গোমস্তাপুরে ২৫ জন মৎস্যচাষিকে নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

গোমস্তাপুরে ২৫ জন মৎস্যচাষিকে নিয়ে দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্ম এলাকার সহস্রাধিক মৎস্যচাষি নারী ও পুরুষকে প্রশিক্ষণ দিয়েছে সংস্থাটি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় এইসব চাষিকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেই সঙ্গে প্রযুক্তি সহায়তাও দেয়া হচ্ছে তাদের। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় প্রয়াসের রহনপুর শাখার অধীনে ২৫ জন মৎস্যচাষিকে নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। উত্তম ব্যবস্থাপনায় মাছচাষ বিষয়ক এই প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন- গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. নাসির উদ্দিন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক। প্রশিক্ষণে পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুতি, পুকুরকে মাছচাষের উপযোগী করার কৌশল, প্রজাতি নির্বাচন, পোনা মজুত, চুন ও সার প্রয়োগ পদ্ধতি, মাছচাষে সাধারণ সমস্যা ও সমাধান, মাছের রোগ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। প্রয়াসের মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন- ২০১৩-১৪ অর্থবছর থেকে পিকেএসএফ’র সহযোগিতায় এই প্রকল্পটি শুরু হয়। প্রয়াসের সমিতিভুক্ত সদস্যরা মাছচাষে প্রশিক্ষণ নিয়ে অনেকেই লাভবান হয়েছেন।

নাচোলে ছুরিকাঘাতে ২ কিশোর নিহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

নাচোলে ছুরিকাঘাতে ২ কিশোর নিহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ জন কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। নিহতরা হলেন- নাচোল উপজেলার খলসী গ্রামের মো. এজাবুলের ছেলে মো. মাসুদ (২০) ও চাঁনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৪)। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটের মাছ বিক্রির টিনশেডের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতরা হলেন- খলসী গ্রামের জালালের ছেলে মো. সুমন (১৮), মো. আলমের ছেলে মো. রজব আলী ওরফে রনি (১৪), মো. রব্বানী ওরফে পাতুর ছেলে মো. আরমান (১৬) ও ফিরোজের ছেলে মো. ইমন (১৫)। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ব্রিফ করেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রায় ১৫ দিন আগে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী গ্রামের একটি পেয়ারা বাগানে স্থানীয় লেবার সরদার সালাম ও সাধারণ লেবার শাহীন পলিথিন (পিপি) বাঁধার কাজ করছিল। কাজ করাকালীন কোনো এক সময়ে শাহীন গোপনে লেবার সরদার সালামের প্রসাব করার ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি সালামের নজরে এলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। আবুল কালাম সাহিদ আরো বলেন- মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মল্লিকপুর গরুরহাটে মল্লিকপুর শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানে আগে থেকেই শাহীন ও তার লোকজন ধারালো অস্ত্রসহ নিয়ে ওঁতপেতে ছিল। সেই অনুষ্ঠানে সালাম ও তার লোকজন গেলে শাহীন ও তার সাঙ্গপাঙ্গরা সালাম ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে ৬ জনকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে। পথে আহত মাসুদ ও রায়হান মৃত্যুবরণ করে। আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ সুপার মো. রেজাউল করিমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা এবং নাচোল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নাচোল থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে মল্লিকপুর গ্রামের বাহার আলী মন্ডলের ছেলে মো. আজিজুল হক (৫২), মো. এজাবুলের ছেলে মো. তাসিম (৩২)কে গ্রেপ্তার করে। হত্যাকা-ে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। প্রেস ব্রিফিংয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি বছর বিদেশে গেছেন ৭ হাজার ৬৯৩ জন কর্মী

চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি বছর বিদেশে গেছেন ৭ হাজার ৬৯৩ জন কর্মী ‘প্রবাসীর অধিকার-আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ-আমাদের সবার’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি তার বক্তব্যে বলেন- অভিবাসনের ক্ষেত্রে আমাদের মূল চ্যালেঞ্জ বা সমস্যা হলো নিরাপদ অভিবাসন নিশ্চিত করা। আমরা যদি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পারি তাহলে এটি ব্যক্তিপর্যায়ে যেমন নিরাপদ হবে, পরিবারের পক্ষেও নিরাপদ হবে, তেমনি সামগ্রিকভাবে দেশ লাভবান হবে। আমাদের বাংলাদেশ থেকে যারা প্রবাসে যান অভিবাসী হিসেবে, তাদের প্রায় সবাই অদক্ষ লেবার বা শ্রমিক হিসেবে যান। আবার বেশিরভাগ ক্ষেত্রে যার যে বিষয়ে অভিজ্ঞতা নেই, ওই জাতীয় কাজ তিনি কখনোই করেননি, তেমন কাজই তাদের বিদেশে গিয়ে করতে হচ্ছে। জেলা প্রশাসক বলেন- সাইপ্রাসে প্রধান কাজ হলো সমুদ্রে মাছ ধরা। কিন্তু যার মাছ ধরার দক্ষতা নেই, সে কি করে মাছ ধরবে? এই জন্য যখন আমরা দেশ থেকে বিদেশে যাবো, তখন খুব সতর্কতার সাথে জানতে হবে যে, ওই দেশে গিয়ে আমি কি কাজ করব? তিনি বলেন, যারা যাচ্ছেন, তাদের করণীয় হলো, তার ভিসার কাগজপত্র ঠিক আছে কিনা, রিক্রুটিং এজেন্সিটি বৈধ কিনা, তারা সঠিকভাবে নিয়ে যাবে কিনা, নিয়োগকর্তার সাথে কোনো কন্ট্রাক্ট আছে কি না, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে কিনা, কত টাকা বেতন দেয়া হবে, কি কি সুযোগ-সুবিধা পাওয়া যাবে তা চুক্তিপত্রে আছে কিনা- এইসব বিষয় জেনে নিতে হবে। নইলে বিদেশে গিয়ে বিপদে পড়ার আশঙ্কা অনেক বেশি। এজন্য জেনে-বুঝে বিদেশ যেতে হবে। যদি দক্ষ হয়ে বিদেশ যাওয়া যায়, তাহলে এখন যে পরিমাণ টাকা আনতে পারছে তখন এর থেকেও বেশি আনা যাবে। জেলা প্রশাসক বলেন, সরকার চেষ্টা করছে, পৃষ্ঠপোষকতা করছে। আপনাদের বিএমইটি, টিটিসির মাধ্যমে প্রশিক্ষণ নিতে হবে। সরকারি রিক্রুটিং এজেন্সি আছে, বোয়েসেল আছে, সেখানে একদম ন্যূনতম ব্যয়ে আমরা বিদেশ যেতে পারব। আমাদের জানতে হবে, কোথায় গেলে আমরা এই সেবাগুলো পেতে পারি। আপনারা নিজেরা জানবেন, অন্যদের জানতে ও জানাতে সহযোগিতা করবেন। তাহলে কেউ প্রতারিত হবেন না। আর দালালচক্রের মাধ্যমে কেউই বিদেশ যাবো না। নিজে দক্ষ হবো, প্রশিক্ষিত হবো তারপর বিদেশ যাবো। আব্দুস সামাদ বলেন- শুধুমাত্র দক্ষতা অর্জন করে বিদেশ যাবার কারণে ফিলিপাইনের প্রবাসীরা অনেক বেশি বৈদেশিক মুদ্রা আয় করেন। পক্ষান্তরে আমাদের কর্মীদের দক্ষতা না থাকায় অনেক বেশি লোক বিদেশে যাবার পরও তাদের থেকে অনেক কম মুদ্রা আয় করেন। কাজেই যে কাজে যাবেন, সেই কাজটির বিষয়ে দক্ষতা অর্জন করে বৈভাবে বিদেশে যাবেন, তাহলে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসির অধ্যক্ষ মো. মঈন উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় কর্মকর্তা কার্ত্তিক কুমার প্রাং। সূচনা বক্তব্যে অভিবাসন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মানবপাচার প্রতিরোধ প্রকল্পের ব্যবস্থাপক দুরুল ইসলাম, ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের কো-অর্ডিনেটর আশিকুজ্জামান, সফল প্রবাসী মনিরুল ইসলাম। পরে একজন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসসহ কর্মসূচিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও ব্র্যাক অংশগ্রহণ করে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান জানান, গত একযুগে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৬২ হাজার ৯৩৩ জন কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য পাড়ি জমিয়েছেন। তার মধ্যে ২০১৫ সালে গেছেন ৪ হাজার ৫৩৮ জন, ২০১৬ সালে ৫ হাজার ৬৮৩ জন, ২০১৭ সালে ৬ হাজার ৬০২ জন, ২০১৮ সালে ৬ হাজার ৮৮৯ জন, ২০১৯ সালে ৫ হাজার ৬১২ জন, ২০২০ সালে করোনা মহামারির বছরে কমে গিয়ে বিদেশ যান ১ হাজার ৮৮১ জন, ২০২১ সালে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে বিভিন্ন দেশে যান ৪ হাজার ২৬২ জন, ২০২২ সালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিদেশ যান ৯ হাজার ১১৪ জন কর্মী, ২০২৩ সালে ১০ হাজার ৬৫৯ জন এবং চলতি বছর নভেম্বর মাস পর্যন্ত বিদেশে গেছেন ৭ হাজার ৬৯৩ জন। কানসাটে ফুটবল খেলা : কানসাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কানসাট ফুটবল মাঠে খেলার উদ্বোধন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান। খেলার ধারাবিবরণী দেয়ার সময় দিবসের প্রতিপাদ্য বিষয় ও নিরাপদ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন স্লোগান প্রচার করা হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল তৈয়াব, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান, কানসাট ক্লাবের সভাপতি মো. শহিদুল হক হাইদারী ও প্রয়াসের এফএসটিআইপি প্রকল্পের ব্যবস্থাপক মো. দুরুল ইসলাম। উইনরক ইন্টারন্যাশনাল ও ইউএসএআইডির আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এফএসটিআইপি প্রকল্পের অধীনে এই খেলার আয়োজন করা হয়।

শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মো. কাওছার আলী (১৮) নামের এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটক তরুণ শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার জাকির হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মো. শাহিন আকন্দ এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, এসআই মো. মাহফুজুর রহমান ও এসআই মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবগঞ্জ থানাধীন ধোবড়া বাগানপাড়ায় অভিযান চালায়। অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ মো. কাওছার আলীকে আটক করে। শনিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় জানান শাহিন আকন্দ।

বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের

বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির কাছে এসেও বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের। রবিবার উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক ও ট্রলির সংঘর্ষে প্রাণ হারান হায়াত (১২)। নিহত হায়াত জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর নাসির মন্ডলের টোলার বাবর আলীর ছেলে। এঘটনায় ট্রলিতে থাকা একই গ্রামের রাকিব (৩৫) নামের একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় সূত্র জানান, রবিবার সকাল ৮টার দিকে বরেন্দ্র অঞ্চল থেকে রাকিব ও নূর হায়াত ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি আসছিল। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ট্রলিতে ধাক্কা দেয়। এতে রাকিব ও নূর হায়াত গুরুতর আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশেষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূর হায়াতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাকিব চিকিৎসাধীন রয়েছেন। ওসি জানান, নূর হায়াতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।

বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান মডেল

বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান মডেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আবেদন ক্রিকেটবিশ্বে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সেই লক্ষ্যে একাদশ আসরের আগে তারা নিত্য-নতুন অনেক উদ্যোগ নিচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোও টুর্নামেন্টের আমেজ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে নিজেদের মতো করে। নতুন করে পুরোনো মালিকানার অধীনে এবার বিপিএল খেলবে চিটাগাং কিংস। তারা শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে শুরুতে বড় চমক দিয়েছিল। এবার নিয়োগ দিলো এক কানাডিয়ান মডেলকে। শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিপিএলই প্রথম নয়, এর আগে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ‍টুর্নামেন্টেও সঞ্চালনা করতে দেখা গেছে ইয়েশা সাগরকে। গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার উপস্থিতি ক্রিকেটভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ইয়েশা ফিটনেস নিয়েও কাজ করেন। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল। ফলে তার সঙ্গে চুক্তি রয়েছে খাদ্য ও পুষ্টিজনিত বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে। কানাডার মডেল হিসেবে পরিচিতি পেলেও, ইয়েশা সাগর ভারতীয় বংশোদ্ভূত। ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। এ ছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার। এর আগে চট্টগ্রাম কিংস আসন্ন আসরের জন্য ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে। বিপিএলের সঙ্গে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন সাবেক এই পাকিস্তানি কিংবদন্তি। এ ছাড়া দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল চট্টগ্রামের। সাকিব আল হাসান, শরিফুল ইসলামরা ছাড়াও বিদেশি ক্যাটাগরিতে মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলে ভিড়িয়েছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের একাদশ আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর।

