নাচোলে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নাচোলে বজ্রপাতে কিশোরের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাতে সাইরুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। ফতেপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সাবের আলী জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে বিলসিংড়ি মোমিনপাড়া এলাকায় গরু চরাচ্ছিল সাইরুল ইসলাম। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নাচোলে প্রয়াসের কৃষি ইউনিটের পরিকল্পনা ও সমন্বয় সভা

নাচোলে প্রয়াসের কৃষি ইউনিটের পরিকল্পনা ও সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) আয়োজনে উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নাচোল উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকালপার্সন ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন- নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জান্নাতি খাতুন। এসময় প্রয়াসের প্রাণিসম্পদ কার্যক্রমের তথ্য তুলে ধরেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। মৎস্য কার্যক্রম সম্পর্কে প্রয়াসের কার্যক্রম তুলে ধরেন মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং প্রয়াসের কৃষি ইউনিটের কার্যক্রম তুলে ধরেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ রিফাত আমিন হিরা, অফিসার শাহরিয়ার শিমুল, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর আব্দুল্লাহ কাফি, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট প্রকল্পটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

জেলা টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত : ২২ দিন বন্ধ থাকবে ইলিশ ধরা ও বিক্রি

জেলা টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত : ২২ দিন বন্ধ থাকবে ইলিশ ধরা ও বিক্রি জাতীয়ভাবে নিষেধাজ্ঞার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নের লক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় জানানো হয়, ২২ দিনের এই অলস সময়ে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ২ হাজার জেলেকে ২৫ কেজি করে ভিজিএফ চাল দেয়া হবে। এই কর্মসূচি বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যারা নির্দেশনা অমান্য করে ইলিশ ধরবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ, সভা সামবেশ করা হবে। সভায় গতবছরের সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানাসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারতীয় ৪২টি মোবাইল ও একটি বাইকসহ দুজন আটক

ভারতীয় ৪২টি মোবাইল ও একটি বাইকসহ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চোরাইপথে আনা ৪২টি ভারতীয় মোবাইল ফোন সেট ও ১টি মোটরসাইকেল (বাইক)সহ দুজনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে মো. নাফিউল্লা (২৩) ও মো. মনিরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (২২)। ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান জানান, রবিবার দুপুরে শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল শাহজাহানপুর গ্রামে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহজাহানপুর গ্রামের মো. নাফিউল্লা ও ফয়সাল অবৈধভাবে ভারত থেকে এনে ভারতীয় মোবাইল ফোনগুলো বাড়িতে লুকিয়ে রেখেছে। দুপুর দেড়টার দিকে টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তাদের বাড়ি তল্লাশি করে অবৈধ চোরাচালানকৃত ৪২টি ভারতীয় মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলসহ নাফিউল্লা ও ফয়সালকে আটক করে। আটক করা ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটককৃতদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান লে. কর্নেল মো. মনির-উজ-জামান।

চাঁপাইনবাবগঞ্জে জন্ম নিবন্ধনের হার ৬৮ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জে জন্ম নিবন্ধনের হার ৬৮ শতাংশ ‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’- এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রবিবার আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি শাহবাজাপুর ইউনিয়ন পরিষদের মতো জেলার সকল ইউনিয়ন-পৌরসভাগুলোকে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সফল করার আহ্বান জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। আলোচনায় অংশ নেন- সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন- সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল। সূচনা বক্তব্যে দিবসটি সম্পর্কে জাতীয় ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। তিনি তার উপস্থাপনায় জানান, যেসব ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে তা হলো- পাসপোর্ট ইস্যু, বিয়ে রেজিস্ট্রেশন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, নিয়োগ, ড্রাইভিং লাইসেন্স, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিস্ট্রেশন, জাতীয় পরিচয়পত্র, লাইফ ইন্স্যুরেন্স পলিসি, ব্যাংক হিসাব খোলা, আমদানি-রপ্তানি লাইসেন্স, গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ, টিআইএন নম্বর, ঠিকাদারি লাইসেন্স, বাড়ির নকশা অনুমোদন, গাড়ির রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স ও টিকাদান। যেসব ক্ষেত্রে মৃত্যু নিবন্ধন সনদ বাধ্যতামূলক তা হলো- উত্তরাধিকার সনদ প্রাপ্তি, পারিবারিক পেনশন প্রাপ্তি, মৃত ব্যক্তির লাইফ ইন্স্যুরেন্সের দাবি, নামজারি ও জমা ভাগপ্রাপ্তি। শিশুদের জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এর পরে হলে অতিরিক্ত টাকা দিয়ে করতে হবে। তিনি জানান, জুলাই-২০২৩ হতে মে-২০২৪ পর্যন্ত জন্ম ও মৃত্যুর এক বছবরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্ম নিবন্ধনের অগ্রগতি হয়েছে ৬৮ শতাংশ ও মৃত্যু নিবন্ধন ৭৯ শতাংশ। যা জাতীয়ভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ৮ম স্থানে রয়েছে। সদর উপজেলায় জন্ম নিবন্ধনের হার ৮৮.১২ শতাংশ ও মৃত্যু নিবন্ধনের হার ৭১.০২ শতাংশ। জন্ম নিবন্ধনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আল আমিন, ঝিলিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি পাল। এসময় জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতারসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা ১১টার দিকে মিনি কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় পৌর নির্বাহী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা ও গ্রামপুলিশেরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে টিকার কার্ড, নামের বানান সংশোধন, দিন-মাস ও বছরের বয়স নির্ধারণ ফিসহ বিভিন্ন জটিলতা নিয়ে কথা বলেন। আলোচনা শেষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে উপকারভোগীদের হাতে জন্ম নিবন্ধন সনদ তুলে দেন নির্বাহী অফিসার নীলুফা সরকার এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের অফিসার সোহেল রানা। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রহনপুর পৌরসভা আয়েজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুমসহ অন্যরা।

শিবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

শিবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। শনিবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সদস্যরা শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মোহবুল হকের ছেলে মো. মোজাম্মেল হককে ১৫ কেজি ও একই গ্রামের মো. তহরুলের ছেলে মঈন আলীকে ১ কেজি গাঁজাসহ তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বেলেপুকুরে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ

বেলেপুকুরে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলেপুকুর মহল্লায় একটি রাস্তায় জলাবদ্ধতা নিরসনে ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাস্তাটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে জেলাশহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের পেছন সংলগ্ন এ রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বেলেপুকুর মহল্লার এই রাস্তাটি প্রত্যেক বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ডুবে যায়। এতে শতাধিক পরিবার দুর্ভোগের শিকার হয়। এ দুর্ভোগ লাঘবে ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তাটিতে ইট বালু খোয়া ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগ গ্রহণ করে। এ বিষয়ে ইকরা’অ-র সভাপতি ওবায়দুল হক জানান, মহল্লার যে অংশটুকু জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে, সেখানে রয়েছে বেলেপুকুর কিডস ভ্যালি স্কুল, শাহ নেয়ামতুল্লাহ কলেজ এবং খেলাধুলার মাঠ; যা কোনোভাবেই কাম্য নয়। এসময় উপস্থিত ছিলেনÑ ইকরা’অ-র সহসভাপতি শাহিনুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান তারেক, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান সিহাব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান ও এলাকার স্থানীয় বাসিন্দারা।

পদ্মায় কমছে পানি, মহানন্দা পুনর্ভবায় বাড়ছেই

পদ্মায় কমছে পানি, মহানন্দা পুনর্ভবায় বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৭ সেন্টিমিটার কমেছে। বিকেল ৩টার সময় এই নদীর পানি বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে মহানন্দা ও পুনর্ভবার নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, গত শুক্রবার বিকেল ৩টা থেকে  শনিবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে পানি কমেছে ৪ সেন্টিমিটার। তবে গত শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নদীর পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পায়। এর পরবর্তী ১৫ ঘণ্টায় অর্থাৎ গতকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত পানি স্থির থাকে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ ঘণ্টায় পানি কমে ৭ সেন্টিমিন্টার। এ নদীর পাঁকা পয়েন্টে পানির এই স্তর রেকর্ড করা হয়। এ নদীর বিপৎসীমা ২২.০৫। অন্যদিকে গত শুক্রবার বিকেল ৩টা থেকে  শনিবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানন্দা নদীর পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। এ নদীর পানি বিপৎসীমার ১২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। মহানন্দার খালঘাট পয়েন্টে পানি বৃদ্ধির এ রেকর্ড করা হয়। এ নদীর বিপৎসীমা হচ্ছে ২০.৫৫। এছাড়া একই সময়ে পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে ৫ সেন্টিমিটার। এ নদীর পানি বিপৎসীমার ১৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ নদীর বিপৎসীমা হচ্ছে ২১.৫৫ মিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযান, ১৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযান, ১৭টি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ১৭টি ককটেল উদ্ধার করেছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ৫৩বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল শনিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এসময় একটি ব্যাগে রাখা ১৭টি ককটেল উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি। তিনি আরো জানান, ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫৩ বিজিবির অধিনায়ক বলেন, এর আগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হলুদিয়া গ্রামে বিজিবির টহলদল তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় একটি প্লাস্টিকের বালতি তল্লাশি করে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পায়। পরবর্তীতে টহলদল ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে শনিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। এছাড়াও জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে দিবসটি পালন করা হয়। সকালে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে সদর উপজেলা বিশ^ শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। প্রথমে র‌্যালি ও পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে নাচোল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় শিক্ষক নেতারা শিক্ষকদের বিভিন্ন বৈষম্য দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেনÑ নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি জহির উদ্দিনসহ অন্যরা। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে শনিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী।