভাবে সামলাচ্ছেন এই অভিনেত্রী। ২০২৩ সালে খান-কাপুর ও দেওলদের দাপুটে প্রত্যাবর্তনের পর বলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। কারিনা কাপুর খান এবার পর্দায় হাজির হতে যাচ্ছেন একদম নতুন এক রূপে। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী একটি নতুন ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম ও ফিল্মফেয়ারের খবরে বলা হয়েছে, ছবিটির চিত্রনাট্য লিখছেন হুসেইন দালাল, যিনি আগে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-এর স্ক্রিপ্টেও কাজ করেছেন। একটি সূত্রের বরাতে ডেকান ক্রনিকল জানায়, ‘কারিনাকে ঘিরে তৈরি হওয়া এই ব্যতিক্রমধর্মী ভূতের গল্পটি জঁরার দিক থেকে নতুনত্ব আনবে। স্ক্রিপ্টটি অনেকটা মজার ধাঁচের, প্রচলিত ধারা থেকে আলাদা এবং কারিনা এই চরিত্রে একদম মানিয়ে গেছেন।’ ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এতে বয়সের দিক থেকে কারিনার চেয়ে অনেক ছোট অভিনেতার সঙ্গে তার রোমান্স। যদিও এখনও তরুণ এই অভিনেতার নাম প্রকাশ করা হয়নি, তবে বলা হচ্ছে তিনি বয়সে কুড়ির কোঠায়। বিষয়টি ঘিরে বলিউডে ফের উঠে এসেছে ‘বয়সের ব্যবধান’ নিয়ে পুরনো বিতর্ক। সম্প্রতি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিতে ১৮ বছর বয়সী সারা অর্জুনের সঙ্গে জুটি বাঁধার প্রসঙ্গেও তীব্র আলোচনা হয়, যেমনটি অতীতে সালমান খান, অক্ষয় কুমার কিংবা অজয় দেবগনের ক্ষেত্রেও দেখা গেছে। কারিনা সর্বশেষ দেখা গেছেন রোহিত শেঠির ‘সিংঘম এগেইন’ ছবিতে, যেখানে অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অক্ষয় কুমারসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। এদিকে ভূতের চরিত্রের পাশাপাশি কারিনা এখন ব্যস্ত মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ নিয়ে। এ ছবিতে তার বিপরীতে থাকবেন প্রিথ্বিরাজ সুকুমারান। সমাজ সচেতন ও অপরাধভিত্তিক গল্পের এই থ্রিলার ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষভাগে অথবা ২০২৬ সালের শুরুর দিকে। তবে নতুন ভূতের এই ছবিটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ছবিটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আজ হাসপাতালে নতুন রোগী ১১৪

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আজ হাসপাতালে নতুন রোগী ১১৪ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন প্রাণ হারিয়েছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন ডেঙ্গুরোগী। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৬১ জন মারা গেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৩৯৫ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৪১ দশমিক ৩ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ ১৫ হাজার ১১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 নতুন দিগন্ত উন্মোচন করেছে ছাত্র-জনতার অভ্যুত্থান: আসিফ

নতুন দিগন্ত উন্মোচন করেছে ছাত্র-জনতার অভ্যুত্থান: আসিফ ছাত্র-জনতার গৌরবোজ্জ্বল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজ সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে তিনি বলেন, অভ্যুত্থানের সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-যোদ্ধাসহ আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।

ঢাকায় বাতাসের মান ৬০ স্কোর নিয়ে ‘সহনীয়’

ঢাকায় বাতাসের মান ৬০ স্কোর নিয়ে ‘সহনীয়’ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকা ৩৯ নম্বর স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৬০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। আজ বেলা ১২টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা ১৭৬। এরপরেই রয়েছে উগান্ডার কাম্পালা ১৫৩, ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৩, ব্রাজিলের সাও পাওলোর স্কোর ১৫১। এসব শহরের বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তথ্য জালিয়াতি করলে যুক্তরাষ্ট্র প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা

তথ্য জালিয়াতি করলে যুক্তরাষ্ট্র প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা মার্কিন ভিসাপ্রার্থীরা ভুয়া নথিপত্র দাখিল বা তথ্য গোপন করলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হতে পারে। আজ ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। দূতাবাস জানায়, কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় জানেন। তথ্য গোপন করা বা ভুয়া কাগজপত্র দাখিল করা গুরুতর অপরাধ। এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলা।  

ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সুভরিদেঙ্কো

ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সুভরিদেঙ্কো রাশিয়ার আগ্রাসনের ৩ বছর পর ইউক্রেনে সবচেয়ে বড় সরকার পুনর্গঠনের অংশ হিসেবে নতুন প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ পদে রদবদল করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল পার্লামেন্টে অনুমোদনের পর ৩৯ বছর বয়সী ইউলিয়া সুভরিদেঙ্কো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ডেনিস স্যামিহালের স্থলাভিষিক্ত হলেন যিনি ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। সুভরিদেঙ্কো এর আগে প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সুভরিদেঙ্কো সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান, তিনি ইউক্রেনের অস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীকে শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে জোর দেবেন।

