নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দলে শক্তিশালী অস্ট্রেলিয়া

নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দলে শক্তিশালী অস্ট্রেলিয়া ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং প্রকাশ করেছে আইসিসি। গত আসরের মত এবারও অস্ট্রেলিয়ার সাথে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ। সাথে রয়েছে নেপাল এবং স্কটল্যান্ড। গ্রুপ ‘ডি’ তে খেলবে বাংলাদেশ। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম আসরেও একই গ্রুপে ছিল অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। এবার মালয়েশিয়াতে অনুষ্ঠিতব্য আসরেও একই গ্রুপে রয়েছে দুই দল। দক্ষিণ আফ্রিকায় অজিদের পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সুপার সিক্সেও গিয়েছিল, কিন্তু সেমিফাইনালে খেলা হয়নি। এই গ্রুপ থেকে সুপার সিক্সে জায়গা পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। বাকি দুই দল স্কটল্যান্ড এবং এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব পার করে আসা নেপালও নিশ্চিতভাবে ছেড়ে কথা বলবে না। চার গ্রুপের শীর্ষ ৩টি করে দল নিয়ে মোট ১২ দল যাবে সুপার সিক্স রাউন্ডে। সেখানে দুই গ্রুপে ৬টি করে দল ভাগ হয়ে লড়বে সেমিফাইনালের লড়াইয়ে। দুই গ্রুপের শীর্ষ ২টি করে মোট ৪টি দল যাবে সেমিতে। গ্রুপ ‘এ’ তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সাথে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। সাথে থাকবে আয়োজক মালয়েশিয়াও। গ্রুপ ‘বি’ ও কাগজে-কলমে বেশ শক্তিশালী। পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্রের সাথে ইংল্যান্ড রয়েছে এই গ্রুপে। গ্রুপ ‘সি’ তে রয়েছে ইতিহাসের হাতছানি। সামোয়া এবং নাইজেরিয়ার মধ্যে যেকোনো এক দলের সামনে সুযোগ রয়েছে সুপার সিক্সের টিকিট কেটে ফেলার। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ী দলই সবচেয়ে এগিয়ে থাকবে সুপার সিক্সের দৌড়ে। দুই দলই এবারই প্রথম খেলতে যাচ্ছে নারীদের যুব বিশ্বকাপ। গ্রুপের বাকি দুই দল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। মালয়েশিয়াতে ২০২৫ সালের ১৮ জানুয়ারি মাঠে গড়াবে নারীদের যুব বিশ্বকাপের দ্বিতীয় আসর। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত ভারত এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ওড়িশার উপকূলে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রোববার এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। গত শনিবার এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত একটি বড় মাইলফলক অর্জন করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে, যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্রটি দেশীর প্রযুক্তিতে তৈরি করে সফলভাবে উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এই ক্ষেপণাস্ত্রটি ভারতের সশস্ত্র বাহিনীর জন্য ১৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। ডিআরডিও’কে অভিনন্দন জানিয়েছে রাজনাথ সিং বলেছেন, এটি সশস্ত্র বাহিনী এবং শিল্পের জন্য একটি অসাধারণ অর্জন।

