নাচোলে প্রয়াসের উদ্যোগে মাছচাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে প্রয়াসের উদ্যোগে মাছচাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘হাজামজা ও পরিত্যক্ত পুকুর সংস্কারপূর্বক মাছচাষ’ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নের আমলাইনে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। মাঠ দিবসে উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক, প্রয়াসের ফতেপুর ইউনিটের ব্যবস্থাপক মোহা. আনোয়ার হোসেন, সফল খামারি মো. মতিউর রহমানসহ অন্যরা।

রানীহাটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন

রানীহাটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রুখসানা খানম। ওরিয়েন্টেশান পরিচালনা করেন লাইট হাউজের দি ইউএসএআইডি আইন সহায়তা এক্টিভিটি প্রকল্পের জেলা কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জুয়েল। সভায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভির অর্থায়নে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে লাইট হাউজ এই ওরিয়েন্টেশনের আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার সেচ সম্প্রসারণ প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার সেচ সম্প্রসারণ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বরেন্দ্র এলাকায় গভীর নলকূপের সাহায্যে দীর্ঘদিন ধরে পানি উত্তোলনের ফলে যখন ভূগর্ভের পানির সংকট দেখা দিচ্ছে, যে কারণে কিছু এলাকায় যখন বোরো আবাদ নিরুৎসাহিত করা হচ্ছে তখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার ‘বরেন্দ্র এলাকার খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প’। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ। জমিতে সারা বছর নিরবচ্ছিন্ন সেচ দিতে প্রকল্পটি বাস্তবায়বন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় বেশ কিছু খাল ও খাড়ি পুনর্খনন করা হয়েছে এবং এ কাজ এখনো চলমান রয়েছে। মহানন্দা ও পুনর্ভবা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি তুলে সেইসব খালে ও খাড়িতে সংরক্ষণ করা হবে এবং সোলার বিদ্যুতের মাধ্যমে ৯৮টি সেচ পাম্প দিয়ে সেই পানি কৃষকের জমিতে সরবরাহ দেয়া হবে। বিএমডিএ সূত্রে জানা গেছে, সদর উপজেলা গোবরাতলা ইউনিয়নের গণির মোড় এলাকায় মহানন্দা নদীতে ১টি পন্টুন স্থাপন করে পন্টুনের ওপর ৮টি প্রতিটি ৫ কিউসেক ক্ষমতার সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে মোট ৪০ কিউসেক পানি উত্তালন করা হবে। ৭ কিলোমিটার দৈর্ঘ্যরে ২টি এবং ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে ২টি মোট ৪টি ভূগর্ভস্থ ৪৫০-৫০০ মি.মি. ডায়া এমএস পাইপের মাধ্যমে তেঘড়িয়া-মির্জাপুর খাড়িতে পানি সরবরাহ করে সংরক্ষণ করা হবে। খালে ৩০টি সোলার পাম্প স্থাপন করে খালের উভয় পাশে পানি সেচের মাধ্যমে ৫৭০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে। এছাড়া ওই এলাকায় ৪০টি গভীর নলকূপ দীর্ঘদিন ব্যবহারের ফলে বালিপাথর নির্গত হয়ে প্যাক্টআপ হওয়ায় সেচ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে সরাসরি ওই গভীর নলকূপ এলাকায় ৬০০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে। তাছাড়া ৭ কিলোমিটার তেঘড়িয়া খাল পলি পড়ে ভরাট হওয়ায় পুনঃখনন করা প্রয়োজন হচ্ছে। ওই এলাকায় সেচের ব্যবস্থা না থাকায় বৃষ্টির ওপর নির্ভর করে ফসল উৎপাদন করা হয়। প্রকল্প বাস্তবায়ন হলে এক ফসলি জমি তিন ফসলি জমিতে পরিণত হবে। ফলে প্রায় ৯৩৬০ মেট্রিক টন ফসল উৎপাদন করা সম্ভব। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ বলেন, জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকায় প্রকল্পের কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে এবং গোমস্তাপুরের কাজ এরই মধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে। এছাড়া সদর উপজেলার গোবরাতলার কাজটি ২০ ভাগ সম্পন্ন হয়েছে। প্রকল্পের ধাইনগর অংশের পানি সরবরাহ আগামী এক মাসের মধ্যেই শুরু হবে। এছাড়া অন্য দুটির কাজ শেষ হতে আরো মাস ছয়েক লাগবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। প্রকল্পের আওতায় সবমিলিয়ে ২ হাজার ২৯০ হেক্টর জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৩২০ মেট্রিক টন। তিনি বলেন— এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়ন ও গোমস্তাপুর উপজেলার রহনপুর, রাধানগর ও পার্বতীপুর ইউনিয়নে এবার বোরো আবাদা না করে গমসহ সেচ কম লাগে এমন ফসল চাষাবাদ করতে কৃষকদের বলা হয়েছে। কারণ, এইসব অঞ্চলের ভূগর্ভের পানি অনেক নিচে নেমে গেছে। এই ভূগর্ভের পানির বিষয়টি মাথা রেখেই ‘বরেন্দ্র এলাকার খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প’টি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন শেষে বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যার অনেকটাই সমাধান হবে। এদিকে মহানন্দায় রাবার ড্যামে পানি সংরক্ষণ শুরু হওয়ায় ভূউপরিস্থ পানিরও অনেকটা সমাধান হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে কমছে ডেঙ্গু রোগী, নতুন আক্রান্ত ১

