ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৫১

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৫১ ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া। রোববার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, ৩০ জন শ্রমিক এখনও খনিতে আটকে আছে। রাষ্ট্রীয় টিভি আরও জানায়, মদনজু কোম্পানি পরিচালিত খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ব্লকে মোট শ্রমিকের সংখ্যা ছিল ৬৯ জন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার স্থানীয় রাত ৯টায় বিস্ফোরণটি ঘটে।

কাজ করেই কূল পাই না, আবার প্রেম করব কখন

কাজ করেই কূল পাই না, আবার প্রেম করব কখন মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী ফারিন খান। তবে তার লক্ষ্য ছিল— রুপালি পর্দা। নিজের টার্গেট পূর্ণও করেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। একাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও ফারিন নজর কাড়েন কাজল আরেফিন অমি নির্মিত ‘ফিমেল’ নাটকের মাধ্যমে। বর্তমানে নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত ফারিন। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। বাস্তব জীবনের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন ফারিন। বাস্তব জীবনে প্রেমের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আর বলবেন না! আমার কপালটাই এমন। সাভারে জন্ম, সেখানেই বেড়ে ওঠা। একটা সময় পুরো সাভারই লেগে গেল আমার পেছনে (হা হা হা)।’ একটি ঘটনার বর্ণনা দিয়ে ফারিন খান বলেন, ‘ক্লাস সেভেনে পড়ার সময়ের একটা ঘটনা বলি। মায়ের সঙ্গে স্কুলে যাই। স্কুলে যাওয়ার পথে চারটা মোড় পড়ত। চার মোড়ে চারটা ছেলে রোজ দাঁড়িয়ে থাকত। হা করে তাকিয়ে থাকত। আমার মা তো বিষয়টা বুঝতে পারতেন। তবে ছেলেগুলোকে কিছু বলার সুযোগ দিতেন না। একসময় মা-ই খোঁজ নিয়ে বের করলেন ছেলে চারটা একই বাড়ির। ওরা আপন চাচাতো ভাই। এরপর তো আমার পরিবারের সদস্যরা গেলেন বিচার নিয়ে। পরে বিষয়টি পারিবারিকভাবেই সমাধান হয়।’ এখন প্রেম করেন কিনা না? এ প্রশ্নের জবাবে ফারিন খান বলেন, ‘কাজ করেই কূল পাই না আবার প্রেম করব কখন! সত্যি বলছি, আমি প্রেম করি না। করলে খোলামেলা জানিয়ে দিতাম। এটা নিয়ে লুকোচুরির কী আছে? অনেকে দেখবেন প্রেম করলেও বলেন, ওমা! আমি তো প্রেম করি না। আবার দেখবেন দুদিন পরে বাগদান সেরে ফেলেছেন। আমি এ ধরনের মানুষ নই।’

ভারতের বিপক্ষে হেরে শ্রীলংকা-ইংল্যান্ডের নিচে নামল বাংলাদেশ

ভারতের বিপক্ষে হেরে শ্রীলংকা-ইংল্যান্ডের নিচে নামল বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে বাংলাদেশ পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছিল। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হারের পর দুই ধাপ নিচে নেমে এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৭ খেলায় ৩ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৩৩। শতকরা ৩৯.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে টিম টাইগার্স। দলটির পরাজয়ের ফলে এক ধাপ করে উপরে উঠেছে শ্রীলংকা ও ইংল্যান্ড। সাত ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্টসহ শতকরা ৪২.৮৬ শতাংশ পয়েন্ট নিয়ে চার নম্বরে লঙ্কানরা। ১৬ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে পঞ্চম স্থানে থাকা ইংলিশরা ৮১ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৪২.১৯। চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে ভারত। হিসাব অনুযায়ী, টিম ইন্ডিয়ার শতকরা পয়েন্ট ৭১.৬৭ শতাংশ। দশ খেলায় ৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৮৬। আসরের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ৯০ পয়েন্ট। শতকরা ৬২.৫০ শতাংশ পয়েন্ট পেয়েছে অজিরা। নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। দলটির শতকরা পয়েন্ট ৫০ শতাংশ। ছয় ম্যাচে ২ জয় ০ এক ড্রয়ে ২৮ পয়েন্টসহ শতকরা ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান সাত খেলায় দুই জয়ে শতকরা ১৯.০৫ পয়েন্ট নিয়ে আগের আট নম্বর স্থানেই রয়েছে। দলটি ৭ খেলায় ২ জয়ে পেয়েছে ১৬ পয়েন্ট। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯ খেলায় এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। ক্যাবিরীয়রা শতকরা ১৮.৫২ পয়েন্টের বেশি পায়নি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।’  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদানের জন্য আগামীকাল ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন। ২৭ সেপ্টেম্বর তাঁর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী

৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। তবে এ বছরেরটা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। তিনি আরও বলেন, সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেয়া হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য হবে। সচিব বলেন, সম্পদের বিবরণী অতিগোপনীয় বিধায় এ ক্ষেত্রে তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না।

