নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাচোল উপজেলায় স্বপন সরেন নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নাচোল সদর ইউনিয়নের বেচেন্দ্রা গ্রামের সাগর সরেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে স্বপন ফাঁস দেয়। পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কারণে অভিমান করে স্বপন আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি আসলাম আলী।

গোমস্তাপুরে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গোমস্তাপুরে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু গোমস্তাপুরে ট্রাকে ধানের তুষের বস্তা লোড করার সময় ট্রাক থেকে পড়ে গিয়ে এত্তাব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাক থেকে নামার সময় তিনি মাটিতে পড়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ

ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ ভোলাহাট উপজেলায় পলু পালন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট মিনি ফিলেচার কেন্দ্রে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম। রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (সম্প্রসারণ) ও যুগ্ম সচিব ড. এম. এ. মান্নান, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, টেকনিক্যাল সুপারভাইজার ওলিউর রহমান এবং প্রবীণ সাংবাদিক গোলাম কবিরসহ অন্যান্যরা। মাসব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ২৫ জন রেশম চাষি অংশ নিয়েছেন। উল্লেখ্য, ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের বাস্তবায়নে “বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা–২য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজশাহীর দুর্গাপুর থেকে ৮ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার ব্যক্তি রাজশাহীর দুর্গাপুর থানার দেলুয়াবাড়ি কিশোরপুর এলাকার মওলা মন্ডলের ছেলে মোসলেম মন্ডল। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোসলেম মন্ডল দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহারাজপুরে মাদক কারবারি গ্রেফতার

সদর উপজেলার মহারাজপুরে মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ পরিবহনকালে শরীফ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি সদর উপজেলার মহারাজপুর পুকুরটলি এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. শরীফ। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট ঈদগাহের উত্তর পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ বোতল বিদেশি মদ ও নগদ ২ হাজার ৭’শ ৫০ টাকা উদ্ধার করা হয়। এঘনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর মডেল থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে।

মিনহাসের ঝড়, পাকিস্তানের উড়ন্ত জয়; ভারত হেরে শিরোপা হাতছাড়া

মিনহাসের ঝড়, পাকিস্তানের উড়ন্ত জয়; ভারত হেরে শিরোপা হাতছাড়া দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ভারতের বিপক্ষে এক দাপুটে জয়ে শিরোপা জিতেছে। আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ৫০ ওভারের ম্যাচে পাকিস্তান ১৯১ রানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ওঠে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল ভারত, কিন্তু শুরু থেকেই ব্যাটারদের আক্রমণের মুখে পড়তে হয় তাদের। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান করে। পাকিস্তানের বড় সংগ্রহে প্রধান নায়ক ছিলেন সামির মিনহাস। ১১৩ বল খেলে তিনি খেলেন ১৭২ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল ১৭ চার ও ৯ ছক্কা। গ্রুপ পর্বে মালয়েশিয়াকে ১৭৭ রানে হারানো এই তরুণ ব্যাটারের এটি দ্বিতীয় সেঞ্চুরি। বিশেষ করে ভারতের সঙ্গে ফাইনালে প্রতিশোধ নেওয়ার মানসিকতায় যেন ঝড় তুললেন মিনহাস। নতুন বলের বোলার কিশান সিং ও দীপেশ দেবেন্দ্রনের ওপর আক্রমণ চালিয়ে মাত্র ৭১ বলেই শতক পূর্ণ করেন তিনি। যদিও ধীরগতির এক বল ধরতে না পেরে মিড অনে ক্যাচ হয়ে মাঠ ছাড়েন, তবুও তাঁর ইনিংস পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিয়েছে। পাকিস্তানের ইনিংসে উসমান খান ৩৫ রান করেন, আর আহমেদ হুসেইন ৫৬ রানের কার্যকর ইনিংস খেলেন। মিনহাস ও আহমেদের ১৩৭ রানের জুটি পাকিস্তানকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই সমস্যায় পড়ে। নিয়মিত উইকেট হারাতে থাকে তারা, এবং পুরো দল মাত্র ১৫৬ রানে অলআউট হয়। দলের সর্বোচ্চ স্কোর আসে ৩৬ রানে, যা করেন দেবেন্দ্রন। পাকিস্তানের বোলিংয়ে আলি রাজা ৪ উইকেট নেন। আবদুল সোবহান, মোহাম্মদ সায়াম ও হুজাইফা আহসান দুটি করে উইকেট নেন। এই জয়ের মাধ্যমে পাকিস্তান দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়লাভ করল। এর আগে ২০১২ সালে ভারতকে সঙ্গে নিয়ে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০ দক্ষিণ আফ্রিকায় এক বন্দুক হামলায় ১০ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। পুলিশ রোববার এ তথ্য জানিয়েছে। জোহানেসবার্গ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। পুলিশ এএফপিকে জানায়, নগরী থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডালে এ গুলি হামলার ঘটনা ঘটে। তবে, গুলি চালানোর উদ্দেশ্য জানা যায়নি। পুলিশ জানায়, হামলাকারীদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। এক বিবৃতিতে পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা রাস্তায় চলাচলরত ক’জনের ওপর এলোপাতাড়ি গুলি করে। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত চলছে।

যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আরও চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি জেলেনস্কির আহ্বান

যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আরও চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি জেলেনস্কির আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, রাশিয়াকে শান্তি আলোচনায় রাজি করানোর সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময় এলো, যখন নতুন দফার আলোচনার লক্ষ্যে কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একত্রিত হয়েছেন। জেলেনস্কি বলেন, ওয়াশিংটন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ছয় মাসের মধ্যে প্রথম সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে যুদ্ধ শেষ করতে হলে মস্কোর ওপর আরও কঠোর চাপ প্রয়োগ করা প্রয়োজন। তিনি বলেন, “যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে রাজি করানোর ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রেরই আছে। যদি কূটনীতি কাজ না করে, তাহলে পূর্ণ চাপ প্রয়োগ করতে হবে।” ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো সেই মাত্রার চাপ অনুভব করেননি, যা তার ওপর থাকা উচিত। তিনি ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহ এবং রাশিয়ার সমগ্র অর্থনীতির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রদূত কিরিল দিমিত্রিভ মিয়ামিতে পৌঁছেছেন। সেখানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যস্থতায় ইউক্রেনীয় ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছে। দিমিত্রিভ সাংবাদিকদের জানান, আলোচনা গঠনমূলকভাবে শুরু হয়েছে এবং তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। অন্যদিকে, ট্রাম্পের দূতরা একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন, যার আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে। তবে এর বিনিময়ে কিয়েভকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে—যা অনেক ইউক্রেনীয়র মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার জানিয়েছেন, ইউক্রেনের সম্মতি ছাড়া কোনো শান্তি চুক্তি চাপিয়ে দেওয়া হবে না। তিনি বলেন, “ইউক্রেন রাজি না হলে কোনো শান্তি চুক্তি হবে না।” রুবিও শনিবার নিজ শহর মিয়ামিতে আলোচনায় যোগ দিতে পারেন বলেও জানান। উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সর্বশেষ সরাসরি আনুষ্ঠানিক আলোচনা হয়েছিল গত জুলাই মাসে তুরস্কের ইস্তাম্বুলে। ওই আলোচনার ফলে বন্দী বিনিময় হলেও যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাই স্কুল নামে পরিচিত) ৯০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। “এসো মিলি প্রাণের টানে, ৯০ বছর উদযাপনে”—এই স্লোগানকে সামনে রেখে রোববার (২১ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উৎসবটি পালিত হয়। সকালে বিদ্যালয় মাঠে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে কেক কাটা হয় এবং ৯০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় ৯০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুকুলের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বর্তমান প্রধান শিক্ষক হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মো. আকবর আজিজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম, স্বাস্থ্য বিভাগ রাজশাহী অঞ্চলের সাবেক পরিচালক ডা. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি ডা. এ. টি. এম. মোজাম্মেল হক বকুল, চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর আব্দুল ওদুদ, সমাজসেবক শফিকুল আলম এবং চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সম্পাদক গোলাম জাকারিয়া। বক্তারা বলেন, এই আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকজ গম্ভীরা গান পরিবেশন করা হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে দেশ-বিদেশে কর্মরত ১৬ জন সাবেক শিক্ষার্থীকে তাঁদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। বিকেলে স্মৃতিচারণ করেন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। সন্ধ্যায় আতশবাজির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা রয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনকারী ভোটারদের মধ্যে ৫ লাখ ২৩ হাজার ২৩৮ জন পুরুষ এবং ৩৪ হাজার ৬১৯ জন নারী। প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ১ লাখ ৩৬ হাজার ৩১৯ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া কাতার থেকে ৫১ হাজার ৫৮২ জন, ওমান থেকে ৩৭ হাজার ৭৫৫ জন, মালয়েশিয়া থেকে ৩৫ হাজার ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৪১৮ জন, যুক্তরাষ্ট্র থেকে ২৩ হাজার ৮০২ জন, কুয়েত থেকে ১৯ হাজার ৬৭৯ জন, যুক্তরাজ্য থেকে ১৮ হাজার ৪৭৯ জন, সিঙ্গাপুর থেকে ১৭ হাজার ৫৯ জন, ইতালি থেকে ১৩ হাজার ৬৯২ জন এবং কানাডা থেকে ১১ হাজার ১১১ জন ভোটার নিবন্ধন করেছেন। অন্যদিকে, ইন-কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে দেশে অবস্থানরত ৮৩ হাজার ৮২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। জেলা ভিত্তিক নিবন্ধনে কুমিল্লা জেলা শীর্ষে রয়েছে। জেলাটি থেকে ৫৬ হাজার ৮৮৯ জন ভোটার নিবন্ধন করেছেন। ঢাকা জেলায় ৪৮ হাজার ২৫৪ জন, চট্টগ্রামে ৪৭ হাজার ৩৩৯ জন, নোয়াখালীতে ৩২ হাজার ৭৪৫ জন, সিলেটে ২৩ হাজার ৫৯৫ জন এবং চাঁদপুরে ২২ হাজার ৩০৫ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচনী আসন অনুযায়ী সর্বাধিক নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে, যেখানে ৮ হাজার ৭৯২ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৭৫ জন, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৭৫৭ জন, কুমিল্লা-১০ আসনে ৭ হাজার ৬৪৩ জন এবং নোয়াখালী-৩ আসনে ৭ হাজার ২৯০ জন ভোটার নিবন্ধন করেছেন। এদিকে, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, শুক্রবার ও শনিবার মোট ১০টি দেশের ৪১ হাজার ৫৪৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে ভোটাররা অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের তালিকা দেখতে পারবেন এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ব্যালট পেপারে ভোট প্রদান করবেন। এছাড়া, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত দেশগুলোতে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।