চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজে অধ্যক্ষের অপসারণ দাবি

চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজে অধ্যক্ষের অপসারণ দাবি চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ এজাবুল হক বুলি ও নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিলের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কলেজ দুটির শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও আব্দুল জলিলের ভাই নামোশংকরবাটী কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলমেরর পদত্যাগ দাবি করা হয়। মঙ্গলবার সকালে শহরের স্বরূপনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ চত্বরে জমায়েত হন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- কলেজের শিক্ষার্থী আরিফ হোসেন, মোসাদ্দেক আলী, প্রভাষক সৈয়দা রেহানা আশরাফি, জোনাব আলী। সমাবেশে বক্তারা বিভিন্ন অনিয়ম তুলে ধরে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ এজাবুল হক বুলির অপসারণ দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। অন্যদিকে নামোশংকরবাটী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক সমাজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নামে ২৩টি অভিযোগ এনে পদত্যাগের দাবিতে জমায়েত হন। অধ্যক্ষ-উপাধ্যক্ষ অনুপস্থিত থাকায় ছাত্র ও শিক্ষকরা ঘরোয়া সভা করেন এবং আজ বুধবার আবারো জমায়েত হবার ঘোষণা দেন।
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছারাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফয়সাল মাহমুদ, যমুনা টিভির মনোয়ার হোসেন জুয়েল, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি রফিকুল আলম, দেশ টিভির প্রতিনিধি তারেক রহমান, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
র্যাবের অভিযানে চরবাগডাঙ্গায় ১ কেজি হেরোইন উদ্ধার

র্যাবের অভিযানে চরবাগডাঙ্গায় ১ কেজি হেরোইন উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর পাড়ে অভিযান পরিচালনা চালায় র্যাব। এসময় সেখানে নৌকা থেকে অজ্ঞাত এক ব্যক্তি একটি ব্যাগ গ্রহণের সময় র্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে ব্যাগে থাকা ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
৩ দিনে ‘স্ত্রী টু’ সিনেমার আয় ২৬২ কোটি টাকা

৩ দিনে ‘স্ত্রী টু’ সিনেমার আয় ২৬২ কোটি টাকা বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে। বিশ্বের প্র্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে সিনেমাটি। চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে এটি এখন শীর্ষে অবস্থান করছে। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে— ‘কল্কি’ (২১ কোটি রুপি), ‘ফাইটার’ (২০.৫ কোটি রুপি)। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ৩ দিনে শুধু ভারতে ‘স্ত্রী টু’ আয় করেছে ১৬৩ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ১৮৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬২ কোটি ৩৭ লাখ টাকার বেশি)। কেবল বক্স অফিসে নয়, দর্শক-সমালোচকরাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। রোটেন টমেটোসের তথ্য অনুসারে, ৯ জন সমালোচকের মধ্যে ৭৮ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন। দশের মধ্যে সিনেমাটির রেটিং দিয়েছেন ৬.৫। শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ। তা ছাড়াও সিনেমাটিতে বেশ কজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ। ৭৮.১৯ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘স্ত্রী টু’। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও জ্যোতি দেশপান্ডে।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ আগামী বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও এশিয়া অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন ছয়টি ম্যাচ রয়েছে। এর মধ্যে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক মালয়েশিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাই পেরিয়ে আসা দল। প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল সুপার সিক্সে খেলবে। ঐ রাউন্ডে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো গ্রুপ-১’এ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো গ্রুপ-২’এ খেলবে। সুপার সিক্সে দুই গ্রপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ৩১ জানুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। শেষ চারের ম্যাচগুলোতে রিজার্ভ ডে রাখা হয়েছে। ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালের জন্যও রিজার্ড ডে থাকছে। ২০২৩ সালের আসরে সুপার সিক্সে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট পেয়েও রান রেটে পিছিয়ে থাকার কারনে সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। সুপার সিক্সের টেবিলের তৃতীয়স্থান পেয়েছিলো তারা।
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপ উপকূলে রোববার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। স্থানীয় জরুরী মন্ত্রণালয় জানায়, এ অঞ্চলের রাজধানী পেত্রপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূল বরাবর ভূকম্পনটি অনুভূত হয়। কামচাটকা অঞ্চলে রাশিয়ার জরুরী মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা টেলিগ্রাম বার্তায় বলেছে, ‘উদ্ধার এবং দমকলকর্মীদেরকে বিভিন্ন ভবন পরিদর্শন করতে দেখা গেছে।’ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার পরপরই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার (৩০ গভীরে। মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রথমে সুনামির হুমকি জারি করলেও পরে তা তুলে নেয়।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় : শিক্ষা উপদেষ্টা

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় : শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথমদিন অফিসে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান। তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই নতুন এই শিক্ষাক্রম আমাদের দেশের জন্য উপযুক্ত নয়। আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা খুবই কঠিন। বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে।’ তিনি বলেন, যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাবো। তবে এমনভাবে এটা করা হবে, যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়। এ জন্য পরিমার্জন করা হবে। তবে শিক্ষার্থীরা অস্বস্তিতে পড়তে পারে; এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল ২০২১ সালে। এতদিন ধরে মাঠপর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে গবেষণার তথ্য তৈরি হয়েছে। পাঠ্যক্রম উন্নত করতেই হবে। তিনি বলেন, ‘আগেরটাতে ফিরে যাবো ধাপে ধাপে। এমনভাবে যাবো যেনো ডিসকন্টিনিউটি না হয়। শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি সৃষ্টি না হয়। তবে কিভাবে যাবো সেটি একটি ফর্মুলার বিষয়। বিষয়টি জটিল।’ শিক্ষায় বেহাল অবস্থা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমাদের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। সেগুলো যত দ্রুত সম্ভব চালু করতে হবে। এটা আমাদের জন্য একটা সুযোগও। আমরা চাইবো সত্যিকারের শিক্ষানুরাগী, যোগ্য ব্যক্তি যেনো আসে। এখানে এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে।’
সংস্কার শেষে দ্রুত নির্বাচন : ড. ইউনূস

সংস্কার শেষে দ্রুত নির্বাচন : ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশী কূটনীতিকদের জানিয়েছেন, সবকিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে। তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধান কাজ হলো যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটা অনুকূল পরিবেশ তৈরি করা হবে।’ ড. মুহাম্মদ ইউনূস রোববার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহের আবাসিক প্রধানদের উদ্দেশে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেয়ার পর ড.ইউনূস প্রথমবারের মত বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন। শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা কূটনীতিকদের জানিয়েছেন, এই মুহূর্তে তার সরকারের প্রধান কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তিনি কূটনীতিকদের বলেন, ‘আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। এই দেশের পুনর্নির্মাণের জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।’
গোদাগাড়ীতে র্যাবের হাতে ৪৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে র্যাবের হাতে ৪৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র্যাবের অভিযানে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ সুমন আলী নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্দ্রিপুরের রুহুল আমীনের ছেলে। এ সময় জব্দ হয়েছে একটি পিকআপ গাড়ী। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে বুজরুক রাজারামপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা থেকে মাদক নিয়ে আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ীতে পিকআপটিতে অভিযান চালিয়ে গাাঁজাসহ সুমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
নাচোলে মাছের পোনা অবমুক্ত

নাচোলে মাছের পোনা অবমুক্ত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন। এতে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। আলোচনা শেষে মল্লিকপুর বাজার সংলগ্ন মহানন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮৮ এফএম। উল্লেখ্য, গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত হয়।