নাচোলে তাল বীজ রোপণের উদ্বোধন

নাচোলে তাল বীজ রোপণের উদ্বোধন নাচোলে নাগরিক সংগঠনের উদ্যোগে তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রুদ্রকুন্ড গ্রাম থেকে দিব্যস্তলী আদিবাসীপাড়া পর্যন্ত ১১শ তাল বীজ রোপণ করা হয়। রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ ডাসকোর প্রতিনিধি ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষার জন্যই ডাসকো ফাউন্ডেশনের যুক্ত প্রকল্পে নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা এ উদ্যোগ গ্রহন করেন।
নেপালে শুরু হয়েছে কমিউনিটি রেডিও’র প্রশিক্ষকদের ৫ দিনব্যাপী (টিওটি) কর্মশালা

নেপালে কমিউনিটি রেডিওর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু নেপালে ৫ দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা (টিওটি) শুরু হয়েছে। এতে বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৫টি দেশের কমিউনিটি রেডিও’র প্রতিনিধিগণ অংশ নিয়েছেন। সোমবার সকালে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ময় মনোর বুটিক হোটেলে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কর্মশালার কো-ফ্যাসিলেটেটর সুমন বাসনেট ও ওয়াং ইন্জ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন সিঙ্গাপুরের প্রশিক্ষক জুয়েলিং লিন ও উইলসোন গোহ। কর্মশলায় বাংলাদেশের কমিউনিটি রেডিও, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান, রেডিও নলতার স্টেশন ম্যানেজার মো. সেলিম হোসাইন শাহরিয়ার, রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলীসহ নেপালের ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ জন, ভারতের ২ জন ও তিমুর-লেস্তের ১ জন করে মোট ১২ জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশ নিয়েছেন। CAMECO ও জার্মানির অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করছে AMARC এশিয়া প্যাসিফিক। কমিউনিটি রেডিও কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্দেশ্য হলো- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমিউনিটি রেডিও’র কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা। কর্মশালায় বাংলাদেশ থেকে অংশ নেয়া রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এই কর্মশালা থেকে প্রশিক্ষক হিসেবে অর্জিত জ্ঞান আমার কমিউনিটি রেডিওতে কাজে লাগাতে পারব। এই কর্মশালায় বিভিন্ন দেশের ব্রডকাস্টারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। যা আমার কমিউনিটি রেডিওতে কাজে লাগানোর পাশাপাশি, দেশের অন্য কমিউনিটি রেডিওতে ছড়িয়ে দিতে পারলে তারাও উপকৃত হবে। টিওটি কর্মশালায় অংশ নেয়া আরেক প্রশিক্ষণার্থী রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম হোসাইন শাহরিয়ার বলেন, সিঙ্গাপুর থেকে আসা প্রশিক্ষকদ্বয়ের প্রশিক্ষণে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। এই প্রশিক্ষণ কর্মশালাটি আমাকে একজন দক্ষ প্রশিক্ষক হয়ে গড়ে উঠতে সহায়তা করবে। এর ফলে আমি আগামীতে আমার অর্জিত জ্ঞান কমিউনিটি মিডিয়ার উন্নয়নে দক্ষ প্রশিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব। এদিকে বাংলাদেশ থেকে অংশ নেয়া আরেক প্রশিক্ষণার্থী রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এরকম কর্মশালায় অংশ নিতে পেরে খুবই আনন্দিত। কর্মশালা থেকে অর্জিত জ্ঞান আমাকে ভবিষ্যতে প্রশিক্ষক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। যা আমার কমিউনিটি রেডিও সহকর্মীদের মাঝে ছড়িতে দিতে পারলে, তারাও দক্ষতার সাথে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় চলতি বছরের ১৩-১৭ মে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে বাংলাদেশের ৫টি কমিউনিটি রেডিওর স্টেশন ম্যানেজারসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫টি দেশের মোট ২৯ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসসহ বাংলাদেশের আরো ৪টি কমিউনিটি রেডিওর স্টেশন ম্যানেজার অংশ নিয়েছিলেন।
পদত্যাগ করলেন অধ্যক্ষ জলিল ও প্রধান শিক্ষক রোকসানা আহমদ

পদত্যাগ করলেন অধ্যক্ষ জলিল ও প্রধান শিক্ষক রোকসানা আহমদ চাঁপাইনবাবগঞ্জে নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল ও গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদ তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অধ্যক্ষ আব্দুল জলিল নিজে তার স্বাক্ষরিত এক পত্রে পদত্যাগ করেছেন। যা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা বিষয়টি নিশ্চিত করেছেন । অন্যদিকে শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন। বুধবার বিকেলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকাল ১১টায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রোকসানা আহমদের পদত্যাগ দাবি করতে থাকেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা তাদের আশ^স্ত করলে তারা সেখান থেকে সরে যান।
শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা

শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ও ডায়ালগ সেশন প্রোগ্রাম আয়োজিত কানসাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রজেক্ট ম্যানেজার উত্তম কুমার মন্ডল, স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মিন্টু, কানসাট ইউনিয়ন এন্ড মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সজল, ইমাম আবদুস সামাদ ও নারী উদ্যোক্তা আমেনা রোজিসহ অন্যরা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা- শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে জনসাধারণ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হলে প্রতিরোধ করা সম্ভব। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
নাচোলে ইউসিসি উপজেলা সমন্বয় সভা

