নির্বাচন কমিশনারের শপথ নিলেন নাচোলের কৃতী সন্তান আবুল ফজল

নির্বাচন কমিশনারের শপথ নিলেন নাচোলের কৃতী সন্তান আবুল ফজল প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার রবিবার শপথ নিয়েছেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। চার নির্বাচন কমিশনারের (ইসি) একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কৃতী সন্তান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। এদিকে আবুল ফজল নির্বাচন কমিশনার হওয়ায় এলাকাবাসী আনন্দে ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে নাচোল পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেন। নাচোলে ১৯৮৩ সালে স্কুল ও ১৯৮৫ সালে কলেজজীবন শেষে ১৮তম বিএমএ লংকোর্সে তিনি ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮৮ সালের জুনে কমিশন লাভ করেন এবং সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পেশাগত জীবনে এবং প্রশিক্ষণে আবুল ফজল অসামান্য উৎকর্ষ লাভ করেন। তিনি আর্মি স্টাফ কোর্সে প্রথম হওয়ার পাশাপাশি মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ফলশ্রুতিতে তিনি যুক্তরাষ্ট্রে দ্বিতীয় স্টাফ কোর্স করার যোগ্যতা লাভ করেন। সেখানে দক্ষতার সাথে ইউএস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কোর্স সম্পন্ন করার পাশাপাশি মাস্টার্স ইন মিলিটারি আর্টস অ্যান্ড সাইন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে ডিসটিংসনসহ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্সেও সর্বোচ্চ মান প্রদর্শন করেন। তিনের অধিক সামরিক প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করায় তিনি এসইউপি বা সেনা উৎকর্ষ পদক লাভ করেন। এছাড়াও তিনি দুইবার তার কমান্ড দক্ষতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসা লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পিএইচডি রিসার্চ ফেলো। দীর্ঘ ৩৪ বছর ৭ মাসের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেছেন। এর মধ্যে কমান্ড পর্যায়ে পদাতিক ব্যাটালিয়ান এবং ব্রিগেড কমান্ড, কম্যান্ডান্ট আর্মি সিকিউরিটি ইউনিট অন্যতম। স্টাফ অফিসার হিসেবে তিনি জিএসও-৩ (অপারেশন), ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, জিএসও-২ সামরিক অপারেশন পরিদপ্তর এবং কর্নেল জেনারেল স্টাফ ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস’র রণকৌশল শাখায় কর্মরত ছিলেন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের ট্রেনিং ডিভিশনের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি বিদেশে যেসব ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করেছেন তার মধ্যে রয়েছে- মিড ক্যারিয়ার কোর্স (পাকিস্তান), ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ অফিসার কোর্স (যুক্তরাষ্ট্র), হাইয়ার ডিফেন্স ম্যানেজমেন্ট কোর্স (ভারত) এবং ইন্টারন্যাশনাল ইনটেলিজেন্স ডিরেক্টরস কোর্স (ইউকে)। তিনি জাতিসংঘ মিশনে ১৯৯৪-৯৫ সময়ে সোমালিয়ায় এবং ২০০৩-০৪ সময়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল ফজল ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর; ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর; ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্র এবং কলেজ অব ডিফেন্স ম্যানেজমেন্ট, ভারত’র অ্যালামনাই। সর্বশেষে তিনি পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন এবং একইসাথে ইরানের তেহরানে বাংলাদেশ দূতাবাসে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
নতুন প্রেম নিয়ে পরীমণির ‘প্রাঙ্ক’

নতুন প্রেম নিয়ে পরীমণির ‘প্রাঙ্ক’ নভেম্বর ১৯, ২০২৪: কোনো না কোনো বিষয়ে হামেশাই সংবাদের শিরোনাম হন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সদ্যই ঘোষণা দিয়ে বসেছিলেন, নতুন করে প্রেমে পড়েছেন তিনি! আর তা অনুরাগীদের বিশ্বাস করতেও কতক্ষণ! স্বাভাবিকভাবেই তারা ধরে নিয়েছেন, সত্যিই বোধহয় নতুন সঙ্গী পেয়েছেন পরী। অবশ্য, অনুরাগীরাও একরকম ভুল বোঝেনি। সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এনেছিলেন নায়িকা, তা দেখলে যে কারও মনে হবে, প্রেমিকের সঙ্গে ছাড়া এমন কাজ সম্ভব না। তো কী ছিল সেই ভিডিওতে? যেখানে দেখা গেছে, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন নায়িকা পরীমণি। অনেকটা আলিঙ্গনরত মুহূর্তে যুগলরা যেভাবে একে অপরের হাত ধরে, ঠিক সেভাবেই। যদিও পাশে থাকা পুরুষটির চেহারা তখনও প্রকাশ্যে আনেননি পরী। সেই ভিডিও শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।’ পোস্টটি শেয়ার করার পর সামাজিক মাধ্যমে শুরু হয় শোরগোল। পরীকে রীতিমতো শুভকামনা জানাতে থাকেন তার অনুরাগীরা। জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পা দেওয়ায় অভিনন্দন বার্তায় ভরে ওঠে পরীর মন্তব্য ঘর। একদিকে অনুরাগীরা বিষয়টিকে যেমন ‘সিরিয়াস’ হিসেবে নিয়েছেন, অন্যদিকে একে একে সংবাদের শিরোনাম হয়ে উঠছিলেন পরীমণি। পরীর প্রেমে পড়ার বিষয়টি কারও কারও কাছে একটা ধোঁয়াশায়ও পরিণত হয়। কারও কারও আবার আগ্রহ জন্মায় পরীর বিপরীতের সেই পুরুষটিকে এক ঝলক দেখার। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা বাড়তেই হঠাৎ সেই ভিডিওটি আবার সামনে আনলেন পরীমণি। বোঝাতে চাইলেন, আদতে ভিডিওটি করা হয়েছিল ভক্তদের চমকে দেওয়ার উদ্দেশ্যে এবং মজার ছলে; তথা, পুরো বিষয়টি ছিল শুধুমাত্র একটি ‘প্র্যাঙ্ক’। পরে ভিডিওটির বাকি অংশটুকুতে তার সেই সঙ্গীকে দেখানো হয়। সেখানে তাদের হাসতে হাসতে ফেটে পড়তেও দেখা যায়। তাদের অট্টহাসির ধ্বনির মাত্রাই বুঝিয়ে দেয়, অনুরাগীদের বোকা বানিয়ে কতটা আনন্দিত তারা! ভিডিওর শেষের দিকে তাদের এও বলতে শোনা যায়, ‘গুজবে কান দেবেন না।’ আর সেই ভিডিওর ক্যাপশনে মজার ছলে প্রশ্ন রাখেন, ‘প্রাংক টা কি একটু বেশি হলে গেছিলো ?’ উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পরীমণি জানিয়েছিলেন, তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না। জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারও সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না। বলা যায়, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরী, তখন বারবার তিনি এ কথাই জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা। পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই।
নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে দুদিনের প্রশিক্ষণ শুরু

নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে দুদিনের প্রশিক্ষণ শুরু নভেম্বর ১৯, ২০২৪: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে দুদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটভূক্ত মৎস্য খাতের আওতায় এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ফতেপুর ইউনিটের অধীনস্থ ২৫ জন মৎস্যচাষি এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও প্রয়াসের ফতেপুর ইউনিট ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন। প্রশিক্ষণে পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুতি, পুকুরকে মাছ চাষের উপযোগী করার কৌশল, প্রজাতি নির্বাচন, পোনা মজুত, চুন ও সার প্রয়োগ পদ্ধতি, মাছ চাষে সাধারণ সমস্যা ও সমাধান, মাছের রোগ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। চরঅনুপনগরে সরিষা বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরঅনুপনগরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ চরঅনুপনগর অফিসের সদস্যেদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় ১০০ জন কৃষকের প্রত্যেককে সরিষা বীজ, জৈব সার ও ছত্রাকনাশক প্রদান করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে সরিষা চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ রিফাত আমিন হিরা। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ইউনিট-১২ এর ব্যবস্থাপক মো. জাকারিয়া, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, অফিসার শাহরিয়ার শিমুল, জুনিয়র অফিসার আলমাস উদ্দিনসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই বীজ এবং জৈব সার ও ছত্রাকনাশক বিতরণ করে।
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬ ডায়রিয়া রোগী

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬ ডায়রিয়া রোগী নভেম্বর ১৯, ২০২৪: চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ জন রোগী। তাদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৮ জন এবং নিউমনিয়া রোগী ভর্তি হয়েছে ৫ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন রোগী। ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নাজির আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেছেন, রোটাভাইরাস নামক একধরনের ভাইরাস শীতকালে দেখা দেয়। এতে যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা এটা সেটা খাবার কারণে সেইসব শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এই রোটাভাইরাস শীতকালে বেশি ছড়ায়। তিনি বলেন বর্তমানে ডায়রিয়াতে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। তবে হাসপাতালে ভর্তি থেকে টানা কয়েকদিন চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ জন। এবং একই সময়ে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ১৮ জন ও নিউমনিয়া রোগী ৫জন। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে যেখানে ডায়রিয়া আক্রান্ত শিশুদের রাখা হয়েছে সেখানে দেখা যায় আসন শয্যা সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে কমেছে নিউমনিয়ায় আক্রান্তের সংখ্যা। সকল বয়সের মানুষকে বিশেষ করে শিশুদের এই শীতে বিশেষ যতেœ রাখার পরামর্শ দিয়েছেন আরএমও ডা. নাজির আহমেদ।
আম রপ্তানি বাড়াতে চালু হলো কন্ট্রাক্ট ফার্মিং অ্যাপ

আম রপ্তানি বাড়াতে চালু হলো কন্ট্রাক্ট ফার্মিং অ্যাপ নভেম্বর ১৯, ২০২৪ চাঁপাইনবাবগঞ্জে আমের রপ্তানি বাড়াতে ‘কন্ট্রাক্ট ফার্মিং’ অ্যাপ সহায়ক হবে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেছেন, গত বছর মাত্র ৩ হাজার ১০০ কেজি আম রপ্তানি হয়েছে যা পরিমাণে অনেক কম। তবে আগামীতে এই অ্যাপের মাধ্যমে প্রচার-প্রচারণা বাড়িয়ে আমের রপ্তানি বাড়ানো যাবে। এই অ্যাপের মাধ্যমে বায়ারদের বিশ্বাস অর্জন করা সম্ভব হবে। মাঠ পর্যায়ে চাষিরা কিভাবে আম উৎপাদন করছে সেটি অ্যাপে রেকর্ড থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উৎপাদন প্রক্রিয়া মনিটরিয় করবেন। আমগুলো রপ্তানিযোগ্য হচ্ছে কি-না তা সবাই দেখতে পারবে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র (প্রি এক্সপোর্ট কোয়ারেন্টাইন ফ্যাসিলিট) কেন্দ্রে ‘কন্ট্রাক্ট ফার্মিং’ নামের এই অ্যাপের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান্ট কোয়ারেন্টাইন উইংয়ের পরিচালক ডা. মো. শফি উদ্দিন বলেন, আম রপ্তানি বাড়াতে অনেক পদক্ষেপ নিয়েছি। এ অ্যাপ তার মধ্যে অন্যতম। আমরা বিভিন্নস্থানে আম গ্রেডিং, শটিং ও শোধন কেন্দ্র নির্মাণ করেছি। এক কথায় বিদেশে আম রপ্তানি বাড়াতে সব ধরণের কার্যক্রম চলমান রয়েছে। বারমাসী আম উৎপাদনকারী প্রতিষ্ঠান ফার্মি অ্যাগ্রোর রফিকুল ইসলাম বলেন, আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদন করছি সেটা বিশ্বাস করতে চান না বিদেশি বায়াররা। এ অ্যাপে সব রেকর্ড থাকার কারণে বায়ারদের আমরা বোঝাতে সক্ষম হব যে রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছি। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, নওয়াবি ম্যাংগো’র ইসমাইল খান শামীম, হাসনাত ম্যাংগোর হাসনাত মামুনসহ জেলা আমচাষি ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিল পুতিন

পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন ভ্লাদিমির পুতিনের মুখপাত্র এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার পরই পদক্ষেপ নিলো রাশিয়া। নতুন নীতিমালায় বলা হয়েছে, যে দেশ পারমাণবিক শক্তিধর নয়, কিন্তু সেই রাষ্ট্র যদি পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন পায় তাহলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র ব্যবহার না করার পক্ষে। আমরা শুধু আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তিনি আর বলেন, ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযান’ অব্যাহত থাকবে।
ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রস্তুতি ম্যাচে মুরাদের হ্যাটট্রিক

ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রস্তুতি ম্যাচে মুরাদের হ্যাটট্রিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভালো একটা প্রস্তুতি সারল বাংলাদেশের বোলাররা। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। সেই ম্যাচে কেউ জেতেনি। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হয়েছে ড্র। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান করে ইনিংস ঘোষণা করে। যেখানে টাইগারদের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন জাকের আলী। ১১০ বলে ৪৮ রান করেন তিনি। এছাড়াও মাহিদুল ইসলাম অঙ্কন ৮৭ বলে ৪১ আর মুমিনুল এবং লিটন দাসের ব্যাট থেকে আসে ৩১ রান। তবে এই ম্যাচে মূল আকর্ষণ ছিল বাংলাদেশের বোলারদের দিকে। নাহিদ রানা এবং তাইজুল বাদে সকলেই উইকেট পেয়েছেন। তবে সবার নজর কেড়েছেন হ্যাটট্রিক করা হাসান মুরাদ। ১.৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এই বাঁহাতি স্পিনার ২৬তম ওভারে প্রথম ওভারটি করেন। সেই ওভারে ১ রান দেয়া মুরাদ নিজের পরের ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পেয়ে যান। এদিকে মুরাদ ছাড়াও আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। হাসান ১৫ রানে ২ এবং তাসকিন ২১ রানে ২ উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শরিফুল এবং মিরাজ। আগামী শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ৭৩.২ ওভারে ২৫৩/৭ ইনিংস ঘোষণা (জাকের ৪৮, মুমিনুল ৩১, লিটন ৩১, শাহাদাত ২৫; জেয়ার ম্যাকঅ্যালিস্টার ৪৮/২)। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ: ২৭.৪ ওভারে ৮৭/৯ (মেরিয়ুস ২৩, গ্রিভস ২০, বেকফোর্ড ১৯; হাসান মাহমুদ ২/১৫, তাসকিন ২/২১, শরীফুল ১/১২, হাসান মুরাদ ৩/১, মিরাজ ১/০)। ম্যাচের ফল: ড্র।
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৯ নভেম্বর, ২০২৪: সদর উপজেলার বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করা হয়। আজ সকালে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় এবং বাল্যবিয়ের ক্ষতিকর দিক ও সামাজিক জীবনে এর প্রভাব। লটারির মাধ্যমে দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুশফিকুর রহমান, সহকারী শিক্ষক কাবিবুর রহমান ও খলিলুর রহমান। শেষে দুটি ক্যাটাগরিতে বিজয়ী ছয়জনকে পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বলেন, দেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার অনেক বেশি। শহরের তুলনায় গ্রামে এ হার বেশি। অনেক শিক্ষার্থীই বাল্যবিয়ের শিকার হচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধে আইন থাকলেও অনেকে তা মানছে না। এ জন্য জনসচেতনতা দরকার। এ ধরণের আয়োজনের জন্য তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিয়ের হার রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধীদের অধিকার আদায়ে জনসচেতনা সৃষ্টিমূলক এ কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে আলোচনা, কুইজ বা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, নাটক বা লোকজ গম্ভীরা গান। পাশাপাশি থাকবে উঠান বৈঠকও।
১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার

১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার ডিমের বাজার স্থিতিশীল করতে ৪২টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। দাম স্থিতিশীল করতে এবং এই নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় আজ এই অনুমতি দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ৩১ জানুয়ারী এই আমদানি অনুমতির মেয়াদ শেষ হবে ।
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদের উদ্যোগে নায্যমূল্যে সবজি বিক্রি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদের উদ্যোগে নায্যমূল্যে সবজি বিক্রি ১৯ নভেম্বর ২০২৪ বাজার সিন্ডিকেটকে রুখে দিতে ও দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্ররা চালু করেছে নায্য মূল্যে সবজি বিক্রি কার্যক্রম। জেলা প্রশাসক আব্দুস সামাদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। অনেকে পঁজি দিয়েও সহযোগিতা করতে চেয়েছেন। আজ সকাল ৮টায় শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ বাউন্ডারি দেয়াল ঘেঁষে বৈষ্যম্যবিরোধি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মতের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে একটি অস্থায়ী কাাঁচামালের দোকান নিয়ে বসেন ছাত্ররা। সকাল ১১টা পর্যন্ত তারা বিক্রি করেন ৬৭টাকা কেজি দরে ৫০ কেজি পেঁয়াজ, ৬৬ টাকা কেজি দরে ৬৫ কেজি আলু, ৪৭ টাকা হালি দরে ১৮০ পিস ডিম, ৩৩টাকা কেজি দরে ১০ কেজি পটল, ১০০টাকা কেজি দরে ৫ কেজি কাঁচামরিচ, ৭২ টাকা কেজি দরে ১০ কেজি ফুলকপি, ৪৭ টাকা কেজি দরে ১০ কেজি বাঁধাকপি ও ৩০ টাকা কেজি দরে ১০ কেজি পেঁপে। স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠক ও চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ জানান, ছাত্ররা সবসময় নিপীড়িত সাধারণ মানুষের সাথে ছিল ও ভবিষ্যতেও থাকবে। সবজি বিক্রিতে সাধারণ ক্রেতাদের সাড়া পাওয়া গেছে। বিক্রেতা ছিল ছাত্ররাই। আজ চালু হওয়া দেকানটির টাটকা সবজি খুব ভোরে পুরাতন বাজার থেকে পাইকারি দরে ক্রয় করা। এসব সবজি শুধুমাত্র খরচ রেখে বিক্রি করা হচ্ছে। মূনাফার জন্য এই দোকান করা হয়নি। প্রথম দিন সামান্য কিছু অতিরিক্ত টাকা ছাত্রদের পকেট থেকেই গেছে। প্রাথমিক পুঁজি সংগঠনের সদস্যরা নিজ পকেট থেকে দিয়েছে। সাব্বির আরও জানান, এখন উদ্যোগ নেয়া হয়েছে দোকানটিতে আরও কিছু মাল উঠিয়ে একটু বড় করা। আগামীকাল বুধবার(২০ নভেম্বর) থেকে এ চেষ্টা করা হবে। যতদিন বাজার মূল্য কিছুটা সহনীয় না হচ্ছে ততদিন এ কার্যক্রম চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। যখনই বাজার সিন্ডিকেট মাথা চাড়া দিবে তখনই তাদের প্রতিরোধে এমন উদ্যোগ নেয়া হবে। আজ কার্যক্রমে অংশ নেন নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী সাকির আহমেদ. কাওসার আলী, রেদোয়ান আহমেদ ও সিটি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আব্দুস সুবহান।