চাঁপাইনবাবগঞ্জে কমছে ডেঙ্গু রোগী, নতুন আক্রান্ত ১ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব করমে এসেছে। কোনো কোনো দিন শনাক্ত হচ্ছে না ডেঙ্গু রোগী। গত শনিবার সকাল ৮টা থেকে গত রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এই তথ্য নিশ্চিত করে বলেছেন, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সেখানে ১ জন বয়স্ক ও ১ জন শিশু ভর্তি আছেন। একই সময়ে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৮ জনে।

নারী ক্রিকেটারদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়লো

নারী ক্রিকেটারদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়লো বেতন ও সুযোগ-সুবিধা বাড়লো বাংলাদেশের নারী ক্রিকেটারদের। পাশাপাশি পুরুষ দলের মত পারফরমেন্স বোনাস চালু করা হয়েছে। এছাড়াও আর্থিক অবস্থা বিবেচনায় বেশ কিছু ক্রিকেটারকে বেতনের আওতায় আনা হয়েছে। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৬তম সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছরের পহেলা অক্টোবর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির তালিকাও প্রকাশ করেছে বিসিবি। আগের বছরের থেকে বেতনের পরিমাণ বাড়ানো হয়েছে। গ্রেড ‘এ’ ও ‘বি’তে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। ফলে মাসিক বেতন হয়েছে যথাক্রমে- ১ লাখ ২০ হাজার এবং ১ লাখ টাকা। ‘সি’ এবং ‘ডি’ গ্রেডে ১০ হাজার করে বাড়ানো হয়েছে। তবে কোন খেলোয়াড়ই ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে পদোন্নতি পাননি। ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেড নেওয়া হয়েছে শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন এবং মারুফা আক্তারকে। ‘ডি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে নেওয়া হয়েছে রাবেয়াকে। ‘ডি’ গ্রেড থেকে ‘সি’ গ্রেডে সুযোগ পেয়েছেন সোমা আকতার। এছাড়া অন্যান্য খেলোয়াড়রা আগের গ্রেডেই আছেন। গ্রেড ‘এ’তে আছেন চারজন খেলোয়াড়। তারা হলেন- অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি ও নাহিদা আকতার। আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ এক থেকে তিন নম্বরে থাকা দলের বিপক্ষে ম্যাচ ও সিরিজ জিততে পারলে ১ লাখ টাকা বোনাস নির্ধারিত করেছে বোর্ড। র‌্যাংকিংয়ে ৪ থেকে ৬ নম্বরে থাকা দলের বিপক্ষে ৭৫ হাজার টাকা এবং ৭ থেকে নয় নম্বরে থাকা দলের বিপক্ষে ম্যাচ জয় ও সিরিজ জয়ের জন্য ৫০ হাজার টাকা বোনাস দেওয়া হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১ থেকে ৩ নম্বর দলের বিপক্ষে ৫০ হাজার, ৪ থেকে ৬ নম্বরে থাকা দলের বিপক্ষে ৩৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বরে থাকা দলের বিপক্ষে জয়ের জন্য ৩০ হাজার টাকা বোনাস দেওয়া হবে। প্রথম শ্রেনির পুরুষ ক্রিকেটারদের সাথে জাতীয় দলের নারী ক্রিকেটারদের মিল আছে। নারী ক্রিকেটারদের একটি বড় পুলে আর্থিক অবস্থায় স্থিতিশীলতা আনতেই এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কেন্দ্রীয় চুক্তির অংশ নন এমন ৩০ জন ক্রিকেটারকে এ বছরের পহেলা নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নারীদের জাতীয় চুক্তিতে রাখা হয়েছে। জাতীয় চুক্তির নারী ক্রিকেটাররা : সালমা খাতুন, রুমানা আহমেদ, ইশমা তানজিম, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুমাইয়া আকতার, শারমিন সুলতানা, রুবাইয়া হায়দার ঝিলিক, ফারজানা আকতার লিসা, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, নিশিতা আকতার নিশি, সম্পা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সাবিকুন নাহার জেসমিন, সানজিদা আকতার মেঘলা, ফাতেমা জাহান সোনিয়া, রিয়া আকতার শিখা, মিষ্টি রানী সাহা, জান্নাতুল ফেরদৌস তিথি, আয়শা আকতার (জুনিয়র), ফুয়ারা বেগম, মোসাম্মত ইভা, সুমাইয়া আকতার সুর্বনা, জান্নাতুল মাওয়া, দিপা খাতুন, আফিয়া আসিমা ইরা, উন্নতি আকতার, তাজ নেহার, শরিফা খাতুন। কেন্দ্রীয় চুক্তির তালিকা : গ্রেড ‘এ’ (১ লাখ ২০ হাজার টাকা) : নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি, নাহিদা আক্তার। গ্রেড ‘বি’ (১ লাখ টাকা) : ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আকতার, রাবেয়া। গ্রেড ‘সি’ (৭০ হাজার টাকা) : সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, সোমা আক্তার। গ্রেড ‘ডি’ (৬০ হাজার টাকা) : দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার, সাথী রানী