পাচার করা অর্থ ফেরাতে সহায়তা দেবে যুক্তরাজ্য

পাচার করা অর্থ ফেরাতে সহায়তা দেবে যুক্তরাজ্য যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, তার সরকার বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঢাকাকে পূর্ণ সহায়তা দেবে। রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। ক্যাথরিন ওয়েস্ট বলেন, আপনাকে জানানো গুরুত্বপূর্ণ যে, আপনি আমাদের সমর্থন পেয়েছেন। ব্রিটিশ মন্ত্রী বলেন, শেখ হাসিনার প্রায় ষোল বছরের শাসনামলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার ফেরত আনার জন্য ঢাকার প্রচেষ্টায় যুক্তরাজ্য তার সহায়তার হাত বাড়িয়ে দেবে। ড. ইউনূস তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অলিগার্ক ও আমলাদের পাচার করা অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলাদেশ থেকে বছরে ১২ বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়েছে। বৈঠকে অধ্যাপক ইউনূস দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে তার সরকারের সংস্কার উদ্যোগের বর্ণনা দেন। তিনি বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসনামলে চর্চা করা ব্যাপক ভোট কারচুপি থেকে বিরত থাকা এই সংস্কারের লক্ষ্য। পশ্চিমা দেশগুলো সরকারের সংস্কার উদ্যোগগুলোকে সমর্থন করে উল্লেখ করে ক্যাথরিন ওয়েস্ট বলেন, ব্রিটেন নির্বাচনী, বিচার বিভাগীয় ও সাংবিধানিক সংস্কারের মূল দিকগুলোতে প্রাণবন্ত বিতর্ক দেখতে চায়। ‘বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ,’ তিনি বলেন। মন্ত্রী রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় জনগোষ্ঠী ও বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদানের জন্য ইউকে ১০.৩ মিলিয়ন পাউন্ড অনুদান সহায়তা ঘোষণা করেছে। ড. ইউনূস মিয়ানমারের সহিংসতা-জর্জরিত রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ‘জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠায় তার আহ্বান পুনর্ব্যক্ত করেন, যাতে তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে না হয় এবং দাতব্য সংস্থা এবং সাহায্য গোষ্ঠীগুলো নির্বিঘেœ বাস্তুচ্যুত মানুষের দোরগোড়ায় খাদ্য ও সহায়তা নিতে পারে। বৈঠকে তারা ভূ-রাজনৈতিক সমস্যা, সংখ্যালঘুদের অধিকার, দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এবং নেপালের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ৪০ মেগাওয়াট জ্বালানি চুক্তি নিয়েও আলোচনা করেন। ইউনূস বলেন, তার সরকার জলবিদ্যুৎ সমৃদ্ধ নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার জন্য দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ গ্রিড তৈরিকে পুরোপুরি সমর্থন করেছে। তিনি বলেন, হিমালয়ের পাদদেশের দুই দেশ থেকে নবায়নযোগ্য জ্বালানি আমদানি করতে পারলে বাংলাদেশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে পারে। তিনি বলেন, এ লক্ষে ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। বৈঠকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুরুতর আহত ছাত্র ও অন্যান্য বিক্ষোভকারীদের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের একটি মেডিকেল টিম চলতি মাসে দেশে এসেছে। তিনি বলেন, ‘তারা দিনে তিনটি অস্ত্রোপচার করছেন।’

সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ : ইউনূস

সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ : জাতির উদ্দেশে ভাষণে অধ্যাপক ইউনূস দেশবাসীর উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা চাইব, আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি, যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন।’ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে গত ১৫ নভেম্বর। ১০০ দিন পূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচার করা হয়। মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি নিশ্চিত নই, সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাক্সিক্ষত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য্য ধারণ করার অনুরোধ করব।’ তিনি বলেন, নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে। আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের ওপর বর্তাবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেন, ‘এই যাত্রা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐকমত্যের মাধ্যমে।’ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারপ্রধান বলেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনায় নেয়া হচ্ছে। আমরা আশা করছি, নির্ধারিত সময়ে, ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ক্রমাগতভাবে আলোচনায় বসব। সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব।’ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে, একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যে ছয়টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম, তারা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেকদূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন। নির্বাচন সংস্কার কমিশন গঠনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান। আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক। আপনি বলে দিন, আপনি কি চান। কীভাবে চান।’ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংস্কার নিয়ে দেশবাসীকে খোলা মনে কথা বলার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদি জীবনী শক্তি। সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ-তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে বঞ্চিত করবেন না।’ তিনি বলেন, নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সে কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার কোন অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য, এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাক্সক্ষা থেকে। এই আকাক্সক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্ব করা যেতে পারে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘ইতোমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরো গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐকমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকতে থাকব কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে।’ প্রধান উপদেষ্টা বলেন, আমরা দু’দিন পরে চলে যাবো। কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সে সুযোগটা যেন কোনো রকমেই হাতছাড়া করে না দিই, এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী-পুরুষ, ধর্ম, তরুণ-বৃদ্ধ, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি। আশা করি, আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৭ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৭ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৮ জন রোগী। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ২ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা

জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃতী সন্তান চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মো. আব্দুর রশিদের পদোন্নতিজনিত কারণে তাকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। রবিবার সংবর্ধনা অনুষ্ঠানে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. আব্দুর রশীদকে জেলা শিক্ষা অফিসার থেকে পদোন্নতি দিয়ে উপপরিচালক (ভারপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুরে পদায়ন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এসময় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ইউসুফ আলী, আজমাল হোসেন মামুন, মো. শফিকুল ইসলাম, সাইমুম ইসলাম এবং নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিউল আজম, সিনিয়র শিক্ষক লিনস হাঁসদা, মো. নাসির উদ্দীন, সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. আব্দুর রশিদ ২০২১ সালের ১২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বারঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৪

বারঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৪ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বারঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে রাজশাহী কেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার এসআই আব্দুল হাই জানান, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাভ্যান, একটি ট্রলি, একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে সদর উপজেলার বারঘরিয়া কুমারপাড়ার সুশান্ত কুমার পাল (৩৯), শিবগঞ্জ উপজেলার রাজিতপুরের জিল্লুর রহমানের ছেলে রিকশাভ্যান চালক ইদিল (৪০) এবং মোটরসাইকেল আরোহী আব্বাস বাজারের ইসমাইল ও ইসমাইলের স্ত্রী মুক্তা আহত হন। তাদেরকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইদিলকে রাজশাহী কেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক

চাঁপাইনবাবগঞ্জের ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘মাদকসেবী ও মাদক ব্যবসায়ী প্রতিরোধে মাদকবিরোধী সভা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নে যে ৫টা রিজিয়ন আছে, তার মধ্যে আমরা রংপুর রিজিয়নের অধীনস্থ। এই রিজিয়নে ১৫টি ব্যাটালিয়ন আছে, তার মধ্যে মহানন্দা ব্যাটালিয়ন একটি। মহানন্দা ব্যাটালিয়নের অধীনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ৭৫ কিলোমিটার বর্ডার রয়েছে। তিনি বলেন, এই জেলায় মাদকের বিস্তার এত বেশি যে, মাদকসহ আসামি ধরার জন্য আমি বারবার কথা বলছি। আমরা মাদকসহ আসামি ধরছি। গতবার সবচেয়ে বেশি মাদক ও আসামি ধরার জন্য আমি পদকও পেয়েছি। এটা আমার জন্য ক্রেডিট, কিন্তু আপনাদের জন্য ডিসক্রেডিট। এই বছর এখন পর্যন্ত আমরা ১১৩ জন আসামিকে আটক করেছি এবং প্রায় ৫২ কোটি টাকার মাদক আটক করেছি।” অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া বলেন, আপনারা জেনে অবাক হবেন, পাশর্^বর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে সরবরাহের জন্য ফেনসিডিলের কারখানা গড়ে উঠেছে। শুধু আমাদের দেশে পাচার করার জন্য। বিজিবির এই কর্মকর্তা বলেন, “প্রায় দুই বছর হলো আমার এই ব্যাটালিয়নের দায়িত্ব নেয়া। কিন্তু এই সময়ের মধ্যে ভারতের কোনো লোককে বাংলাদেশে মাদক নিয়ে আসতে দেখিনি। পক্ষান্তরে সমস্ত সীমান্ত অতিক্রম করেছে আমাদের বাংলাদেশের নাগরিক। মানে চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগণ। এই ভোলাহাটে কারা কাঁটাতারের বেড়া কাটে। রাজশাহী বা অন্য কোনো জেলার লোক এসে কি কাটে, নাকি ভোলাহাটের লোকেরাই কেটে মাদকের বস্তা নিয়ে আসে? সেটা আপনাদের দেখতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” মহানন্দা ব্যাটালিয়ন ও স্বপ্নের ভোলাহাট আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ স্বপ্নের ভোলাহাট স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

পারিবারিক কলহের জের : নাচোলে ককটেল বিস্ফোরণ ৭টি বাইকে অগ্নিসংযোগ

পারিবারিক কলহের জের : নাচোলে ককটেল বিস্ফোরণ ৭টি বাইকে অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলহের জের ধরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং আটক করা হয়েছে ৬ জনকে। রবিবার দুপুরে উপজেলার গুঠইল গ্রামে এই ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এর আগে কেন্দুয়া ঘাসুড়া গ্রামের রজবের ছেলে সিফাতের সঙ্গে রজবের ভাগ্নে গুঠইল গ্রামের মো. জসিমের কথা কাটাকাটির একপর্যায়ে জসিমকে মারধর করে সিফাত। এতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রবিবার  ভাগ্নে জসিমকে দেখতে যান রজব আলী। এরই মধ্যে কে বা কারা গুজব ছড়িয়ে দেয় এই বলে যে, রজবকে মারধর করে আটকে রাখা হয়েছে। এরপর সিফাত একটি মাইক্রো ও ২০-২৫টি মোটরসাইকেলে বহিরাগতদের নিয়ে জসিমের বাড়িতে হামলা চালায়। বাড়িঘরে ব্যাপক ক্ষতিসাধনের পর পালিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় উত্তেজিত জনতা হামলাকারীদের ৭টি মোটরসাইকেলে (বাইকে) অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার সহযোগিতায় ৬ জন হামলাকারীকে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম।

গোমস্তাপুরে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ

এবার গোমস্তাপুরে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ চাঁপাইনবাবগঞ্জে সমতলের আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে কমিউনিটি সংলাপগুলোর আয়োজন করছে রেডিও মহানন্দা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের চাঁদপুর বাহাদুর পাড়া গ্রামে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- গ্রামে মন্দির নির্মাণ, অরক্ষিত শ্মশানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, ল্যাম্পপোস্ট স্থাপন, শ্মশান পর্যন্ত রাস্তা নির্মাণ, গ্রামে ড্রেনের ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা করা ও আদিবাসী এলাকার সরকারি খাস পুকুরগুলো লিজ দেওয়ার ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় সংলাপে বিশেষ অতিথি ছিলেন- সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ, গ্রামের মোড়ল রনজিত মন্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।