শিবগঞ্জে নতুন ইউএনও আজাহার আলীর যোগদান

শিবগঞ্জে নতুন ইউএনও আজাহার আলীর যোগদান শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী যোগদান করেছেন। আজ দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সুশীল সমাজ, শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত এই উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে গত ২৯ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল স্বাক্ষরিত এক পত্রে তাকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ আর নেই

বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ আর নেই শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের মৃত মুসলিম মন্ডলের ছেলে বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ সেন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। আজ দুপুর ২টার দিকে নাচোলের কসবা এলাকায় অস্থায়ী বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সকাল ১১টায় মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নাচোলের কসবা কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তিনি মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরে মহদীপুর সাবসেক্টরে বীর শ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের অধীনে যুদ্ধ করেন।

কাল থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব

কাল থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ ঢাকার প্রথমপর্ব শেষে সিলেট পর্ব কাল থেকে শুরু হচ্ছে। এরই মধ্যে টিকেট বিক্রি শুরু হয়েছে। চার-ছক্কার দেশীয় আসর বিপিএল উপভোগ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনছেন ক্রিকেটপ্রেমিরা। সোমবার থেকে ছয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ছয় দিনের মধ্যে পাঁচ দিনই খেলবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো সিলেটে পৌঁছে অনুশীলন শুরু করেছে। এখন কেবল ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় চায়ের দেশ সিলেট। প্রথমদিন বেলা দেড়টায় স্বাগতিকদের খেলা দিয়ে পর্দা উঠবে সিলেট পর্বের। সিলেট মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে। বিপিএলের টিকেট বিক্রি করা হচ্ছে তিনটি বুথে। এছাড়াও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার বিকেল থেকে। বিপিএলের অনলাইনে টিকেট বিক্রয়ের ওয়েব সাইট https://www.gobcbticket.com.bd থেকে দর্শকেরা অনলাইনের টিকিট কিনতে পারছেন। রোববার সকাল ১০ টা থেকে বুথে টিকেট বিক্রি শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথে অবশ্য বিকাল তিনটা থেকে টিকেট বিক্রি শুরু করা হয়েছে। অন্য দুই বুথ আম্বরখানাস্থ মধুমতি ব্যাংক ও রিকাবীবাজারস্থ শিশু একাডেমি থেকে সকাল ১০টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। চারটি ক্যাটাগরিতে ১৫০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকায় কেনা যাবে টিকেট। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারী ও গ্রিণহিল গ্যালারির টিকেট মিলবে ১৫০ টাকায়। ২৫০ টাকায় মিলবে পূর্ব গ্যালারির টিকেট। ক্লাব হাউজের টিকেটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। ৬০০ টাকায় মিলবে জিরো ওয়েস্ট জোনের টিকেট। আর ২ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট। রান না হওয়া নিয়ে অতীতের বিপিএলগুলোর সমালোচনা ছাড়িয়ে এবারের বিপিএলে রীতিমতো রান উৎসব হচ্ছে। বিপিএল সিলেট পর্বের সূচি; ৬ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স, বেলা ১:৩০ ৬ জানুয়ারি : ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী, সন্ধ্যা ৬:৩০ ৭ জানুয়ারি : রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বেলা ১:৩০ ৭ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম ফরচুন বরিশাল, সন্ধ্যা ৬:৩০ ৯ জানুয়ারি : ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বেলা ১:৩০ ৯ জানুয়ারি : ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংস, সন্ধ্যা ৬:৩০ ১০ জানুয়ারি : দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স বেলা ২:০০ ১০ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৭:০০ ১২ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগাসর্, বেলা ১:৩০ ১২ জানুয়ারি : দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬:৩০ ১৩ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম চিটাগং কিংস, বেলা ১:৩০ ১৩ জানুয়ারি : রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগাসর্, সন্ধ্যা ৬:৩০

ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল ৫০ বিচারকের

ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল ৫০ বিচারকের ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। প্রশিক্ষণের অংশগ্রহণ সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বাতিল করা হয়েছে। আজ আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো।’

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের তারুণ্যের উৎসবের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের তারুণ্যের উৎসবের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে লোকনাট্য সমারোহের মধ্যদিয়ে শুরু হয়েছে তিনদিনের তারুণ্যের উৎসব। শনিবার বিকেলে পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম। সূচনা বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন- মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর সরাসরি এই তারুণের উৎসবের দেখভাল করছে। সেই আরো বেশ কিছু মন্ত্রণালয় কাজ করছে। জেলা প্রশাসক বলেন-আমাদের যুব সমাজকে একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ দেয়ার জন্যই এই লোকনাট্য উৎসব, এই তারুণ্যের উৎসব। আমরা চাই মাদকমুক্ত অপসংস্কৃতিমুক্ত আমাদের এই দেশ। সেকারণে তারুণ্যের এই উৎসবের পাশাপাশি, আমাদের গ্রাম বাংলার খেলাধুলা নিয়েও পর্যায়ক্রমে কর্মকাণ্ড পরিচালিত হবে। এজন্য জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হবে। শুধু তাই নয়-আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পরিবেশের দূষণ রোধে কী কী করণীয় আছে এবং কীভাবে আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারি তা নিয়ে কর্মসূচি গৃহীত হয়েছে, সেগুলো বাস্তবায়িত হবে। এছাড়াও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ বিদ্যালয়ের পরিবেশ যেন সুন্দর থাকে সেই নিয়েও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে আমি সংশ্লিষ্ট সকলের ব্যাপক অংশগ্রহণ কামনা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে মহানন্দা ইসলামি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সঞ্চারী শিল্পী গোষ্ঠী ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট পরিবেশন করে লোকনট্য। তিনদিনের এই উৎসবে জেলার ১৭টি শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করছে।

যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (যাত্রীবাহী) নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর-খোসালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নব নির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু হাসিব, অ্যাডভোকেট শামসুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের কামাল, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাথী এন্টার প্রাইজের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহফুজুর রহমান। এরআগে সদ্য বিদায়ি বছরের ৩১ ডিসেম্বর বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রউফ যুলমাত নির্বাচিত হন। নতুন এই কমটির সদস্য মোট ১৩জন। নবনির্বাচিতরা আগামী দুবছর যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নকে নেতৃত্ব দেবেন।

উদীচীর ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত

উদীচীর ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের দশম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম পূণরায় সভাপতি ও গোলাম মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ২০২৫-২৬ ইং দ্বি-বার্ষিক মেয়াদে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শহরের শিল্পকলা মার্কেটে অবস্থিত উদীচী জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান পথগুলো ঘুরে শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের সংগীতের সাথে সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আব্দুস সালাম। শুরু হয় আলোচনা সভা। উদীচী জেলা সংসদ সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহমেদ সোহাগ। বক্তব্য দেন জেলা সংসদ সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল মোমেনীন জীবন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন, গোলাম মওলা, সেলিনা বানু, সাদিকুল ইসলামসহ অন্যরা। বক্তরা দেশের সমসাময়িক সাংস্কৃতিক অবস্থা তুলে ধরেন। তাঁরা বলেন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে উদীচী দৃঢ়ভাবে তার অবস্থান ধরে রাখবে।, বাঙালি সংস্কৃতি চর্চা করে যাবে। পূর্বেও বহুবার উদীচীকে দমিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। উদীচীর উপর সহিংস হামলা করেছে প্রতিক্রিয়াশীলরা। কিন্তু উদীচীকে থামানো সম্ভব হয় নি। ভবিষ্যতেও তারা সফল হবে না। বিকালে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।

নাচোলে মাদরাসায় বার্ষিক দাতা সদস্য সংগ্রহ ও আদায় অনুষ্ঠান

নাচোলে মাদরাসায় বার্ষিক দাতা সদস্য সংগ্রহ ও আদায় অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলস্টেশন এলাকার ঐতিহ্যবাহী জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল-ইসলামীয়া মাদরাসার বার্ষিক দাতা সদস্য সংগ্রহ ও আদায় অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় মাদরাসা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। মাদরাসাটির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল সরকরিী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ্য ওবাইদুর রহমান, সমাজসেবক আমানুল্লাহ আল মাসুদ ও গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম। আলোচার পর দুপুর সাড়ে ১২টার পর আনুষ্ঠানিকভাবে দাতা সদস্যদের সংগ্রহ ও আদায় কার্যক্রম শুরু হয়।

সদর ও শিবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

সদর ও শিবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে এবং শিবগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাস টার্মিনাল এলাকায় এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনে’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্যানেলের সমন্বয়কারী কামরুল হাসান জুয়েল, আমিনুল হক আবির, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলক, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোখসানা আহমসহ অন্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১০০জন শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। অন্যদিকে শিবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শিবগঞ্জে বন্যা-নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৫৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

শিবগঞ্জে বন্যা-নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৫৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান শিবগঞ্জে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৫৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় তিনি বলেন, বন্যা ও নদী ভাঙনে দূর্লভপুর ও পাঁকা ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে তারা ঘর পুর্ননির্মাণ করতে পারে। আশা করি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজম আলীসহ অন্যরা। শেষে প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ দেয়া হয়।