নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও ভোলাহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নার্সরা। শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে এই কর্মসূচি পালন করেন তারা। শনিবার দুপুরে নার্সিং সংস্কার পরিষদ জেলা কমিটির ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপার ভাইজার আজিম উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স শামসুন নাহার, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, নার্সিং ইনস্টিটিউশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, তানজিয়া আক্তার, রহিমা খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন, ডিজিএনএম’র মহাপরিচালক মাকসুরা নুর নার্সিং পেশা ও নার্সদের কটূক্তি কিভাবে করতে পারেন, তিনি তো একজন আমলা। তাই তার মন্তব্যের জন্য দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সরিয়ে নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। সেই সাথে মিডওয়াইফারী অধিদপ্তরে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলে নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করতে হবে। অপসারণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও মানববন্ধন থেকে বলা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। শনিবার বেলা ১১ টায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় নার্সরা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের নিয়ে কটূক্তি করেছেন। এ অবস্থায় অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে নার্সদের কাছে ক্ষমা চেয়ে মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়ন দাবি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রীমতি সামিয়া রানী (৫৯) নামের কোল সম্প্রদায়ের এক নারী নিহত হয়েছেন। নিহত নারী জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আজিরা বৈলঠা হোসেনডাঙ্গা এলাকার শ্রী বিশু কোলের কন্যা। শনিবার সকালে ঝিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়পুকুড়িয়া সোনাতলা এলাকায় রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া। এদিকে রেল পুলিশের চাঁপাইনবাবগঞ্জের এসআই মো. আবুল বাশার জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বড়পুকুড়িয়া সোনাতলা এলাকায় রেল লাইনে কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান সামিয়া রানী। সামিয়া রানী দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন।
শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিশরশিয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে আল আমিন নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই ওয়ার্ডের চর পশ্চিম পাঁকা গ্রামের টুটুলের ছেলে ও উত্তর পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। আজ বিকেল ৪টার দিকে বাড়ির অদূরে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় সাঁতার না জানা শিশুটি। খবর পেয়ে স্বজনরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। সংম্লিস্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও সদস্য রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গোমস্তাপুরে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকেরা এই প্রণোদনা পেয়েছেন। পরে একই স্থানে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ও উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী ও শুভ ভৌমিক, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষিকর্তা ফজলুর রহমানসহ কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, গোমস্তাপুর উপজেলায় এবার ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও সার দেয়া হচ্ছে। প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের সুবিধাভোগী কৃষকের মধ্যে এগুলো তুলে দেওয়া হয়। পর্য়ায়ক্রমে অন্যান্য ইউনিয়ন ও রহনপুর পৌরসভার নির্ধারিত কৃষকদের মধ্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে বলে তিনি জানান।
সীমান্তে দিনভর সামাজিক কার্যক্রম ৫৩ বিজিবির

সীমান্তে দিনভর সামাজিক কার্যক্রম ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার ৭৯০ জনকে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এই সেবা প্রদান করে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণকে স্বাবলম্বী করার লক্ষে সেলাইমেশিন বিতরণ করা হয়। সেই সঙ্গে ছাতা, গামবুট ও রেইনকোট এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণের জন্য যুবকদের মধ্যে ফুটবল ও ২২ সেট জার্সি বিতরণ করা হয়। রবিবার জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে দিনভর এইসব সামাজিক কার্যক্রম চালায় ৫৩ বিজিবি। ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামানের নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য, অন্যান্য দ্রব্যাদি চোরাচালান, গরু চোরাচালান এবং অবৈধ পারাপার রোধে এলাকার মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাতাসমোড় মাহমুদা মহিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑ ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসরারুল হক, মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবিরসহ জহুরপুর বিওপির বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে এ ধরনের কর্মকা- চলমান রাখবে বলে জানানো হয়।
প্রথমবারের মত টেস্টে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-নিউজিল্যান্ড