নাচোলে ইউসিসি উপজেলা সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫তে বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, আইডিএফ, ঘাসফুল, জাগরণী চক্র ফাউন্ডেশন, রিক, উদ্দীপন, ভার্কসহ রেডিও মহানন্দার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিফিকেশন কনসালটেন্ট শামীম আলম সভা পরিচালনা করেন। সভায় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্কজ কুমার সরকার, সহকারী পরিচালক ও বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের ফোকাল পার্সন জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, জোন প্রধান শাহাদৎ হোসেন, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ অন্যরা। সভায় বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের অগ্রগতির ঘাটতিসমূহ নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে সন্তোষজনক কাজের স্বীকৃতিস্বরূপ জাগরণী চক্র ফাউন্ডেশন ও উদ্দীপন সংস্থার ব্যবস্থাপকদ্বয়কে পুরস্কৃত করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ উপজেলা সমন্বয় সভার আয়োজন করে। পরে পিকেএসএফ’র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিফিকেশন কনসালটেন্ট শামীম আলম প্রয়াসের ইউনিট-৩০ আড্ডা অফিসের আওতায় সদস্যদের নিরাপদ পানি ও স্যানিটেশন পরিদর্শন করেন। সেখান থেকে তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত প্রয়াসের ইউনিট-৭ অফিসে এই প্রকল্পের ওরিয়েন্টেশনে অংশ নেন। উল্লেখ্য, নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন, নিরাপদ ব্যবস্থাপনায় পানি, হাত ধোয়া, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা ও শিশুর জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে কাজ করছে পিকেএসএফ’র বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প।
অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি

অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি অন্তর্বর্তী সরকার দেশের কোনো গণমাধ্যম বন্ধ করেনি। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, বর্তমান সরকার সংবাদমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং তা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়ের কথা শপথ নেয়ার পর থেকে বলে আসছে।
নির্মিত হবে ‘হারুনের ভাতের হোটেল’

নির্মিত হবে ‘হারুনের ভাতের হোটেল’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজক। তারা এসব ঘটনা নিয়ে সিনেমা বানাতে চান।সিনেমার উপজীব্য হিসেবে তালিকায় আছে সাবেক ডিবি প্রধান হারুনের আলোচিত ভাতের হোটেলও। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্নজনকে ডেকে খাওয়াতেন। খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন।
আফগানিস্তানে দাড়ি না রাখায় নিরাপত্তা বাহিনীর ২৮০ সদস্য চাকরিচ্যুত

আফগানিস্তানে দাড়ি না রাখায় নিরাপত্তা বাহিনীর ২৮০ সদস্য চাকরিচ্যুত দাড়ি না রাখায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ২৮০ জনের বেশি সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করেছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। একই সঙ্গে অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় গত এক বছরে দেশটিতে ১৩ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। মঙ্গলবার তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দেশটির পাপ প্রতিরোধ ও পূণ্যের প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে প্রায় অর্ধেককে আটকের ২৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। আটকের ক্ষেত্রে অভিযুক্তদের অপরাধের ধরন কিংবা লিঙ্গকে বিচারে নেওয়া হয়নি। মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মোখলিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, কর্মকর্তারা গত এক বছরে ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছেন এবং হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অনৈতিক চলচ্চিত্র বিক্রিতে বাধা দিয়েছেন। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীতে কর্মরত দাড়ি না রাখা ২৮১ সদস্যকে শনাক্ত করার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করেছেন। ইসলামি আইনের ব্যাখ্যা মেনে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে দেশটির মহিলাবিষয়ক মন্ত্রণালয় ভেঙে দেয় তালেবান। একই সঙ্গে মহিলা মন্ত্রণালয়ের ভবনে পাপ প্রতিরোধ ও পূণ্য প্রচারবিষয়ক মন্ত্রণালয় গড়ে তোলা হয়। নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধি-নিষেধ ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ তুলে আফগানিস্তানের এই মন্ত্রণালয়ের সমালোচনা করেছে জাতিসংঘ-সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ দাপুটে পারফরম্যান্সে নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে সে অনুসারে ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল, যা হয়নি। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশি যুবারা ইতোমধ্যে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করেছে। দুই ম্যাচই হেরে বিদায় নিয়েছে লঙ্কানরা। আজ (মঙ্গলবার) নেপালের আনফা কমপ্লেক্সে পাসিং ফুটবল ও বল দখল সর্বত্র দাপট ছিল বাংলাদেশের। লাল-সবুজের প্রতিনিধি হয়ে ম্যাচের ১৮তম মিনিটে মিরাজুল ইসলাম এবং শেষদিকে আরেকটি গোল করেন পিয়াস আহমেদ নোভা। আরও বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়া যায়নি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের রেশ দেখা গেল এই ম্যাচেও। দলকে লিড এনে দেওয়া গোলের পর উদযাপনে নিহত মীর মুগ্ধ ও আবু সাঈদকে স্মরণ করেন গোলদাতা মিরাজসহ সতীর্থরা।
এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করে আদেশ জারি

এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করে আদেশ জারি এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করে আদেশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে। তবে, ফল তৈরি ও তা কীভাবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানায়নি বোর্ড। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ আদেশ জারি করা হয়। এতে সই করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।