চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন, আলোচনা ও র‌্যালির মধ্যদিয়ে জেলা সদরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে গ্রিন ভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অগ্নিকা- ও ভূমিকম্পের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া এবং সবশেষে আকর্ষণীয় নজেল প্রদর্শন করে। শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মীর আল মনসুর শোয়াইব উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

টাস্কফোর্সের অভিযানে বালুগ্রাম মোড়ে ৩টি দোকানে জরিমানা

টাস্কফোর্সের অভিযানে বালুগ্রাম মোড়ে ৩টি দোকানে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার বালুগ্রাম মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে খাবার হোটেল, চাল, ডিমের আড়ত, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা বাজারে এই অভিযান চালানো হয়। এসময় বালুগ্রাম মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রেখে বিক্রি, পরিষ্কার-পরিচ্ছন্ন ও লাইসেন্স না থাকায় ভাই ভাই হোটেলকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা টাঙানো ও লাইসন্সে না থাকায় ইসলাম মুদি দোকানকে ২ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় জুবায়ের আদর্শ ডিমের আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এইসব ব্যবসা প্রতিষ্ঠানে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী পৃথক ৩টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে টাস্কফোর্স সূত্র জানায়। এছাড়াও বিভিন্ন বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়-চাঁপাইনবাবগঞ্জের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলাম, জেলা ক্যাবের সেক্রেটারি আব্দুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি সাব্বির হোসেন, আহমেদ ইমতিয়াজ পারভেজ ও শাকির আহমেদ।

‘সব সম্প্রদায়-নাগরিকের সমান অধিকার থাকবে এমন দেশ গড়তে চাই’ : প্রধান উপদেষ্টা

‘সব সম্প্রদায়-নাগরিকের সমান অধিকার থাকবে এমন দেশ গড়তে চাই’ : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‌‘আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। এ সরকার এমন বাংলাদেশ গঠন করতে চায় যেখানে সব সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে।’ আজ শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার চতুর্থ দিনে মহানবমী উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী এদিন সকালে শুরু হয়েছে নবমী পূজা। আগামীকাল রবিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি হবে।

সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর ওপর মার্কিন বাহিনীর হামলা

সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর ওপর মার্কিন বাহিনীর হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির বাহিনী শুক্রবার সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটন থেকে এএফপিকে এ খবর জানায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, ‘মার্কিন বাহিনী ১১ অক্টোবর ভোরে সিরিয়ায় আইএসআইএস গ্রুপের একাধিক ক্যাম্পে সিরিজ বিমান হামলা চালিয়েছে।’ এতে বলা হয়, ‘এ হামলা মার্কিন যুক্তরাষ্ট্র, তার মিত্র ও অংশীজন এবং অঞ্চল জুড়ে ও এর বাইরেও বেসামরিক নাগরিকদের ওপর আইএসআইএসের পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলা পরিচালনার ক্ষমতাকে ব্যাহত করবে।’ ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯শ’ সৈন্য রয়েছে। জোটটি ২০১৪ সালে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়। এ গোষ্ঠী ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নিয়েছিল। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় আইএস-বিরোধী জোট বাহিনীর ওপর কয়েক ডজন বার ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। জবাবে মার্কিন বাহিনীও ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে একাধিক হামলা চালায়। সেপ্টেম্বরে সিরিয়ায় মার্কিন বাহিনীর দু’টি পৃথক হামলায় আইএস ও আল-কায়েদার সহযোগী হুরাস আল-দিনের সদস্যসহ ৩৭ জন নিহত হয়। বেসামরিক হতাহতের ইঙ্গিত না করে ইউএস সেন্ট্রাল কমান্ড শনিবার জানায়, ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে।

টি-টোয়েন্টিতে রেকর্ড সংগ্রহ ভারতের

টি-টোয়েন্টিতে রেকর্ড সংগ্রহ ভারতের ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি তৃতীয় এবং শেষ ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। যেখানে আগে ব্যাট করতে নেমে রীতিমতো ছেলে খেলা করেছে ভারতীয় ব্যাটাররা। বাংলাদেশকে ২৯৮ রানের বিশাল লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। যা টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। প্রথম স্থানে রয়েছে নেপালের ৩১৩ রানের ইনিংসটি। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিল নেপালের ব্যাটাররা। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬০ রানের বড় পুঁজি পায় ভারত। এবার সেই ইনিংস কেউ ছাড়িয়ে গেছে আকাশী-নীলরা। শনিবার (১২ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৪ বলে ৪ রান করে তানজিম সাকিবের প্রথম শিকার হন অভিষেক শর্মা। কিন্তু সূর্যকুমারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ওপেনার সাঞ্জু স্যামসন। ২২ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। সেই সঙ্গে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন তিনি। ১০তম ওভারে রিশাদ হোসেন বলে আসলে ৫ ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান স্যামসন। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ২৩ বলে ফিফটি তুলে নেন ভারতীয় অধিনায়ক। আর ৪১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন স্যামসন। ১৪তম ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দেন শান্ত। ওভারের তৃতীয় বলে স্যামসনকে ক্যাচ আউট করেন এই কাটার মাস্টার। ৪৭ বলে ১১১ রান করেন স্যামসন। পরের ওভারে সূর্যকুমারকে সাজঘরে ফেরান বিদায়ী ম্যাচ খেলতে নামা মাহমুদউল্লাহ। ৩৫ বলে ৭৫ রানের মারকুটে ইনিংস খেলে এই ব্যাটার আউট হলেও ততক্ষণে ২০০ রানের কোটা পার করে ফেলেছে ভারত। এরপর ১৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হন রিয়ান পরাগ। শেষ পর্যন্ত ১৮ বলে ৪৭ রান করে হার্দিক পান্ডিয়া এবং শূন্য রানে নিতিশ কুমার আউট হলে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রানের বিশাল পুঁজি পায় ভারত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন তানজিম সাকিব। এ ছাড়াও তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট নেন।

