পাঁচ দেশের দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার

পাঁচ দেশের দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার পাঁচ দেশ পাকিস্তান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জাপানে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত পাঁচ কর্মকর্তাকে পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে সরকার। একইসঙ্গে তাদেরকে দেশে ফিরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাঁচ কর্মকর্তা হলেন—পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. তৈয়ব আলী, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশ-এর প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান। প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশে বাংলাদেশ মিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রেস উইংগুলোতে কর্মরত এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দেশে প্রত্যাবর্তনের অনুরোধ করা হলো।

এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে

এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে নতুন বছরের শুরু থেকেই পূর্ব এশিয়ার দেশগুলোতে আতঙ্ক ছড়াচ্ছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। চীনে আত্মপ্রকাশের পর জাপান, মালয়েশিয়া হয়ে ভারত পর্যন্ত ভাইরাসটির বিস্তৃতির খবর পাওয়া যায়। শেষ পর্যন্ত এবার দেশেও প্রথমবারের মতো পাওয়া গেল এইচএমপিভি আক্রান্ত রোগী। রোববার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আক্রান্ত রোগী একজন নারী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে। উল্লেখ্য, এইচএমপিভি একটি সংক্রামক রোগ এবং যেভাবে এটি ছড়ায়, তার সঙ্গে সাদৃশ্য রয়েছে করোনার। বিজ্ঞানীরা বলছেন, করোনার মতোই হাঁচি, কাশি, আক্রান্ত রোগীর কাছাকাছি অবস্থান, করমর্দন এবং স্পর্শের মাধ্যমে ছড়ায় এ রোগটি। ২০০১ সালে চীনে ভাইরাসটির অস্তিত্বের প্রমাণ মিললেও এখন পর্যন্ত এর বিরুদ্ধে তৈরি হয়নি কার্যকর কোনো প্রতিষেধক। চলতি বছরের জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে নতুন করে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপানেও ভাইরাসটি শনাক্ত হয়। এখন এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে। তবে, ভাইরাসটিকে নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে অভিমত চিকিৎসক ও রোগতত্ত্ব বিশেষজ্ঞদের। তারা বলছেন, রোগটিকে প্রতিরোধ করা সম্ভব এবং এর প্রতিরোধের সঙ্গে করোনা বা কোভিডের প্রতিরোধ ব্যবস্থার সাদৃশ্যও রয়েছে।চীনের যেসব হাসপাতালে এইচএমপিভি রোগীরা ভর্তি হয়েছেন, তাদের চিকিৎসায় নির্দিষ্ট কোনো ওষুধ ব্যবহার না করে প্রচলিত ওষুধই দেওয়া হচ্ছে। রোগটি প্রতিরোধের ক্ষেত্রে চিকিৎসকরা যেসব পরামর্শ দিয়েছেন, সেগুলো হলো— নিয়মিত দিনে কয়েকবার সাবান দিয়ে হাত ধোয়া, আক্রান্ত রোগীর কাছ থেকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং কোনো কিছু স্পর্শ করার পর হাত ভালোভাবে ধোয়া এবং শারীরিক অসুস্থতা বোধ করলে বাড়িতে অবস্থান করা।

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, বাদ পড়লেন সাকিব-লিটন

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, বাদ পড়লেন সাকিব-লিটন সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১টার এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে আরও রয়েছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমদুউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। এদিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেন। আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিলেও আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকবে। আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে, যা ৯ মার্চ পর্যন্ত চলবে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে শান্ত বাহিনী।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, ৩ নার্স সাময়িক বরখাস্ত

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, ৩ নার্স সাময়িক বরখাস্ত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের অবহেলায় আয়ান ইসলাম নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সে রহনপুর পৌর মুক্তাশা হলপাড়া এলাকার আমিন আলির ছেলে। আজ সকাল ৭টার দিকে শিশুটির মৃত্যুর পর হাসপাতালে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত তিন নার্সকে সাময়িক বরখাস্ত করলে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, এ ব্যাপারে তদন্ত হবে এবং কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে নার্সিং কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। ঘটনাটি উর্ধতণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে এ ব্যাপারে তদন্তভার দেয়া হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। তদন্তানূযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবগঞ্জে সেই খাদিজা পেল সূবর্ণ নাগরিক

শিবগঞ্জে সেই খাদিজা পেল সূবর্ণ নাগরিক   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজ সেই খাদিজা খাতুন নামে ছয় বছরের এক শিশুকে প্রতিবন্ধীর সূবর্ণ নাগরিক কার্ড দেয়া হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ওই শিশুর পরিবারের হাতে সূবর্ণ নাগরিক কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। ওই শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মনিরুল ইসলাম ও জেসমিন খাতুনের দম্পতির মেয়ে। জানা গেছে- গত ১৮ ডিসেম্বর বেলা ১১টায় প্রতিবন্ধী খাদিজা খাতুন নিজ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরে দুপুর ২টায় শিবগঞ্জ থানা পুলিশ, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশুটির সন্ধান পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, ওই শিশুর প্রতিবন্ধীর সূবর্ণ নাগরিক কার্ড নেই। পরবর্তীতে উপজেলা সমাজসেবা কার্যালয় সূবর্ণ নাগরিক কার্ড দেয়ার উদ্যোগ নেয়।