৭দিন বন্ধের পর পূণরায় কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

৭দিন বন্ধের পর পূণরায় কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর বন্দর ট্যারিফ বা মাশুল সংক্রান্ত জটিলতায় দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর টানা ৭দিন বন্ধ থাকার পর কর্মচঞ্চল হয়েছে। আজ থেকে শুরু হয়েছে ভারত থেকে পণ্য আমদানী ও ভারতে রপ্তানী। জেলা প্রশাসকের মধ্যস্থতায় সংম্লিস্ট সকল পক্ষের মধ্যে অব্যহত আলোচনার পর গতকাল বন্দর চালুর সিদ্ধান্ত হয়। বন্দর সংশ্লিস্ট একাধিক সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর থেকে বন্দরে আমদানী-রপ্তানী বন্ধ হয়ে যায়। এ অবস্থায় রাজস্ব আদায়ে ক্ষতি হওয়াসহ দেশের ভোগ্যপণ্য, কাঁচামাল,শিল্পপণ্য, উৎপাদন, নির্মাণ ও উন্নয়ন সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে বড় প্রভাব পড়তে শুরু করে। বেকার হয়ে পড়ে বন্দরের হাজার হাজার শ্রমিক-কর্মচারী। আজ বন্দরে ২৭৫টি ভারতীয় ট্রাক প্রবেশ করেছে। এর মধ্যে ছিল ১২৭টি পাথর, ৩৭টি ট্রাকে ৯৪৮ টন পেঁয়াজ ও ১টি ট্রাকে ২টন কাঁচা মরিচ।

শেষ হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন ল্যাব” বিষয়ক কর্মশালা

শেষ হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন ল্যাব” বিষয়ক কর্মশালা “চাঁপাইনবাবগঞ্জে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন ল্যাব” বিষয়ক কর্মশালা শেষ হয়েছে। আজ জেলা বেলেপুকুরে অবস্থিত রেডিও মহানন্দার স্টুডিওতে এবং গতকাল বড় ইন্দারা মোড়ে অবস্থিত স্কাই ভিউ ইন হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায়, অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে রেডিও মহানন্দার ৪জন ও ৩জন ক্ষুদ্র নৃ-গোষ্টির তরুন প্রতিনিধি অংশ নেন। এছাড়াও কর্মশালার ১ম দিন শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলার ১৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্টির তরুনপ্রতিনিধিরা অংশ নেন। এতে প্রশিক্ষক ছিলেন, গণমাধ্যম ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংগঠন সমষ্টি’র নির্বাহী পরিচালক ও চ্যানেল আই-এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক শাহনাজ মুন্নি, সমষ্টির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, সমষ্টির মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিস্ট সানজিদা তামান্না ঐশী এবং চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক রবিউল হাসান ডলার। এতে প্রয়াস ও রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, প্রয়াসের পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মো. নয়ন আলী ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা। ফ্র্রি প্রেস আনলিমিটেড এর আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কর্মশালার আয়োজন করে রেডিও মহানন্দা। উল্লেখ্য, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কন্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে সমষ্টি। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্টির সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৭টি কমিউনিটি সংলাপের মাধ্যমে রেডিও অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করা হবে।

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করলেন ব্যবসায়ীরা

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করলেন ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে চার দফা দাবিতে রবিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন তারা। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড ভারত থেকে আমদানিকৃত পণ্যের ট্রাক থেকে পণ্য খালাসের নামে অতিরিক্ত হারে মাশুল আদায় করছে। নিয়ম-বহির্ভূতভাবে ওয়্যারহাউস ভাড়া, নিরাপত্তার অভাবসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। অনিয়মের বিষয়ে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পানামা পোর্ট লিংক লিমিটেড কোনো ব্যবস্থা নেয়নি। তাই লোকসানের হাত থেকে বাঁচতে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন আমদানি-রপ্তানিকারকরা। বিষয়টি ভারতের ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানানো হয়েছে। ভারতের ব্যবসায়ীরাও একাত্মতা ঘোষণা করেছেন। ফলে এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, “আমরা সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী টাকা নিয়ে থাকি। আমদানিকারকরা এখন তা মানতে নারাজ। তাই তারা আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। আমরা তো সরকারের বাইরে যেতে পারি না।” এদিকে বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক গাড়ি বন্দরে প্রবেশ করলেও রবিবার বেলা ৪টা পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশ করেনি। প্রসঙ্গত, এর আগে গত ৮ সেপ্টেম্বর সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন হয়রানির অভিযোগে ১১ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। অন্যথায় পরবর্তীতে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেন তারা।

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সঙ্গে এই সভার আয়োজন করে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেনদেনিক সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- গোয়াবাড়ী চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মো. রইসুদ্দিন, মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক, সমাজসেবক আনসারুল হক। সভার উদ্দেশ্য ও অংশগ্রহণের গুরুত্ব এবং স্থানীয় প্রতিনিধিদের করণীয় তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল। শিবগঞ্জ উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটেটর মো. আলী হায়দার বাপ্পীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে। এজন্য অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তুলে ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে। বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামূলক সভা সেমিনার করার কথা বলেন। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজি, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা চাঁপাইনবাবগঞ্জে ছাত্র ও নাগরিক মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবন্দ। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রবিবার বিকেলে শহরের শহীদ সাটু হলে চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম আসাদ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদীসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে একই স্থানে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গেও মতবিনিময় করেন তারা। সভায় বক্তারা বলেন, ‘দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। ভারতের দাসত্ব বাদ দিয়ে এবং শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক, অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। এদিকে সকালে ছাত্র গণআন্দোলনে নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলার দুজনের কবর জিয়ারত করা হয়।