সোনামসজিদ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ১জন আটক

সোনামসজিদ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ১জন আটক শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ওমর ফারুক নামে এক জনকে আটক করেছে বিজিবি। আজ বিকেলে সোনামসজিদ সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে সোনামসজিদ সীমান্তের মেইন পিলার ১৮৬ এর নিকট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে নগদ বাংলাদেশি ২৮ হাজার ৫’শ টাকা, একটি ডেবিট কার্ড ও একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে আটক ওমর ফারুক বিজিবিকে জানায়, সে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের ৯নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভারতে পালিয়ে আত্মগোপনে যেতে চেয়েছিলেন। পরে তাকে শিবগঞ্জ থানায় তাকে হস্তান্তর করে বিজিবি।

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনে স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। উদ্ভূত পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১৯ জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। প্রথমে ওই দিন রাত ১২টা থেকে কারফিউ চলে। পরে এলাকাভেদে আলাদাভাবে বিরতি (শিথিল) দিয়ে কারফিউ চলে আসছে। গতকাল সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।

গোমস্তাপুরে দিনমজুরের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে দিনমজুরের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকা থেকে প্রীতম কুমার দাস নামে এক দিনমজুরের গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর ৩ নং ওয়ার্ডের রহমতপাড়া মহল্লার দীপক কুমার দাসের ছেলে। পুলিশ জানায়, আজ সকালে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, আর্থিক অনটনে কারণে প্রীতম আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তার পরিবারের প্রতি অভিমানও ছিল। তার পরিবার পুলিশকে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় দরজা ভেতর থেকে আটকিয়ে শুয়ে পড়ে প্রীতম। পরে আজ ভোররাতে তার মা ও স্ত্রী ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় পরিবারের অন্য সদস্যরা দরজা ভেঙ্গে তাকে ঘরের ছাদের তীরের সাথে ঝুলন্ত দেখতে পায়। গোমস্তাপুর থানার উপ-পরির্শক এসআই ফজলে বারী বলেন, পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মামলার তদন্ত শুরু হয়েছে।

গোমস্তাপুরে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু   গোমস্তাপুরে পুকুরে ডুবে আনিরা খাতুন নামে ৬ বছরের ১শিশুর মৃত্যু হয়েছে। সে বাঙ্গাবাড়ি ইউনিয়নের পশ্চিম আনারপুর গ্রামের আসাদুল হকের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে সমবয়সীদের সাথে খেলা করছিল আনিরা। এর এক পর্যায়ে সে নিখোঁজ হয়। বিকাল ৪টার দিকে তাকে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর পাঢ়ে তার সেন্ডেল দেখতে পান স্থানীয়রা। এ সময় পুকুরে খোঁজ করে বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে আমাদানী পন্যবোঝাই ১৩৫ ভারতীয় ট্রাক

সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে আমাদানী পন্যবোঝাই ১৩৫ ভারতীয় ট্রাক   চাঁপাইনবাবগঞ্জে কারফিউ জারির ১৬তম দিন আগামীকাল সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৬ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম। তিনি জানান, জেলায় শান্তিপূর্ণভাবে কারফিউ বলবৎ রয়েছে। কারফিউ জারির পর এ পর্যন্ত জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সোনামসজিদ স্থলবন্দরে আজ ৬৬টি পেঁয়াজ, ১টি কাঁচামরিচ ও ৬টি ডালসহ প্রবেশ করেছে ১৩৫টি আমদানী পণ্যবোঝাই ভারতীয় ট্রাক। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দরে আমদানী-রপ্তানী,পণ্য লোড-আনলোড ও দেশ ব্যাপী পরিবহন পরিস্থতি স্বাভাবিক রয়েছে।

শিবগঞ্জে পাগলা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পাগলা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪ শিবগঞ্জে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৮০ বছরের বৃদ্ধা। জুমেরা বেগমের মরদেহ আজ দুপুর আড়াইটায় প্রায় ২৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এনায়েত বিশ্বাসের টোলা গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়ির অদূরে পাগলা নদীতে গোষল করতে নেমে নিখোঁজ হন ঐ বৃদ্ধা। স্থানীয়রা তাকে খুঁজে না পেলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থল তল্লাশী করে গতকাল তার সন্ধান পায়নি। পরে আজ দুপুরে তার মরদেহ নদীতে ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা। শিবগঞ্জ থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাস বলেন, পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে এবং প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরবর্তী আনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