প্রথমবারের মত টেস্টে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-নিউজিল্যান্ড প্রথমবারের মত টেস্টে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান-নিউজিল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচবার আইসিসি ইভেন্টে দেখা হয়েছে দু’দলের। ভারতের নয়দায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে আফগানিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার এক ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমবারের মত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে নয়দা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে। ২০১৮ সালের ১৪ জুন টেস্ট অভিষেক হয় আফগানিস্তানের। ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পথচলা শুরু হয় আফগানদের। অভিষেক টেস্টে ভারতের কাছে ইনিংস ও ২৬২ রানে হেরেছিলো আফগানিস্তান। টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। এরমধ্যে ৩টিতে জয় ও ৬টিতে হার আছে তাদের। বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় আছে আফগানদের। এই প্রথমবারের মত নিউজিল্যান্ডের সাথে টেস্ট খেলবে আফগানিস্তান। এখন পর্যন্ত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট খেলেনি আফগানরা। ২০২১ সালে নারী বিষয়ে তালেবান সরকারের বিতর্কিত নীতির কারণে হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট বাতিল করেছিলো অস্ট্রেলিয়া। চলতি বছর এখন পর্যন্ত দু’টি টেস্ট খেলে শ্রীলংকা এবং আয়ারল্যান্ডের কাছে হেরেছে আফগানিস্তান। ২০২১ সালের মার্চে টেস্টে সর্বশেষ জয়ের স্বাদ পেয়েছিলো তারা। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছিলো আফগানরা। ইনজুরির কারনে দলের সেরা স্পিনার রশিদ খানকে পাবে না আফগানিস্তান। তার অনুপস্থিতিতে দলের স্পিন বিভাগ সামলাবেন জহির খান ও জিয়াউর রহমান। টেস্টে নিউজিল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার হুশিয়ারি দিলেন আফগানিস্তানের ব্যাটার রহমত শাহ। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড বিশে^র অন্যতম সেরা দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই শিরোপা জিতেছে তারা। আমরা নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাই।’ ভারতের কন্ডিশনে অনেক ম্যাচ খেলেছে আফগানিস্তান। এটি একটি বাড়তি সুবিধা বলে মনে করেন রহমত, ‘আমরা ভারতের উইকেট-কন্ডিশনের সাথে পরিচিত। এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি ও ক্যাম্প করেছি। অতীতের অভিজ্ঞতা আমাদের সহায়তা করবে। এজন্য এই টেস্টে আমরা এগিয়ে থাকবো।’ আফগানিস্তানের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে নিউজিল্যান্ড। টপ অর্ডারে অভিজ্ঞ ওপেনার ডেভন কনওয়ে এবং টম লাথামের সাথে দলে রাখা হয়েছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে। ভারতের কন্ডিশন বিবেচনায় দলে পাঁচজন স্পিনার রেখেছে নিউজিল্যান্ড। তারা হলেন- মিচেল স্যান্টনার, আয়াজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, ব্রেসওয়েল এবং গ্লেন ফিলিপস। এজন্য সদ্যই শ্রীলংকার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথকে দলের কোচিং প্যানেলে অর্ন্তুভুক্ত করেছে নিউজিল্যান্ড। ভারতের মাটিতে দুর্দান্ত এক রেকর্ড রয়েছে বাঁ-হাতি স্পিনার প্যাটেলের। ২০২১ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পর বিশে^র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন প্যাটেল। ভারতের মাটিতে আবারও টেস্ট খেলার সুযোগ পেয়ে উচ্ছসিত তিনি। রেকর্ড গড়া ম্যাচের পর ভারতের মাটিতে আর কোন ম্যাচ খেলেননি প্যাটেল। টেস্ট না খেললেও, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এরমধ্যে টি-টোয়েন্টিতে ১টি জয় আছে আফগানদের। এ বছরের জুনে টি-টোয়েন্টি বিশ^কাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছিলো আফগানিস্তান। ঐ আসরের গ্রুপ পর্ব থেকে মিশন শেষ করেছিলো নিউজিল্যান্ড। বিশ্বকাপের পর আফগানদের বিপক্ষে টেস্ট দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে কিউইরা। নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কে, আয়াজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, কেন উইলিয়ামসন, উইল ইয়ং। আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আব্দুল মালিক, রিয়াজ হাসান, আফসার জাজাই, ইকরাম আলিখিল, বাহির শাহ, শাহিদুল্লাহ, আজমতুল্লাহ ওমারজাই, শামস উর রাহমান, জিয়া-উর-রেহমান, জাহির খান, কাইস আহমেদ, খলিল আহমেদ, নিজাত মাসুদ।
দশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন মঈন আলী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মঈন দশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়টি জানান তিনি। ঐ সাক্ষাৎকারে মঈন বলেন, ‘আমার বয়স ৩৭ বছর এবং এ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে আমি সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন সময় পরের প্রজন্মের। আমার অধ্যায় শেষ হয়ে গেছে।’ ২০১৪ সালে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঈনের। একই বছর টেস্ট ও টি-টোয়েন্টিতে পথচলা শুরু করেন তিনি। দেশের হয়ে ৬৮ টেস্ট, ১৩৮টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মঈন। তিন ফরম্যাট মিলিয়ে আটটি সেঞ্চুরি ও ২৮টি হাফ-সেঞ্চুরিতে ৬৬৭৮ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। বল হাতে ৩৬৬ উইকেট শিকার করেছেন ডান-হাতি অফ-স্পিনার মঈন। এ বছর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় টি-টোয়েন্টি বিশ^কাপে সেমিফাইনালে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে খেলতে পেরে গর্বিত মঈন। তিনি বলেন, ‘আমি খুবই গর্বিত। ইংল্যান্ডের হয়ে প্রথম খেলার সময় কেউ জানে না কতগুলো ম্যাচ খেলতে পারবে। সেখানে আমি তিনশর কাছাকাছি ম্যাচ খেলতে পেরেছি। এখন আমি বাস্তবতা বুঝি। আমি আঁকড়ে ধরে থাকতে এবং ইংল্যান্ডের হয়ে আরও খেলার চেষ্টা করতে পারতাম। কিন্তু আমি জানি বাস্তবে এটা আর সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘অবসর নিলেও জাতীয় দলে খেলার জন্য আমি যথেষ্ট ভালো নই, তা মনে করি না। আমার ধারণা আমি এখনও খেলতে পারবো। কিন্তু প্রকৃত পরিস্থিতি বুঝতে পারছি দলের এখন নতুন চক্রের প্রবেশের প্রয়োজন আছে। এটা নিজের কাছেও সৎ থাকার বিষয়।’ অবসর নিলেও ক্রিকেটপ্রেমিরা তাকে মনে রাখবে বলে আশা করেন মঈন। তিনি বলেন, ‘মানুষ অনেক সময়ই ভুলে যায় ম্যাচে কেমন প্রভাব ছিলো। অনেক সময় হয়তো ২০-৩০ রান করেছি, কিন্তু ঐ ২০-৩০ রানই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের কাছে খেলাটাই এমন, প্রভাব রাখতে পারা। মাঠের ভেতরে-বাইরে দলের জন্য কি হয়েছে, সেটি আমি জানি। আমি ভালো করি বা খারাপ যতক্ষণ বুঝেছি মানুষ আমার খেলা উপভোগ করেছে, সেটিই আমার কাছে খুশির উপলক্ষ ছিল।’ ক্যারিয়ারের ব্যক্তিগত ও দলীয় অনেক স্মরণীয় অর্জন আছে মঈনের। সেগুলোও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘অ্যাশেজ ও দু’টি বিশ্বকাপ জয় ছিলো দারুণ। ব্যক্তিগত জায়গা থেকে বলতে হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট জয় স্মরণীয় হয়ে আছে। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ-সেঞ্চুরি (১৬ বলে, ২০২২ সালে) করতে পেরে আমি গর্বিত।’
পশ্চিম তীরের ক্রসিংয়ে গুলিতে ৩ ইসরায়েলি রক্ষী নিহত: সেনাবাহিনী