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। শনিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৩১ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮১০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৯৫২ জন। মারা গেছেন ২১০ জন। উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন যুগ্মসচিব তৌফিক ইমাম

রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন যুগ্মসচিব তৌফিক ইমাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা ১) মো. তৌফিক ইমাম। এ সময় তিনি বলেন, উন্নয়ন তো জনগণের জন্য। তাই রেলস্টেশনের উন্নয়ন প্রয়োজন। তিনি রেলস্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নসহ অন্যান্য বিষয়ে পরিদর্শনের জন্য এসেছেন বলে জানান। শনিবার বিকেল ৩টায় রহনপুর স্টেশনে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রেলস্টেশনের কর্মকর্তারা। পরে তৌফিক ইমাম রেলওয়ে স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ, টিকেট বিক্রি কার্যক্রম পরিদর্শন ও স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেনÑ গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পশ্চিম রেলের (রাজশাহী) সহকারী প্রকৌশলী এ এম রিয়াদুল ইসলাম, রহনপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশিদসহ অন্যরা। রহনপুর রেলস্টেশন সংলগ্ন জায়গায় উচ্ছেদের ব্যাপারে ব্যবসায়ী নেতা আশরাফুল হক আশরাফ যুগ্মসচিবকে অবহতি করলে তিনি জানান, জিএম সাহেব স্টেশনে আসবেন, তখন এ বিষয়ে তিনি কথা বলবেন। ধাপে ধাপে তারা রেলস্টেশনের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান তিনি।

১৩ অক্টোবর ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী

১৩ অক্টোবর ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী রবিবার ১৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের নাচোলের তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা বিপ্লবী ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের এ দিনে ৭৭ বছর বয়সে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেভাগা আন্দোলনে ইলা মিত্রের স্মৃতিবিজড়িত স্থান নাচোলের নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ‘ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা’ প্রাঙ্গণে আলোচনা ও প্রার্থনার আয়োজন করেছে ‘রানী ইলা মিত্র স্মৃতি সংসদ’। আজ রবিবার সকাল ৯টায় শুরু হবে আলোচনা সভা। তার আগে হবে প্রার্থনা। রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং জানান, প্রতি বছর কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হলেও এবার রাওতাড়ায় ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে এবারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ আদিবাসী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন বলেও তিনি জানান। উল্লেখ্য, রানী ইলা মিত্র স্মৃতি সংসদ ১৪ বছর ধরে ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।

চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। শনিবার ছিল শারদীয় দুর্গোৎসবের মহানবমী। দুপুর ১টায় প্রথমে জেলাশহরের শিবতলা চরজোতপ্রতাপ ঠাকুরানী দুর্গামাতা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরে সদর উপজেলার বারঘরিয়া ২২ পুতুল দুর্গা মন্দির ও চাঁপাইনবাবগঞ্জ সর্বজনীন পূজা কমিটি পরিচালিত সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার। এ সময় তাকে মন্দির কমিটি ও পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি দেবী দুর্গার প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফুল, চন্দন ও ধান-দুর্বা দিয়ে সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমারকে বরণ করে নেন মন্দিরের পুরোহিত শ্রী সুবোধ পান্ডে ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী। পরে চাঁপাইনবাবগঞ্জ সর্বজনীন পূজা কমিটি আয়োজিত এক সভায় বক্তৃতা করেন ভারতীয় সহকারী হাই কমিশনার। অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ বক্তব্য দেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আখতারুল ইসলাম রিমন উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতৃবৃন্দ, চেম্বারের নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

১০ম গ্রেড বাস্তবায়নের দাবি : গোমস্তাপুরে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে শিক্ষকরা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবি : গোমস্তাপুরে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে শিক্ষকরা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে বৃষ্টির মধ্যেই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রইসউদ্দিন বিপ্লব, আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন শিহাব, পশ্চিম আনারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, মধ্য আলিনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া সুলতানা, হাজি আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উম্মে আবেহাসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরা। দাবির যৌক্তিকতা তুলে ধরে মানববন্ধনে শিক্ষকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাস (২য় বিভাগ), বেতন গ্রেড ১৩তম। যেখানে অষ্টম শ্রেণী পাস ড্রাইভার পান ১২তম গ্রেডে। এমন বৈষম্যের অবসান চান তারা। শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি মেনে নেয়ার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।