রাত পোহালে সোহানদের ফাইনাল আগামীকাল

রাত পোহালে সোহানদের ফাইনাল আগামীকাল গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগ (জিএসএল) পৌঁছে গেছে শেষ প্রান্তে। শিরোপা ধরে রাখার মিশনে এখন প্রস্তুত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি এবারও দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছে ফাইনালে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। এবারের আসরে রংপুর রাইডার্সের অন্যতম চমক ছিল সাকিব আল হাসানকে হারিয়ে ফাইনালে ওঠা। এই টুর্নামেন্টে সাকিব খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে, কিন্তু সোহান বাহিনীই ছিটকে দেয় সাকিবের দলকে। রংপুর রাইডার্সের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের একঝাঁক পরিচিত মুখ। সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাইফ হাসান, রাকিবুল হাসান, খালেদ আহমেদ ও আবু হায়দার রনি। বিদেশি কোটায় আছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান, পাকিস্তানের ইফতিখার আহমেদ, দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, যুক্তরাষ্ট্রের হয়ে খেলা ভারতীয় ক্রিকেটার হারমিত সিং, পাকিস্তানের আকিফ জাভেদ এবং খাওয়াজা নাফি। টুর্নামেন্ট জুড়ে ব্যাট-বলে সমন্বিত পারফরম্যান্সে আলো ছড়ানো রংপুর এখন তাকিয়ে ব্যাক-টু-ব্যাক শিরোপার দিকে।

ভুটান লিগে সাবিনা-ঋতুপর্ণাদের গোলবন্যা

ভুটান লিগে সাবিনা-ঋতুপর্ণাদের গোলবন্যা দেশের ফুটবলে নারী লিগ না হওয়ায় ভুটান লিগে খেলছেন একাধিক নারী ফুটবলার। যার মধ্যে পারো এফসি হয়ে সর্বোচ্চ ৪ জন ফুটবলার। প্রতি ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাচ্ছেন সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া, মনিকারা। সর্বশেষ গতকাল ফুন্টশোলিং হিরোস এফসি বিপক্ষে মাঠে নামে পারো এফসি। ম্যাচের ফুন্টশোলিং হিরোসের বিপক্ষে ২২-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাবিনা-ঋতুপর্ণারা। ম্যাচের মাত্র দুই মিনিটে ঋতুপর্ণার গোলে গোল উৎসব শুরু করে পারো এফসি। প্রথমার্ধে দুই দলের স্কোর লাইন দাঁড়ায় ১২-০। বিরতির পর আরও ১০টি গোল হজম করে ফুন্টশোলিং হিরোস। সর্বোচ্চ ৭ গোল করে ম্যাচসেরা হন সাবিনা খাতুন। এছাড়াও ডাবল হ্যাটট্রিক করেন দুর্দান্ত ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমা। সেইসঙ্গে ৪ টি গোল করেন সুমাইয়া এবং জোড়া গোল করেন মনিকা চাকমা।

নাচোলে ফল সংরক্ষণে মিনি হিমাগার নির্মাণ

নাচোলে ফল সংরক্ষণে মিনি হিমাগার নির্মাণ  নাচোল উপজেলায় ফল ও সবজি সংরক্ষণের জন্য একটি মিনি হিমাগার নির্মাণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের শিবপুর মেলাডাঙ্গা গ্রামে ১০ টন ধারণ ক্ষমতার ফল সংরক্ষণের জন্য এই মিনি হিমাগারটি নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরীক্ষামূলকভাবে সংরক্ষণের জন্য স্থাপিত এ ধরনের মিনি হিমাগারে আম, ড্রাগন, গাজর, টমেটো ও শাকসবজি রাখা যাবে। এ হিমাগার নির্মাণ হওয়ায় ফলচাষি ও ব্যবসায়ীরা আনন্দিত। কারণ এটি তাদের উৎপাদিত ফল সংরক্ষণে সহায়ক হবে এবং পচন রোধ করে লাভবান হতে সাহায্য করবে বলে জানান তারা। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আব্দুল হালিম বলেন, এই হিমাগারের মাধ্যমে সবজি ও ফলভেদে ৩০ থেকে ৯০ দিন সংরক্ষণ করা যাবে। কৃষকের জন্য এই হিমাগার একটি গুরুত্বপূর্ণ সুবিধা, যারা সাধারণত ফল ও সবজির সংরক্ষণে সমস্যার সম্মুখীন হয়। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, বাংলাদেশ সবজি ও ফল উৎপাদনে পৃথিবীতে রোল মডেল হয়ে উঠেছে। তবে হিমাগার নির্মাণ করলে কৃষকরা ফল ও সবজির অনাকাঙ্ক্ষিত সংগ্রহ উত্তর ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। এটি নির্মাণ হবার ফলে চাষিরা উপকৃত হবেন। তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে মিনি হিমাগার নির্মাণ করে কৃষিপণ্য সংরক্ষণের বিপ্লব সাধিত হতে পারে। ফলচাষি রফিকুল ইসলাম ও রুবেল বলেন, কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই এলাকায় মিনি হিমাগার নির্মাণ হওয়ায় আম, ড্রাগন রাখতে পেরে আমরা খুব আনন্দিত। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।