বিপিএল মিউজিক ফেস্ট আগামীকাল: পারফর্ম করবেন রাহাত ফাতেহ আলী খান

বিপিএল মিউজিক ফেস্ট আগামীকাল: পারফর্ম করবেন রাহাত ফাতেহ আলী খান আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। সেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। ৩০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে বর্ণাঢ্য করতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল ফেস্টে স্থানীয় পারফর্মাররাও মঞ্চ মাতাবেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও সিলেট ও চট্টগ্রামের ভেন্যুতে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএলের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম এবং সিলেটেও মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে। তবে শুধু মিরপুরের অনুষ্ঠানেই পারফর্ম করবেন রাহাত ফতেহ আলী খান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এই সঙ্গীত উৎসবের স্পন্সর করবে মধুমতি ব্যাংক। বিপিএল মিউজিক ফেস্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে দেওয়া হয়েছে। তবে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন মূল্য অনুযায়ী- প্ল্যাটিনামের টিকিট ৮ হাজার টাকা, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১৫’শ এবং ক্লাব হাউসের টিকিট ৫’শ টাকা ধার্য্য করা হয়েছে।

নাইজেরিয়ায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

নাইজেরিয়ায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ওকিজায় নাগরিকদের কাছে একটি চাল বিতরণ কেন্দ্রের বাইরে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন। পুলিশ রোববার এ কথা জানায়। লাগোস থেকে এএফপি জানায়, অ্যানামব্রা রাজ্যের পুলিশের এক মুখপাত্র শনিবারের এই ঘটনায় নিহতদের ‘পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা’ জানিয়েছেন। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশে ঘটনাটি ছিল খাদ্য বিতরণকারী প্রতিষ্ঠানের বেশ ক’টি মারাত্মক ঘটনার অন্যতম।

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। আজ রোববার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ দিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শিবগঞ্জে ডিবি’র অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

শিবগঞ্জে ডিবি’র অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার ১ শিবগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ মো. পাইরুল ইসলাম (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামে এই অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দ জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামে অভিযান চালায়। অভিযানে ১ কেজি গাঁজা জব্দ করা হয় এবং মো. পাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গোমস্তাপুরে হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন

গোমস্তাপুরে হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূর্তি উদযাপন কমিটির আয়োজনে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রহনপুর শহর প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৩ বছর পূর্তি উদ্যাপন কমিটি আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব। প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. যহুর আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন— একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশান্ত চন্দ্র বর্মনসহ অন্যরা। আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।