শিবগঞ্জে প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ন মোবারকপুর ইউনিয়ন

শিবগঞ্জে প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ন মোবারকপুর ইউনিয়ন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর প্রিমিয়ার লীগ প্রাইজমানি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আইয়ান ও আরাফাত ক্রিকেট ক্লাব আয়োজিত শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কানসাট ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোবারকপুর ইউনিয়ন ক্রিকেট দল। অনুষ্ঠানে শ্যামপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তালেব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিঞা ও বিশিষ্ট সমাজসেবক নাইমুল ইসলাম অন্যরা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেয়া হয়।

গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন

গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ, শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, জনস্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেল আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে উপজেলা সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

অবৈধভাবে শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

অবৈধভাবে শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দিন ধরে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে বিজিবি জানিয়েছে। এরই মধ্যে ওই সীমান্তে গত সোমবার ও মঙ্গলবার বিকেলে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনীই সীমান্তে বতর্মানে সর্তকাবস্থানে রয়েছে। বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেনÑ গত ৫ জানুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্পের সদস্যরা মাটি খননের কাজ শুরু করে। পরে চৌকা বিওপির টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। সেই ঘটনার প্রেক্ষিতে আজ বেলা ১১টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবারো মাটি খনন শুরু করে। এ ব্যাপারে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে। পরবর্তীতে ৫৯ বিজিবির অধিনায়ক এবং বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি তাৎক্ষণিক বিএসএফ’র স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক করে। বৈঠক-পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান।

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তিনি শীতার্ত ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ চন্দ্র, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মোড়ল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ ইউনিয়ন পরিষদ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে তিনি গোমস্তাপুর ইউনিয়ন ভূমি অফিস, রহনপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন করেন।

তেপান্ন বছরেও পরিবর্তন হয়নি কৃষকের ভাগ্যের : সাজ্জাদ জহির চন্দন

তেপান্ন বছরেও পরিবর্তন হয়নি কৃষকের ভাগ্যের : সাজ্জাদ জহির চন্দন চাঁপাইনবাবগঞ্জে ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় শোষণ-বষম্যহীন সমাজ গড়, কৃষি ক্ষেত্রে আমূল সংস্কার করো’- এমন সব স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতির কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এসব কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক সমিতি। সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও আমার দেশের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কৃষকবান্ধবের কথা বলে যারাই ক্ষমতায় এসেছে, তারাই কৃষকের সঙ্গে প্রতারণা করেছে, কৃষকের কথা না ভেবে লুটেরা সিন্ডিকেটের কথা ভেবেছে। একদিকে কৃষক যখন তার ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়, তখন মধ্যস্বত্বভোগীরা কৃষকের উৎপাদিত ফসলের লাভটা নিয়ে যায়। বিগত সরকার লুটেরাদের স্বার্থরক্ষায় বিদেশ থেকে চড়ামূল্যে সার কিনেছে আর সেই সার চড়ামূল্যে আমার কৃষককে কিনতে হয়েছে। অথচ আমাদের দেশের সার কারখানাগুলো সব বন্ধ করে দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেনÑ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, জেলা কৃষক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আবু হাসিব ও হাসান আলী, সহসাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সদস্য শারিফুল্লাহ গেদু মন্ডল, গোমস্তাপুর উপজেলা ক্ষেত মজুর সমিতির সাবেক সম্পাদক মোজাজুল হক। সমাবেশ পরিচালনা করেন কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক কুমার মিলন পাল। বক্তারা কৃষকের স্বার্থে কৃষক সমিতির দাবিসমূহ মেনে নেয়ার আহ্বান জানান। যেসব দাবিতে সমাবেশ করা হয় তা হলোÑ ‘ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, প্রকৃত উৎপাদক কৃষকদের কৃষি কার্ড প্রদান। সার-বীজ-কীটনাশক-সেচসহ কৃষি উপকরণের দাম কমানো, নির্ধারিত দামে সার বিতরণ করা, বরেন্দ্র অঞ্চলে সেচের পানি বিতরণে ও গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধ করা। সেচ অপারেটরদের দৌরাত্ম্য রোধ করা। নদী, খাল, জলাশয় সংস্কার করে কৃষকদের পানির অবাধ ব্যবহার নিশ্চিত করা। বরেন্দ্র অঞ্চলের কৃষি কাজে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।”