পশ্চিম তীরের ক্রসিংয়ে গুলিতে ৩ ইসরায়েলি রক্ষী নিহত: সেনাবাহিনী ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী ইসরাইলি সীমান্ত ক্রসিংয়ে এক জন ট্রাক চালক রোববার গুলি চালিয়ে তিন ইসরাইলি রক্ষীকে হত্যা করেছে। পরে নিরাপত্তা বাহিনীর হাতে তার মৃত্যু হয়। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক অভিযান ও হামলার মধ্যে দিয়ে কিং হুসেন ব্রিজ ক্রসিং নামেও পরিচিত অ্যালেনবি ব্রিজ ক্রসিং-এ এই হামলা হয়। খবর এএফপি’র। সামরিক বাহিনী জানায়, জর্ডান থেকে একটি ট্রাকে করে এক সন্ত্রাসী জর্ডান উপত্যকার ক্রসিং এলাকায় পৌঁছায়। এক সামরিক বিবৃতিতে বলা হয়, চালক ট্রাক থেকে বেরিয়ে এসে সেতুতে কর্মরত ইসরাইলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার ফলে তিনজন ইসরাইলি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। সামরিক বাহিনী পরে এএফপিকে জানায়, তারা নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিল। তারা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর অংশ নয়। সেনাবাহিনী আরো জানায় হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আম্মান কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। জর্ডানের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, ক্রসিংয়ের জর্ডানের দিকটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে : ড. ইউনূস

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে : ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যাতা এবং সমতার ভিত্তিতে।’ তিনি প্রতিবেশীর সঙ্গে পারস্পারিক সমান সম্মান এবং ন্যায্যাতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। রোববার রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম সাংবাদিকদের জানান, শিক্ষাথীদের এক প্রশ্নের উত্তরে ভারত-বাংলদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড. ইউনূস।
শিবগঞ্জে ভটভটির ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

শিবগঞ্জে ভটভটির ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটির ধাক্কায় মো. কাইয়ুম আলী (৬০) এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত জিবুর আলীর ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেব নাথ জানান, শনিবার সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা-শাহাপাড়া আঞ্চলিক সড়কের রানীনগর হঠাৎ পাড়া এলাকায় কাইয়ুম আলী বাই সাইকেলে করে পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয় করছিল। সেখানে ভটভটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি সুকোমল চন্দ্র দেব নাথ।