সাংবাদিকদের সঙ্গে রহনপুর পৌর মেয়রের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে রহনপুর পৌর মেয়রের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার সকালে পৌর ভবনে মেয়রের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, শান্তির শহর রহনপুরকে শান্ত রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি রহনপুর পৌরসভার উন্নয়নে গণমাধ্যমকর্মীসহ সকলকে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। উল্লেখ্য, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন বিগত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও তিনি আওয়ামী লীগের সমর্থক। সাম্প্রতিক পটপরিবর্তনের সময় তিনি বাসায় থেকে অফিস করেছেন। রবিবার রহনপুর পৌর কার্যালয়ে এসে তিনি অফিস করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
গোমস্তাপুরে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোমস্তাপুরে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুড়ইল বদ্ধ জলমহালে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ইজারাদাররা। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাব গোমস্তাপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্ভবা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. বিশু। লিখিত বক্তব্যে তিনি বলেন, নিয়ম মেনেই বাংলা সন ১৪২৭ থেকে ১৪৩২ পর্যন্ত ৬ বছরের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে চুড়ইল বদ্ধ জলমহালটি ইজারা গ্রহণ করেছি। ইজারা নেয়ার পর থেকেই জলমহাল এলাকা সংলগ্ন আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের কিছুসংখ্যক দুর্বৃত্ত জোর করে মাছ শিকার করে। এতে প্রায়শই আর্থিক ক্ষতির সম্মুখীন হই। গত ৫ আগস্ট দেশের সাম্প্রতিক পটপরিবর্তনের ফলে ওই এলাকার বেশ কিছু দুর্বৃত্ত গত ১১ আগস্ট তাদের ইজারাকৃত বদ্ধ জলমহালে জোরপূর্বক মাছ শিকার করে। ওই দিন তাদের প্রায় ২৫ লাখ টাকার মাছ শিকার করে আর্থিক ক্ষতি করেছে। সংবাদ সম্মেলনে মো. বিশু আরো জানান, এরই মধ্যে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), গোমস্তাপুর থানার ওসি ও বিজিবির কোম্পানি কমান্ডারের কাছে লিখিতভাবে আবেদন এবং মৌখিকভাবে সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে।
৫২০ সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিল ৫৯ বিজিবি

৫২০ সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিল ৫৯ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৫৯ ব্যাটালিয়ন রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৫২০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে। তেলকুপি কলমদর আলীম মাদ্রাসা মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবির ৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় তিনি বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি মহপরিচালকের এই নির্দেশনায় আস্থা ও জনসেবার মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তবর্তী সাধারণ জনগণের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে তেলকুপি বিওপি কমান্ডার ও অন্যান্য পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শহিদুল ইসলাম (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে। রাষ্ট্রপরে আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর সময় ৫০০ গ্রাম হেরোইনসহ শহিদুলকে আটক করা হয়। ঘটনার দিন র্যাবের নায়েব সুবেদার মো. আনছার আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আশীষ সরকার তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর শহিদুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাসিক সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাসিক সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ফারুক আহমেদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদসহ সকল জোনপ্রধান, আঞ্চলিক ব্যবস্থাপকসহ অন্যরা। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
নাচোলে পুলিশের মনোবল ফেরাতে শিক্ষার্থীদের মতবিনিময়

নাচোলে পুলিশের মনোবল ফেরাতে শিক্ষার্থীদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের মনোবল ফেরাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় নাচোল থানা চত্বরে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় করেন। শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। পূর্বের সকল জঞ্জাল পরিষ্কার করার সময় এসেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের এখনই সময়। তারা আরো বলেন, সরকার পতনে দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। মাদক কারবারি, চুরি ও ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এ থেকে বের হতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কদের একসঙ্গে কাজ করতে হবে। এদিকে শিক্ষার্থীরা সারাদেশের ন্যায় ৬ষ্ঠ দিনেও নাচোল উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনসহ বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রেখেছেন।
শিবগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার

শিবগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার কালুপুর এলাকায় পাগলা নদীর বেইলি ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন- কে বা কারা একজন নবজাতকের (সম্ভবত একদিনের) মৃতদেহ সাদা প্লাস্টিকের ব্যাগে পুরে কালুপুর পাগলা নদীর বেইলি ব্রিজের নিচে ফেলে রেখে যায়। আজ রবিবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে এবং পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। শিশুটি কন্যা শিশু। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে বলেও তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় পানি বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় পানি বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপৎসীমার বেশ কিছুটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রবিবার বিকাল ৩টা পর্যন্ত পদ্মায় ২০.১০ মিটার, মহানন্দায় ১৮.০২ মিটার ও পুনর্ভবায় ১৮ মিটার পানির উচ্চতা রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দা ২০.৫৫ এবং পুনর্ভবা নদীর বিপৎসীমা ২১.৫৫ মিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও বন্যা তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন। জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক জানান, গত এক সপ্তাহ থেকে পদ্মায় পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন ও দুর্লভপুর ইউনিয়নের একাংশ এবং সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা পদ্মা নদীর ওপারে পশ্চিমে অবস্থিত। দুর্লভপুর হতে চরবাগডাঙ্গা পর্যন্ত পদ্মা নদীর বেড়ি বাঁধ থাকায় পূর্বপাড়ে বন্যা না হলেও বিগত বছরগুলোতে পশ্চিমপাড়ে বন্যায় জনসাধারণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
শিবগঞ্জে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা

শিবগঞ্জে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে রায়হান আলী নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামের মৃত রাজিবুল হকের ছেলে। আজ শনিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল গভীর রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে গতকাল গভীর রাতে রায়হানের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে হত্যা করে দুর্বৃত্তরা। রায়হানের বোন ফজি বেগম জানান, চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধচলে আসছিল। এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবানাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিবগঞ্জে ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা

শিবগঞ্জে ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, সড়কে নেই যানজট শিবগঞ্জে বিভিন্ন সড়কের শৃঙ্খলা ফেরাতে যানজট নিরসনের কাজ অব্যহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ বাজার, মনাকষা মোড়, আশা মোড়, কানসাট গোপানগর মোড়, মিলিক মোড়, শ্যামপুর-খাসেরহাট সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও স্কাউটসের সদস্যরা সড়কে দাঁড়িয়ে এ দায়িত্ব পালন করেন। পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় যান চলাচলে শৃঙ্খলার দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে শিক্ষার্থীদের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাসহ যানবাহনের যাত্রী ও চালকরা। এছাড়া বিভিন্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।