চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল কিশোরের

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল কিশোরের চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে আবু হামজা সোহান (১৬) নামের এক কিশোর ট্রলিতে চাপা পড়ে নিহত হয়েছেন। নিহত সোহান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। রবিবার সকালে সদর উপজেলার শেখ হাসিনা সেতুর (নতুন ব্রিজ)’র ওপর এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে নতুন শেখ হাসিনা সেতুর ওপর সোহান তার বন্ধুর মোটরসাইকেল চালানো শেখার সময় সে পড়ে যায়। এ সময় ইটবাহী ট্রলি তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোহানকে চাপা দেয়। এতে সোহান ঘটনাস্থলেই মারা যায়। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক : বিজিবির পাহারায় মাঠে কাজ করছেন কৃষকরা

শিবগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক : বিজিবির পাহারায় মাঠে কাজ করছেন কৃষকরা শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা বিনোদপুর ইউনিয়ন এবং ভারতের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। গতকাল দফায় দফায় দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষের পর বিকেলে উভয় দেশের বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দুই দেশই শূন্য রেখা থেকে সীমান্তবাসীকে সরিয়ে নিলে পারিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আজ সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক দেখা যায়। বিজিবি’র পাহারায় মাঠে কাজ করতে দেখা গেছে কৃষকদের। সেই সাথে বিশ্বনাথপুর বাজারের শেষ মাথায় চেকপোস্ট বসিয়ে বহিরাগত ও উৎসুক জনতার সীমান্তমুখী ঢল বন্ধ করেছে বিজিবি। এদিকে আজ বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন শূন্য রেখায় না যেতে এবং পদদলিত করে ফসল নষ্ট না করতে জনসাধারণকে সচেতন করার লক্ষে বিনোদপুরের বিভিন্ন গ্রামে মতবিনিময় করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম। এসময় সকল উপজেলা নির্বাহী অফিসার, ক্রীড়া কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। প্রথম দিন ৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ ২-০ গোলে কারবালা স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ ফুটবল দল ৪-০ গোলে নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। তৃতীয় খেলায় শংকরবাটী হেফজুল উলম এফকে কামিল মাদ্রাসা ফুটবল দলকে ৪-১ গোলে হারিয়ে জয় পায় চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ। দিনের চতুর্থ খেলায় ভোলাহাট উপজেলার মুশরিভুজা স্কুল অ্যান্ড কলেজ ফুটবল দল ৫-০ গোলে নাচোল সরকারি কলেজ ফুটবল দলকে পরাজিত করে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। অন্যদিকে আগামী ২২ জানুয়ারি থেকে অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) খেলা শুরু হবে। এতে ৫ উপজেলা ও এক পৌরসভাসহ বালক-বালিকাদের ৬টি করে ১২টি দল অংশগ্রহণ করবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাস্তবায়ন করছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বে ভর্তি হওয়া ১ হাজার ১৫ জন শিক্ষার্থীর ‘ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির খেলার মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এবং ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস আয়োজন কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক। আরো বক্তব্য দেন- আরেক উপাধ্যক্ষ সেলিম আহমেদ, মেস-মালিক সমিতির সভাপতি আল আমিন ও সেক্রেটারি শাহ আলম, অভিভাবক ইব্রাহিম খলিল, শিক্ষার্থী মালিহা মান্নান ও তৌহিদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের (নন-টেক) জুনিয়র ইন্সট্রাক্টর সুমন আহমেদ ও ফুড টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী সালাহ উদ্দিন। প্রধান অতিথিসহ সকল বক্তা বলেন- সাধারণ লেখাপড়ার চেয়ে কারিগরি লেখাপড়ার অনেক দাম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করে কেউ বেকার বসে নেই। চাকরির কোনো সমস্যা হয় না, চাকরি খুঁজতে হয় না। বরং চাকরিই আপনাদের খুঁজে নেয়। কাজেই, ভালো লেখাপড়া করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করার পর আপনারা নিজের জন্য এবং দেশের জন্য কাজ করবেন। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত তার বক্তব্যের শুরুতে শিক্ষার্থীদের সতর্ক করে বলেন- ঘুমাতে যাবার আগে আপনাদের ফেসবুক লগআউট করবেন, তা না হলে হ্যাক হয়ে যেতে পারে। মোবাইলে যাকে-তাকে পিনকোড বা ওটিপি দেবেন না। কেননা প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারেন। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকারও আহ্বান জানান তিনি।

মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ তরুন আটক

মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ তরুন আটক শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ জাহিদুল হক নামে এক তরুন আটক হয়েছে। এ ঘটনায় জব্দ হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি অটোরিক্সা। আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহল দল মনাকষা ইউনিয়নের হাঙ্গারীপাড়া গ্রামে মাদকবিরোধি অভিযান চালায়। এ সময় হাঙ্গাড়ী মোড়ে একটি অটোরিক্সা তল্লাশী করে চালকের সীটের নিচ থেকে ২৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় চালক জাহিদুল আটক হয়। সে শিবগঞ্জের দক্ষিন উজিরপুর রাধাকান্তপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান জানান, আটক তরুনকে শিবঘঞ্জ থানায় জব্দ মালামালসহ হস্তান্তর করা হবে।

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শুরু

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শুরু শিবগঞ্জ পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র প্রথম ধাপে ১ হাজার ২১৩ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আজ সকালে শিবগঞ্জ পৌরসভা চত্বরে এই নিম্ন আয়ের মানুষের মাঝে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক আজাহার আলী। তিনি জানান, শিবগঞ্জ পৌরসভায় টিসিবির কাডধারীর সংখ্যা ৩ হাজার ৪শ’ ২৯। দ্বিতীয় ধাপে বাকিদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা। পরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জ পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম শুরু হয়। এছাড়া শিবগঞ্জ পৌরসভা জামে মসজিদের দ্বিতয় ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ

‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ “এনসিটিবি কর্তৃক আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও ১৫ জানুয়ারি ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা, ভূমিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে আদিবাসীদের ওপর চলমান জবরদখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল” করেছেন চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসাধারণ। শনিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। ‘জেলা আদিবাসী ফোরাম’র সভাপতি কর্নেলিউস মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন— ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম’র কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু। এছাড়াও বক্তব্য দেন— প্রদীপ হেমব্রম, হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সঞ্জীব সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটাজঈ, ‘আদিবাসী মুক্তি মোর্চা’র সভাপতি বিশ্বনাথ মাহাতো, রাজোয়াড় নেত্রী কুটিলা রাজোয়াড়, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা বঙ্গপাল সরদার, কোল সম্প্রদায়ের নেত্রী রুমালী হাঁসদা, ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরামে’র যুব সম্পাদিকা মণিকা সরেণ। বক্তারা বলেন— তারা ‘আদিবাসী’ হিসেইে বসবাস করতে চান অন্য কোনো পরিচয়ে নয়। কাজেই এনসিটিবিসহ সকল ক্ষেত্রে তাদের পরিচয় ‘আদিবাসী’ রাখতে হবে। তারা বলেন— চাঁপাইনবাবগঞ্জসহ দেশের উত্তরাঞ্চলের ‘আদিবাসী’দের ওপর জবরদখল করা হচ্ছে, তাদের ভূমি দখল করা হচ্ছে, তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। এইসব জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দাবি মেনে নেয়ার জন্য বর্তমান সরকারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান বক্তারা।

শিবগঞ্জ সীমান্তে দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

শিবগঞ্জ সীমান্তে দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ও চৌকা সীমান্তের মাঝামাঝি সীমান্ত পিলার ১৭৭ এলাকায় আমগাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্তবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই বাংলাদেশী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৪টা ১০ মিনিটে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১২টার দিকে সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন কৃষকরা। তখন ভারতীয় নাগরিকরা এসে তাদের বাধা দেন। এ সময় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ভেতরে ঢুকে কয়েকটি আমগাছ কেটে ফেলেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় কয়েকজন বাংলাদেশী আহত হন। বেলা ৩টা পর্যন্ত সংঘর্ষ চলে। বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাতবোমাও নিক্ষেপ করেন ভারতীয়রা। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা ও হাঁসুয়া নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। আহতরা হলেন— বিনোদপুর ইউনিয়নের ঘোনটোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কালিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরই গাছ ভারতীয় জনগণ বাংলাদেশী ভূখণ্ডে প্রবেশ করে কেটে ফেলেছে। কালিগঞ্জ ঘোনটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করাকালে ভারতীয়দের ছোঁড়া পাথরে মাথায় গুরুতর আহত হন। মিঠুন নামের একজন জানান, রনি সীমান্তে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় ৮/১০ জন বাংলাদেশে অনুপ্রবেশ করে তার ওপর আক্রমণ করে। এতে রনি আহত হয়। এসময় বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স তলব করা হয়। অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে। লে. কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, চৌকা ও কিরণগঞ্জ বিওপির মাঝামাঝি সীমান্ত পিলার ১৭৭ বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আমগাছ ছিল। ওই আমগাছ কাটা নিয়ে ভারতীয় নাগরিক ও বাংলাদেশী নাগরিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তখন শূন্যরেখা বরাবর দুই দেশের নাগরিকরা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে বিজিবির জনবল বাড়ানো হয় এবং আমরা ঘটনাস্থলে চলে আসি। পরে বিকেল ৪টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে এ ঘটনার জন্য বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। কেউ যাতে শূন্য রেখা অতিক্রম না করে এবং উত্তেজনা প্রশমিত করতে বিজিবি প্রস্তুত আছে। বিজিবির পাশে আমাদের দেশপ্রেমিক জনগণ আছেন। তিনি জনগণকে শূন্য রেখা থেকে সরে আসার অনুরোধ জানিয়ে বলেন, পরিস্থিতি বিজিবির কন্ট্রোলে আছে। আহতের ব্যাপারে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, তাদের কাছে আহতের উল্লেখযোগ্য তেমন কোনো পরিসংখ্যান নেই। বিএসএফের পক্ষ থেকে হতাহতের বিষয়েও কিছু জানানো হয়নি। তারা (বিএসএফ) উচ্ছৃঙ্খল লোকজন (মব) নিয়ন্ত্রণ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ব্যাপারে বিজিবি মহাপরিচালককে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আশা করছি, বিজিবি ও বিএসএফ সদর দপ্তরের উচ্চপর্যায়ে এ ব্যাপারে কথা হবে।

বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাজীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত রস্তুম আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পোল্লাডাঙ্গা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাহমিদা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। জানাজায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল হক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমানসহ এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। অন্যদিকে নাচোল ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের এই মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মঙ্গলবার শেষ হয়েছে। মেলায় বিভিন্ন স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনীমূলক বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নেন। এর মধ্যে জুনিয়র গ্রুপে কুইজ প্রতিযোগিতায় প্রথম হন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সিনিয়র গ্রুপে প্রথম নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী, প্রজেক্টে সিনিয়র গ্রুপে নবাবগঞ্জ সরকারি কলেজ ও জুনিয়র গ্রুপে প্রজেক্ট অলিম্পিয়াডে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিশেষ গ্রুপে প্রথম হয় চয়েস সায়েন্স ক্লাব। মেলায় ১৮টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার নীলুফা সরকার। এবারের মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০টি স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নিয়েছেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, জাতীয় ফুটবল টিমের কোচ আব্দুর রাজ্জাক, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। দুই দিনব্যাপি এই মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি স্টল অংশ নিচ্ছে।