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ; তবে বাড়তে পারে দিনের তাপমাত্রা

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ; তবে বাড়তে পারে দিনের তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় ও রাজশাহী এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও এসব জেলায় শৈত্যপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকতে পারে। তবে পরবর্তী তিনদিনে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন : জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি চাঁপাইনবাবগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ ও বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জেলা শহরের রেহাইচর এলাকায় মহানন্দা নদীঘেঁষা সড়ক ভবনের ভেতরে অবস্থিত ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদৎস্থলে পূষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত করা, শিবগঞ্জ উপজেলার ছোট সোনামসজিদ প্রাঙ্গণে ক্যাপ্টেন জাহাঙ্গীর ও মহান মুক্তিযুদ্ধকালীন ৭ নং সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হকের সমাধিতে এবং সোনামসজিদ বালিয়াদীঘি এলাকায় গণকবরে পূষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত করা। আজ সকাল ৯টায় ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদৎস্থলে পূষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাইল করিম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ক্যাপ্টেন জাহঙ্গীরের ভাগিনা মো. নাজমুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু, তরিকুল ইসলাম, খাইরুল ইসলামসহ অন্যরা। এছাড়াও শহীদ বুদ্ধিজীবি দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। পরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে সোনামসজিদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়। উল্লেখ্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মূহুর্তে এই দিনে সম্মুখ সমরে এই রেহাইচরে শত্রু সেনার বুলেটে প্রাণ বিসর্জন দেন ক্যাপ্টেন জাহঙ্গীর। পরের দিন ১৫ ডিসেম্বর তাঁর ইচ্ছানুযায়ী তাঁকে সোনামসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়। এদিকে, গোমস্তাপুর ও নাচোল উপজেলাতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।   চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি (ছবি)

শিবগঞ্জে সীমান্তে ভারতীয় মদ সহ এক যুবক আটক

শিবগঞ্জে সীমান্তে ভারতীয় মদ সহ এক যুবক আটক শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ সহ নাজির হোসেন নামে এক যুবক আটক হয়েছে। তিনি শিবগঞ্জের শাহপাড়া রামনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। আজ দুপুর দেড়টায় ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে দূর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী রামনাথপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল। অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদসহ আটক হন নাজির। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি সীমান্তে কড়া নজরদারি অব্যহত রেখেছে বলেও জানান অধিনায়ক।

কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করুন : জেলা প্রশাসক

কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করুন : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় ৭০ জন আনসার সদস্য ও ৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের যুবরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অংশগ্রহণকারীদের জেলা প্রশাসক বলেন, বর্তমানে বাল্যবিয়ের হারের দিক থেকে পিরোজপুর জেলা এক নম্বরে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দ্বিতীয় নম্বরে রয়েছে। এত প্রচার-প্রচারণার পরও কমছে না বাল্যবিয়ে। কাজেই পরিবার থেকেই সচেতনতার কাজটি শুরু করতে হবে। পিতা-মাতাকে বোঝাতে হবে। কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। সচেতনতার কাজটি আমাদের যুবসমাজ ভালোভাবে করতে পারবেন। আনসার সদস্যরা জানতে পারেন কোন বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে, যখনই জানতে পারবেন তখনই প্রশাসনকে জানাবেন। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ইউনিসেফ-বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ। মুক্ত আলোচনায় সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আহাদসহ অন্যরা অংশ নেন।