মহানন্দা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

মহানন্দা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার  চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে মিমজান (৬৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো নিমগাছী সংলগ্ন মহানন্দা নদী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া মিমজান শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর মসজিদ টোলা গ্রামের মৃত জব্দুলের মেয়ে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুপুরে নামো নিমগাছী গোরস্থান সংলগ্ন মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিনি জানান, প্রথমে পরিচয় জানা না গেলেও পরে জানা যায়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় ওই নারী। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বজ্রপাত হলে তারা মারা যান। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন জানান, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমারক গ্রামে বজ্রপাতে কমলা রানী (৫০) নামে এক নারী মারা গেছেন। মারা যাওয়া কমলা রানী ওই গ্রামের পরশ রায় পটলের স্ত্রী। গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো. রাফেজ বলেন- বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় নিজ বাড়িতে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কমলা রানীর মৃত্যু হয়। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বৃহস্পতিবার বিকেলে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নাচোল সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনারপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৫০)। স্থানীয়রা জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামারজগদইল দিঘীপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ৬ জন কৃষক কাজ করছিলেন। বিকাল ৫টার দিকে বজ্রপাতে গুরুতর আক্রান্ত হন গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনারপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ উজ্জ্বল। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন। অন্য ৫ কৃষক সুস্থ আছেন। অন্যদিকে উপজেলার ঝলঝলিয়া গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় ব্রজপাত হলে মৃত্যু হয় ওসমান আলীর। মৃত ওসমান ঝলঝলিয়া গ্রামের মাওলানা মোহা. আখেরের ছোট ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে পৃথক দুটি স্থানে দুজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। দুজনের মরদেহ স্থানীয়রা তাদের বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করতে পুলিশ কর্মকর্তাদের মৃত্যু ব্যক্তিদের বাড়িতে পাঠানো হয়েছে।

মহানন্দা নদী থেকে উদ্ধার অর্ধগলিত মরদেহ

মহানন্দা নদী থেকে উদ্ধার অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদী থেকে ৪০ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে চক নরেন্দ্রপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকমোল চন্দ্র দেবনাথ জানান, সকালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ মহানন্দা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিটি দুই থেকে তিন দিন আগে নদীতে ডুবে মারা গেছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ৫ দিন পার হলো

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ৫ দিন পার হলো চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টিকালের জন্য কর্মবিরতি পালন করছেন চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা। সারাদেশের মতন রবিবার পঞ্চম দিনেও সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করেন। জেলাশহরের নয়াগোলা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে তারা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করেন তারা। দাবি আদায়ে বিভিন্ন প্লাকার্ড-ব্যানার প্রদর্শন করে ‘চুক্তি থেকে মুক্তি চাই’- এ স্লোগানে সরব ছিলেন তারা। কর্মসূচি চলাকালীন বক্তব্য দেন- আন্দোলনের প্রধান সমন্বয়ক চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (সদর-কারিগরি) মো. ফিরোজ জামান, নাচোল অফিসের ডিজিএম মো. আব্দুর রহিম, এজিএম (আইটি) আহমদ সালমান তারেক, এজিএম (ইঅ্যান্ডসি) জুবায়ের আহমদ, এজিএম (ওএন্ডএম) শোভন কুমার মহন্ত, সাহাপাড়া অফিসের এজিএম কালিপদ সরকার, মহারাজপুরের এজিএম আমিনুর রসুল ওপেল, শিবগঞ্জ অফিসের এজিএম সোহরাব হোসেন রাজু, জুনিয়র ইঞ্জিনিয়ার সোহেল রানা তরফদার, জুনিয়র ইঞ্জিনিয়ার হাসান আলী মোল্লা, মিটার রিডার মো. আলাউদ্দিনসহ অন্যরা। উল্লেখ্য, গ্রাহকদের জরুরি বিদ্যুৎ পরিষেবা চালু রেখে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কর্মসূচি থেকে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে চাকরি স্থায়ীকরণের দাবি জানান বক্তারা।