দুবাই যাচ্ছেন শাকিব খান, সঙ্গী পূর্ণিমা-শ্রাবন্তী

দুবাই যাচ্ছেন শাকিব খান, সঙ্গী পূর্ণিমা-শ্রাবন্তী ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মান সূচক গোল্ডেন ভিসা পাওয়ার সুখবর দিয়েছেন। একের পর সুসংবাদ নিয়ে কিছুদিন পর পরই দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই নায়ক। এরমাঝেই এ ফের দুবাই যাচ্ছেন তিনি। আর তার সঙ্গী হচ্ছেন নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুবাইয়ের একটি জুয়েলারির শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব। প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন তিনি। সঙ্গে থাকবেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আগামী শনিবার প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন হবে। সেখানে যোগ দেবেন তারা। আয়োজকরা জানান, এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। এদিকে গতকাল রোববার থেকে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুরু হচ্ছে কিং খানের পরবর্তী সিনেমা ‘বরবাদে’র শুটিং। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী খান, চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক শাহজামান হক, নিরাপদ সড়ক চাই(নিচসা) আন্দোলনের জেলা কমিটির প্রতিনিধি ফারুকা বেগম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু সহ অন্যরা। বক্তরা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জনসচেতনা বৃদ্ধি করতে প্রচার-প্রচারনা বাড়াতে হবে। চালকদের পাশাপাশি যানবাহন চালক ও পথচারীদের সতর্ক থাকতে হবে। সভায় সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ শহরকে যানজটমুক্ত করার ব্যাপরেও আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

পলশায় খরাসহিষ্ণু ফসলের চাষ বিষয়ক প্রশিক্ষণ

পলশায় খরাসহিষ্ণু ফসলের চাষ বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের পলশায় অবস্থিত রেডিও মহানন্দার সেমিনার কক্ষে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সিসিএজি সদস্যদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আতিকুল ইসলাম ও জুনিয়র কনসালটেন্ট কৃষিবিদ জহুরুল ইসলাম। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়ক বকুল কুমার ঘোষ, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার সোহেল রানা, কমিউিনিটি মোবিলাইজেশন অফিসার ওবায়দুল বারী। কর্মশালায় জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষে টেকসই কৃষি অনুশীলনের ওপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো- অংশগ্রহণকারী সদস্যদের জলবায়ু পরিবর্তনের সমস্যা এবং প্রশমন ব্যবস্থার ওপর ধারণা দেওয়া। খরাসহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, চাষ পদ্ধতি, বসতবাড়ির আশপাশ বা আঙ্গিনায় বাগান করার কৌশল, মাটির গুণাগুণের উন্নতি, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে কার্যকর ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা। কর্মশালায় ২০ জন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন-সিসিএজি গ্রুপের সদস্য অংশ নেন।

মৃত সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন

মৃত সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের ছেলেমেয়ের বিয়ের জন্য বরাদ্দকৃত অর্থ ও মৃত সদস্যদের পরিবারবর্গকে এককালীন অর্থ প্রদান করা হয়েছে।  রবিবার সকাল সাড়ে ১০টায় শ্রমিক ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদেরকে সংগঠনটির পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। সংগঠনটির সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- সংগঠনটির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার। উপস্থিত ছিলেন- পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী ও সেক্রেটারি মোক্তার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি মোজাম্মেল হকসহ শ্রমিক নেতারা। পরে ৩ জন মৃত সদস্যের পরিবারকে ৭০ হাজার টাকা করে এবং ছেলের বিয়ের জন্য ৩ জনকে ২০ হাজার টাকা করে ও ৯ জনকে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ২ হাসপাতালে ভর্তি ১১ জন

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ২ হাসপাতালে ভর্তি ১১ জন   চাঁপাইনবাবগঞ্জে  রবিবার নতুন করে আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৭ জনে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। বর্তমানে ভর্তি আছে ১১ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছে। ভর্তি থাকা রোগীদের মধ্যে ১০ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গোমস্তাপুরে পরিবেশ বান্ধব ইট ও ব্লক তৈরি কারখানার উদ্বোধন

গোমস্তাপুরে পরিবেশ বান্ধব ইট ও ব্লক তৈরি কারখানার উদ্বোধন গোমস্তাপুরে আধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব ইট ও ব্লক তৈরির কারখানা উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে রহনপুর-গোমস্তাপুর সড়কের মড়িচাডাঙ্গা শিমুলতলায় এই কারখানার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ বান্ধব ইট ও ব্লক তৈরির উদ্যোগটি নিয়েছে মেসার্স আতিয়া ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এলজিইডি’র গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী শাওন ইসলাম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ মাহমুদ ও ফরিদ খাঁনসহ অন্যরা। অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ বান্ধব ও নির্মাণে ব্যবহৃত কনক্রিট ব্রিকস, ইউনিপেভার কার্ভস্টোন হলোব্রক, পার্কিং টাইলস উৎপাদন করবে এই প্রতিষ্ঠানটি।

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে আরো আক্রান্ত ৬, হাসপাতালে ভর্তি রোগী ১২ জন

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে আরো আক্রান্ত ৬, হাসপাতালে ভর্তি রোগী ১২ জন চাঁপাইনবাবগঞ্জে গত শুক্রবার শনাক্তের খবর না থাকলেও  শনিবার নতুন করে আরো ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৫ জনে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও নাচোলে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। বর্তমানে ভর্তি আছে ১২ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছে। ভর্তি থাকা রোগীদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন মহিলা। অন্যদিকে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রমকালে বিজিবি’র হাতে বাংলাদেশী যুবক আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিজিবি’র হাতে যুবক আটক অবৈধভাবে গত ১০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর আজ দুপুর আড়াইটার দিকে পূণরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত হতে বাংলাদেশে  প্রবেশকালে বিজিবি’র হাতে আলমগীর(২৬) নামে এক বাংলাদেশী আটক হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।  বিজিবি জানায়, ২৩/৯ এস সীমান্ত পিলারের নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবশের সময় বিজিবি’র চ্যালেঞ্জের মুখে পালানোর চেষ্টাকালে জহুরপুরটেক বিওপি’র টহলদল ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তাকে তল্লাশী করে  কাতারের  সিমকার্ড সহ একটি মোবাইল ফোন, ২০০ গ্রাম বাদাম ও ২ কেজি খেজুর  পাওয়া যায়। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান,  আটক আলমগীরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।

মহানন্দা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ ৬৮ ঘন্টা পর উদ্ধার

মহানন্দা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ ৬৮ ঘন্টা পর উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গত শুক্রবার দুপুরে ডুবে নিখোঁজ আলী হাসান নামে ৮ বছরের শিশুর প্রায় গলিত মরদেহ আজ সকালে নদী থেকে নিখোঁজের ৬৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে। শিশুটি বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোয়াপুকর গ্রামের সমির আলীর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসায় ছাত্র। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গত শুক্রবার দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিননাথপুর গ্রাম সংলগ্ন নদীর ঘাটে গোসলে নেমে সে ডুবে যায়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল নৌকা নিয়ে নদীতে খোঁজ করেও শিশুটির সন্ধান পায় নি। তবে এরপর থেকে শিশুর স্বজনরা নদীতে তার খোঁজ অব্যহত রাখলে ৩ দিন পর আজ সকালে নিখোঁজ স্থানের নিকটেই তাঁর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা ধারণা করছেন, জেলেদের মাছধরা জালে তার দেহ আটকে ছিল। শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম জাকারিয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খানসহ কমিটির সদস্য সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সামগ্রিক তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।