সঠিক সময়ে নির্বাচন হবে বলেছেন প্রেস সচিব

সঠিক সময়ে নির্বাচন হবে বলেছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোন ধরনের অনিশ্চয়তা নেই। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো রাজনৈতিক দল অথবা কোন প্রতিদ্বন্দ্বীর কোন ধরনের আপত্তি থাকবে না এমন পরিবেশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান।শফিকুল আলম বলেন, ঠিক যে সমঢ বলা হয়েছে ঠিক সেই সময় নির্বাচন হবে। সুন্দর পরিবেশ ও শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, অন্যান্য দেশে এসব বিষয়ে আলোচনা করতেই ২ থেকে ৪ বছর সময় লেগে যায়। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো মত প্রকাশ করছে এতে করে খুব দ্রুত সময়ে মধ্যে অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছে।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তি

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তি ঢাকায় নতুন মিশন চালু করতে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। এ লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করার তথ্য জানালো সরকার। এর আগে ওএইচসিএইচআর এর পক্ষ থেকে এ খবর জানানো হয়। গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া, আজ দুপুরে প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রেক্ষিতে জবাবদিহিতা ও সংস্কারের প্রতি আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।  

ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ মাস বাড়িয়েছে পাকিস্তান। ফলে আগামী ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় কোনও এয়ারলাইনসের প্লেন পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা চলতি বছরের ২৩ এপ্রিল থেকে কার্যকর হয় এবং এরপর থেকে একাধিকবার নবায়ন করা হয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞাটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে। এই নিষেধাজ্ঞা ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে নেয়া হয়, যা শুরু হয় ভারতের অধীকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটি প্রাণঘাতী হামলার পর। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যাতে অনেক পাকিস্তানি নাগরিক নিহত হন। এর পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় বিভিন্ন অবস্থানে হামলা চালায়। পরিস্থিতির অবনতি ঘটলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়।

সাফল্য ধরে রাখার লক্ষ্যে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সাফল্য ধরে রাখার লক্ষ্যে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটের সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ শুরু করছে বাংলাদেশ। শ্রীলংকার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিততে মরিয়া টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সদ্যই শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। হার দিয়ে শুরুর পর শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে লংকানদের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা। টি-টোয়েন্টির আগে শ্রীলংকা সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলেছে বাংলাদেশ। নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করে সাফল্য আদায় করে নিয়েছে টাইগাররা। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তান ভিন্ন দল। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্য খুব বেশি নেই।  

শিরোপা ধরে রাখতে পারল না রংপুর

শিরোপা ধরে রাখতে পারল না রংপুর টানা তিন জয়ে সবার আগে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর ছিল অপ্রতিরোধ্য। কিন্তু ফাইনালে স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তারা পেরে উঠল না। ৩২ রানের জয়ে গায়ানা জিতেছে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শিরোপা। কোনো ম্যাচ না হেরে ফাইনালে যাওয়া রংপুর টুর্নামেন্টের শেষ দিনে বাজে সময় কাটাল। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটিকে। আগে ব্যাটিং করে গায়ানা ৪ উইকেটে ১৯৬ রান করে। জবাবে রংপুর গুটিয়ে যায় ১৬৪ রানে। গায়ানার জয়ের নায়ক রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের এই ক্রিকেটার ৩৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করেন।

জুলাই পুনর্জাগরণ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জে প্রতীকী ম্যারাথন

জুলাই পুনর্জাগরণ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জে প্রতীকী ম্যারাথন চাঁপাইনবাবগঞ্জে আজ প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম (নতুন) এর সামনে সকাল পৌনে ৭টার দিক থেকেই জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা ক্রীড়া সংস্থা ও স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শহিদ পরিবারের সদসরা স্টেডিয়ামের সামনে সমবেত হন। পরে বেলুন উড়িয়ে এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা প্রশাসকের নেতৃত্বে ম্যারাথন শুরু হয়ে শান্তি মোড়, সার্কিট হাউস মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এসে শেষ হয়। সেখানে বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ, ঢাকায় শহিদ চাঁপাইনবাবগঞ্জের মতিউর রহমানের মেয়ে মুশরেফা খাতুন, শহিদ তারেক রহমানের পিতা আসাদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাগঞ্জের নেতা আব্দুর রাহিম, আকিব মিঞা ও সাব্বির আহমেদ। পরে ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়। বক্তারা জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের যে স্বপ্ন বৈষম্য হীন রাষ্ট্র তা প্রতিষ্ঠায় সকলকে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এসময় জেলা প্রশাসক জানান, আগামীকাল ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জেলা ফুড অফিস মোড়ে চাঁপাইনবাবগঞ্জের দুই শহিদের নামে দুটি বৃক্ষের চারা রোপণ করা হবে এবং চারা বিতরণ করা হবে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ দুই শহিদ পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা, স্কাউট সদস্য, আনসার ভিডিপি সদস্যসহ সর্বস্তরের মানুষ।

জেলায় একদিনে আরো ৭২ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৪৫ জন

জেলায় একদিনে আরো ৭২ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৪৫ জন চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭২ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৩২ জন এবং বহির্বিভাগে ৪০ জন শনাক্ত হয়েছেন। অন্যান্য উপজেলায় গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হননি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪২ জন, শিবগঞ্জে ১ জন ও গোমস্তাপুরে ২ জন ভর্তি আছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ৪২ জনের মধ্যে ২০ জন পুরুষ, ১৬ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন। আর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্তরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৬৪ জনকে। এই ৬৪ জনের মধ্যে ২৬ জন পুরুষ, ৩১ জন নারী ও ৭ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১১০৪জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৪০ জনে।

আলিয়া-দীপিকা-রাশমিকাকে পেছনে ফেলে শীর্ষে সামান্থা

আলিয়া-দীপিকা-রাশমিকাকে পেছনে ফেলে শীর্ষে সামান্থা ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমায় তার নাচের হিল্লোল এখনো ভোলেননি দর্শক। এবার ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া জুন মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানাকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে জানিয়েছেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার উপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—তৃষা কৃষ্ণান, কাজল আগরওয়াল, সাই পল্লবী। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন নয়নতারা, রাশমিকা মান্দানা, কীর্তি সুরেশ, তামান্না ভাটিয়া। সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক এটি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিরিজ পরিচালনা করেন রাজ ও ডিকে। এতে সামান্থার বিপরীতে অভিনয় করেন বরুণ ধাওয়ান। ২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সামান্থা রুথ প্রভু। প্রথম সিনেমায় সামান্থার নায়ক ছিলেন নাগা চৈতন্য। পরবর্তীতে নাগার সঙ্গে ঘর বাঁধেন সামান্থা। যদিও এ সংসার টিকেনি। ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল সময় পার করছেন সামান্থা। এরই মাঝে এই খবর খানিকটা আনন্দের বলে মনে করছেন তার ভক্ত-অনুরাগীরা।

হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা  বিজয়

হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা  বিজয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে। হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। এন্টারটেইনমেন্ট এএফ জানিয়েছে, বিজয় দেবরকোন্ডার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ২০ জুলাইয়ের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারে। অসুস্থ বিজয়ের পাশে তার পরিবার রয়েছে। বিজয় বা তার টিমের কেউ তার স্বাস্থ্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখান থেকেও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিজয় অভিনীত নতুন সিনেমা ‘কিংডম’। গৌতম তিনানুরি নির্মিত সিনেমাটি আগামী ৩১ জুলাই মুক্তি পাবে। শতকোটি রুপি বাজেটের সিনেমা মুক্তির কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লেন বিজয়।

‘হু’স সরি না ‘ খ্যাত গায়িকা কনি ফ্রান্সিস আর নেই

‘হু’স সরি না ‘ খ্যাত গায়িকা কনি ফ্রান্সিস আর নেই জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। কনি ফ্রান্সিসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস। এক পোস্টে তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। চলতি জুলাই মাসের শুরুতে তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনি। তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত তাকে আইসিইউতে নেওয়া হয়। এর মধ্যে গত ৪ জুলাই ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন কনি। লিখেছিলেন, আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা। কিন্তু এরপর আর সুস্থ হয়ে ওঠা হলো না তার। ‘স্টুপিড কিউপিড’, ‘হু’স সরি নাউ’, ‘প্রিটি লিটল বেবি’— এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কনি। ‘প্রিটি লিটল বেবি’ গানটি ৬৩ বছর আগে রেকর্ড করা হলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়ে যায়। ফলে আবার আলোচনায় আসেন কনি। ১৯৩৭ সালে নিউ জার্সির নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন কনি। তার আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র ৪ বছর বয়স থেকেই গান গাইতেন ও অ্যাকর্ডিয়ন বাজাতেন। ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনের গানের অনুষ্ঠানে। সংগীতজীবনে সফল হলেও ব্যক্তিজীবনে কনি ফ্রান্সিসের জীবন ছিল কঠিন। চারবার বিয়ে করেও সুখী হতে পারেননি। ভালোবেসেছিলেন গায়ক ববি ড্যারিনকে, কিন্তু বাবার আপত্তির কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এ নিয়ে প্রায় সারাটা জীবনই কষ্টে কাটিয়েছেন তিনি।